ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্বকাপ ফাইনাল: ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসন


বিশ্বকাপ ফাইনাল: ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রণে প্রশাসন

ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে রোববার (১৯ জুলাই) সন্ধ্যা থেকে ২০ জুলাই ভোর পর্যন্ত অতিথি ও সাধারণ যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (১৮ জুলাই) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৯ জুলাই সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ২০ জুলাই ভোর ৬টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ছাড়া অন্য কোনো অতিথির ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

এ সময় শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন (যেমন অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড-শেয়ার, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং বাহন ও অন্যান্য সরকারি যানবাহন) ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে। অন্য সব যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি উন্মুক্ত থাকবে। এ ছাড়া গণপরিবহন ও ভারী যানবাহনের প্রবেশ আগের মতোই নিয়ন্ত্রিত থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে যে সুবিধাগুলো

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’, মিলবে যে সুবিধাগুলো

প্রবাসী কার্ড আসছে আগামী আগস্ট মাসে। এটি সামাজিক মর্যাদা বৃদ্ধি, ক্ষমতায়ন ও আর্থিক লেনদেন সহজ করার জন্য পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে। এই ‘প্রবাসী কার্ড’-এর মাধ্যমে প্রবাসীরা দেশ এবং বিদেশে বিমানবন্দর, চিকিৎসাসেবা থেকে শুরু করে অন্তত ১০টি বিশেষ সুবিধা পাবেন।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রবাসী কার্ড চালুর উদ্যোগ-সংক্রান্ত একটি বিশেষ বৈঠকে এসব তথ্য জানানো হয়।

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডের ধারাবাহিকতায় এবার প্রবাসী কার্ডের বাস্তবায়ন কার্যক্রম শুরু হতে যাচ্ছে।

বৈঠকে জানানো হয়, আগামী আগস্টের মাঝামাঝি সময়ে প্রবাসী কার্ড উন্মোচন করা হবে পরীক্ষামূলকভাবে। প্রথম পর্যায়ে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের মাধ্যমে প্রবাসী ডেবিট কার্ড ইস্যু করা হবে। সরকার আগামী ডিসেম্বরের মধ্যে ৫০ হাজার এবং ২০২৭ সালের জুন মাসের মধ্যে ২ লাখ প্রবাসী কার্ড বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। পরবর্তী পর্যায়ে এর সার্বিক কার্যক্রম পরিচালনা করবে প্রবাসী কল্যাণ ব্যাংক।

প্রবাসী কার্ডে যে ১০টি বিশেষ সুবিধা মিলবে তা হলো:

১. দেশে ও বিদেশে কমপ্লিমেন্টারি এয়ারপোর্ট লাউঞ্জ ব্যবহারের সুবিধা এবং বিশেষ ইমিগ্রেশন বুথের মাধ্যমে দ্রুত সেবা।

২. আন্তর্জাতিক বিমানবন্দরে কমপ্লিমেন্টারি মিট অ্যান্ড গ্রিট সেবা।

৩. বিমান টিকিট ও হোটেল বুকিংয়ে বিশেষ ছাড়।

৪. দেশে ও বিদেশে ন্যায্যমূল্যে গাড়ি বুকিং এবং সিগনেচার কার্ডধারীদের জন্য এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ সেবা।

৫. সরকারি হাসপাতালে প্রবাসী সেবা বুথ এবং বেসরকারি হাসপাতালে চিকিৎসাসেবায় বিশেষ ছাড়।

৬. কার্ডধারীর মৃত্যু হলে বিনা খরচে মরদেহ দেশে পরিবহনের সুবিধা।

৭. প্রবাসফেরতদের পুনর্বাসন ও বীমা সুবিধা।

৮. জমি রেজিস্ট্রেশন, নামজারি, ইউটিলিটি সংযোগ, লাইসেন্স প্রদান এবং বৈদেশিক বিনিয়োগে অগ্রাধিকার।

৯. রেমিট্যান্স রিওয়ার্ড পয়েন্ট, ক্রেডিট স্কোরিং, ঋণ সুবিধা এবং কার্ডের মাধ্যমে সরাসরি অর্থ প্রেরণ ও সহজ লেনদেনের সুবিধা।

১০. জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, কনস্যুলার সেবা, ব্যাংকিং এবং সরকার প্রদত্ত অন্যান্য সেবায় অগ্রাধিকার।

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসীকে পর্যায়ক্রমে এই কার্ডের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষকে আরও সময়োপযোগী ও আধুনিক করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন সরকারপ্রধান।

এ সময় বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নুর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও মাহদী আমিন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর মিরপুরে আটক যুবকের কাছে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


রাজধানীর মিরপুরে আটক যুবকের কাছে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন

রাজধানীর মিরপুরের একটি ঘটনা ঘটে, যেখানে বেপরোয়া স্পোর্টস কার ধাওয়া করে আটক করা হয় এক যুবককে।

ট্রাফিক পুলিশ জানিয়েছে, শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে দারুসসালাম এলাকায় এই ঘটনা ঘটে। আটক হওয়া যুবকের নাম সাজ্জাদ হোসেন আশিক (২০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেছেন, দারুসসালাম ট্রাফিক জোনে কর্তব্যরত সার্জেন্ট অনিরুদ্ধ রায় একটি হলুদ রঙের স্পোর্টস কার থামানোর সংকেত দেন। চালক গাড়িটি প্রথমে থামালেও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানান এবং সন্দেহজনক আচরণ করলে চালককে ও আরোহীকে গাড়ি থেকে নামতে বলা হয়।

এসময় তারা দ্রুত পালানোর চেষ্টা করেন। এ সময় সার্জেন্ট অনিরুদ্ধ তাৎক্ষণিকভাবে ধাওয়া করে গাবতলী বাস টার্মিনাল-সংলগ্ন সেলফি কাউন্টারের সামনে গাড়িটি আটক করতে সক্ষম হন। এরপর পুলিশের পরিদর্শক (শহর ও যানবাহন) বিকাসুজ্জামান রনিসহ ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সাজ্জাদকে আটক করেন।

এ সময় সাজ্জাদের দেহ তল্লাশি করা হলে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার হয়। আটক এই ব্যক্তিকে অস্ত্রসহ দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

ডিসি মোহাম্মদ ছানোয়ার হোসেন সার্জেন্ট অনিরুদ্ধের সাহসিকতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত এবং পেশাদারিত্বের প্রশংসা করেন। তিনি ট্রাফিক সদস্যদের এই ধরনের দায়িত্বশীল ভূমিকা অব্যাহত রাখার নির্দেশনা দেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করার পরিকল্পনা: উপাচার্য

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৬ পি.এম


কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করার পরিকল্পনা: উপাচার্য

শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দ্রুত এবং কার্যকরভাবে নিশ্চিত করতে 'স্টুডেন্টস ফার্স্ট' দর্শনকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম।

তিনি একই সঙ্গে নিরাপদ খাবারের ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন এবং সবুজ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন।

শনিবার (১৮ জুলাই) সকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ আয়োজিত ‘ফাউন্ডেশন ট্রেনিং ফর টিচার্স’ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ৩০ জন শিক্ষক অংশ নেন। শিক্ষকদের মধ্যে ২৬ জন প্রভাষক, ৩ জন সহকারী অধ্যাপক এবং ১ জন সহযোগী অধ্যাপক রয়েছেন।

এছাড়াও অধ্যাপক ড. মো. জাকির ছায়াদউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান এবং আইকিউএসি-এর পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান।

উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম বলেন, 'যদি আমরা প্রতিটি শিক্ষার্থীর নাম, সক্ষমতা ও শেখার ধরন জানি, তবে পাঠদান আরও কার্যকর হবে এবং শিক্ষার্থী-কেন্দ্রিক হবে। আজকের উদ্ভাবন, এআই ও ডিজিটাল রূপান্তরের যুগে আমাদের দক্ষতা এবং কাজের পদ্ধতি যুগোপযোগী করতে হবে। আমি আশা করি যে এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান শিক্ষার্থীদের কল্যাণে কাজে লাগবে।'

শিক্ষার্থীদের সেবা প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা ‘স্টুডেন্টস ফার্স্ট’ দর্শনকে সামনে রেখে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করতে যাচ্ছি। এই ইউনিটের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দ্রুত সময়ে নিশ্চিত করা হবে। একই সাথে ক্যাম্পাসে খাবারের নিরাপত্তা এবং গুণগত মান নিশ্চিত করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বাইরের শিক্ষার্থী-সংক্রান্ত সেবা ইউনিটগুলোকে নিবন্ধনের আওতায় এনে একটি সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে পরিচালনার উদ্যোগ নেওয়া হবে।'

নতুন ক্যাম্পাসকে ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি প্রকাশ করেন, “আমরা আমাদের নতুন ক্যাম্পাসকে একটি ‘গ্রিন ক্যাম্পাস’ হিসেবে গড়ে তুলতে চাই। এটি একটি দীর্ঘমেয়াদি যাত্রা। বাংলাদেশে পরিবেশের সঙ্গে অন্যায় করে চলা হচ্ছে নানাভাবে। আমাদের কথাবার্তা, আচরণ এবং দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমেও পরিবেশের ক্ষতি হচ্ছে।'

তিনি আরও বলেন, 'এই লক্ষ্য বাস্তবায়নে প্রয়োজনীয় আর্থিক ব্যবস্থাপনা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের চর্চা, আচরণ এবং অভ্যাসে ইতিবাচক পরিবর্তন আনা সবচেয়ে বেশি প্রয়োজন। আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, শিক্ষণ-শেখনকেন্দ্রিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে।'

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই প্রতিষ্ঠিত হবে আইনের শাসন: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই প্রতিষ্ঠিত হবে আইনের শাসন: ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘শুধুমাত্র রাজনৈতিক বিশ্বাস বা চেতনার কারণে অনেককে হয়রানি করা হয়েছে। অনেক মানুষ সাংবিধানিকভাবে স্বীকৃত মৌলিক অধিকার থেকে বঞ্চিত ছিল। অনেক রাজনৈতিক কর্মী মিথ্যা মামলাকে আলিঙ্গন করে যখন সংগ্রাম করেছিলেন, তাদেরকে নাজেহাল করা হয়েছে। তাদের যেন আইনী সুবিধা না পায়, সেজন্য বিধি ব্যবস্থা পাকাপোক্ত করা হয়েছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা আইনজীবী সমাজ সব সময় ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। আমরা মনে করি দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। এখন আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

শনিবার (১৮ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্যদের সাথে সমিতি মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথীর বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।

বিচার বিভাগ ও আইনজীবীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, ‘বিগত দিনে অনেকেই আইনজীবী সমিতি ও আইনি কাঠামোকে ব্যবহার করে ব্যক্তিগত সুবিধা নিয়েছে। আমরা যেন সেসব বিষয় বাংলাদেশে পুনরাবৃত্তি না করি।’

ডেপুটি স্পিকার আরও বলেন, ‘আমরা আইনের শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলাম। সেই আমরা যেন আইনি প্রথা নিজেরা ভঙ্গ না করি। আর আইনের শাসন প্রতিষ্ঠার জন্য বার ও বেঞ্চ খুবই গুরুত্বপূর্ণ। বার এবং বেঞ্চ যখন শোল্ডার টু শোল্ডার কাজ করবে, তখনই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। আপনার আমার ও আমাদের যেসব মৌলিক অধিকার আছে, সেগুলো আমরা প্রতিষ্ঠা করতে পারব।’

জুলাই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘চব্বিশের মহান গনঅভ্যুত্থান, রক্তক্ষয়ী যে গনঅভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন রাষ্ট্র পেয়েছি। যে প্রত্যাশা নিয়ে আমার ভাই, আপনার ভাই রক্ত দিয়েছেন, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন, আমরা যাতে সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে পারি সেজন্য সকলকে কাজ করার আহবান জানাই।’

বাগেরহাট জেলা আইনজীবী সমিতির আহ্বায়ক অ্যাড. মো. মাহফুজুর রহমান লাহুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, সদস্য সচিব অ্যাড. মোশাররফ হোসেন মন্টু, যুগ্ম আহ্বায়ক অ্যাড. মাহবুব মোরশেদ লালন প্রমুখ।

এর আগে বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (স্কিল আইটি) নামক একটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উদ্বোধন করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার। এ সময় দেশের প্রয়োজনে দক্ষ জনশক্তি তৈরির গুরুত্ব তুলে ধরেন তিনি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%