১১:৫০ পি.এম
বিশ্বকাপে নকআউটপর্বের প্রথম ম্যাচে জাপানকে হারিয়ে শেষ-১৬তে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। গ্যাব্রিয়েল মার্টিনেল্লির শেষ মুহূর্তের নাটকীয় গোলে বিশ্বকাপ থেকে বিদায় নেয় জাপান। উত্তেজনাপূর্ণ ম্যাচের পর গ্যালারির একটি আবেগঘন দৃশ্য নিয়ে ইন্টারনেটে বেশ আলোচনা তৈরি হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিওটিতে দেখা যায়, ব্রাজিলের কাছে শেষ মুহূর্তের হারে চরমভাবে ভেঙে পড়েছেন এক জাপানি সমর্থক। ম্যাচ হারের হতাশায় ওই সমর্থক নিজের জ্যাকেট খুলে মাটিতে আছাড় মারেন এবং চিৎকার করে কাঁদতে শুরু করেন। করুণ এই দৃশ্য দেখে গ্যালারিতে উপস্থিত ব্রাজিলের সমর্থকেরা তাকে সান্ত্বনা দিতে এগিয়ে আসেন।
ভিডিওটিতে দেখা যায়, প্রথমে এক ব্রাজিলিয়ান সমর্থক ওই হতাশ জাপানি ভক্তের কাঁধে ব্রাজিলের একটি পতাকা জড়িয়ে দেন। জাপানি সমর্থকটি কিছুটা থমকে গিয়ে আবার চিৎকার শুরু করলে, পাশ থেকে আরেক নারী সমর্থক এগিয়ে এসে তার গায়ে আরেকটি ব্রাজিলের পতাকা জড়িয়ে দেন এবং সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। আরও একটি ভিডিওতে দেখা গেছে, জাপানিজ ওই সমর্থককে শান্ত করতে এক ব্রাজিলিয়ান ভক্ত নিজের গায়ের জার্সি বিনিময় করেন তার সঙ্গে।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দুই প্রতিদ্বন্দ্বী দেশের সমর্থকদের এমন ক্রীড়াসুলভ মনোভাবের ভূয়সী প্রশংসা করেন ফুটবল সমর্থকরা। অনেকেই বলছেন, ফুটবল কেবল একটি খেলা নয়, বরং সম্প্রীতির বড় মাধ্যম—এই ঘটনা তারই প্রমাণ।
তবে অনেকে এই ভিডিওর সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন। কেউ কেউ দাবি করেছেন, আবেগঘন দৃশ্যটি আসলে পূর্বপরিকল্পিত বা সাজানো। একজন মন্তব্য করেন, 'তিনি একজন কনটেন্ট ক্রিয়েটর, চোখের জলগুলো আসলে আসল নয়।' আরেকজন লিখেছেন, 'ভিডিওর শুরুতে যখন ক্যামেরা ঠিক করা হচ্ছিল, সেই অংশটুকু কেটে দিলে দৃশ্যটি আরও বাস্তবসম্মত মনে হতো।'
বিতর্ক যা-ই থাকুক না কেন, মাঠের লড়াই শেষে গ্যালারির এই দৃশ্য ফুটবলপ্রেমীদের হৃদয় ছুঁয়ে গেছে। উল্লেখ্য, বিশ্বকাপের নকআউট পর্ব থেকে এই নিয়ে পাঁচ বার বাদ পড়ল জাপান।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন