১০:৫০ পি.এম
বরিশালে অবৈধভাবে আত্মঘাতী ড্রেজার দিয়ে বালু উত্তোলনের খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে বালু খেকোরা হামলা চালিয়ে একজন সাংবাদিককে পিটিয়ে গুরুতর আহত করেছে। এসময় তার সাথে থাকা ক্যামেরা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা ভাঙচুর করে সেটি পুকুরের পানিতে ফেলে দিয়েছে। হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার সময় শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে দশটার দিকে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পূর্ব কোড়ালিয়া গ্রামের মোশারফ মিয়ার বাড়ির পশ্চিম পাশের পুকুর পাড়ে সংঘটিত হয়েছে। গুরুতর আহত সাংবাদিক মো. মাসুদ সরদার (৪০) পূর্ব কোড়ালিয়া গ্রামের আব্দুল মজিদ সরদারের পুত্র। তিনি হিজলা রিপোর্টার্স ইউনিটির সদস্য এবং টাইমস্ অফ বরিশাল পত্রিকার হিজলা প্রতিনিধি।
শনিবার দুপুরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক মাসুদ সরদার বলেন, স্থানীয় একাধিক বাস্তব পরিস্থিতির দ্বারা তিনি অভিযোগ নিয়ে জানতে পারেন, যে কোড়ালিয়া গ্রামের অসাধু বালু খেকোরা স্থানীয় প্রযুক্তিতে তৈরি অবৈধ ও পরিবেশ বিধ্বংসী ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছে। ভূগর্ভস্থ থেকে যত্রতত্র বালু উত্তোলনের ফলে আশেপাশের বসতবাড়ি, রাস্তাঘাট হুমকির মুখে পড়েছে।
সাংবাদিক মাসুদ সরদার আরো বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর পর বালু খেকোরা তুষার মিয়াজী, আবুল বাশার, আল-আমিন মিয়াজী, ইমরান সরদার, মিজানুর রহমান, আবু-সাঈদ বাবু, আবু-আব্দুল্লাহ, আব্দুল্লাহ্ বিন কালাম এবং তাদের সাথে থাকা অজ্ঞাতনামা অন্যান্য ৭/৮ জন তাকে অর্তকিতভাবে হামলা চালায়। হামলাকারীরা মাসুদকে লাঠিপেটা করে গুরুতরভাবে আহত করে এবং তার সাথে থাকা ক্যামেরা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে সেটি পানিতে ফেলে ভাঙচুর করে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত তুষার মিয়াজীর মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় তার কোনও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে লিখিত অভিযোগের সত্যতা নিশ্চিত করে হিজলা থানার ওসি মো. সুলাইমান হোসেন বলেন, সাংবাদিক মাসুদ সরদারের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান।
অপর দিকে সাংবাদিক মাসুদ সরদারের ওপর বালু খেকোদের হামলার ঘটনায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক লায়ন মো. আবুল হোসেনসহ অন্যান্য সদস্যরা তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করে দাবি জানিয়েছেন যে, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন