০১:৪৯ পি.এম
দেশের জনপ্রিয় গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক মিল্টন খন্দকার (প্রকৃত নাম রাশেদুল হক) বাড়ি ফিরেছেন। তিনি স্টেমসেল অপারেশনের পর প্রয়োজনীয় চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে এসেছেন যাতে ক্ষতিগ্রস্ত টিস্যুর স্বাভাবিক কার্যকারিতা ফিরতে পারে। টানা চারদিন চিকিৎসা শেষে গুণী এই ব্যক্তিত্ব হাসপাতাল ছেড়েছেন।
মিল্টন খন্দকার দীর্ঘদিন ধরে কাঁধ, কোমর ও মেরুদণ্ডের জটিল সমস্যায় ভুগছিলেন। চিকিৎসার অংশ হিসেবে গত ২৯ জুন তাকে রাজধানীর আফতাবনগরের বিএলসিএস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার স্টেমসেল অপারেশন সম্পন্ন হয়, যা অর্থোপেডিক বিশেষজ্ঞ ডা. ইয়াকুব আলীর তত্ত্বাবধানে পরিচালিত হয়।
শারীরিক অসুস্থতার বিষয়ে মিল্টন বলেন, "দীর্ঘদিন ধরে কাঁধ ও কোমরে ব্যথায় ভুগছিলাম। মেরুদণ্ডেও তীব্র সমস্যা ছিল। চিকিৎসকদের পরামর্শে হাসপাতালে ভর্তি হই।"
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
শনিবার (৪ জুলাই) বাড়ি ফেরার পর তিনি সন্তুষ্ট অনুভূতি প্রকাশ করে বলেন, "আলহামদুলিল্লাহ, চারদিন পর হাসপাতাল থেকে ঘরে ফিরলাম। অপারেশন সাকসেস। ডা. ইয়াকুব আলী সাহেবকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। দ্রুত যেন সুস্থ হতে পারি, সবাই আমার জন্য দোয়া করবেন।"
গীতিকার হিসেবে পরিচিতি ছাড়াও তিনি একজন সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পরিচিত। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত গীতিকারের লেখা ও সুর করা জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটারে’, ‘রংচটা জিন্সের প্যান্ট পরা’, ‘পাথরে ফুল ফোটাবো শুধু ভালোবাসা দিয়ে’, ‘তোমরা কাউকে বলো না’, ‘অঞ্জনা’ ইত্যাদি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন