ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা, প্রয়োজনে বাতিল হবে স্বাস্থ্যকর্মীদের ছুটি


বন্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের ৭ নির্দেশনা, প্রয়োজনে বাতিল হবে স্বাস্থ্যকর্মীদের ছুটি

দেশের বিভিন্ন জেলায় চলমান বন্যা পরিস্থিতির কারণে দুর্গত মানুষের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্দেশ্যে মাঠ পর্যায়ে সাত দফা জরুরি নির্দেশনা প্রদান করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নির্দেশনাগুলোর মধ্যে রয়েছে বন্যাকবলিত এলাকায় চিকিৎসক, নার্স, মিডওয়াইফসহ সব স্বাস্থ্যকর্মীর উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ। প্রয়োজনে তাদের ছুটি বাতিল করার নির্দেশনাও দেয়া হয়েছে।

এছাড়া জরুরি ওষুধ, ওআরএস, স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং সাপের কামড়ের চিকিৎসায় প্রয়োজনীয় অ্যান্টি স্নেক ভেনমের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার কথা বলা হয়েছে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত নির্দেশনায় দেশের সব বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করতে নির্দেশ দেওয়া হয়েছে। অধিদপ্তরের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি ভার্চুয়াল সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, বন্যাকবলিত সব উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে ফোকাল পারসন নিয়োগ দিতে হবে। তারা স্থানীয় কন্ট্রোল রুম ও স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে সার্বক্ষণিক সমন্বয় রাখবেন। যোগাযোগ সহজ করতে সংশ্লিষ্ট সংস্থা ও ব্যক্তিদের কাছে ফোকাল পারসনদের মোবাইল নম্বরও সরবরাহ করতে হবে। একই সঙ্গে দুর্গত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক মেডিকেল টিম গঠনের নির্দেশনা রয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, বন্যাদুর্গত এলাকায় গৃহীত স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়মিত প্রেস ব্রিফিং বা প্রেস নোটের মাধ্যমে গণমাধ্যমকে জানাতে হবে। এ লক্ষ্যে রোববার (১২ জুলাই) বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবা কার্যক্রম তুলে ধরে জরুরি প্রেস ব্রিফিং আয়োজনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বন্যাকবলিত সব উপজেলায় জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখতে প্রয়োজনীয় ওষুধ, ওআরএস, স্যালাইন এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের পর্যাপ্ত মজুত ও সরবরাহ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সাপের কামড়ে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পর্যাপ্ত অ্যান্টি স্নেক ভেনম সংরক্ষণ করতে হবে। কোথাও সংকট দেখা দিলে পার্শ্ববর্তী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সরবরাহ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রয়োজন হলে সরকারি ব্যবস্থাপনায় প্রসূতিদের হাসপাতালে স্থানান্তর করতে হবে এবং এ ক্ষেত্রে পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে সমন্বয় করতে নির্দেশনা রয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আরও বলা হয়েছে, "বন্যা আক্রান্ত সকল উপজেলা এবং জেলায় নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা প্রদানের জন্য চিকিৎসক, নার্স, মিডওয়াইফ এবং অন্যান্য সকল কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে প্রয়োজন হলে ছুটি বাতিলসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।"

জরুরি ভার্চুয়াল সভায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকরা, পরিচালক (প্রশাসন), বিভাগীয় পরিচালক এবং দেশের সব সিভিল সার্জন অংশগ্রহণ করেন। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৮৬ নতুন রোগী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:১৩ এম


হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ৭৮৬ নতুন রোগী

দেশে হামের সংক্রমণ এখনও উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৭০২ জন সন্দেহজনক এবং ৮৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত করা হয়েছে। সব মিলিয়ে এক দিনে নতুন আক্রান্তের সংখ্যা ৭৮৬ জনে পৌঁছেছে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র প্রকাশিত একটি বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১০ জুলাই সকাল ৮টা থেকে ১১ জুলাই সকাল ৮টা পর্যন্ত এ তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, গত ২৪ ঘন্টায় হামের উপসর্গে মারা যাওয়া তিনজনের মধ্যে একজন করে রয়েছেন ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে। জেলা ভিত্তিক হিসাবে ঢাকা, সুনামগঞ্জ ও নোয়াখালী জেলায় একজন করে মৃত্যুর রিপোর্ট রয়েছে। একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ জুলাই পর্যন্ত দেশে সর্বমোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে ১ লাখ ১০ হাজার ৬০১ জনে পৌঁছেছে। এর মধ্যে ল্যাবরেটরি ও চিকিৎসাগতভাবে নিশ্চিত রোগীর সংখ্যা ১৩ হাজার ৪১০। এই সময়ের মধ্যে নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু ঘটেছে। অপরদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৬৬০ জন।

হাসপাতালভিত্তিক পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় বাড়তি ৬৬০ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে ৫২৮ জন ছাড়পত্র পেয়েছেন। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মারাত্মক ৯৩ হাজার ৪৯১ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৮৯ হাজার ৭৬২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিভাগভিত্তিক চিত্র অনুযায়ী, ঢাকায় সবচেয়ে বেশি সংক্রমণ দেখা যাচ্ছে। এই বিভাগে সন্দেহজনক রোগীর সংখ্যা ৫০ হাজার ১৯৬ এবং নিশ্চিত রোগী ৮ হাজার ৬৮৮ জন। এখানে সন্দেহজনক হামে ২৮৫ জন এবং নিশ্চিত হামে ৫৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

সংক্রমণের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। সেখানে সন্দেহজনক রোগী ১৯ হাজার ৪৭০ জন এবং নিশ্চিত রোগী ১ হাজার ৫১৩ জন। এই বিভাগের মধ্যে নিশ্চিত হামে ১০ জন এবং সন্দেহজনকভাবে ৫৪ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে হাম পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আক্রান্তদের দ্রুত চিকিৎসা এবং সংক্রমণ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে মৃত্যু নেই, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৫৮

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:১৫ এম


ডেঙ্গুতে মৃত্যু নেই, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি আরও ১৫৮

ফাইল ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে, একই সময়ে ১৫৮ জন নতুন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৭ হাজার ৯৭৩ জনে দাঁড়িয়েছে।

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগের সর্বাধিক ৫২ জন রয়েছে। এছাড়া বরিশাল বিভাগে ৩৯ জন, খুলনা বিভাগে ৩৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন এবং ময়মনসিংহ বিভাগে তিনজন ভর্তি হয়েছেন।

অধিদপ্তর জানায়, চলতি বছরের ১১ জুলাই পর্যন্ত মোট ৭ হাজার ২৯১ জন ডেঙ্গুরোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৬৫৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরে এ রোগে মোট ২৪ জনের মৃত্যু হয়েছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তর।

প্রেস বিজ্ঞপ্তিতে সাম্প্রতিক বছরগুলোর চিত্রও তুলে ধরা হয়েছে। ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গু পরিস্থিতি ছিল সবচেয়ে ভয়াবহ। ওই বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত ডেঙ্গু পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, এবং আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা নেওয়ার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
পাবে ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী

রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:১৯ এম


রোববার প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল

ফাইল ছবি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। রোববার (১২ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। ফল ঘোষণার দায়িত্ব পালন করবেন প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (১১ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। ফল প্রকাশের পর শিক্ষার্থীরা নির্ধারিত মাধ্যমে নিজেদের ফল জানতে পারবেন।

এর আগে বৃহস্পতিবার (৯ জুলাই) ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু তা আর বাস্তবায়ন করা হয়নি। ওই দিন আনুষ্ঠানিক ঘোষণার পূর্বেই ঢাকা বিভাগের ৯ জেলার ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করে দেওয়া হয়। পরে সেই ফল বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ফল প্রকাশের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

এ ঘটনার পর শুক্রবার (১০ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব সাখাওয়াৎ হোসেনের সই করা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ফলাফল ওয়েব পোর্টালে আপলোড করার কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ আনা হয়েছে।

ত্রি-বিরতির পর আবার চালু হওয়া এই বৃত্তি পরীক্ষায় এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৬৬ হাজার এবং বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের জন্য ১৬ হাজার ৫০০টি বৃত্তি নির্ধারণ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, বৃত্তি দেওয়া হবে ট্যালেন্টপুল ও সাধারণ, এই দুই ক্যাটাগরিতে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যার ভিত্তিতে সরকারি বিদ্যালয়ে প্রতি ৮ জনে একজন এবং বেসরকারি বিদ্যালয়ে প্রায় প্রতি সাড়ে ৫ জনে একজন শিক্ষার্থী বৃত্তির সুযোগ পাবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যম প্রধানদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ এম


গণমাধ্যম প্রধানদের সঙ্গে ডিআরইউর মতবিনিময় অনুষ্ঠিত

দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এমতাবস্থায়, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের বেসরকারি টেলিভিশনের হেড অব নিউজবৃন্দ।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সদস্যবান্ধব করতে দেশের বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, বার্তা প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তারা এ আহ্বান জানান।

শনিবার (১১ জুলাই) দুপুরে ডিআরইউর মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সভায় উপস্থিত গণমাধ্যম ব্যক্তিত্বরা ডিআরইউর কার্যক্রম নিয়ে খোলামেলা মতামত তুলে ধরেন।

তারা সদস্যপদ প্রদানের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিতর্কিত ব্যক্তিদের সদস্যপদ না দেওয়া এবং প্রকৃত পেশাদার সাংবাদিকদের অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- ডিআরইউ’র সহ-সভাপতি মেহ্দী আজাদ মাসুম ও সাংগঠনিক সম্পাদক এম এম জসিম।

এনটিভির হেড অব নিউজ ফখরুল আলম কাঞ্চন বলেন, সংগঠনের প্রতিটি সিদ্ধান্তে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নে নিয়মিত কর্মসূচি গ্রহণ করা জরুরি।

আরটিভির হেড অব নিউজ ও ডিআরইউ’র সাবেক সভাপতি ইলিয়াস হোসেন বলেন, মোবাইল জার্নালিজম প্রশিক্ষণের পরিধি বাড়ানোর পাশাপাশি ডিআরইউ কমপ্লেক্স নির্মাণ ও কমিটির মেয়াদ দুই বছর করার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

চ্যানেল আই’র হেড অব নিউজ জাহিদ নেওয়াজ জুয়েল বলেন, ডিআরইউ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে এআই, অনুসন্ধানী সাংবাদিকতা, তথ্য যাচাই ও অন্যান্য আধুনিক বিষয়ে নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত। তিনি শিশুদের জন্য সংবাদ-সাক্ষরতা কর্মসূচি চালু এবং সরকারের সহযোগিতা গ্রহণেরও পরামর্শ দেন।

মাই টিভির হেড অব নিউজ মাহমুদ আল ফয়সাল বলেন, এআই, ইংরেজি ও চীনা ভাষা শিক্ষা, ডিআরইউ কমপ্লেক্স নির্মাণ এবং পেশাগত মানদণ্ড নির্ধারণে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

এটিএন নিউজের হেড অব নিউজ শহিদুল আজম বলেন, সংখ্যার চেয়ে মানসম্মত কর্মসূচিকে অগ্রাধিকার দিতে হবে। তিনি পেশাগত উন্নয়ন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং স্বাস্থ্যবিষয়ক কর্মসূচি বাড়ানোর পরামর্শ দেন।

একুশে টিভির হেড অব নিউজ হারুন-উর রশীদ বলেন, বর্তমান কমিটির এক বছরে নেওয়া উদ্যোগগুলো ইতিবাচক। তিনি সংগঠনের নিজস্ব আয় বৃদ্ধি, সদস্য চাঁদা পুনর্বিবেচনা এবং কমিটির মেয়াদ দুই বছর করার প্রস্তাব দেন।

ইনডিপেনডেন্ট টিভির হেড অব নিউজ মোস্তফা আকমল বলেন, সদস্যপদ প্রদানে নিরপেক্ষতা বজায় রাখার পাশাপাশি উন্নতমানের প্রেস রিলিজ প্রস্তুত এবং ডিজিটাল সাংবাদিকতার ওপর আরও গুরুত্ব দিতে হবে।

গ্রীণ টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান বলেন, উন্নতমানের ভিডিও কাভারেজ ও প্রেস রিলিজ নিশ্চিত করার পাশাপাশি সদস্যপদ প্রদানের ক্ষেত্রে বিতর্ক এড়াতে হবে।

বৈশাখী টিভির হেড অব নিউজ এবিএম জিয়াউল কবির সুমন বলেন, অনুষ্ঠান নির্ধারিত সময়ে শুরু হলে গণমাধ্যমে কাভারেজ সহজ হয়। তিনি ভাষা প্রশিক্ষণ ও অনলাইন সাংবাদিকতার ওপর বিশেষায়িত কোর্স চালুর প্রস্তাব দেন।

সময় টিভির হেড অব নিউজ মুজতবা খন্দকার বলেন, ডিআরইউ’র একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স করা প্রয়োজন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উন্নয়নে প্রশিক্ষণের ওপরে জোর দেয়া উচিত।

দীপ্ত টিভির হেড অব নিউজ এস এম আকাশ বলেন, উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি ডিআরইউর লাইব্রেরিকে আরও সমৃদ্ধ করা দরকার।

মাছরাঙা টিভির হেড অব নিউজ হামিদুল হক বলেন, সদস্যপদ প্রদানের ক্ষেত্রে আরও কঠোর যাচাই-বাছাই প্রয়োজন।

বাংলা টিভির হেড অব নিউজ এম এম বাদশাহ বলেন, গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোকে অগ্রাধিকার দিয়ে সংবাদভিত্তিক অনুষ্ঠান বাড়াতে হবে। পাশাপাশি মোবাইল জার্নালিজম (মোজো) প্রশিক্ষণের ওপর জোর দেন।

এসএ টিভির হেড অব নিউজ জাহিদুর রহমান খান বলেন, সদস্যদের নিয়ে নিয়মিত অনানুষ্ঠানিক মতবিনিময় সভা আয়োজন করা উচিত।

মোহনা টিভির সিএনই সুমন মুস্তাফিজ সংগঠনের নিজস্ব আয় বৃদ্ধির জন্য সদস্য চাঁদা পুনর্বিবেচনার প্রস্তাব দেন।

ডিবিসি নিউজের সিএনই শাহাবুদ্দীন চৌধুরী বলেন, এআইসহ আধুনিক সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণের আওতা আরও বাড়ানো উচিত।

বাংলাভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল প্রশিক্ষণের মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন।

নাগরিক টিভির সিএনই নবিন হোসাইন আর. মালেক বলেন, সংগঠনের আর্থিক সক্ষমতা বাড়াতে নতুন নতুন আয়ের উৎস তৈরি করতে হবে।

সভাপতির বক্তব্যে ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন বলেন, “আপনাদের প্রত্যেকের পরামর্শ অত্যন্ত মূল্যবান। ডিআরইউকে আরও শক্তিশালী, আধুনিক ও সদস্য বান্ধব সংগঠন হিসেবে গড়ে তুলতে এসব সুপারিশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।”

সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল বলেন, “পেশাগত দক্ষতা বৃদ্ধি, সদস্যদের কল্যাণ এবং সাংবাদিকতার মানোন্নয়নে বর্তমান কার্যনির্বাহী কমিটি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আজকের মতবিনিময় সভায় প্রাপ্ত পরামর্শ আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার গুরুত্বপূর্ণ ভিত্তি হবে।”

এসময় ডিআরইউ কার্যনির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক মো. জাফর ইকবাল, অর্থ সম্পাদক নিয়াজ মাহমুদ সোহেল, নারী বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস পান্না, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মাহমুদ সোহেল, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক রুবেল, সাংস্কৃতিক সম্পাদক মো. মনোয়ার হোসেন, আপ্যায়ন সম্পাদক আমিনুল হক ভূঁইয়া, কল্যাণ সম্পাদক রফিক মৃধা, কার্যনির্বাহী সদস্য মো. আকতার হোসেন, মাহফুজ সাদি, আল-আমিন আজাদ, সুমন চৌধুরী ও মো. আব্দুল আলীম।

সভা শেষে অংশগ্রহণকারী গণমাধ্যম ব্যক্তিত্বদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%