০৫:৫৩ পি.এম
সাতক্ষীরা সদর উপজেলার গড়িয়াডাঙ্গা গ্রামের কৃষক জিতেন মণ্ডল (৫৮)-কে পিটিয়ে ও কুপিয়ে হত্যার পর ভারতে পালিয়ে যাচ্ছিলেন তার আপন দুই চাচাতো ভাই। বিএসএফের হাতে আটক হয়েছে তারা। জমিজমা-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে জিতেন মণ্ডলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।
ভারতে পালিয়ে যাওয়ার সময় আটক হন তার চাচাতো ভাই, একই গ্রামের পাঁচু মণ্ডলের ছেলে তপন (৩০) এবং ভগেন (৩৫)। শনিবার (২২ আগস্ট) ভোরে ভারতের বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার আমুদিয়া ক্যাম্পের বিএসএফের টহলদল তাদের আটক করে। সীমান্তের একাধিক সূত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। সাতক্ষীরা সদর উপজেলার চারাবাড়ি সীমান্ত দিয়ে তারা অবৈধপথে ভারতে পালিয়ে যান। কিন্তু ভারতীয় ভূখণ্ডে গিয়ে বিএসএফের হাতে আটক হন।
পুলিশ এবং এলাকাবাসী জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে শুক্রবার (২১ আগস্ট) সকালে জিতেন মণ্ডলকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আঘাত করা হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওই রাতেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
সাতক্ষীরা সদর থানার ওসি মাহমুদুর রহমান জানিয়েছেন, নিজেদের মধ্যে জমিজমা-সংক্রান্ত সহিংসতা চলছিল। কৃষক জিতেন মণ্ডল চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। তার হত্যাকারী তপন ও ভগেন ভারত পালানোর সময় বিএসএফের হাতে আটক হয়েছেন। এ বিষয়ে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। পুলিশের পক্ষ থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ রাখা হয়েছে। তাদের ফেরত পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেছেন, বিএসএফের আটক হত্যা মামলার দুই আসামিকে ফেরত দেওয়ার জন্য বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তাব দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন