শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৩৬ পি.এম
কুমিল্লা শহরে ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আনাছ নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। আটক করা আনাছকে বর্তমানে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এই তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার (কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল) মোস্তাইন বিল্লাহ ফেরদৌস।
মোস্তাইন বিল্লাহ ফেরদৌস জানান, হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্ট সন্দেহভাজন হিসেবে প্রথমে তুহিনকে আটক করা হয় এবং তার কাছ থেকে আনাছের সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া যায়। এরপর আনাছকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
সূত্র জানায়, এসআরবি এবং ডিবি পুলিশ এই ঘটনার সাথে জড়িত আরও বেশ কয়েকজনকে আটক করার জন্য অভিযান চালাচ্ছে।
এর আগে, শনিবার দুপুর ১২টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনে সানন্দা এলাকায় একটি টিলা থেকে অপ্রতীমের মৃতদেহ উদ্ধার করা হয়।
অপ্রতীম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র সন্তান। এই হত্যাকাণ্ডের কারণে দেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত অপ্রতীম কুমিল্লার বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। শুক্রবার বিকাল সাড়ে তিনটার দিকে কুমিল্লার কোটবাড়ি এলাকার বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়ে যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভোলার দৌলতখান উপজেলায় জমির বিরোধের কারণে ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষের সময় আহত মমতাজ বেগম রাসু (৬০) নামে এক নারীর মৃত্যুর ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এই মামলায় দুই জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন, উপজেলার জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নজির বেপারী বাড়ির বাসিন্দা, মামলার এক নম্বর আসামি মো. কাশেম (৫৫) এবং দুই নম্বর আসামি কাশেমের স্ত্রী রাজিয়া বেগম (৫০)।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিনগত রাতে নিহত মমতাজ বেগমের মেয়ে রুবিনা বেগম ৫ জনকে আসামি করে দৌলতখান থানায় হত্যা মামলা করেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ভোলার আদালতে সোপর্দ করে পুলিশ।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নিজ বাড়িতে মমতাজ বেগমকে পিটিয়ে আহত করার অভিযোগ করেছে তার পরিবার। পরে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নিজ বসতঘরে তার মৃত্যু ঘটে।
মামলার এজাহার ও নিহতের পরিবারের অভিযোগ অনুযায়ী, বৃহস্পতিবার রাতে মমতাজ বেগমের দেবর বজলু বেপারীর ছেলে মাইনুদ্দিন জমি-সংক্রান্ত একটি বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট দেন। ওই পোস্টকে কেন্দ্র করে রাত ৮টার দিকে পাশের বাড়ির কাশেম, তার ছেলে ইকবাল, স্ত্রী রাজিয়া বেগম ও নিহতের দেবর বজলুর মধ্যে কথা-কাটাকাটি ও সংঘর্ষ শুরু হয়। এ সময় রাসু বেগম সংঘর্ষ থামাতে এগিয়ে গেলে আসামিরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করেন বলে অভিযোগ করা হয়। পরে রাত ২টার দিকে আহত অবস্থায় তার মৃত্যু ঘটে।
পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় কাশেম ও তার স্ত্রী রাজিয়াকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুল ইসলাম জানান, গতকাল রাতে নিহতের বড় মেয়ে ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন। মামলার এক ও দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
তিনি আরও জানান, মামলাটির তদন্ত এবং বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ব্রিজ এলাকা এবং কেন্দ্রীয় কারাগারের সামনে দুটি ব্রেস্টফিডিং কর্নার চালু করা হয়েছে। জনসমাগমপূর্ণ এই স্থানগুলোতে শিশু নিয়ে আসা মায়েদের জন্য নিরাপদ এবং নিরিবিলি পরিবেশে বুকের দুধ পান করানোর সুযোগ প্রদান করতে এই কর্নার দুটি স্থাপন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) নগরের কর্ণফুলী ব্রিজ এলাকা ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সামনে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন উদ্বোধন করেন ব্রেস্টফিডিং কর্নার দুটি। ডাকবাক্স ফাউন্ডেশনের উদ্যোগে এবং চসিকের সহযোগিতায় এই কর্নারগুলো স্থাপন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেন, "নগরীর গুরুত্বপূর্ণ ও জনসমাগমপূর্ণ স্থানে ব্রেস্টফিডিং কর্নার থাকা প্রয়োজন।" তিনি উল্লেখ করেন, অনেক মা জনসমক্ষে শিশুকে বুকের দুধ পান করাতে অস্বস্তি অনুভব করেন। আবার কোথাও উপযুক্ত এবং নিরিবিলি স্থান না থাকার কারণে প্রয়োজনের সময় শিশুকে দুধ পান করানো সম্ভব হয় না। এসব বিষয় বিবেচনায় নিয়ে এই কর্নারগুলো স্থাপন করা হয়েছে।
মেয়র আরও জানান, কর্ণফুলী ব্রিজ এলাকা ও কেন্দ্রীয় কারাগারের পাশাপাশি নগরের বিমানবন্দর, রেলওয়ে স্টেশন, বাস স্টেশন, পতেঙ্গাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ জনসমাগমপূর্ণ স্থানে পর্যায়ক্রমে এ ধরনের ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে।
অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জিয়াউল হক পলাশ বলেন, "মায়েদের প্রয়োজন বিবেচনায় ব্রেস্টফিডিং কর্নার স্থাপনের জন্য চট্টগ্রাম সিটি করপোরেশনকে ধন্যবাদ।" তিনি এ সেবা চালুর জন্য স্থান দেওয়ার জন্য চসিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নতুন ব্রিজ এলাকায় স্থাপিত ব্রেস্টফিডিং কর্নারটি চালুর প্রায় এক মাসের মধ্যে ১৩৫ জন মা সেবা গ্রহণ করেছেন। এতে নগরে এ ধরনের সেবার প্রয়োজনীয়তা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে ডাকবাক্স ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জিয়াউল হক পলাশ, ফুডি এক্সপ্রেস লিমিটেডের সিইও মো. শাহনেওয়াজ মান্নানসহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে গবাদিপশুর মধ্যে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোগাক্রান্ত গরু জবাই ও মাংস কাটাকাটির সঙ্গে যুক্ত অন্তত ২০ জনের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিয়েছে বলে জানা গেছে। তবে পরীক্ষার মাধ্যমে তাদের শরীরে অ্যানথ্রাক্সের সংক্রমণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
১১ সেপ্টেম্বর (শুক্রবার) উপজেলার সর্বানন্দ ইউনিয়নের পূর্ব বাছহাটি গ্রামে রোগাক্রান্ত একটি ফ্রিজিয়ান গাভী জবাই করেন মঞ্জুরুল ইসলাম নামের এক ব্যক্তি। সেই মাংস কাটায় অংশ নেন বিভিন্ন বয়সের বেশ কয়েকজন নারী-পুরুষ। চার দিন পর, শরীরে জ্বর আসে ৪ জনের। পরে দেখা যায়, কারো পেট, কারো হাত, কারো পা, আবার কারো হাতের আঙুলে ফোস্কা দেখা দেয়।
এরপর শুক্রবার (১৮ সেপ্টেম্বর) আক্রান্ত হন আরও ১০ জন নারী, পুরুষ ও শিশু। এখন পর্যন্ত অ্যানথ্রাক্সের এসব উপসর্গ ২০ জনের দেহে পরিলক্ষিত হলেও তাদের মধ্যে অবস্থা গুরুতর ৩ জনের। তারা হলেন- জয়নাল আবেদীন (৪০), রুমি বেগম (২৯) ও রশিদা বেগম (৫০)।
আক্রান্তদের মধ্যে অন্যান্যরা হলেন- আব্দুল জলিল, সফিউল ইসলাম (৫০), চান মিয়া (৫৫), শফিক (৫০), জয়নাল আবেদীন (৬০), আব্দুর রশিদ (৪০), গোলেজান বেগম (৪০), রাবেয়া খাতুন (৬৫), রাহেলা খাতুন (৫০), শরিতোন নেছা (৫০), দোলেনা আকতার (৩৫), আজমিন আরা (২৪), ফাহিমা (৪৫), ফুলমতি বেগম (৫০) এবং নুর আকাইদ (০৬)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে পূর্ব বাছহাটি গ্রাম ঘুরে দেখা গেছে, ২০ জনের দেহে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দেওয়ায় এলাকার সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন। ভয়ে ফ্রিজে রাখা বাকি মাংস মাটির নিচে পুঁতে ফেলেছেন তারা।
তারা বলছেন, মঞ্জরুল ইসলাম নামের এক ব্যক্তির একটি উন্নত জাতের ফিজিয়ান গাভী অসুস্থ হলে সেটি জবাই করে ১০০ ভাগে ভাগ নেন স্থানীয়রা। আর এই মাংস কাটতে অংশ নিয়ে অসুস্থ হয়েছেন তারা।
পরে হাসপাতালের মাঠে দেখা যায়, প্রচন্ড রোদেও তীব্র জ্বর ও পেটে বড় আকারের ফোস্কা নিয়ে শুয়ে আছেন জয়নাল আবেদীন। আক্রান্তদের মধ্যে সবচেয়ে গুরুতর অসুস্থ তিনি। অন্যান্য আক্রান্তরা চিকিৎসা নিতে বসে পড়েছেন মাঠে।
অ্যানথ্রাক্স আক্রান্ত শফিক আলম বলেন, "বাড়ির পাশে ৫ মণ ওজনের একটি গরু অসুস্থ হয়। কী কারণে অসুস্থ জানি না। কিন্তু সেটা জবাই করার পরে অসুস্থ হয় সবাই।"
স্থানীয় মেম্বার সামিউল ইসলাম বলেন, "শুনেছি অসুস্থ গরু জবাই করার ৩-৪ দিন পরে ৪ জনের শরীরে প্রচন্ড জ্বর ও ফোস্কা পড়ে। গতকাল এ সংখ্যা ছিল ১৪ জন।"
খবর শুনে নিজেই আক্রান্তদের বাড়িতে গিয়ে খোঁজ-খবর নিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. কামরুল হাসান। তিনি জানান, "অ্যানথ্রাক্স উপসর্গ নিয়ে পূর্ব বাছহাটি গ্রামের ২০ জন রোগী জরুরি বিভাগে এসেছেন। তাদের প্রয়োজনীয় ওষুধপত্র দিয়েছি। আতঙ্কের কিছু নেই। চিকিৎসায় এ রোগ ভালো হয়। আশাকরি তারা সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে মিনিটের ব্যবধানে ঘটে গেছে পাঁচটি ককটেল বিস্ফোরণের ঘটনা। এই বিস্ফোরণের ফলে মো. বিল্লাল (৩২) নামের একজন রিকশাচালক আহত হয়েছেন।
ঘটনাটি ঘটে শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী মোড়ে।
যাত্রাবাড়ী থানার ওসি রাজু আহমেদ জানিয়েছেন, "কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।" তিনি বলেন, "তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।" এ ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ