রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:১৫ পি.এম
আওয়ামী লীগ এবং এর সকল অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধই থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনটি হাইকোর্টে উত্থাপিত হয়নি (নট প্রেস) মর্মে খারিজ করে দেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
হাইকোর্টের এই আদেশের ফলে রাজনৈতিক দলটির সব কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত আপাতত বহাল রয়েছে।
এর আগে, গত ৭ সেপ্টেম্বর মুন্সীগঞ্জের বাসিন্দা মো. আল আমিন এই রিট আবেদনটি দায়ের করেছিলেন। আদালতে রিট আবেদনটির পক্ষে শুনানিতে আইনজীবী অ্যাডভোকেট ইউনূস আলী উপস্থিত ছিলেন।
রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে জারি করা ওই প্রজ্ঞাপনটিকে কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—এ বিষয়ে রুল জারির আবেদন জানানো হয়। পাশাপাশি রুল বিবেচনাধীন থাকা অবস্থায় ১২ মে জারি হওয়া প্রজ্ঞাপনটির কার্যকারিতা স্থগিত করার আবেদনও করা হয়েছিল।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও দলটির সকল অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সকল রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করে গত বছরের ১২ মে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাদের যেকোনো ধরনের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা, সভা-সমাবেশ, মিছিল কিংবা সম্মেলন আয়োজনসহ সকল কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কাশিয়ানীতে নারীদের জন্য একটি ব্যতিক্রমী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই জমকালো আয়োজনের কারণে স্থানীয় জিকাবাড়ি বিলে বিভিন্ন শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড় এবং উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জিকাবাড়ি বিলে অনুষ্ঠিত এই নৌকা বাইচ প্রতিযোগিতায় ১৫টি নৌকা অংশগ্রহণ করে। নৌকার মাল্লা হিসেবে নারীদের উপস্থিতি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে পুরো বিল মুখরিত হয়ে ওঠে।
রংবেরঙের সাজে সজ্জিত নৌকাগুলো পানির ওপর দ্রুত গতিতে চলতে থাকে। এই নৌকা বাইচ দেখতে গোপালগঞ্জসহ আশপাশের জেলার বিভিন্ন বয়সী মানুষ বিলের দুই পাড়ে ভিড় করেন। পুরো এলাকা মিলনমেলায় পরিণত হয়। দর্শনার্থীরা করতালি দিয়ে প্রতিযোগীদের উৎসাহ প্রদান করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে এবং বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণত নৌকা বাইচে পুরুষদের প্রাধান্য দেখা যায়, তবে এই প্রতিযোগিতায় নৌকার মাল্লা ও মাঝি হিসেবে নারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল নজরকাড়া। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দ এবং মাল্লাদের সম্মিলিত কণ্ঠের জারি-সারি গান উপস্থিত দর্শকদের ভীষণভাবে বিমোহিত করেছে।
দীর্ঘদিন পর এমন ব্যতিক্রমী ও রোমাঞ্চকর আয়োজন উপভোগ করতে পেরে দর্শনার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
নৌকা বাইচ উপভোগ করতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা মহিলা দলের সভাপতি শেখ শীলা, সাধারণ সম্পাদক ফারজানা পপি এবং মাহমুদপুর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক মোসা. কামরুন নাহার লাভলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
আয়োজক কমিটির আহ্বায়ক কামরুন নাহার লাভলী জানিয়েছেন, গ্রামবাংলার হারিয়ে যাওয়া লোকজ সংস্কৃতি পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস থাকা মায়েদের জন্য সন্তান জন্মের পরের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সন্তান জন্মের পর রক্তে শর্করা স্বাভাবিক হয়ে গেলেও ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিস, রক্তে চর্বির অস্বাভাবিকতা ও হৃদ্রোগের ঝুঁকি থেকে যেতে পারে। সম্প্রতি একটি নতুন গবেষণায় দেখা গেছে, এ ধরনের নারীদের মধ্যে বেশি মাত্রায় বুকের দুধ খাওয়ানোর সঙ্গে তুলনামূলক স্বাস্থ্যকর রক্তের চর্বির মাত্রার সম্পর্ক বিদ্যমান।
জাপানের ৪৭০ জন নারীকে নিয়ে পরিচালিত এই গবেষণায় প্রত্যেকেরই গর্ভকালীন ডায়াবেটিসের ইতিহাস ছিল। সন্তান জন্মের প্রায় ছয় থেকে নয় সপ্তাহ পর তাদের বিপাকীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। গবেষকেরা বিশ্লেষণ করেন, শিশুর খাবারের কতটা অংশ বুকের দুধ থেকে আসছে এবং মায়ের রক্তে কোলেস্টেরল ও অন্যান্য চর্বির মাত্রার মধ্যে কোনো সম্পর্ক আছে কি না।
বেশি বুকের দুধে ট্রাইগ্লিসারাইড কম
গবেষণায় দেখা গেছে, শিশুর মোট দুধের অন্তত ৮০ শতাংশ বুকের দুধ থেকে পাওয়া গেলে তাকে বেশি মাত্রায় বুকের দুধ খাওয়ানো হিসেবে ধরা হয়েছে। এই শ্রেণিতে ছিলেন ৩৬৯ জন নারী। তাদের রক্তে ট্রাইগ্লিসারাইডের গড় মাত্রা ছিল প্রতি ডেসিলিটারে ৬৭ দশমিক ২ মিলিগ্রাম। অন্যদিকে, যারা এভাবে বেশি মাত্রায় বুকের দুধ খাওয়াননি, তাদের ক্ষেত্রে এই মাত্রা ছিল প্রতি ডেসিলিটারে ১১৬ দশমিক ১ মিলিগ্রাম।
বেশি মাত্রায় বুকের দুধ খাওয়ানো নারীদের মধ্যে এইচডিএল বা উপকারী কোলেস্টেরলের মাত্রাও বেশি ছিল। তাদের এইচডিএল কোলেস্টেরলের গড় মাত্রা ছিল প্রতি ডেসিলিটারে ৭৩ দশমিক ৯ মিলিগ্রাম। অন্যদের ক্ষেত্রে এই মাত্রা ছিল ৬৩ দশমিক ০ মিলিগ্রাম।
এছাড়া, ক্ষতিকর এলডিএল ও উপকারী এইচডিএল কোলেস্টেরলের অনুপাতও তুলনামূলকভাবে ভালো ছিল বেশি মাত্রায় বুকের দুধ খাওয়ানো নারীদের ক্ষেত্রে।
গর্ভকালীন ডায়াবেটিসের প্রভাব সন্তান জন্মের পর পুরোপুরি শেষ হয়ে যায় না। এ ধরনের নারীদের ভবিষ্যতে টাইপ-২ ডায়াবেটিস ও হৃদ্রোগের ঝুঁকি তুলনামূলকভাবে বেশি থাকতে পারে। গবেষণায় অংশ নেওয়া নারীদের প্রায় ৭৪ শতাংশের সন্তান জন্মের পর কোনো না কোনো ধরনের রক্তে চর্বির অস্বাভাবিকতা দেখা গিয়েছিল। এর মধ্যে ছিল ক্ষতিকর কোলেস্টেরল বেড়ে যাওয়া, ট্রাইগ্লিসারাইড বেড়ে যাওয়া কিংবা ক্ষতিকর ও উপকারী কোলেস্টেরলের অনুপাত অনুকূল না থাকা।
সুতরাং, সন্তান জন্মের পরের সময়টিতে রক্তে শর্করা ও চর্বির মাত্রা পর্যবেক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিশুকে বুকের দুধ খাওয়ানোর সময় মায়ের শরীর দুধ তৈরির জন্য শক্তি ও পুষ্টি ব্যবহার করে। এ সময় শরীরে শর্করা ও চর্বির বিপাকেও পরিবর্তন ঘটে। ফলে রক্তে থাকা চর্বি এবং শরীরে সঞ্চিত শক্তি ব্যবহারের প্রক্রিয়ায় প্রভাব পড়তে পারে।
গবেষণার তথ্য অনুযায়ী, অন্যান্য বিষয় বিবেচনায় নেওয়ার পর বেশি মাত্রায় বুকের দুধ খাওয়ানো নারীদের রক্তে ট্রাইগ্লিসারাইডের মাত্রা প্রতি ডেসিলিটারে ১৫০ মিলিগ্রাম বা তার বেশি হওয়ার সম্ভাবনা প্রায় ৭৫ শতাংশ কম ছিল। তবে মোট কোলেস্টেরলের মাত্রার সঙ্গে বুকের দুধ খাওয়ানোর পরিমাণের কোনো উল্লেখযোগ্য ধারাবাহিক সম্পর্ক পাওয়া যায়নি। অর্থাৎ, সব ধরনের কোলেস্টেরলের ক্ষেত্রে একই ধরনের পরিবর্তন দেখা যায়নি।
গবেষণাটি বুকের দুধ খাওয়ানো এবং স্বাস্থ্যকর রক্তের চর্বির মাত্রার মধ্যে সম্পর্ক দেখিয়েছে। কিন্তু এর অর্থ এই নয় যে বুকের দুধ খাওয়ানোর কারণেই ট্রাইগ্লিসারাইড কমেছে। গবেষকেরা ইনসুলিনের প্রতি শরীরের সংবেদনশীলতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়ার পরও এই সম্পর্ক দেখতে পেয়েছেন। তবে আরও কিছু বিষয় এই ফলাফলে ভূমিকা রাখতে পারে। তাই এটিকে সরাসরি কারণ ও ফলের সম্পর্ক হিসেবে দেখা যাবে না।
সন্তান জন্মের পর রক্তে শর্করা স্বাভাবিক হয়ে গেলেও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চালিয়ে যাওয়া জরুরি। রক্তে শর্করা, কোলেস্টেরল, রক্তচাপ, ওজন ও হৃদ্রোগের অন্যান্য ঝুঁকি পর্যবেক্ষণে রাখতে হবে। বুকের দুধ খাওয়ানো সম্ভব হলে এর শিশুর জন্য সুপরিচিত উপকারের পাশাপাশি মায়ের বিপাকীয় স্বাস্থ্যের জন্যও কিছু সম্ভাব্য সুবিধা থাকতে পারে—নতুন গবেষণার ফল এমন ইঙ্গিতই দিচ্ছে।
তবে সব মায়ের পক্ষে বুকের দুধ খাওয়ানো সম্ভব বা উপযুক্ত নাও হতে পারে। দুধ উৎপাদনে সমস্যা, শারীরিক অসুস্থতা, ওষুধ সেবন কিংবা ব্যক্তিগত পরিস্থিতির কারণে সিদ্ধান্ত ভিন্ন হতে পারে। তাই কোনো মাকে বুকের দুধ খাওয়াতে না পারার জন্য দায়ী করা উচিত নয়।
সূত্র: এনডিটিভি
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় ডেঙ্গু প্রতিরোধ দিবস উপলক্ষে এডিস মশার লার্ভা নিধনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের নেতৃত্বে ২৪টি দলে বিভক্ত হয়ে দিনব্যাপী এ কর্মসূচিতে করপোরেশনের ১ হাজার ৫০০ কর্মী অংশগ্রহণ করে।
রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ, বিমানবন্দর এলাকা, মনিপুরীপাড়া, রাজাবাজার, লালমাটিয়া, ইকবাল রোড, হুমায়ুন রোড, মোহাম্মদপুর ও আগারগাঁওসহ ডিএনসিসির বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিমানবন্দর এলাকার একটি দোকানে এডিস মশার লার্ভা পাওয়ায় ৫০০ টাকা জরিমানা করা হয়।
ডিএনসিসির ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় মশক সুপারভাইজার, মশক কর্মী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের মাধ্যমে বাড়ি বাড়ি সোর্স রিডাকশন, লার্ভিসাইডিং, ছাদবাগান পরিদর্শন, জনসচেতনতামূলক মাইকিং, নোবেলিউরন ট্যাবলেট প্রয়োগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশের নেতা, সম্প্রতি চাঁদের মালিকানা নিজেদের দাবি করেছেন। তার এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিভিন্ন প্রতিক্রিয়া শুরু হয়েছে।
ট্রাম্প সম্প্রতি তার প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’–এ চাঁদের একটি ছবি প্রকাশ করেছেন, যেখানে তিনি লিখেছেন, ‘চাঁদ আমাদের।’ ছবিটির একপাশে যুক্তরাষ্ট্রের পতাকা দেখা যাচ্ছে। এই পোস্টটি ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক অঙ্গন ও নেটিজেনদের মধ্যে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
চাঁদের ছবিটি পোস্ট করার কিছুক্ষণ আগে, ডোনাল্ড ট্রাম্প মার্কিন ‘স্পেস ফোর্স’–এর নতুন কালো পোশাকের (ইউনিফর্ম) একটি ছবি শেয়ার করেন। এই দুই পোস্ট নিয়ে নেটিজেনদের মধ্যে রসিকতা শুরু হয়েছে। অনেকেই ট্রাম্পের এই পদক্ষেপকে বিখ্যাত চলচ্চিত্র সিরিজ ‘স্টার ওয়ার্স’–এর কাল্পনিক সাম্রাজ্যের সঙ্গে তুলনা করেছেন। কেউ কেউ মজা করে চলচ্চিত্রটির আবহসংগীত বাজানোর পরামর্শও দিয়েছেন।
এক সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, ‘মঙ্গলের পর কি এবার ট্রাম্পের সূর্য দখলের পালা?’ অপর একজন মজা করে জানতে চান, ‘মঙ্গল গ্রহের বাসিন্দাদের কীভাবে সতর্ক করা হবে?’ এর পাশাপাশি ডিসি কমিকসের সুপারহিরো ‘গ্রিন ল্যান্টার্ন’ রূপে ট্রাম্পের একটি ছবি ইন্টারনেটে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে তার হাতে সবুজ ক্ষমতার বলয় (পাওয়ার রিং) দেখা যাচ্ছে।
তবে ট্রাম্পের এই অদ্ভুত দাবি আন্তর্জাতিক মহাকাশ আইনের সম্পূর্ণ পরিপন্থী। ১৯৬৭ সালে স্বাক্ষরিত ঐতিহাসিক ‘মহাশূন্য চুক্তি’ (আউটার স্পেস ট্রিটি) অনুযায়ী, চাঁদ বা মহাশূন্যের কোনো উপাদান কোনো একক রাষ্ট্র নিজেদের সার্বভৌম সম্পত্তি হিসেবে দাবি বা দখল করতে পারে না। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১০০টিরও বেশি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে।
ট্রাম্পের এই দাবির পাশাপাশি স্পেস ফোর্সের সামরিক পোশাক প্রদর্শনের বিষয়টি অনলাইনে বৈশ্বিক নিরাপত্তা ও মহাকাশ কূটনীতি নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ