০৫:৪৬ পি.এম
কিশোরগঞ্জের ভৈরবে একটি দিগন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক যাত্রীবাহী বাস, অটোরিকশা ও মাইক্রোবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এ দুর্ঘটনার ফলে আহত হয়েছেন ১৫ জন যাত্রী।
বুধবার (২৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন- অটোরিকশার যাত্রী উপজেলার মধ্যচর গ্রামের বাসিন্দা রেজিয়া বেগম (৬০), মধ্যচর রামশংকর এলাকার দীনেশ চন্দ্র দাস (৪৮), তার স্ত্রী ঝর্ণা রানী (৪০), দিগন্ত বাসের যাত্রী হবিগঞ্জের আরজুদা খাতুন (৬০) এবং একই এলাকার তাউস মিয়া (৪৫)।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী দিগন্ত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় এলাকায় ট্র্যাফিক জ্যামে আটকানো একাধিক যানবাহনের পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এর ফলে যাত্রীবাহী ঢাকাগামী সোহাগ বাস, অটোরিকশা, মাইক্রোবাসে থাকা যাত্রীরা গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা আহতদের তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জানান, ভৈরবে দুর্ঘটনায় আহত ১০ জনের বেশি রোগী চিকিৎসা নিয়েছেন। এখনো অনেক রোগী চিকিৎসা নিতে আসছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন