ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই: জ্বালানি মন্ত্রী


বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র নেই: জ্বালানি মন্ত্রী

সংসদ ভবন, ৮ জুলাই, ২০২৬ : বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই। এ কারণে এসব কেন্দ্রের বিপরীতে কোনো ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হচ্ছে না। এ তথ্য আজ জাতীয় সংসদে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

সরকারের দলীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল (জামালপুর-৩)-এর একটি লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী বলেন, ‘বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু নেই।’

তবে, তিনি জানান যে, শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের ৮৬ মেগাওয়াট এবং আশুগঞ্জের প্রিসিশন এনার্জি লিমিটেডের ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু’টি রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের মেয়াদ শেষ হওয়ার পর ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে চুক্তি নবায়ন করা হয়েছে। বর্তমানে কেন্দ্র দু’টি চালু রয়েছে।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

মন্ত্রী সংসদকে আরও জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড (৮৬ মেগাওয়াট) এবং প্রিসিশন এনার্জি লিমিটেড, আশুগঞ্জ (৫৫ মেগাওয়াট)-এর সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে ‘নো ইলেকট্রিসিটি, নো পেমেন্ট’ ভিত্তিতে এবং কেন্দ্র দু’টি বর্তমানে পরিচালিত হচ্ছে।

মন্ত্রী ক্যাপাসিটি চার্জ প্রসঙ্গে বলেন, ‘বর্তমানে দেশে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র চালু না থাকায় এসব কেন্দ্রের বিপরীতে কোনো ক্যাপাসিটি চার্জ পরিশোধ করা হচ্ছে না।’

তিনি আরো জানান, বর্তমান সময়ে সরকারের সঙ্গে কোনো কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের বিদ্যমান কোনো চুক্তিও নেই।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার ওপর জোর: বিআইবিএম মহাপরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


ঝুঁকি ব্যবস্থাপনা আরও শক্তিশালী করার ওপর জোর: বিআইবিএম মহাপরিচালক

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম বলেছেন, উদ্ভাবনী আর্থিক পণ্য ও ঝুঁকি ভাগাভাগির কার্যকর ব্যবস্থার মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য ট্রেড ফাইন্যান্সের সুযোগ সম্প্রসারণ করতে হবে। পাশাপাশি পণ্যভিত্তিক তথ্যসংগ্রহ, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত মান পর্যবেক্ষণ আরও জোরদার করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আজ বুধবার রাজধানীর মিরপুরস্থ ক্যাম্পাসে ‘ট্রেড সার্ভিস অপারেশনস অব ব্যাংক’ শীর্ষক ওয়ার্কশপে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কর্মশালায় দেশের জ্যেষ্ঠ ব্যাংকার, নীতিনির্ধারক, নিয়ন্ত্রক সংস্থার প্রতিনিধি, শিক্ষাবিদ এবং গবেষকরা অংশ নিয়ে বাংলাদেশের ট্রেড ফাইন্যান্স খাতের বর্তমান চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন।

ড. মো. এজাজুল ইসলাম বলেন, আন্তর্জাতিক বাণিজ্য কার্যক্রমকে আরও দ্রুত, নিরাপদ ও কাগজবিহীন করতে ইলেকট্রনিক ট্রেড ডকুমেন্টের জন্য আধুনিক আইনগত ও ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা সময়ের দাবি। একই সঙ্গে গ্রাহকসেবার মান অক্ষুণ্ন রেখে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ এবং ট্রেড-বেইজড মানি লন্ডারিং প্রতিরোধে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী, স্বচ্ছ ও কার্যকর ট্রেড ফাইন্যান্স ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ ব্যাংক, তফসিলি ব্যাংক, কাস্টমস কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সব অংশীজনের মধ্যে সমন্বয় বৃদ্ধি করতে হবে।

কর্মশালায় গবেষণা দলের পক্ষে ‘ট্রেড সার্ভিস অপারেশনস অব ব্যাংক’ শীর্ষক রিভিও পেপারের ওপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইবিএম’র অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. শাহ মো. আহসান হাবীব। তিনি গবেষণার ফলাফল তুলে ধরে বলেন, ট্রেড ফাইন্যান্সে উল্লেখযোগ্য এক্সপোজার রয়েছে এমন ব্যাংকগুলোর সঙ্গে আলোচনায় দেখা গেছে যে, ট্রেড-সংশ্লিষ্ট ঋণ পোর্টফোলিওতে সম্পদের গুণগত মানের ওপর চাপ ইতোমধ্যেই স্পষ্টভাবে দৃশ্যমান। এ ধরনের ব্যাংকগুলোর ট্রেড ফাইন্যান্স-সংক্রান্ত খেলাপি ঋণের হার বর্তমানে ৪০ থেকে ৫০ শতাংশ। অন্যদিকে, যেসব ব্যাংকে সামগ্রিক খেলাপি ঋণের হার বেশি এবং একই সঙ্গে ট্রেড ফাইন্যান্সে উল্লেখযোগ্য এক্সপোজার রয়েছে, সেসব ব্যাংকে ট্রেড ফাইন্যান্সের খেলাপি ঋণের হার ৮০ শতাংশেরও বেশি।
গবেষণায় উল্লেখ করা হয়, নন-ফান্ডেড দায় জোরপূর্বক ঋণে রূপান্তরিত হওয়া ট্রেড ফাইন্যান্সে খেলাপি ঋণ বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। বিশেষ করে মূলধনী যন্ত্রপাতি, তুলাসহ বিভিন্ন কাঁচামাল, চিনি ও সারজাতীয় পণ্য, জ্বালানি এবং স্ক্র্যাপ জাহাজ আমদানিসংক্রান্ত ট্রেড ফাইন্যান্সে এ ধরনের ঋণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা সম্পদের গুণগত মান অবনতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

গবেষণায় রপ্তানি অর্থায়নের ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। মতামত জরিপে প্রায় সব ব্যাংকারই মনে করেন, আইনগতভাবে কার্যকর ক্রয়-বিক্রয় চুক্তি ছাড়া ব্যাক-টু-ব্যাক এলসি ব্যবহারের ফলে রপ্তানি অর্থায়নে খেলাপি ঋণ সৃষ্টি হচ্ছে। 

গবেষণায় বলা হয়, ব্যাক-টু-ব্যাক এলসি মূলত নিশ্চিত রপ্তানি আদেশের বিপরীতে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহে অর্থায়নের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। কিন্তু যদি এর ভিত্তি হিসেবে থাকা চুক্তি দুর্বল, বিতর্কিত বা আইনগতভাবে কার্যকর না হয়, তবে পুরো অর্থায়ন প্রক্রিয়া ঝুঁকির মুখে পড়ে। ফলে রপ্তানি আয় সময়মতো না এলে বা আদায় না হলে ট্রেড ফাইন্যান্সের স্বয়ং-পরিশোধযোগ্য বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায় এবং তা দ্রুত জোরপূর্বক ঋণে পরিণত হয়ে ব্যাংকের ঋণঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

গবেষণাপত্রটি যৌথভাবে প্রস্তুত করেন বিআইবিএম’র অধ্যাপক (সিলেকশন গ্রেড) ড. শাহ মো. আহসান হাবীব, সহকারী অধ্যাপক তোফায়েল আহমেদ, সহকারী অধ্যাপক রাহাত বানু, প্রভাষক রাজিব কুমার দাস, বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১-এর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আরাফাত আলী এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.টি.এম. নেছারুল হক। 

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিআইবিএম’র সুপারনিউমারারি প্রফেসর ও এনআরবিসি ব্যাংক পিএলসি’র চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান, সিডিসিএস, প্রাইম ব্যাংক পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী এবং সিটি ব্যাংক পিএলসি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। 

অনুষ্ঠানের মুক্ত আলোচনায় বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনেরা ট্রেড ফাইন্যান্স কার্যক্রমের আধুনিকায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত মান উন্নয়নে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ১

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


রূপগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ এসকাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ১

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ জব্দ করেছে পুলিশ। এ সময় ফারুক হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়।

বুধবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে সিরাপ জব্দ করা হয় এবং একজনকে আটক করা হয়। গ্রেফতারকৃত ফারুক হোসেন উপজেলার মাছিমপুর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে নিষিদ্ধ ইএসকাফ সিরাপ সংগ্রহ করে রূপগঞ্জে এনে সিএনজির মাধ্যমে বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল বলে পুলিশের কাছে সংবাদ ছিল। বুধবার ভোরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিবগঞ্জ এলাকায় একদল মাদক ব্যবসায়ী নিষিদ্ধ মাদকদ্রব্য ইএসকাফ সিরাপ মজুদ করছে বলে পুলিশের কাছে খবর আসে। পরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে একটি সবুজ রঙের সিএনজির ভেতর থেকে ৩৭১ বোতল এবং একটি ট্রাকের পাথরের খোয়ার নিচে লুকিয়ে রাখা আরও ৭৩৬ বোতল ইএসকাফ সিরাপ উদ্ধার করে। সব মিলিয়ে ১ হাজার ১০৭ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়। এ সময় ফারুক হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হলেও আরও ৫ থেকে ৬ জন অভিযুক্ত পালিয়ে যায়।

ওসি আরো জানান, এ ঘটনায় রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রীদের অগ্রিম টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


যাত্রীদের অগ্রিম টিকিটের টাকা ফেরত দিচ্ছে রেলওয়ে

টানা ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের বিভিন্ন স্থানে রেললাইন তলিয়ে যাওয়ার ফলে কক্সবাজার-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়েছে। এই অবস্থায় যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম কাটা টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দিচ্ছে।

বুধবার সকালে কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে যায়নি।

রেলওয়ে সূত্র জানায়, অতিবৃষ্টি কারণে চট্টগ্রামের ষোলশহর ও জান আলী হাট এলাকায় রেললাইন পানির নিচে তলিয়ে গেছে, যার ফলে এই রুটে ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। পরিস্থিতি বিবেচনা করে কক্সবাজার-চট্টগ্রাম রুটে সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

টিকিট বিক্রয়কর্মীরা জানান, ট্রেন চলাচল বন্ধ হওয়ার বিষয়টি যাত্রীদের মোবাইল ফোনে খুদে বার্তার মাধ্যমে অবহিত করা হয়েছে। পাশাপাশি যেসব যাত্রী অগ্রিম টিকিট সংগ্রহ করেছেন, তাদের টিকিটের সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানান, রেললাইন থেকে পানি নামলে এবং পরিস্থিতি স্বাভাবিক হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে। এই মুহূর্তে স্টেশন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে ৪ হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৭ পি.এম


‘ফ্যামিলি কার্ড’ দেওয়ার নামে ৪ হাজার টাকা করে হাতিয়ে নেওয়ার চেষ্টা

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ এর নামে প্রতারণা করার সময় স্থানীয় জনতা ওয়াকিটকিসহ রহমান নামের এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার দুপুরের সময় উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রাম থেকে ওই প্রতারককে গ্রেফতার করা হয়।

কাশিয়ানী-মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান জানান, কাশিয়ানী উপজেলার সাজাইল ইউনিয়নের কুসুমদিয়া গ্রামে বিভিন্ন ব্যক্তির কাছে ‘ফ্যামিলি কার্ড’ তৈরি করার কথা বলে চার হাজার টাকা দাবি করেন প্রতারক রহমান। সে সময়ে স্থানীয় জনতার সন্দেহ হলে তারা রহমানকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রহমানকে একটি ওয়াকিটকিসহ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

তিনি আরও বলেন, প্রতারক রহমানের বিরুদ্ধে বিভিন্ন থানায় প্রতারণার মামলা রয়েছে। এই ঘটনায় কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%