০৩:১৬ পি.এম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিয়াম হত্যামামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার করার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে থানার সামনের এলাকায় মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে আয়োজিত এই কর্মসূচিতে নিহত সিয়ামের স্বজন, বন্ধু এবং স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন সুষ্ঠু বিচারের জন্য আশ্বাস প্রদান করলে কর্মসূচি শেষ হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত সিয়ামের মা লাকী আক্তার, মামা রাজিব, বন্ধু জিসানসহ অন্যান্য অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
এসময় বক্তারা উল্লেখ করেন, প্রধান আসামি গ্রেফতার হলেও মামলার অন্যান্য আসামিদের দ্রুত আইনের আওতায় আনা অত্যন্ত জরুরি। বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের জন্য দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আবেদন জানান।
এ ছাড়া মামলার তদন্ত নিরপেক্ষভাবে শেষ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বক্তারা বলেন যেন কোনো আসামি আইনের ফাঁক গলে বেরিয়ে যেতে না পারে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, বর্তমানে এই মামলায় দুজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
উল্লেখ্য, গত ৮ জুলাই আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী এলাকার ছাপড়া মসজিদের সামনে জমিজমা-সংক্রান্ত বিরোধের ফলে দুই পক্ষের মাঝে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়ামের মৃত্যু হয় ৯ জুলাই। নিহত সিয়ামের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ধামরাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা: বিভাগীয় কমিশনার
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন