০৯:১৮ পি.এম
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ১৯৫৯-৬০ সালের দিকে রাজশাহীতে যাত্রা শুরু করা পূবালী ব্যাংক বর্তমানে এই অঞ্চলের মানুষের বিশ্বস্ত অংশীদার। বাংলাদেশে স্বাধীনতা অর্জন এবং দেশের অর্থনীতি পুনর্গঠনে এই ব্যাংকের অনন্য এবং ঐতিহাসিক ভূমিকা রয়েছে। আগামী দিনে রাজশাহীর অর্থনৈতিক সমৃদ্ধি এবং স্মার্ট ব্যাংকিং উন্নয়নে পূবালী ব্যাংক কাজ করবে।
আজ সকাল সাড়ে ১০টায় রাজশাহী নগরীর সিএন্ডবি মোড়ে একটি হোটেলে রাজশাহী পূবালী ব্যাংক পিএলসি আয়োজিত ক্যাশলেস রাজশাহী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিন এ কথা বলেন।
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু আরও বলেন, শিক্ষা-দীক্ষায় উন্নত এই অঞ্চলের মানুষ নতুন এই ডিজিটাল ব্যাংকিং পদ্ধতিকে দ্রুত গ্রহণ করবে। এর ফলে রাজশাহীর অর্থনৈতিক মর্যাদা বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের অগ্রযাত্রায় রাজশাহীকে একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক হাব হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীর ব্যবসা-বাণিজ্যকে আরো গতিশীল করার উদ্দেশ্যে, এবং আধুনিক সিঙ্গাপুর বা ইউরোপের আদলে ক্যাশলেস লেনদেনে উৎসাহিত করতে পূবালী ব্যাংক ‘কিউআর সিস্টেম’ চালু করেছে। প্রযুক্তির মাধ্যমে ব্যবসায়ীরা কাগুজে মুদ্রার ঝামেলা ছাড়াই দ্রুত ও নিরাপদ লেনদেন করতে পারবেন।
রাজশাহীর ভবিষ্যৎ উন্নয়নের রূপরেখা তুলে ধরে মন্ত্রী বলেন, এই অঞ্চলের কৃষিপণ্য যেমন— শাক-সবজি ও ফলমূল সরাসরি দুবাই বা সিঙ্গাপুরে রপ্তানির জন্য রাজশাহী বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ চলছে। এর পাশাপাশি, বিসিক সিল্ক শিল্প নগরী এবং ইপিজেড স্থাপন করার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।
এসময় তিনি ব্যাংকিং খাতের কর্মকর্তাদের সততা ও দক্ষতার সাথে কাজ করে দেশের অর্থনীতি পুনরুদ্ধারে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির পরিচালক আজিজুর রহমান।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
রাজশাহী পূবালী ব্যাংক পিএলসির উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আমজাদ হোসেন খাঁন, পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. বায়েজীদ সরকার, মো. নাজিম উদ্দীন এবং মো. শাহ নওয়াজ খান। অন্যান্যদের মধ্যে পূবালী ব্যাংকের সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ীরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে রাজশাহীতে পূবালী ব্যাংক পিএলসির ১৪টি ইলেকট্রনিক বুথের উদ্বোধন করেন মন্ত্রী। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধির হাতে বাংলা কিউআর কোড তুলে দেন ভূমিমন্ত্রী।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন