০৫:১৪ পি.এম
ঝিনাইদহের কালীগঞ্জের মূল শহর এখন যেন এক শ্বাসরুদ্ধকর মৃত্যুফাঁদ হয়ে উঠেছে! হাসপাতালে জরুরি পথ থেকে শুরু করে বাসস্ট্যান্ডের অলিগলি, কালীবাড়ি মোড়, কলেজ রোড এবং তরকারি হাট— কোথাও স্বস্তির নিশ্বাস নেই। রাস্তা দখল করে গড়ে উঠেছে অবৈধ ফুটপাতের সাম্রাজ্য। ব্যবসায়ীদের দখলের কবলে পিষ্ট হয়ে রাস্তা আজ এতটাই সংকুচিত হয়েছে যে, পথচারী তো দূরের কথা, রিকশা-ভ্যান নিয়ে চলাচল করাও এখন জীবনের সাথে বাজি ধরার মত।
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার প্রধান পথ, মধুগঞ্জ বাজার, কালীবাড়ি মোড় এবং শহরের ভেতর দিয়ে সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজ পর্যন্ত বিস্তৃত এলাকা এখন মানুষের চেয়ে পণ্যের দখলে অধিক। শহরের ভেতর বাঁশ-কাঠ দিয়ে শেড বানিয়ে ফুটপাত তো দখল করা হয়েছে, রাস্তার অর্ধেক অংশও দখল করে রাখা হয়েছে। লম্বা দোকান এবং এতটাই বিস্তৃত, যে রাস্তা সরু হয়ে গেছে। ফলে ইজিবাইক, ভ্যান এবং রিকশা চলাচলের সময় প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, পথচারীদের গায়ে যানবাহনের ধাক্কা লাগছে।
দিনের বেলায় এই দুর্ভোগ অপরিসীম মাত্রায় রূপ নেয়। শহরের সরু সড়কে বড় বড় ট্রাক ঢুকলে, তখন যানজট এত ভয়াবহ আকার ধারণ করে যে, ঘণ্টার পর ঘণ্টা মানুষ আটকা পড়ে থাকে। সাইকেল, ভ্যান অথবা সাধারণ পথচারীদের জন্য ওই পথ পাড়ি দেওয়া এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অথচ এই পথ দিয়েই প্রতিদিন শত শত রোগী নিয়ে অ্যাম্বুলেন্স হাসপাতালের দিকে ছুটতে হয়। সড়কের দুই পাশে রয়েছে বিভিন্ন দোকানপাট, যার কারণে শহরের প্রবেশদ্বার সংকুচিত হয়ে গেছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
স্থানীয়দের অভিযোগ, মাঝেমধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযান চললেও, পরক্ষণেই আগের চেয়েও বড় এবং বিস্তৃত আকারে বসছে দোকানপাট।
ভুক্তভোগী রহিমা বেগম বলছেন, "কর্তৃপক্ষের নাকের ডগায় এই অবৈধ দখলদারিত্ব চললেও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তা নিয়ে জনমনে এখন বড় প্রশ্ন।"
পথচারী মনির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, "কর্তৃপক্ষ কি এসব দেখেও দেখছে না? নাকি এর পেছনে অন্য কোনো সমীকরণ কাজ করছে?"
এ ব্যাপারে পৌর প্রশাসক রেজওয়ানা নাহিদ বলেছেন, "শহরে পাশে একটি হকার্স মার্কেট তৈরির পরিকল্পনা আছে, অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।"
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
শহরের এই বেহাল দশা থেকে মুক্তি পেতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিয়মিত ট্র্যাফিক পুলিশ মোতায়েন এবং স্থায়ী উচ্ছেদ অভিযানের দাবি তুলেছেন স্থানীয় সচেতন মহল।
কালীগঞ্জের প্রতিটি সড়ক আজ দখলদারদের কবলে। এই শহর কি সাধারণ মানুষের চলাচলের জন্য নাকি কেবল দখলদারদের ব্যবসার জন্য? এমন প্রশ্নই এখন সাধারণ মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন