ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট


রাজধানীর পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

চকবাজারের সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত মার্কেটে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের কাছে আগুন লাগার খবর সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ৪ মিনিটে পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করেছেন সংস্থার ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

ফায়ার সার্ভিসের সূত্র অনুযায়ী, চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে মনজুর খান প্লাজায় বিকেল ৫টা ২ মিনিটে আগুনের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে রওনা দেয় বিকেল ৫টা ৪ মিনিটে। স্টেশন থেকে দুই কিলোমিটার দূরত্ব থাকা সত্ত্বেও যানজট এবং রাস্তার পরিস্থিতির কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা বিকেল ৫টা ২২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

তবে, আগুন লাগার কারণ, ভবনের ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নির্বাপণের কাজ চালিয়ে যাচ্ছেন।

রাশেদ বিন খালিদ জানান, মার্কেটে আগুন লাগার খবর পেয়ে তাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। প্রচণ্ড ধোঁয়ার কারণে ফায়ার ফাইটারদের কাজ করতে বেগ পেতে হচ্ছে। এখনও আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ বসে থাকবে না: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মক্কা-মদিনায় যদি কোনো হুমকি আসে, তবে বাংলাদেশ নিশ্চয়ই বসে থাকবে না। তিনি উল্লেখ করেছেন, "মক্কা-মদিনায় কোনো থ্রেট এলে আমরা বসে থাকবো না। আমরা অবশ্যই তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেব।"

এই মন্তব্যটি তিনি সোমবার (১২ অক্টোবর) ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত ‘বাংলাদেশের পররাষ্ট্রনীতি : পরিবর্তনশীল বিশ্বে দিকনির্ণয়ের পথরেখা’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করেছেন।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, "আমরা মক্কা প্যাক্টে এখনো যোগ দেইনি। যেহেতু আমরা মক্কা প্যাক্টে আনুষ্ঠানিকভাবে এখনো যোগ দেইনি, সুতরাং সেখানে সৈন্য পাঠানোর প্রশ্ন এই মুহূর্তে উঠছে না।" তিনি সৌদি আরবে চলমান ঘটনাবলী সম্পর্কে বলেন, "আমরা সৌদি আরবের সরকার এবং দেশটির মানুষের প্রতি একাত্মতা ঘোষণা করেছি। এটা আমরা অবিলম্বে বন্ধ চাই।"

তিনি আরও বলেন, "আমাদের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সৌদি আরবের ক্রাউন প্রিন্সকে চিঠিও দেওয়া হয়েছে। এটা অবিলম্বে বন্ধ হোক। সৌদি সরকার এবং মানুষের পাশে আমরা আছি।"

সম্প্রতি মক্কা-মদিনার বিষয় নিয়ে বাংলাদেশ কোনো আপস করবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ বিষয়ে শামা ওবায়েদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, "মক্কা-মদিনার ব্যাপারে শুধু আমাদের একটা কূটনীতি না, আমাদের একটা আবেগও কাজ করে। সেই জায়গাটা থেকে অবশ্যই আমরা মক্কা মদিনায় যদি এরকম কোনো থ্রেট আসে, সেটা বাংলাদেশি যারা আমরা মেজরিটি মুসলমান আছি; আমরা বসে থাকবো না। অবশ্যই তাদের সাহায্যের জন্য আমরা হাত বাড়িয়ে দেব।"

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় বাংলাদেশি নাগরিকদের ক্ষয়ক্ষতির তথ্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, "এখন পর্যন্ত আমাদের দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। আর ২৪ জনেরও অধিক বাংলাদেশি রিয়াদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। কয়েকজন আইসিইউতে আছেন। আমরা আশা করব যে, এই অবস্থা অবসান ঘটবে শিগগিরই এবং এই যুদ্ধ বন্ধ হবে। কারণ সাধারণ মানুষ নিহত হচ্ছে, পরিবারগুলো ধ্বংস হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


যবিপ্রবিতে বিদেশে উচ্চশিক্ষায় দুই মাসব্যাপী সেমিনার সিরিজ শুরু

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, আবেদন প্রক্রিয়া এবং স্কলারশিপ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দেওয়ার উদ্দেশ্যে দুই মাসব্যাপী সেমিনার সিরিজের আয়োজন শুরু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) ‘অস্ট্রেলিয়ায় স্কলারশিপের সুযোগ পাওয়ার উপায়’ শীর্ষক সেমিনারের মাধ্যমে এই সেমিনার সিরিজের উদ্বোধন করা হয়।

দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরীফ হোসেন গ্যালারিতে এই সেমিনার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের আয়োজনে এবং জাস্ট রিসার্চ সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান। সভাপতিত্ব করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীর বলেন, "শিক্ষার্থীরা স্কলারশিপ নিয়ে বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করে অর্জিত জ্ঞান দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজে লাগাবে এটাই প্রত্যাশা।" তিনি আরও বলেন, বিদেশে উচ্চশিক্ষার প্রাথমিক পর্যায়ে নানা চ্যালেঞ্জ থাকলেও আত্মবিশ্বাস ও আশাবাদ নিয়ে এগিয়ে গেলে সফল হওয়া সম্ভব। শিক্ষার্থীদের দেশের প্রতি দায়িত্ববোধ বজায় রেখে নিজেদের মেধা দেশের কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, "এ ধরনের সেমিনারের মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষার সুযোগ ও প্রস্তুতি সম্পর্কে সঠিক তথ্য জানতে পারছে।" তিনি যোগ করেন, নিজেদের যোগ্যতা ও সামর্থ্য কাজে লাগিয়ে বড় স্বপ্ন বাস্তবায়নের পাশাপাশি বিদেশে অর্জিত জ্ঞান দেশের অর্থনীতি ও উন্নয়নে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান শিক্ষার্থীদের দীর্ঘমেয়াদি লক্ষ্য নির্ধারণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান। তিনি বলেন, "বিদেশে উচ্চশিক্ষা শেষে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়ন এবং শিক্ষা ব্যবস্থার কল্যাণে কাজে লাগাতে হবে।"

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. ফরহাদ করীম সৈকত। তিনি অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে ভর্তির আবেদন প্রক্রিয়া, স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) লেখা, সুপারিশপত্র সংগ্রহ, জিআরই, টোফেল ও আইইএলটিএস পরীক্ষার প্রস্তুতি এবং অধ্যাপকদের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়ে আলোচনা করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘সন্তানের’ মতো পালন করা গাঁজা গাছ লুকিয়ে রাখতে পারলেন না আসমান

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৭ পি.এম


‘সন্তানের’ মতো পালন করা গাঁজা গাছ লুকিয়ে রাখতে পারলেন না আসমান

কুড়িগ্রামের রাজারহাটে পুলিশের বিশেষ অভিযানে একটি বসতবাড়ির রান্নাঘরের পেছন থেকে ১৪ ফুট লম্বা জীবন্ত একটি গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে। এ সময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে আসমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১১ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের মেকুরটারী গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মেকুরটারী গ্রামে আসমানের বসতবাড়িতে বেআইনিভাবে গাঁজার গাছ চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে নামে রাজারহাট থানা পুলিশ। তথ্যের সত্যতা নিশ্চিত হয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল আসমানের বাড়িতে অভিযান চালায়। এ সময় রান্নাঘরের পেছন থেকে প্রায় ১৪ ফুট লম্বা তাজা গাঁজার গাছটি উদ্ধারসহ আসমানকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসমান স্বীকার করেছেন, তিনি প্রায় এক বছর ধরে লোকচক্ষুর অন্তরালে গোপনে গাছটি লালন-পালন করে আসছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৪ ফুট লম্বা একটি জীবন্ত গাঁজার গাছ উদ্ধারসহ এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশি এই অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০৮ পি.এম


ইবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে নবীনবরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নবীন শিক্ষার্থীদের বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে ‘নবীনবরণ ও প্রবীণ বিদায়-২০২৬’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক মো. আতিকুর রহমান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ওবায়দুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। লোকপ্রশাসন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মুন্সি মুর্তজা আলীও বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সূচনা নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আনুষ্ঠানিক অভ্যর্থনার মাধ্যমে হয়। একইসাথে বিদায়ী শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে তাদের সংবর্ধনা প্রদান করা হয়। বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিবেশের সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার আহ্বান জানান।

তিনি জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা নিয়ে নিজেদের গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন। রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীরা ভবিষ্যতে রাষ্ট্র, সমাজ ও জনজীবন সম্পর্কে বিশ্লেষণধর্মী চিন্তা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%