মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৫৫ পি.এম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : দুর্নীতি দমন কমিশন (দুদক) সিদ্ধান্ত নিয়েছে, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জ্যেষ্ঠ নেতা শেখ ফজলুল করিম সেলিমের স্ত্রী, দুই ছেলে এবং মেয়ের নামে-বেনামে অবৈধ সম্পদ রয়েছে কি না, তা উদঘাটনের জন্য সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিতে।
আজ দুদক প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য প্রকাশ করেন।
দুদক জানায়, শেখ ফজলুল করিম সেলিমের নামে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৫৯ লাখ ১৮ হাজার ৬০ টাকার সম্পদ পাওয়ার কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় দায়েরকৃত একটি মামলা বর্তমানে তদন্তাধীন রয়েছে।
এদিকে অনুসন্ধানে শেখ সেলিমের স্ত্রী ফাতেমা সেলিমের নামে বৈধ্য আয়ের চেয়ে ১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৩৫৫ টাকার অতিরিক্ত সম্পদ পাওয়া গেছে। তাঁর নামে-বেনামে অন্য কোনো গোপন সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একইভাবে, শেখ সেলিমের জ্যেষ্ঠ পুত্র শেখ ফজলে ফাহিমের নামে আয়ের চেয়ে ২ কোটি ৫০ লাখ ৪৪ হাজার ৩৬ টাকার বেশি সম্পদ পাওয়া গেছে। তাঁর নামে-বেনামে আরও সম্পদ রয়েছে কি না, তা অনুসন্ধানে একই ধারায় সম্পদ বিবরণী দাখিলের আদেশ দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে সংস্থাটি।
অপর পুত্র শেখ ফজলে নাঈমের নামে বৈধ্য আয়ের চেয়ে ১১ কোটি ৭০ লাখ ৬১ হাজার ৪৪ টাকার অতিরিক্ত সম্পদ পাওয়ার কথা জানিয়েছে দুদক। তাঁর নামে-বেনামে থাকা সম্পদের বিস্তারিত তথ্য জানতেও একই আইনি ধারায় নির্দেশ জারির সিদ্ধান্ত হয়েছে।
এ ছাড়া, শেখ সেলিমের কন্যা শেখ আমেনা সুলতানা সোনিয়ার নামে আয়ের চেয়ে ৬ কোটি ৭৮ লাখ ৫৫ হাজার টাকার বৈধ্য উৎসবিহীন সম্পদ পাওয়া গেছে। তাঁর অর্জিত সম্পদের সঠিকতা নিরূপণ ও গোপন তথ্য উদঘাটনে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে দুদক।
দুদকের বিশেষ তদন্ত সংশ্লিষ্ট অফিসিয়াল নথিতে এসব চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করা হয়েছে।
দুদক কর্মকর্তা জানান, উল্লিখিত ব্যক্তিবর্গকে তাদের বর্তমান ঠিকানায় না পাওয়ায় আদেশপত্র তাদের স্থায়ী ঠিকানায় লটকিয়ে (নোটিশ টানিয়ে) জারি করা হবে।
শেখ ফজলুল করিম সেলিম ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে পরিচালিত অনুসন্ধানকারী দলের নেতৃত্ব দিচ্ছেন দুদকের উপপরিচালক মো. খায়রুল হক। এই দলের অন্য সদস্যরা হলেন—সহকারী পরিচালক বিলকিস আক্তার এবং উপসহকারী পরিচালক এলমান আহাম্মদ অনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) অর্থোপেডিক সার্জারি সেবায় আধুনিক প্রযুক্তির সংযোজনের অংশ হিসেবে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক ‘সি-আর্ম’ ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিন।
এই নতুন চিকিৎসা প্রযুক্তির উদ্বোধন আজ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ১০ম তলায় অনুষ্ঠিত হয় এক অনাড়ম্বর অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
সি-আর্ম মেশিন চালুর ফলে অর্থোপেডিক সার্জারির সময় রোগীর হাড়ের রিয়েল-টাইম বা লাইভ এক্স-রে ইমেজ সরাসরি দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে জটিল হাড়ের অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব হবে আরো নিরাপদ, নিখুঁত ও কার্যকরভাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মন্তব্য করেন, "বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সবসময় রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি আরো উল্লেখ করেন, অত্যাধুনিক সি-আর্ম মেশিন অর্থোপেডিক সার্জনদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে।
তিনি বলেন, "জটিল হাড়ের ফ্র্যাকচার নিয়ে আসা রোগীরা এখন দেশেই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের আধুনিক সার্জারি সেবা পাবেন।" আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা উন্নত ও জনবান্ধব করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিএমইউর প্রক্টর ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শেখ ফরহাদ জানান, সি-আর্ম প্রযুক্তির মাধ্যমে অস্ত্রোপচারের সময় ভাঙা হাড়ের অবস্থান ও সার্জারির অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে, ফ্র্যাকচার চিকিৎসায় ব্যবহৃত স্ক্রু, প্লেট, রড, ইমপ্ল্যান্ট ও কে-ওয়্যার সঠিক অবস্থানে স্থাপন করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাবে।
তিনি আরো বলেন, "এই প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো মিনিমালি ইনভেসিভ সার্জারি বা ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচারের সুযোগ।" ফলে, অনেক ক্ষেত্রে বড় ধরনের কাটাছেঁড়ার পরিবর্তে ছোট ছিদ্রের মাধ্যমে জটিল ফ্র্যাকচারের চিকিৎসা করা সম্ভব হবে। লাইভ ইমেজিং সুবিধার কারণে সার্জনরা দ্রুত ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। এতে অস্ত্রোপচারের সময় কমার পাশাপাশি অপ্রয়োজনীয় কাটাছেঁড়া ও টিস্যু ক্ষতি কমানো সম্ভব হবে। একই সঙ্গে রক্তক্ষরণ ও সংক্রমণের ঝুঁকি কমবে এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়বে।
অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম জানান, নতুন প্রজন্মের ডিজিটাল সি-আর্ম প্রযুক্তিতে তুলনামূলকভাবে কম রেডিয়েশন ডোজ ব্যবহারের সুবিধা রয়েছে। ফলে, রোগীর পাশাপাশি অপারেশন থিয়েটারে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্যও এটি তুলনামূলকভাবে নিরাপদ।
অনুষ্ঠানে উপাচার্যের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, নার্স এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক জাতীয় দলের ক্রিকেটার ও মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমান হ্যাপি, ঘিওরের সাবেক উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান জনি এবং যুবলীগ নেতা মো. আবুল বাশারের সম্পদের হিসাব তলব করার সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপটি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে নেওয়া হয়েছে।
মঙ্গলবার দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেন।
দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক অনুসন্ধানে ফারহানা রহমান হ্যাপি, মাহবুবুর রহমান জনি এবং মো. আবুল বাশারের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ এবং অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারা অনুযায়ী তাদের সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অভিযোগের মধ্যে আরও বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয়ের স্ত্রী ফারহানা রহমান হ্যাপির নামে ১ কোটি ৩৯ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। তার অর্জিত সম্পদের পূর্ণাঙ্গ বিবরণ উদঘাটন এবং আয়ের উৎসের সঠিকতা যাচাইয়ের উদ্দেশ্যে এই আদেশ প্রদান করা হচ্ছে।
দুদক জানায়, মানিকগঞ্জের ঘিওর উপজেলার সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান জনির নামে ৬৯ লাখ ৯৪ লাখ ১৮৪ টাকার অসংগতিপূর্ণ সম্পদ পাওয়া গেছে। তার স্থাবর-অস্থাবর সম্পদের সঠিক হিসাব বের করার জন্য দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী একই আইনি প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে। যুবলীগ নেতা মো. আবুল বাশারের বিরুদ্ধে ২০১০ থেকে ২০২৫ সাল পর্যন্ত অবৈধ বালু ব্যবসা, দুর্নীতি ও অর্থ পাচারের (মানি লন্ডারিং) মাধ্যমে বিপুল অর্থ অর্জনের অভিযোগ রয়েছে। তার মালিকানাধীন ১৪টি ব্যাংক হিসাবে মোট ৮৬ কোটি ৮০ লাখ ৪৭ হাজার ৪৪৯ টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
দুদক আরও জানায়, আবুল বাশারের নামে আরও বেনামি স্থাবর-অস্থাবর সম্পদ থাকতে পারে। তাই তার অর্জিত সব সম্পদের উৎস ও সত্যতা যাচাইয়ের জন্য সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বরিশাল মহানগর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচি ও র্যালির সময় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একাধিক হাতাহাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার টাউন হল এবং সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য র্যালিতে অংশ নিতে বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা মিছিল সহকারে আসতে শুরু করেন। এই সময় মিছিলের সামনে যাওয়ার জন্য এবং শ্লোগান দেওয়ার কারণে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বের জেরে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়, পরে তা ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতিতে রূপ নেয়।
সূত্রে আরো জানা গেছে, হাতাহাতির কারণে সাধারণ নেতাকর্মী এবং পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ছাত্রদলের ওয়ার্ড পর্যায়ের বেশ কয়েকজন কর্মী আহত হন। এই পরিস্থিতিতে দলীয় কার্যালয় এবং অশ্বিনী কুমার টাউন হলের মঞ্চে উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ তাৎক্ষণিকভাবে হ্যান্ডমাইক নিয়ে উত্তেজিত ছাত্রদলের কর্মী সমর্থকদের শান্ত হওয়ার নির্দেশ দেন।
সিনিয়র নেতৃবৃন্দ এবং ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যদের দ্রুত হস্তক্ষেপের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। পরবর্তীতে বিশৃঙ্খলাকারী গ্রুপগুলোকে সরিয়ে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল র্যালি ও কর্মসূচি সম্পন্ন করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাঁচবিবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। আজ (১ সেপ্টেম্বর) সকালে পাঁচবিবি রেলস্টেশন রোডে অবস্থিত দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন দলের নেতাকর্মীরা।
এই উপলক্ষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক আলহাজ্ব জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী এবং পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তাহের ও রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাঈদ ইবনে আলী, উপজেলা যুবদলের প্রতিষ্ঠাতা সাবেক সম্পাদক আবু সাইদ আহম্মেদ, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম পিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হাসানুজ্জামান রাব্বি, উপজেলা মহিলা দলের সভানেত্রী নাজমা বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন, সম্পাদিকা গোলশান আরা গ্যালিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সল হোসেন আপেল, পৌর ছাত্রদলের আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৩টায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ