প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশের মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) অর্থোপেডিক সার্জারি সেবায় আধুনিক প্রযুক্তির সংযোজনের অংশ হিসেবে উদ্বোধন করা হয়েছে অত্যাধুনিক ‘সি-আর্ম’ ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিন।
এই নতুন চিকিৎসা প্রযুক্তির উদ্বোধন আজ বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ১০ম তলায় অনুষ্ঠিত হয় এক অনাড়ম্বর অনুষ্ঠানে, যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
সি-আর্ম মেশিন চালুর ফলে অর্থোপেডিক সার্জারির সময় রোগীর হাড়ের রিয়েল-টাইম বা লাইভ এক্স-রে ইমেজ সরাসরি দেখার সুযোগ সৃষ্টি হয়েছে। এর ফলে জটিল হাড়ের অস্ত্রোপচার সম্পন্ন করা সম্ভব হবে আরো নিরাপদ, নিখুঁত ও কার্যকরভাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী মন্তব্য করেন, "বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সবসময় রোগীদের বিশ্বমানের চিকিৎসাসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।" তিনি আরো উল্লেখ করেন, অত্যাধুনিক সি-আর্ম মেশিন অর্থোপেডিক সার্জনদের কর্মদক্ষতা বৃদ্ধি করবে।
তিনি বলেন, "জটিল হাড়ের ফ্র্যাকচার নিয়ে আসা রোগীরা এখন দেশেই অত্যন্ত সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের আধুনিক সার্জারি সেবা পাবেন।" আধুনিক চিকিৎসা প্রযুক্তির সংযোজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাসেবা উন্নত ও জনবান্ধব করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিএমইউর প্রক্টর ও অর্থোপেডিক সার্জারি বিভাগের অধ্যাপক ডা. শেখ ফরহাদ জানান, সি-আর্ম প্রযুক্তির মাধ্যমে অস্ত্রোপচারের সময় ভাঙা হাড়ের অবস্থান ও সার্জারির অগ্রগতি সরাসরি পর্যবেক্ষণ করা সম্ভব হবে। ফলে, ফ্র্যাকচার চিকিৎসায় ব্যবহৃত স্ক্রু, প্লেট, রড, ইমপ্ল্যান্ট ও কে-ওয়্যার সঠিক অবস্থানে স্থাপন করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যাবে।
তিনি আরো বলেন, "এই প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ সুবিধা হলো মিনিমালি ইনভেসিভ সার্জারি বা ন্যূনতম কাটাছেঁড়ার মাধ্যমে অস্ত্রোপচারের সুযোগ।" ফলে, অনেক ক্ষেত্রে বড় ধরনের কাটাছেঁড়ার পরিবর্তে ছোট ছিদ্রের মাধ্যমে জটিল ফ্র্যাকচারের চিকিৎসা করা সম্ভব হবে। লাইভ ইমেজিং সুবিধার কারণে সার্জনরা দ্রুত ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। এতে অস্ত্রোপচারের সময় কমার পাশাপাশি অপ্রয়োজনীয় কাটাছেঁড়া ও টিস্যু ক্ষতি কমানো সম্ভব হবে। একই সঙ্গে রক্তক্ষরণ ও সংক্রমণের ঝুঁকি কমবে এবং রোগীর দ্রুত সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা বাড়বে।
অর্থোপেডিক সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আনোয়ারুল ইসলাম জানান, নতুন প্রজন্মের ডিজিটাল সি-আর্ম প্রযুক্তিতে তুলনামূলকভাবে কম রেডিয়েশন ডোজ ব্যবহারের সুবিধা রয়েছে। ফলে, রোগীর পাশাপাশি অপারেশন থিয়েটারে কর্মরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্যও এটি তুলনামূলকভাবে নিরাপদ।
অনুষ্ঠানে উপাচার্যের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট, নার্স এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন