ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে


ইরানকে ট্রাম্পের নতুন হুমকিতে তেলের দাম বাড়ছে

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : মঙ্গলবারও তেলের দাম বেড়ে গেছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ‘কঠোর আঘাত’ হানার হুঁশিয়ারি দিয়েছেন।

বিশ্বজুড়ে বেশিরভাগ শেয়ারবাজারে দরপতন ঘটেছে। সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার কারণে মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর ওপর সুদের হার বাড়ানোর চাপ সৃষ্টি হচ্ছে, যা শেয়ারবাজারে অস্থিরতা বাড়িয়েছে।

এএফপি’র খবর অনুযায়ী, ছয় মাস ধরে চলমান যুদ্ধের পর পরিস্থিতির তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি। তেহরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ রেখেছে। অন্যদিকে, ওয়াশিংটন ইরানের বন্দরগুলো ঘিরে পাল্টা অবরোধ অব্যাহত রেখেছে।

আরও পড়ুন: সরকারি কর্মচারীদের ভাতা নির্ধারণে নতুন প্রজ্ঞাপন জারি

রোববার যুক্তরাষ্ট্র ওই জলপথে অবস্থিত ইরানের একটি দ্বীপে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান দ্রুত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা করে।

দুই দেশের এই পাল্টাপাল্টি হামলা বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এ পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

ফক্স নিউজের এক প্রতিবেদকের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে ট্রাম্প বলেন, “আমরা তাদেরকে কঠোরভাবে আঘাত করব।”

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরান যাতে মাইন পুঁতে রাখতে না পারে, তা ঠেকাতে লারাক দ্বীপে রকেট নিক্ষেপের স্থানগুলোতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরান জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

কয়েক সপ্তাহের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর এই পাল্টাপাল্টি হামলা ঘটেছে। এর আগে, ট্রাম্প প্রশাসন সামরিক পদক্ষেপের পরিবর্তে ‘অর্থনৈতিক যুদ্ধের’ দিকে বেশি মনোযোগ দেওয়ার কথা জানিয়েছিল।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “আমরা চাপ অব্যাহত রাখব। এরই মধ্যে এখানে খুব ভালো আলোচনা হয়েছে।”

উত্তর ক্যারোলাইনায় জি-২০ বৈঠকের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, এই চাপ প্রয়োগের অভিযানে বড় ধরনের পরিবর্তন “কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে” আসতে পারে।

মঙ্গলবার অপরিশোধিত তেলের প্রধান দুই আন্তর্জাতিক বাজারদর বেড়েছে। এর ফলে আগের দিনের ২ শতাংশের বেশি বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রয়েছে।

আরও পড়ুন: বিশ্ববাজারে সোনার দাম বেড়ে গেল, বিনিয়োগকারীদের নজর ফেডারেল রিজার্ভের সিদ্ধান্তে

ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের রদ্রিগো ক্যাত্রিল বলেন, “প্রাথমিক পদক্ষেপগুলোর নিয়ন্ত্রিত ধরন থেকে মনে হচ্ছে, কোনো পক্ষই দীর্ঘস্থায়ী সংঘাতে ফিরতে সক্রিয়ভাবে আগ্রহী নয়। তবে আলোচনা থমকে যাওয়া এবং হরমুজ প্রণালী খোলা রাখার কৌশলগত গুরুত্ব পরিস্থিতিকে আরও উত্তপ্ত হওয়ার ঝুঁকিতে রেখেছে।”

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় রাজনৈতিক চাপের মুখে পড়েছে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে অভ্যন্তরীণ বাজারে জ্বালানির দাম কমানোর উদ্যোগের অংশ হিসেবে মঙ্গলবার তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প।

এদিকে এশিয়ার বেশিরভাগ শেয়ারবাজারে দরপতন ঘটেছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতিনির্ধারণী বৈঠকের আগে গুরুত্বপূর্ণ কিছু অর্থনৈতিক তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ফেডের বৈঠক ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

টোকিও, হংকং, সিউল, সাংহাই, সিডনি, সিঙ্গাপুর ও ওয়েলিংটনের শেয়ারবাজারে দরপতন ঘটেছে। তবে তাইপে, ম্যানিলা ও জাকার্তার বাজারে সূচক বেড়েছে।

যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান ও ভোক্তা মূল্যসূচক-সংক্রান্ত প্রতিবেদন সুদের হার বাড়ানোর সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

শুক্রবার ফেডের প্রধান কেভিন ওয়ার্শের সুদের হার বাড়ানোর পক্ষে কঠোর অবস্থানের বক্তব্যের পর সুদের হার বাড়ার সম্ভাবনা নিয়ে বাজারে প্রত্যাশা বেড়েছে।

উচ্চ মূল্যস্ফীতি ও ঋণের সুদ বাড়ার আশঙ্কায় যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের সুদহার ২০২৫ সালের জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

এর প্রভাব এশিয়ার বাজারেও পড়েছে। সোমবার জাপানের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার ৩০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

দীর্ঘ প্রতীক্ষিত হংকং শেয়ারবাজারে লেনদেন শুরুর দিনে ফাস্ট-ফ্যাশন পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান শেইনের শেয়ারের দাম ৯ শতাংশের বেশি কমেছে। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে প্রতিষ্ঠানটি ১৭০ কোটি ডলার সংগ্রহ করেছিল।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া তাইওয়ানের চিপ নির্মাতা মিডিয়াটেকে ৩৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার পর প্রতিষ্ঠানটির শেয়ারের দাম প্রায় ১০ শতাংশ বেড়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান: ভূমিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি তারেক রহমান: ভূমিমন্ত্রী

রাজশাহী, ১ সেপ্টেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি হয়ে দেশের জন্য কাজ করছেন।

মন্ত্রী আরও বলেন, গণতন্ত্রকে পুনরুদ্ধার ও সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তিনি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। অবশেষে গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশে ফ্যাসিস্টের পতন ঘটেছে।

আজ সকালে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর বিএনপি’র মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে তিনি এই মন্তব্য করেন।

পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনব্যাপী কর্মসূচী উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। এ সময় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

মিজানুর রহমান মিনু উল্লেখ করেন, আমাদের প্রাণপ্রিয় নেতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করে দেশকে হানাদার মুক্ত করেছেন। তাঁর প্রতিষ্ঠিত দল বিএনপি গণতন্ত্র ও দেশের মানুষের রক্ষক।

তিনি আরও বলেন, আমাদের প্রিয় মা, মাটি ও মানুষের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীনভাবে নেতৃত্ব দিয়ে সারাবিশ্বে সুনাম অর্জন করেছেন। গণতন্ত্রের জন্য লড়ে তিনি আমাদের মাঝে বিদায় নিয়েছেন।

এ সময় মিজানুর রহমান মিনু উল্লেখ করেন, বর্তমান প্রধানমন্ত্রী গণতন্ত্র সুপ্রতিষ্ঠার জন্য দীর্ঘ সময় ধরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। এরপর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়ে বিএনপি সরকার গঠন করেছেন।

তিনি আরও বলেন, যেকোনো শত্রুর হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব শহীদ জিয়ার সৈনিকদের। মহান মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি হাতিয়ার তুলে নিয়ে দেশের জন্য যুদ্ধ করেছেন। তাঁর নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল।

ভূমিমন্ত্রী মন্তব্য করেন, আজ যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল দাবি করেন, তারা তখন বিদেশে বিলাসবহুল হোটেলে ছিলেন। আমরা এ দেশের জন্য রক্ত দিয়েছি। তিনি বলেন, বিএনপি’র নেতাকর্মীরা সবসময় দেশের মানুষের জন্য লড়াই করেছে।

বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে বিএনপির সংগ্রামের কথা তুলে ধরে মো. মিজানুর রহমান বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ও জুলাই আন্দোলন চলাকালে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা করা হয়েছিল। সে সময় নেতাকর্মীরা জেল জুলুম ও অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন।

ভূমিমন্ত্রী আরও বলেন, ভূমিদস্যুতা, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব কঠোরভাবে দমনে কাজ করতে নির্দেশনা দেন।

কর্মসূচীতে রাজশাহী মহানগর বিএনপি’র সভাপতি মামুন অর রশীদ মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন— সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহমুদা হাবিবা, রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, জেলা পরিষদের প্রশাসক এড. এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপি’র সহ-সভাপতি আসলাম সরকার, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রবিউল ইসলাম রবি ও মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক এমদাদুল হক প্রমুখ।

এছাড়াও বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন। বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বিকেল ৪টায় বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


দুই বছরের মধ্যে গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে সরকার: তথ্য উপদেষ্টা

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) স্থাপন, দেশীয় গ্যাস অনুসন্ধান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পূর্ণাঙ্গ চালু এবং ভোলার গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার মাধ্যমে আগামী দেড় থেকে দুই বছরের মধ্যে দেশের গ্রাম ও শহরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

তিনি আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে তথ্য অধিদফতরের (পিআইডি) সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত নিয়মিত সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তথ্য উপদেষ্টা উল্লেখ করেন, বর্তমানে বিদ্যুৎ সংকটের কারণ হিসেবে জ্বালানি ঘাটতি, বিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটি এবং সাম্প্রতিক অর্থনৈতিক কর্মকাণ্ডের বৃদ্ধির ফলে সৃষ্ট অতিরিক্ত চাহিদা চিহ্নিত করা হয়েছে। তিনি জানান, সরকার এই সংকট কাটিয়ে উঠতে দীর্ঘমেয়াদি টেকসই পরিকল্পনা নিয়ে কাজ করছে।

ডা. জাহেদ উর রহমান বলেন, ‘আগে ঢাকাসহ বড় শহরগুলোকে নিরবচ্ছিন্ন রেখে গ্রামে অতিরিক্ত লোডশেডিং দেওয়ার যে বৈষম্যমূলক ব্যবস্থা ছিল, আমরা সেখান থেকে সরে এসেছি। সরকারের নীতিগত সিদ্ধান্তের কারণে এখন সাময়িক কষ্টের বোঝা শহর ও গ্রামে সুষমভাবে বণ্টন করা হচ্ছে।’

দুই বছরের লক্ষ্যমাত্রা তুলে ধরে তিনি আরও বলেন, ‘নতুন এফএসআরইউ স্থাপনের জন্য দেড় থেকে দুই বছর সময় লাগবে, যার ফলে এলএনজি আমদানি বৃদ্ধি পাবে। পাশাপাশি ভোলার গ্যাস জাতীয় গ্রিডে আনতে ৫০০ কোটি টাকার প্রকল্প এবং বাপেক্সের ১৫০টি কূপ খনন ও পুনঃখননের কাজ চলছে। এ ছাড়া চলতি সেপ্টেম্বর মাসেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরীক্ষামূলক চালুকরণ প্রক্রিয়া শুরু হবে। আগামী বছর থেকে এটি পূর্ণ স্কেলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে। এর ফলে আগামী দেড় থেকে দুই বছরে বিদ্যুৎ খাত আগের যেকোনো সময়ের চেয়ে অধিক নির্ভরযোগ্য ও আনইন্টারাপ্টেড (নিরবচ্ছিন্ন) অবস্থায় পৌঁছাবে।’

উপদেষ্টা জানান, সরকারের অব্যাহত কূটনৈতিক বার্গেইনিংয়ের মাধ্যমে মালয়েশিয়া সরকার সম্পূর্ণ বিনামূল্যে (বিমান ব্যয়সহ) ১০ হাজার নতুন কর্মী নিতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময় গঠিত রিক্রুটিং সিন্ডিকেটের বাইরে এসে নতুন সিদ্ধান্তের মাধ্যমে পূর্বে অনুমোদিত ২৫টি প্রধান এজেন্সির পাশাপাশি আরও ৩১২টি সংস্থাকে অ্যাসোসিয়েট (সহযোগী) রিক্রুটিং এজেন্সি হিসেবে কর্মী প্রেরণের সুযোগ দেওয়া হয়েছে।

দেশে শিশু হারিয়ে যাওয়ার পরিসংখ্যান নিয়ে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, এটি রাতারাতি তৈরি হওয়া কোনো নতুন সংকট নয়। তথ্য উপাত্ত তুলে ধরে তিনি জানান, ২০২৫ সালের জুন-ডিসেম্বর মেয়াদের ১৩ হাজার ৮৭৬টি জিডির বিপরীতে পরবর্তী সাত মাসে ১৫ হাজার ৭১৭টি জিডি নথিভুক্ত হয়েছে, যা প্রায় একই ধারার পরিসংখ্যান নির্দেশ করে। তবে প্রতিটি নিখোঁজের ঘটনাতেই সরকার সর্বোচ্চ তৎপর রয়েছে।

সারের ঘাটতি সংক্রান্ত গুঞ্জন নিরসন করে তিনি জানান, বর্তমানে দেশে ইউরিয়া, টিএসপি, ডিএপিসহ মোট ১২ লাখ ৮৬১ মেট্রিক টন সারের মজুত রয়েছে, যা গত বছরের এই সময়ের (১২ লাখ মেট্রিক টন) চেয়েও বেশি। তিনি বলেন, সরবরাহ বা বিতরণ ব্যবস্থার অনিয়ম দূর করে কৃষকের হাতে যথাসময়ে সার পৌঁছাতে কাজ চলছে।

সাংবাদিকদের চাকরি ও জীবিকার নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে ডা. জাহেদ উর রহমান বলেন, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়ার পাশাপাশি টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমকে একই ছাতার নিচে এনে সংবাদকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সরকার দ্রুত আইনি পদক্ষেপ নেবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ব্যাটারিচালিত রিকশার মেকানিক্যাল স্পেসিফিকেশন ও রুট নির্ধারণে স্থানীয় সরকার বিভাগের নেতৃত্বে একটি সুনির্দিষ্ট বিধিমালা প্রণয়ন করা হচ্ছে। তিনি জানান, পে-স্কেলে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের চিকিৎসার খরচ ও পরিচর্যার কথা বিবেচনা করে প্রতি মাসে ৩ হাজার টাকা হারে ভাতা রাখা হয়েছে।

চট্টগ্রাম বন্দরে ডেনমার্কের সহায়তায় লালদিয়া কনটেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন দেশের বৈচিত্র্যময় অর্থনৈতিক গতিশীলতাকে বাড়িয়ে দেবে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

ব্রিফিংয়ে তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ এবং তথ্য অধিদফতরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোর থেকে রেল চলাচল স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


নাটোর থেকে রেল চলাচল স্বাভাবিক

নাটোর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ার ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেলপিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

এরপর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ওই সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

এ কারণে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে। এই অবস্থায় ভোগান্তিতে পড়েন এসব ট্রেনের যাত্রীরা।

ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মেরামতকারী মোস্তাক আহমেদ বাসসকে জানান, আজ সকালে রেললাইন ভাঙার বিষয়টি শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামতকাজ শুরু করা হয়। আপাতত ওই অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত শেষ হলে গতি স্বাভাবিক করা হবে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বাসসকে বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর আংশিক মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। আটকে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ৫ দিনের কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ৫ দিনের কর্মসূচি

যশোর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আজ থেকে পাঁচ দিনের কর্মসূচি শুরু হয়েছে।

আজ সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর, নেতা-কর্মীরা শহরের কারবালা কবরস্থানে দলের প্রয়াত নেতা-কর্মীদের কবর জিয়ারত করেন।

এরপর, দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ অন্যান্য প্রয়াত নেতাদের কবরেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

কবর জিয়ারতে জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%