ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

নাটোর থেকে রেল চলাচল স্বাভাবিক


নাটোর থেকে রেল চলাচল স্বাভাবিক

নাটোর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : জেলার বাগাতিপাড়ায় রেললাইন ভেঙে যাওয়ার ঘটনার পর রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবার চালু হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর স্টেশন সংলগ্ন ২২৭/০ নম্বর রেলপিলারের কাছে রেললাইন ভাঙা দেখতে পান রেলওয়ের কর্মীরা। নিয়মিত পরিদর্শনের সময় বিষয়টি শনাক্ত হওয়ার পর তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।

এরপর রেলওয়ের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মেরামতকাজ শুরু করেন। নিরাপত্তার স্বার্থে ওই সময় রাজশাহীর সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

এ কারণে সাগরদাঁড়ি এক্সপ্রেস, তিতুমীর এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, সিল্কসিটি এক্সপ্রেস, কমিউটার ও মধুমতি এক্সপ্রেস ট্রেন আব্দুলপুর ও রাজশাহী স্টেশনে আটকা পড়ে। এই অবস্থায় ভোগান্তিতে পড়েন এসব ট্রেনের যাত্রীরা।

ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের মেরামতকারী মোস্তাক আহমেদ বাসসকে জানান, আজ সকালে রেললাইন ভাঙার বিষয়টি শনাক্ত হওয়ার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত মেরামতকাজ শুরু করা হয়। আপাতত ওই অংশ দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে। পূর্ণাঙ্গ মেরামত শেষ হলে গতি স্বাভাবিক করা হবে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. মাসুদ রানা বাসসকে বলেন, সকাল ৬টা ৪০ মিনিটে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। প্রায় দুই ঘণ্টা পর আংশিক মেরামত শেষে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়েছে। বর্তমানে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে। আটকে থাকা ট্রেনগুলো পর্যায়ক্রমে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ৫ দিনের কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৯ পি.এম


বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে ৫ দিনের কর্মসূচি

যশোর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে আজ থেকে পাঁচ দিনের কর্মসূচি শুরু হয়েছে।

আজ সকালে জেলা বিএনপি’র কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর, নেতা-কর্মীরা শহরের কারবালা কবরস্থানে দলের প্রয়াত নেতা-কর্মীদের কবর জিয়ারত করেন।

এরপর, দলের জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও মন্ত্রী তরিকুল ইসলাম এবং সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমেদ সিদ্দিকীসহ অন্যান্য প্রয়াত নেতাদের কবরেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

কবর জিয়ারতে জেলা বিএনপি’র সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খান খোকন, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলামসহ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে মুন্সী মেহেরুল্লাহ ময়দান থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হোসেন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে হোসেন হত্যা মামলার অভিযোগ গঠনের শুনানি ২৪ সেপ্টেম্বর

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর মোহাম্মদপুর থানায় ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যা করা সংক্রান্ত মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, এমনটি জানিয়েছেন আদালত।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। এদিন সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে কারাগার থেকে আদালতে হাজির না করানোর কারণে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত সেই আবেদন মঞ্জুর করে নতুন দিন ধার্য করেছেন আগামী ২৪ সেপ্টেম্বর।

২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রীনা বেগম মোহাম্মদপুর থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে মো. হোসেন নিহত হন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন এবং ঘটনার দিন গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।

মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।

এই মামলায় শেখ হাসিনা ছাড়াও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান ও নুর মোহাম্মদ সেন্টু পলাতক রয়েছেন।

মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে আছেন। এ মামলায় জামিনে রয়েছেন ১০ জন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


বগুড়ায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বগুড়া, ১ সেপ্টেম্বর ২০২৬ : বর্ণাঢ্য আয়োজন, সামাজিক কার্যক্রম ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে বগুড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এ উপলক্ষে বগুড়া জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ আজ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আজ সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। পরে সকাল সাড়ে ৭টায় সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে দলের নেতাকর্মীরা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট কে এম হুমায়ুন কবির বাসসকে জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০টায় বগুড়া সদর উপজেলার সাখারিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং সকাল ১১টায় একই এলাকার জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করা হয়। এছাড়া বাদ জোহর শহরের বায়তুর রহমান সেন্ট্রাল জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

বৃক্ষরোপণ কর্মসূচিতে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং কৃষি, বস্ত্র ও মৎস্য খাতে বিপ্লব ঘটিয়ে বিএনপিকে জনমানুষের দলে পরিণত করেছিলেন। তাঁর আদর্শ বাস্তবায়নে বর্তমান নেতৃত্ব কাজ করে যাচ্ছে।"

এছাড়া আজ বিকেলে অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো পৃথক কর্মসূচি গ্রহণ করেছে। বিকেল ৩টায় আলতাফুন্নেছা খেলার মাঠে ছাত্রদলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, বিকেল ৪টা ৩০ মিনিটে শহীদ খোকন পার্ক থেকে মহানগর বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে এবং বিকেল ৫টায় মাটিডালি বিমানবন্দর মোড়ে বগুড়া সদর উপজেলা বিএনপির উদ্যোগে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

সপ্তাহব্যাপী কর্মসূচির সমাপনী হিসেবে আগামী ৪ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেল ৪টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাশে থেকে বাংলাদেশকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ পি.এম


পাশে থেকে বাংলাদেশকে যেকোনো সহায়তা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: সারাহ আলড্রিচ

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ আলড্রিচ মন্তব্য করেছেন যে, জুলাই মাসে সংঘটিত গণ-অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে দেশ পরিচালনার দায়িত্বে রয়েছে একটি নির্বাচিত সরকার। যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের পাশে রয়েছে এবং যে কোনো সহায়তা প্রদানের জন্য প্রস্তুত রয়েছে।

গত ২৮ আগস্ট ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাসে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন, যা জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল। এ সময় তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থী ও জনতার আত্মদানের কথা স্মরণ করা হয়। ওয়াশিংটন ডিসি’র বাংলাদেশ দূতাবাসের প্রেস উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সারাহ আলড্রিচ বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরবর্তী বিভিন্ন জটিলতা অতিক্রম করে অন্তর্বর্তী সরকার অল্প সময়ের মধ্যে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করেছে। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। তিনি জুলাইয়ের চেতনায় দেশকে কৃষি, অর্থনীতি ও রাজনৈতিক খাতে এগিয়ে নেয়ার আহবান জানান। বাংলাদেশের ক্রমবর্ধমান উন্নতি ও সমৃদ্ধির জন্য তিনি শুভ কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো মাইকেল কুগেলম্যান। তিনি বলেন, বাংলাদেশের তরুণ জেন-জিরা গণ-অভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের সূচনা করেছেন, তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এই দিক থেকে বাংলাদেশের জুলাই গণ-অভ্যুত্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অনুষ্ঠানের শুরুতে ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনা, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোতে গুণগত পরিবর্তন এবং বৈষম্য দূরীকরণের লক্ষ্যে জীবনদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। জুলাই গণ-অভ্যুত্থানের ওপর নির্মিত তথ্যচিত্র ‘জুলাইকন্যা’ প্রদর্শন করা হয়। এই তথ্যচিত্রে জুলাই আন্দোলনে নারীদের অংশগ্রহণ, অবদান ও আত্মত্যাগের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%