বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং
০৩:৫৬ পি.এম
ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্ব অঞ্চলের সীমাপুরি এলাকায় একটি বহুতলা ভবন ধসের ঘটনায় অন্তঃসত্ত্বা নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ১১ জনকে, যাদেরকে তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে দিল্লি ফায়ার সার্ভিস (ডিএফএস) ভবন ধসের খবর পায় এবং দ্রুত ঘটনাস্থলে দমকলের গাড়ি পাঠায়।
মৃতদের মধ্যে ২১ বছর বয়সি গোলাফসা রয়েছেন, যিনি প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এছাড়াও ১২ বছর বয়সি এক কিশোরী এবং একটি শিশু নিহত হয়েছে, তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।
ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মিনা জানিয়েছেন, শিশুদের মধ্যে একজনের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।
একজন কর্মকর্তা জানিয়েছেন, উদ্ধারকাজ এখনও চলছে।
কর্তৃপক্ষের ধারণা, মঙ্গলবার সন্ধ্যায় উত্তরাখণ্ডে হওয়া ভূমিকম্পের কম্পনের ফলে ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল এবং সম্ভবত সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মানুষদের কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। ভবনটি ধসে পড়ার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের (এমসিডি) তথ্যানুযায়ী, ভূমিকম্পের পর ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল এবং বাড়ির মালিক সেটি খালি করার প্রক্রিয়া শুরু করেছিলেন।
পুলিশের তথ্যমতে, ভবনটি প্রায় ২২৫ বর্গফুটের একটি জমির ওপর নির্মিত হয়েছিল।
উল্লেখ্য, দিল্লির সত্য নিকেতনে ভবন ধসের ঘটনার এক মাস পরেই এই নতুন ঘটনাটি ঘটল। গত ৬ সেপ্টেম্বর সেখানে একটি পাঁচতলা ভবন ধসে পড়েছিল, এতে সাতজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চট্টগ্রামের সাতকানিয়ায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ফলে দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের নয়াখাল পাঠানী পুলের দক্ষিণ পাশে দুর্ঘটনাটি ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন মো. রিয়াদ (২০) এবং রিগেন চক্রবর্তী (৩৫)। আহত যাত্রীর নাম প্রণয় কর্মকার (২১)। নিহত ও আহত তিনজনই ছিলেন অটোরিকশার যাত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে অটোরিকশাটি সম্পূর্ণরূপে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ঘটে।
গুরুতর আহত অবস্থায় প্রণয় কর্মকারকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পাওয়ার পর হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বাস ও অটোরিকশাটি উদ্ধার করে থানার হেফাজতে নিয়েছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর পরবর্তী ব্যবস্থার জন্য রাখা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) টানা ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকার মধ্যে রয়েছে আগারগাঁও, মিরপুর, শ্যামলী ও কল্যাণপুর।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ঢাকার আগারগাঁও, তালতলা (পশ্চিমাংশ), শেওড়াপাড়া (পশ্চিমাংশ), কাজীপাড়া (পশ্চিমাংশ), মিরপুর-১০ (পশ্চিমাংশ), মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর (কল্যাণপুর হতে মিরপুর-১ গামী সড়কের ডানপার্শ্ব), শ্যামলী, মিরপুর ৬০ ফিট ও পীরের বাগ এলাকায়। এই সব এলাকায় বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া, এই সময়ে আশপাশের অন্যান্য এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলা রক্ষা মিটিংয়ে জামায়াতের আমিরকে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে। পুলিশ পরে তাকে সেখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
সভায় মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো আব্দুল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান এবং শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, বুধবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক ও আইনশৃঙ্খলারক্ষা বিষয়ক সভা চলছিল। সভায় উপজেলার ৮৫টি পূজামণ্ডপের সভাপতি সম্পাদকসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সবার বক্তব্য শেষ হলে মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়। এ সময় পেছন দিক থেকে উপজেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির নুরুজ্জামান মীর বক্তব্য নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। বিএনপির নেতারা তখন তাকে ধাক্কা দিয়ে হলরুম থেকে বের করে দেন। পরে তার পরিচয় জানার পর উপজেলা নির্বাহী অফিসারসহ অন্যান্যরা তাকে হলরুমে ডেকে এনে বক্তব্য দেওয়ার সুযোগ দেন।
নুরুজ্জামান মাইক হাতে নিতে গেলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান বক্তব্যে ‘জামায়াত ইসলামী আওয়ামী লীগের মতো দেশকে অস্থিতিশীল করতে চাইছে’ এই অংশের প্রতিবাদ জানান। তখন সেখানে উপস্থিত বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা তাকে মারধর শুরু করে। পুলিশ পরে তাকে রুম থেকে বের করে নিয়ে যায়। মারামারির ভিডিও ধারণ করার সময় কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করার অভিযোগও ওঠে।
এই ঘটনার পর আহত নুরুজ্জামান মীর বলেন, প্রথমে বক্তব্য দিতে চাইলে তাকে লাঞ্ছিত করা হয় এবং পরে বক্তব্য দেওয়ার সময় মারধর করে বের করে দেওয়া হয়।
অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, তিনি যে উপজেলা জামায়াতের আমির, কেউ তাকে চিনেও না। তিনি তার বক্তব্যে জামায়াতের নাম উল্লেখ করে কিছু বলেননি। নুরুজ্জামান সংসদ সদস্যের বক্তব্য দেওয়ার সময় পরিচয় না দিয়ে বক্তব্য দিতে চেয়েছিলেন, কিন্তু তাকে কেউ চিনে না বলেই সমস্যা তৈরি হয়। তবে এই ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়।
শ্রীনগর থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, সামান্য ভুল বুঝাবুঝির কারণে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবুর রহমান বলেন, সাময়িকভাবে উত্তেজনা তৈরি হয়েছিল, কিন্তু পরে তা ঠিক হয়ে যায়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কলকাতার রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খাওয়া কিংবা ঠাসা ভিড়ের মধ্যে মিশে গিয়ে ঠাকুর দেখা, তারকাদের জন্য এটি যেন এক স্বপ্নের মতো। জনপ্রিয়তার কারণে, সাধারণ মানুষের মতো স্বচ্ছন্দে রাস্তায় বের হতে পারা তাদের জন্য সহজ নয়।
তবে টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এর ক্ষেত্রে ব্যতিক্রম। বন্ধুদের সঙ্গে কলকাতার রাস্তায় বেরিয়ে পূজার আনন্দ উপভোগ করতে তিনি বেশ পছন্দ করেন।
এ বছর মধুমিতার জন্য দুর্গাপূজা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ এটি তার বিয়ের পর প্রথম পূজা। তবে স্বামীর সঙ্গে প্যান্ডেল হপিংয়ের চেয়ে, বন্ধুদের সঙ্গে রাস্তায় বেরিয়ে ঠাকুর দেখা তাকে বেশি আনন্দ দেয়।
তারকা হওয়ার কারণে, রাস্তায় বের হলে ভক্তদের চিনে ফেলার আশঙ্কা থাকে। তাই ভিড়ের মধ্যে নিজেকে আড়াল করার কৌশলও রপ্ত করেছেন মধুমিতা। সম্প্রতি ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সেই কৌশল প্রকাশ করেছেন।
মধুমিতা বলেন, "আমি ভিড়ের মধ্যে খুব সহজে মিশে যেতে পারি। আমি মানুষের চোখের দিকে তাকাই না। একদম মাটির দিকে তাকিয়ে এগিয়ে যাই। ঠাকুর দেখেই আবার চট করে বেরিয়ে যাই। পূজার সময় সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, তাই চট করে কেউ নজর দেয় না।"
তবে সবসময় যে এত সহজে রক্ষা পান, তা নয়। অভিনেত্রী তার এক মজার অভিজ্ঞতার কথাও জানিয়েছেন।
মধুমিতা বলেন, "অনেক সময় এমন হয়েছে একটি জায়গায় গাড়ি রেখে আমরা হাঁটতে হাঁটতে অনেকটা বেরিয়ে গেছি। আবার বাসে করে ফিরেছি, যেখানে গাড়ি রাখা আছে। বন্ধুরা প্রথমে কিছু বলে না; কিন্তু ঠিক যখন বাস থেকে নামতে যাব, তখন ওদের মধ্যে কেউ একজন বলে দেয় ওটা পাখি না! বাসের অন্য যাত্রীরা কিছু বোঝার আগেই বন্ধুরা আমার হাত ধরে নামিয়ে নিয়ে চলে যায়।"
তারকার পরিচয় আড়াল করে সাধারণ মানুষের মতো পূজার আনন্দ উপভোগের এই অভিজ্ঞতাই মধুমিতার কাছে আলাদা আনন্দের। তাই মজার ছলে অভিনেত্রীর মন্তব্য, "এগুলো না হলে আর পূজার আনন্দ কী!"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ