ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সংসদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গণতন্ত্র, আইন ও অবদান স্মরণ


সংসদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের গণতন্ত্র, আইন ও অবদান স্মরণ

সাবেক স্পিকার ও বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতীয় সংসদে আজ গভীর শোক প্রকাশ করে সরকার ও বিরোধী দলের সদস্যরা তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

তারা বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন প্রজ্ঞাবান আইনজীবী, অভিভাবকতুল্য দক্ষ সংসদ সদস্য, গণতন্ত্রের প্রতি অবিচল আস্থাশীল রাজনীতিবিদ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের একজন দৃঢ় অভিভাবক।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠকে শোক প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য

এসময় স্পিকার বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাতি একজন মহান রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রথিতযশা আইনজ্ঞ এবং সাদা মনের মানুষকে হারিয়েছে।

তিনি বলেন, বিভিন্ন সংসদ সদস্যের বক্তব্য শুনে তিনিও আবেগাপ্লুত হয়েছেন। তিনি স্মরণ করেন, কয়েকটি সংসদে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সহকর্মী হিসেবে কাজ করার সুযোগ হয়েছিল এবং স্পিকার হিসেবে তিনি যেভাবে দক্ষতা ও সৌন্দর্যের সঙ্গে সংসদের কার্যক্রম পরিচালনা করতেন, তা তাঁকে মুগ্ধ করেছিল।

স্পিকার বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন প্রথিতযশা আইনজীবী এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। তিনি ছিলেন অত্যন্ত সজ্জন ও উদার মনের মানুষ, যার সম্পর্কে কখনো কারো কাছ থেকে কোনো অভিযোগ শোনেননি।

তিনি বলেন, গত রাতে ডেপুটি স্পিকার কায়সার কামাল তাঁকে দেখতে গিয়েছিলেন। তিনিও আজ সকালে হাসপাতালে গিয়ে তাঁকে দেখার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সেই সুযোগ আর হয়নি। আল্লাহর ইচ্ছার কাছে সবাইকে নতি স্বীকার করতে হয়।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

স্পিকার মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তাঁর সুযোগ্য সন্তান ব্যারিস্টার নওশাদ জমিরসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে তিনি মহান আল্লাহর কাছে পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি ও তৌফিক কামনা করেন।

আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তার কাছে শুধু রাজনৈতিক সহকর্মী ছিলেন না, একজন অভিভাবকসুলভ মানুষও ছিলেন। রক্তের সম্পর্ক না থাকলেও তিনি পুত্রের মতো স্নেহ করতেন বলে উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন প্রকৃত দেশপ্রেমিক রাজনৈতিক ব্যক্তিত্ব। নিজ যোগ্যতায় লন্ডনের লিংকনস ইন থেকে ব্যারিস্টারি পাস করে দেশে ফিরে তিনি আইন পেশায় অসাধারণ সুনাম অর্জন করেন। পঞ্চগড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে এসে তিনি জাতীয় রাজনীতি ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি এবং নিজ এলাকায় ছিলেন অত্যন্ত জনপ্রিয়।

মির্জা ফখরুল বলেন, ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে জাগদল এবং পরবর্তীতে বিএনপিতে যোগ দেন। দল প্রতিষ্ঠার পর থেকেই তিনি বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং বিভিন্ন সময়ে মন্ত্রী ও স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

আরও পড়ুন: ক্ষমা চাইলেন ‘পাপের লাশ বাংলাদেশে আসুক চাই না’ বলা এমপি রতন

তিনি বলেন, গণতন্ত্র, আইনের শাসন এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি তাঁর ছিল অটল বিশ্বাস। তিনি সবসময় বলতেন, নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে, গণতন্ত্রের বিকল্প কোনো পথ নেই।

মির্জা ফখরুল বলেন, মৃত্যুর আগের রাতে তিনি ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে কথা বলেছিলেন। পরদিন সকালে হাসপাতালে গিয়ে তাঁকে দেখার পরিকল্পনা থাকলেও ভোরে তাঁর মৃত্যুসংবাদ পান। এজন্য তিনি ব্যক্তিগতভাবে গভীর বেদনা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের তিন সন্তানই আইন পেশার সঙ্গে যুক্ত। আইন ও ন্যায়বিচারের প্রতি তাঁর ভালোবাসা তিনি তাঁর পরিবারেও ছড়িয়ে দিয়েছেন। তাঁর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ আইনজ্ঞ, রাজনীতিবিদ ও সংসদীয় গণতন্ত্রের অন্যতম অভিভাবককে হারিয়েছে।

এর আগে সরকারি দলের সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের অন্যতম সফল আইনজীবী ও রাজনীতিবিদ। আইন পেশায় তাঁর নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং জাতীয় সংসদের স্পিকার হিসেবেও দক্ষতার পরিচয় দিয়েছেন।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন আপাদমস্তক ভদ্রলোক এবং দলের প্রতি শতভাগ নিবেদিত একজন রাজনৈতিক কর্মী। তিন-পিস স্যুট, হ্যাট ও ছাতা ছিল তাঁর ব্যক্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। দীর্ঘ আইনজীবী জীবনে তাঁর বিরুদ্ধে কোনো ক্লায়েন্ট বা সহকর্মীর কোনো অভিযোগ শোনা যায়নি বলেও তিনি উল্লেখ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন, পরে দলের জ্যেষ্ঠ সহকর্মী হিসেবেও সবাইকে পরামর্শ দিয়েছেন। বয়সের কারণে সর্বশেষ নির্বাচনে নিজে প্রার্থী না হয়ে তাঁর ছেলে ব্যারিস্টার নওশাদ জমিরকে মনোনয়ন দেওয়ার অনুরোধ করেছিলেন। তিনি বলেন, সংসদ ভবন প্রাঙ্গণেই যেহেতু সাবেক স্পিকারদের দাফনের রীতি রয়েছে, তাই তিনি সংসদের সঙ্গেও চিরদিন যুক্ত হয়ে থাকবেন। তাঁর কর্মময় জীবন ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছয়বারের নির্বাচিত সংসদ সদস্য, সাবেক স্পিকার, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং দেশের আইন অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন। মহান আল্লাহ মানুষকে জীবন ও মৃত্যু দিয়েছেন উত্তম কর্মের পরীক্ষার জন্য, আর ব্যারিস্টার জমির উদ্দিন সরকার তাঁর কর্মজীবনের মাধ্যমে মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন।

ডা. শফিকুর রহমান আরো বলেন, ফ্যাসিবাদী শাসনামলে রাজনৈতিক নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হলে তারা প্রায়ই ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের শরণাপন্ন হতেন। তিনি শুধু আইনি পরামর্শই দেননি, বরং আদালতে দাঁড়িয়ে তাদের পক্ষে লড়েছেন। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল, তিনি এ ধরনের মামলায় কখনো কোনো পারিশ্রমিক গ্রহণ করেননি। তিনি বলতেন, এটি তাঁর নৈতিক দায়িত্ব।

আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত

তিনি আরো বলেন, স্পিকার হিসেবে তিনি সংসদকে প্রাণবন্ত করে তুলেছিলেন এবং আইন অঙ্গনে ছিলেন অসংখ্য আইনজীবীর শিক্ষক। তাঁর চলন-বলন, ব্যক্তিত্ব ও কর্মনিষ্ঠা নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং আল্লাহর কাছে তাঁর ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করার দোয়া করেন।

আলোচনায় আরো অংশ নেন নোয়াখালী-১ আসনের সরকারি দলের সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন, পাবনা-১ আসনের বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, রংপুর-৪ আসনের এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন।

আলোচনা শেষে সরকার ও বিরোধী দলের সদস্যরা মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সরকারি দলের সদস্য মো. কামরুজ্জামান।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের প্রতি সম্মান জানিয়ে সংসদের অন্যান্য কার্যক্রম স্থগিত রেখে সংসদ মুলতবি ঘোষণা করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৪, হাসপাতালে ভর্তি ১৮৫১ জন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প-নেতানিয়াহুর কপালে বন্দুকের নিশানা, ১৩ জন বিশ্বনেতার প্রতি প্রতিশোধের বার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


ট্রাম্প-নেতানিয়াহুর কপালে বন্দুকের নিশানা, ১৩ জন বিশ্বনেতার প্রতি প্রতিশোধের বার্তা ইরানের

পারস্য উপসাগরের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মনস্তাত্ত্বিক লড়াইকে ইরান আরও একধাপ বৃদ্ধি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ বিশ্বের ১৩ জন শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতাকে কমলা রঙের কয়েদির পোশাকে এবং কপালে বন্দুকের নিশানা দেখিয়ে একটি কৃত্রিম বুদ্ধিমত্তার দ্বারা তৈরি ছবি প্রকাশ করা হয়েছে তেহরানের একটি প্রভাবশালী সরকারি সংবাদপত্রে। ছবির নিচে বড় অক্ষরে লেখা হয়েছে 'প্রতিশোধ নিশ্চিত'।

এটি তেহরান পৌরসভার মালিকানাধীন বিখ্যাত সংবাদপত্র হামশাহরিতে প্রকাশিত হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের বাসভবনে মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের জন্য মোট ১৩ জন বিশ্বনেতাকে সরাসরি দায়ী করা হয়েছে।

এই তালিকায় ট্রাম্প ও নেতানিয়াহুর পাশাপাশি রয়েছেন আমেরিকার নবনিযুক্ত শীর্ষ কর্মকর্তারাও। তাদের মধ্যে রয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ, মার্কিন সেন্টকমের প্রধান ব্র্যাড কুপার, ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি, ইসরায়েলের যুদ্ধকালীন নীতিনির্ধারক প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, পররাষ্ট্রমন্ত্রী গিদন সার এবং ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অব স্টাফ ইয়াল জামিরকেও এই ছবিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই ছবির একটি গুরুত্বপূর্ণ দিক হলো, ইরান তাদের প্রতিশোধের তালিকায় চার প্রভাবশালী ইউরোপীয় রাষ্ট্রপ্রধানকেও অন্তর্ভুক্ত করেছে। ছবিতে আরো রয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই চার ইউরোপীয় নেতাকে অন্তর্ভুক্ত করে তেহরান একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে, খামেনির হত্যাকাণ্ডে এবং এই যুদ্ধে পশ্চিমাদের পরোক্ষ সমর্থনকেও তারা অপরাধ হিসেবে গণ্য করছে।

সংবাদপত্রে এই গ্রাফিকটি এমন এক সময়ে প্রকাশিত হলো, যখন মাত্র দুদিন আগে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি তার বাবার জানাজা শুরুর পর প্রথম আনুষ্ঠানিক ও লিখিত বক্তব্য দেন।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পড়া ওই বিবৃতিতে মোজতবা খামেনি কঠোর ভাষায় জানান, আমরা শহীদ নেতা এবং এই দুই যুদ্ধের সকল শহীদের রক্তের প্রতিশোধ ওই অপরাধী ও কলঙ্কিত খুনিদের কাছ থেকে নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি খামেনি হত্যার প্রতিশোধকে ইরানি জাতির একটি একক দাবি হিসেবে অভিহিত করেন। বলেন, এটি অবশ্যই কার্যকর করা হবে। মোজতবা খামেনি আরও ঘোষণা দেন, খুব শীঘ্রই পৃথিবীর প্রতিটি মুক্তিকামী মানুষ এই ঐশ্বরিক মিশনের অংশ হিসেবে এই কাজ করবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়াকে স্মার্ট নগরী গড়তে আগ্রহী চীনের প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


বগুড়াকে স্মার্ট নগরী গড়তে আগ্রহী চীনের প্রতিনিধি দল

বগুড়া সিটি করপোরেশনকে আধুনিক, টেকসই ও প্রযুক্তিনির্ভর স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে চীনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল আগ্রহ প্রকাশ করেছে। এ লক্ষ্যে তারা নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং জনসেবার বিভিন্ন খাতে সম্ভাব্য সহযোগিতার দিক নিয়ে সিটি করপোরেশন প্রশাসনের সঙ্গে আলোচনা করেছে।

শনিবার (১১ জুলাই) বিকেলে, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এ প্রতিনিধি দলের।

বৈঠকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদ আলী, চায়না রেলওয়ে ইন্টারন্যাশনাল গ্রুপ লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার লু সেন, গ্রুপ-৪–এর সিনিয়র অর্থনীতিবিদ মাইকেল ডাই এবং বাংলাদেশ অংশের সিনিয়র ম্যানেজার নুরুল আফসার মিঠু উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে, প্রতিনিধি দল বগুড়া সিটি করপোরেশনের বিভিন্ন অবকাঠামো এবং উন্নয়ন প্রকল্পে অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করে এবং চীনের আধুনিক নগর উন্নয়নের অভিজ্ঞতার আলোকে বগুড়াকে পরিকল্পিত, পরিবেশবান্ধব এবং প্রযুক্তিনির্ভর স্মার্ট সিটিতে রূপান্তরের জন্য একটি প্রাথমিক উন্নয়ন প্রস্তাবনা প্রশাসকের কাছে উপস্থাপন করে।

বৈঠকে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সরকারি স্থাপনাসমূহ ও সড়ক আলোকসজ্জায় সৌরবিদ্যুৎ, আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসন, পরিবেশসম্মত কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও বর্জ্য থেকে জ্বালানি ও সম্পদ উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

এছাড়া, আধুনিক সিটি করপোরেশন ভবন নির্মাণ, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা, সমন্বিত জিআইএস ম্যাপিং, সফটওয়্যারভিত্তিক হোল্ডিং ট্যাক্স ও নাগরিক সেবা এবং টেকসই সড়ক অবকাঠামো উন্নয়ন নিয়েও মতবিনিময় করেন উভয় পক্ষ।

সৌজন্য সাক্ষাৎ শেষে, চীনা প্রতিনিধি দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাগবাড়ীস্থ বাসভবন, বগুড়া জেলা বিএনপির কার্যালয়, শহীদ চান্দু স্টেডিয়াম, মহাস্থানগড়সহ জেলার কয়েকটি ঐতিহাসিক স্থান পরিদর্শন করে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : মোনায়েম মুন্না

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব : মোনায়েম মুন্না

 বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মু্না বলেছেন, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও উল্লেখ করেন, দুর্গত এলাকায় আমাদের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে খাদ্য ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।

রোববার দুপুরে, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ত্রাণসামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন। এ সময় মোনায়েম মুন্না বলেন, জেলা পর্যায়ের নেতৃত্ব সার্বক্ষণিক বন্যাকবলিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর রাখছে।

তিনি উল্লেখ করেন, সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মীরাও সমন্বিতভাবে মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সে লক্ষ্যে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। দুর্যোগ মোকাবিলায় সবাইকে মানবিকতা, সহযোগিতা ও ঐক্যের মনোভাব নিয়ে এগিয়ে আসার আহ্বান জানাই।

এ সময় যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, আহমেদ মুন্না, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ, সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর যুবদল নেতা মুহাম্মদ শহিদুল ইসলাম শহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরের সীমান্তে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


দিনাজপুরের সীমান্তে বিপুল পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট জব্দ

দিনাজপুরের সদর ও ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। শনিবার মধ্যরাতে ফুলবাড়ী ব্যাটালিয়নের খানপুর ও আমতলী বিওপি পৃথক দুটি মাদক এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ২৪০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ২৩৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দকৃত মাদক এবং চোরাচালানি পণ্যের আনুমানিক সিজার মূল্য ২ লাখ ২৭ হাজার ৫৫০ টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোজাম্মদ আরিফ উজ জামান জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে মাদকদ্রব্য এবং অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ করে জড়িতদের আটকে আইনগত ব্যবস্থা গ্রহণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%