ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, বাড়ানো হলো পুলিশি নিরাপত্তা


কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার প্রতিবাদে বিক্ষোভ, বাড়ানো হলো পুলিশি নিরাপত্তা

নড়াইলের কালিয়ায় দুই বিএনপি নেতা হত্যার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসআরবি, অতিরিক্ত পুলিশ ও থানা পুলিশের সমন্বয়ে বিভিন্ন স্থানে টহল অব্যাহত রয়েছে।

এদিকে সহিংসতায় নিহত কালিয়া উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম এবং উপজেলা জাসাসের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানার হত্যার বিচার দাবি করে আনুমানিক চার থেকে পাঁচ হাজার মানুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই মিছিলে অংশ নেন।

শনিবার (২২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কালিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিছিলটি বের করা হয়। মিছিলটি পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ফতুল্লায় পুলিশের কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা, পালিয়ে বাঁচলেন এএসআই

স্থানীয় পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় প্রায় ১৬ জন এসআরবি সদস্য, ৪৫ জন অতিরিক্ত পুলিশ সদস্য এবং থানা পুলিশের ৬০ সদস্য মোতায়েন রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল অব্যাহত রয়েছে। পাশাপাশি দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের কালিয়ার বড় কালিয়াসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করতে দেখা গেছে।

নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম মন্তব্য করেন, "এআই দিয়ে তৈরি ভিডিওচিত্র ব্যবহার করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তাদের সমর্থকেরা কালিয়াকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। যারা এ ধরনের অপপ্রচারে জড়িত, তারা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।"

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী জানান, বেন্দারচর গ্রামের লোকজন ধীরে ধীরে বাড়িঘরে ফিরছেন এবং নিজেদের সংসার গোছানোর কাজে ব্যস্ত রয়েছেন। তিনি দাবি করেন, বড় কালিয়ায় কোনো হিন্দু পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিন্নাতুল ইসলাম জানান, কালিয়ায় দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় স্বাভাবিক জনজীবন, তবে রাজনৈতিক উদ্বেগ বিরাজমান

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আসজাদুর রহমান মিঠু বলেন, "সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগের বিষয়ে যেসব তথ্য ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বিষয়টি তদন্ত করলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।" তাঁর দাবি, কালিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর কোনো হামলা হয়নি এবং তাঁরা স্বাভাবিকভাবে ব্যবসা-বাণিজ্য করছেন।

এদিকে দুই বিএনপি নেতা হত্যার ঘটনায় বেন্দারচর গ্রামের দিশা বিশ্বাস (৩১) ও রাকিব বিশ্বাস (২১) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার সকাল ১১টার দিকে নিহত দুই নেতার কবর জিয়ারত করতে কালিয়ায় আসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ স্থানীয় বিএনপির নেতারা।

অগ্নিসংযোগ ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে বেন্দারচর গ্রামের বেশ কয়েকটি বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়ার চিহ্ন দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, দুই নেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ক্ষুব্ধ নেতাকর্মীরা এসব ঘটনা ঘটিয়েছেন। তবে এ বিষয়ে স্থানীয়দের বক্তব্যের স্বাধীনভাবে যাচাই করা যায়নি। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে।

আরও পড়ুন: মুক্তাগাছার মণ্ডা: ২০০ বছরে ঐতিহ্যের নতুন উদযাপন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নওগাঁয় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ দম্পতির মৃত্যু, স্ত্রী মারা গেলেন স্বামীর দুই দিন পর

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৫ পি.এম


নওগাঁয় গ্যাস লিকেজের আগুনে দগ্ধ দম্পতির মৃত্যু, স্ত্রী মারা গেলেন স্বামীর দুই দিন পর

নওগাঁর সাপাহার উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু ঘটেছে। স্বামীর মৃত্যুর দুই দিন পর, স্ত্রী নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে আফরোজা বেগম (৬৩) মারা যান। এর আগে, গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার স্বামী সোলায়মান আলী মারা যান।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর রাত ৯টার দিকে আফরোজা বেগম রান্নাঘরে মশার কয়েল জ্বালাতে যান। সেই সময় গ্যাস লাইটার জ্বালাতে গিয়ে রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে তিনি দগ্ধ হন।

আফরোজা বেগমের আর্তচিৎকার শুনে পাশের ঘর থেকে স্বামী সোলায়মান আলী ছুটে আসেন। স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে তিনিও মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে সোলায়মান আলী মারা যান। এরপর তার মরদেহ এবং চিকিৎসাধীন স্ত্রীকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। স্বামীর দাফন সম্পন্ন হওয়ার পর, রোববার ভোরে আফরোজা বেগমও মারা যান। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা এ বিষয়ে বলেন, "লোকমুখে বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে শুরু হলো আর্কিওলজি ফেস্ট-২৬, প্রদর্শনীতে দুর্লভ মেডেল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


কুবিতে শুরু হলো আর্কিওলজি ফেস্ট-২৬, প্রদর্শনীতে দুর্লভ মেডেল

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘আর্কিওলজি ফেস্ট-২৬’ শুরু হয়েছে। রোববার (২২ নভেম্বর) থেকে শুরু হওয়া এই উৎসব চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এ উৎসবে দুর্লভ ঐতিহাসিক মেডেল ও ঐতিহ্যবিষয়ক প্রদর্শনীসহ বিভিন্ন আয়োজন রয়েছে, যা ‘আর্ট অ্যান্ড হেরিটেজ সোসাইটি’র দ্বারা পরিচালিত হচ্ছে।

উৎসবে অন্তর্ভুক্ত রয়েছে ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা, গ্র্যান্ড র‍্যালি, হেরিটেজ এক্সিবিশন ও মেডেল কালেকশন এক্সিবিশন, নবীনবরণ, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

রোববার ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে উৎসবের সূচনা করা হয়। ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে গ্র্যান্ড র‍্যালি। একই দিন শুরু হয়ে ২৪ নভেম্বর পর্যন্ত চলবে দুই দিনব্যাপী ‘হেরিটেজ এক্সিবিশন ও মেডেল কালেকশন এক্সিবিশন’। এছাড়া ২৫ নভেম্বর নবীনবরণ ও পুরস্কার বিতরণী এবং ২৬ নভেম্বর সাংস্কৃতিক সন্ধ্যার মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।

এবারের উৎসবে প্রথমবারের মতো অংশগ্রহণ করছে ‘বাংলাদেশ মেডেল অ্যাসোসিয়েশন’। প্রদর্শনীতে ব্রিটিশ আমল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতির দুর্লভ মেডেল প্রদর্শন করা হবে।

প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‘সেমিস্টার পদ্ধতির ব্যস্ততার মাঝেও শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। আমরা শুধু র‍্যালি বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ না থেকে সব সময় ইতিহাস ও ঐতিহ্য সবার মাঝে ছড়িয়ে দিতে কাজ করি। এবার আমাদের প্রদর্শনীতে বাংলাদেশ মেডেল অ্যাসোসিয়েশন যুক্ত হওয়ায় শিক্ষার্থীরা ব্রিটিশ আমল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও মুক্তিযুদ্ধের দুর্লভ স্মারক দেখার সুযোগ পাবে।’

প্রত্নতত্ত্ব বিভাগের ছাত্র উপদেষ্টা মোতাসিম বিল্লাহ বলেন, ‘প্রত্নতত্ত্ব বিষয়ে মানুষের মাঝে থাকা অস্পষ্টতা দূর করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত। ক্যাম্পাসের শিক্ষার্থীদের পাশাপাশি কোটবাড়ী ও কুমিল্লার বিভিন্ন স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কমিউনিটির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের এই সম্পৃক্ততা ইতিবাচক ভূমিকা রাখবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকসাম-নোয়াখালী রেলপথে ট্রেনের অভাবে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


লাকসাম-নোয়াখালী রেলপথে ট্রেনের অভাবে চলছে বেয়ারিং চাকার পণ্যবাহী ট্রলি

ট্রেনের সংখ্যা হ্রাস এবং একাধিক স্টেশন বন্ধ হয়ে যাওয়ার কারণে ৫০ কিলোমিটার দীর্ঘ লাকসাম-নোয়াখালী রেলরুট এখন প্রায় মৃতপ্রায় অবস্থায় রয়েছে। ট্রেন চলাচল সীমিত হওয়ার ফলে আগে রেললাইনে স্থানীয়রা লাকড়ি ও কাঁথা শুকাতে দেখা যেত। তবে বর্তমানে পরিস্থিতি আরও গুরুতর হয়ে উঠেছে; রেললাইনের ওপর বেয়ারিং চাকা লাগানো বিশেষ ট্রলি বা বিকল্প যান তৈরি করে অবাধে পণ্য পরিবহন চলছে। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হলেও রেলওয়ে কর্তৃপক্ষের তেমন কোনো নজরদারি দেখা যাচ্ছে না।

সরেজমিনে মনোহরগঞ্জের খিলা এলাকা পরিদর্শন করে দেখা গেছে, স্থানীয় ৮ থেকে ১০ জন ব্যক্তি একটি বিশেষ বেয়ারিং চাকা দিয়ে তৈরি ট্রলির মাধ্যমে মাছ, মুরগির খাদ্য, খড়, ডিমসহ বিভিন্ন ভারী মালামাল পরিবহন করছেন। ঝুঁকিপূর্ণ এই কাজের বিষয়ে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলেও তারা কথা বলতে রাজি হননি। এছাড়া লাকসামের তপইয়া এলাকায় রেললাইনের ওপর কাঁথা ও লাকড়ি শুকাতে দেখা গেছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, কুমিল্লার লাকসাম থেকে নোয়াখালী রুটে একসময় দুই জোড়া ডেমু কমিউটার, দুই জোড়া লোকাল ট্রেন এবং দুটি আন্তনগর ট্রেন নিয়মিত চলাচল করত। বর্তমানে কেবল আন্তনগর 'উপকূল এক্সপ্রেস' চালু রয়েছে। সপ্তাহে তিন দিন একটি লোকাল ট্রেন চললেও ইঞ্জিনের অভাবের কারণে প্রায়ই সেটির যাত্রা বাতিল হয়ে যাচ্ছে। এর পাশাপাশি জনবল ও স্টেশন মাস্টার সংকটের কারণে দৌলতগঞ্জ, খিলা, বিপুলাসার, বজরা ও মাইজদী রেলস্টেশন বন্ধ হয়ে গেছে।

মনোহরগঞ্জ উপজেলার খিলা রেলস্টেশনে গিয়ে দেখা যায়, দেড় দশক ধরে বন্ধ থাকার ফলে স্টেশনটি এখন অনেকটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এবং সেখানে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পেয়েছে। স্টেশনের প্ল্যাটফর্মে স্থানীয় ব্যবসায়ীরা মালামাল স্তূপ করে রেখেছেন এবং কোথাও বাঁধা রয়েছে গরু-ছাগল। প্ল্যাটফর্মের এক পাশে চলছে জুয়ার আসর। স্টাফ কোয়ার্টারগুলো জরাজীর্ণ অবস্থায় ভেঙে পড়েছে। রেলওয়ে থেকে ভাড়া নেওয়া প্ল্যাটফর্মের দুটি দোকান থাকলেও ট্রেন না থাকায় সেগুলো ক্রেতাশূন্য হয়ে পড়েছে।

খিলা বাজারের ক্রেতা মোহাম্মদ উল্লাহ আক্ষেপ করে বলেন, "একসময় এই স্টেশনটি বেশ জমজমাট ছিল। এখন ট্রেন কমে গেছে, স্টেশনও বন্ধ। ফলে যাতায়াতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।"

স্থানীয় যাত্রী আবদুর রহিম জানান, আগে এই রুটে নিয়মিত ৪-৫টি ট্রেন চলত। এখন ট্রেন কমে যাওয়ার কারণে সাধারণ মানুষ সাশ্রয়ী ভাড়ায় যাতায়াতের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানান।

রেলওয়ে কুমিল্লার একাধিক সূত্র জানায়, মূলত ইঞ্জিন সংকটের কারণে ট্রেনের সংখ্যা কমানো হয়েছে এবং স্টেশন মাস্টারসহ প্রয়োজনীয় জনবলের অভাবে স্টেশনগুলো বন্ধ রাখতে হচ্ছে। নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলে স্টেশনগুলো পুনরায় চালু করা হবে।

রেললাইনে অবৈধ যান চলাচলের বিষয়ে রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদ বলেন, "রেললাইনে অন্য কোনো পরিবহন চালানো সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ। বিষয়টি খোঁজ নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩১ সালের বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশ আয়োজন করতে চায়

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:২০ পি.এম


২০৩১ সালের বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশ আয়োজন করতে চায়

বাংলাদেশ এবং ভারত যৌথভাবে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করেছে। যদিও কোন দেশ কতটি ম্যাচ এবং কোন ম্যাচগুলো আয়োজন করবে তা এখনো নির্ধারণ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো ভারতেই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ একটি সেমিফাইনাল আয়োজনের ইচ্ছা প্রকাশ করেছে। ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভা শেষে মিরপুরে রোববার (২২ নভেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানান বিসিবির সভাপতি তামিম ইকবাল। তিনি উল্লেখ করেন যে, এ বিষয়ে তার বোর্ড আইসিসির সঙ্গে যোগাযোগ করছে। তামিমের বিশ্বাস, তারা এই ব্যাপারে সফল হতে পারবেন।

তামিম বলেন, ‘আপনারা জানেন, বাংলাদেশ ও ভারত ২০৩১ বিশ্বকাপ আয়োজন করবে। এটি আগেই নির্ধারিত হয়েছে। এখানে আমার বা আমার বোর্ডের কোনো অবদান নেই। আমি চেষ্টা করছি একটি সেমিফাইনাল বাংলাদেশে হোক।’

সেমিফাইনাল আয়োজনের সম্ভাবনা নিয়ে আশাবাদী তামিম বলেন, ‘আমি খুবই আশাবাদী, এ রকম কিছু একটা হবে। আইসিসি যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে, তখন আমরা জানতে পারব। একটি সেমিফাইনাল বাংলাদেশে আনতে পারলে সেটা খুব ভালো অর্জন হবে।’

২০২৮ অলিম্পিকে ক্রিকেট ১২৮ বছর বিরতির পর ফিরছে। ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুরুষদের প্রতিযোগিতার বাছাইপর্বের ম্যাচগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হবে। তামিম জানান, ম্যাচগুলো ঢাকায় আয়োজনের পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করব সব ম্যাচ যেন ঢাকায় আয়োজন করা যায়। আমি মনে করি এটা বাংলাদেশের জন্য দারুণ একটি অর্জন।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%