০৭:১০ পি.এম
দেশজুড়ে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এই পরিস্থিতিতে, আজ সন্ধ্যার মধ্যে দেশের ৪টি জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (৯ অক্টোবর) দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে এই আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে।
আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক পূর্বাভাসে জানিয়েছেন, আজ সন্ধ্যা ৬টার মধ্যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: আগামী চার দিন আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক, চট্টগ্রামে হালকা বৃষ্টির সম্ভাবনা
এদিকে, গত ২৪ ঘণ্টায় পাবনার ঈশ্বরদীতে দেশের সর্বোচ্চ ৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে কুষ্টিয়ার কুমারখালী ও সাতক্ষীরায় ৫৮ মিলিমিটার বৃষ্টির পাশাপাশি রাজশাহীতে ৪৫, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৪৩, নীলফামারীর রাজারহাট ও মানিকগঞ্জের আরিচায় ২৬, রংপুরে ২৫ মিলিমিটার বৃষ্টির ঘটনা ঘটেছে। এই অবস্থায় আগামী ৫ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন