সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:৫৮ পি.এম
চাঁদপুরের কচুয়া এলাকায় নিজেই প্রতিষ্ঠিত মহিলা মাদরাসার ১৩ বছর বয়সী এক ছাত্রীকে যৌন হয়রানি ও শ্লীলতাহানির অভিযোগে পুলিশ মো. নুরুল আলম (৪০) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার হওয়া শিক্ষককে সোমবার (১৪ সেপ্টেম্বর) চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে। এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।
মো. নুরুল আলম কচুয়া উপজেলার আশ্রাফপুর ইউনিয়নের চক্রা গ্রামের বেনুছো বাড়ির মদিনাতুল উলুম মহিলা মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক।
মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত নুরুল আলম দীর্ঘদিন ধরে মাদরাসার আবাসিক কক্ষে অবস্থানরত ভুক্তভোগী ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব ও যৌন হয়রানি করে আসছিলেন। ঘটনার দিন রোববার সকাল সাড়ে ১১টার দিকে, ভুক্তভোগী ছাত্রী পড়ালেখা করছিলেন। এ সময় শিক্ষক নুরুল আলম কৌশলে তাকে পড়ার কক্ষ থেকে শোয়ার কক্ষে নিয়ে জোরপূর্বক অনাকাঙ্ক্ষিত শারীরিক স্পর্শ ও শ্লীলতাহানি করেন। পরে ওই ছাত্রী নিজেকে ছাড়িয়ে কান্নায় ভেঙে পড়ে এবং দ্রুত পড়ার কক্ষে গিয়ে বিষয়টি তার মাকে জানায়। খবর পেয়ে ছাত্রীর মা মাদরাসায় গিয়ে মেয়ে ও তার সহপাঠীদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক এর আগেও মাদরাসার একাধিক ছাত্রীর সঙ্গে এ ধরনের আচরণ করেছেন।
ঘটনার পর, ভুক্তভোগীর মা বাদী হয়ে মো. নুরুল আলমকে একমাত্র আসামি করে কচুয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ১০ ধারায় মামলা করেন (মামলা নম্বর-২৩)।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পরপরই তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল আলমকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আইনি প্রক্রিয়া শেষে চাঁদপুর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে আগামী বুধবার (২৩ সেপ্টেম্বর) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। পরবর্তী দিন বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) থেকে শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মচারীরা তাদের নিয়মিত কার্যক্রমে ফিরে আসবেন।
তবে, ২৫ ও ২৬ সেপ্টেম্বর শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি রয়েছে। এই কারণে, ২৪ সেপ্টেম্বর ঐচ্ছিক ছুটি গ্রহণ করলে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা টানা চার দিনের ছুটি উপভোগ করতে সক্ষম হবেন।
এদিকে, ২০২৬ সালের সরকারি ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে সাধারণ ছুটির কোনো উল্লেখ নেই। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক বার্ষিক ছুটির তালিকায় ২৩ সেপ্টেম্বর ছুটি নির্ধারিত রয়েছে।
অন্যদিকে, আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার মধুপূর্ণিমা পালিত হবে। দিনটি সাপ্তাহিক ছুটির অন্তর্ভুক্ত হওয়ায় এ উপলক্ষে আলাদা কোনো ছুটি ঘোষণা করা হয়নি।
বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিষয়টি ভিন্ন। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে ছুটি দেওয়া হবে কি না, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপর নির্ভর করে। তাই, দেশের সব বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে ছুটি নাও থাকতে পারে।
কিছু বিশ্ববিদ্যালয় দিবসটিতে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখে, আবার কিছু বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক কার্যক্রম অব্যাহত থাকে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তির পরিচয় প্রকাশিত হয়েছে। তিনি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের শিক্ষার্থী মুহাম্মাদ আবু তৈয়ব (হাবিলদার)।
মুহাম্মাদ আবু তৈয়ব ২০০১-২০০২ শিক্ষাবর্ষে উর্দু বিভাগে ভর্তি হন। ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ তিনি সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তবে, ওই নির্বাচনে তিনি পরাজিত হন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে ডাকসুর সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ‘ছি ছি, জিন্নাহ’ বলে সংগ্রহশালায় থাকা মুহাম্মদ আলী জিন্নাহর একটি ছবি ভেঙে ফেলছেন। পরে জানা যায়, ওই ব্যক্তির নাম মুহাম্মাদ আবু তৈয়ব।
এর আগে, সংস্কারকাজ শেষে রোববার (১৩ সেপ্টেম্বর) ডাকসুর সংগ্রহশালাটি পুনরায় চালু করা হয়। সেখানে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি সংযুক্ত করা হয়েছিল।
ছবিগুলোর মধ্যে একটি ছিল ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) দেওয়া জিন্নাহর বক্তব্যের সময়ের। ওই বক্তব্যে তিনি পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে উর্দুকে একমাত্র ভাষা করার কথা বলেছিলেন।
জিন্নাহর ছবি সংগ্রহশালায় প্রদর্শন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। এর মধ্যেই সোমবার দুপুরে সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ব্র্যাক ব্যাংক পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
পদের নাম: সিনিয়র ম্যানেজার
বিভাগ: ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অডিট, আইসিসি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স, আইটি বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: প্রযুক্তিগত অডিট বা নিরীক্ষা সংক্রান্ত অভিজ্ঞতা থাকতে হবে। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা প্রার্থীদের জন্য অগ্রাধিকার পাবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৮ থেকে ১০ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষকরা সার না পাওয়ার কারণে ডিলার পয়েন্ট ঘেরাও করেছেন। পরে কৃষি অফিসের ব্যবস্থাপনায় কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়, যা ডিলার শহিদুল ইসলামের অনুপস্থিতিতে ঘটে।
রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়নের দুধরাজপুর গ্রামের ডিলার পয়েন্টে এই ঘটনা ঘটে।
শহিদুল ইসলাম, যিনি জামাল ইউনিয়নের নির্ধারিত ডিলার, দাবি করেন যে তিনি কৃষকদের মধ্যে সার বিতরণ করেছেন এবং বর্তমানে আর সার নেই।
কৃষকদের অভিযোগ, তারা রোববার সার পাওয়ার আশ্বাস পেয়েছিলেন। নির্ধারিত দিনে ডিলার পয়েন্টে আসার পর জানানো হয় যে শুক্রবার ও শনিবার সার বিতরণ হয়ে গেছে এবং আজ আর সার দেওয়া হবে না। এ সময় উপস্থিত কৃষকরা উত্তেজিত হয়ে ওঠেন। পরে আরও কৃষক আসলে তারা ডিলার পক্ষের সহযোগিতায় গোডাউন খুলে ৬০ বস্তা সার দেখতে পান।
তথ্য অনুসন্ধানে জানা গেছে, ডিলার শহিদুল ইসলামের চলতি সেপ্টেম্বর মাসের ৬৪ টন সারের চাহিদা ছিল। তিনি প্রথম সপ্তাহে ৫৮ টন সার উত্তোলন করেছেন, যা প্রায় ১ হাজার ২০০ বস্তায় পরিণত হয়। উপস্থিত গণমাধ্যমকর্মীরা ডিলার পয়েন্টে থাকা সার বিতরণ রেজিস্ট্রারে দেখতে পান যে বিতরণকৃত নামের তালিকায় মাত্র ৫ শতাংশ ফোন নাম্বার উল্লেখ করা হয়েছে। ৯ জন কৃষককে ফোন করা হলে, এর মধ্যে একজন জানান তিনি সার পেয়েছেন, বাকি ৮ জনের ফোন বন্ধ পাওয়া যায়।
ঘটনাস্থলে উপস্থিত উপসহকারী কৃষি কর্মকর্তা আরাফাত জামিল বলেন, "আমরা যে সার আছে তা কৃষকদের মধ্যে বিতরণ করছি। উপজেলা কৃষি অফিসের ব্যবস্থাপনায় আরও সার আনা হচ্ছে যা কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। এছাড়া আমরা সার বিতরণের রেজিস্টার পরীক্ষা করছি কোনো অনিয়ম হয়েছে কিনা।"
চলতি আমন ধানের ভরা মৌসুমে কৃষকরা চাহিদামতো সার না পেয়ে বিপাকে পড়েছেন। ইউরিয়া সারের সঙ্গে টিএসপি ও ডিএপি সারের জন্য কৃষকদের ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছেছে।
এর আগে ৫ সেপ্টেম্বর সকালে জেলার শৈলকুপার গাড়াগঞ্জ বাজারে সার না পেয়ে কৃষকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। স্থানীয় কৃষকরা শুভ এন্টারপ্রাইজে সার নিতে গিয়ে ডিলারের অস্বীকৃতির কারণে গাড়াগঞ্জ-শৈলকূপা সড়কে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।
সম্প্রতি চাহিদামতো সার না পাওয়ার বিষয়টি সামনে আসলেও জেলা কৃষি বিভাগ ও বাফার গোডাউন কর্তৃপক্ষ বলছে, জেলায় সারের যথেষ্ট মজুদ রয়েছে। প্রতিমাসের চাহিদার বিপরীতে বরাদ্দ ডিলাররা উত্তোলন করছেন।
কিন্তু কৃষকদের অভিযোগ, ডিলার পয়েন্টে চাহিদামতো সার মিলছে না, তবে বেশি দাম দিলে খোলা বাজারে সারের অভাব নেই।
ঝিনাইদহে কালীগঞ্জে অবস্থিত বাফার গোডাউনের ইনচার্জ অহিদুর রহমান এবং ডিলার শহিদুল ইসলাম চলতি মাসের চাহিদার ৬৪ টনের মধ্যে ৫৮ টন উত্তোলন করেছেন। সারের মজুদ ও বিতরণ সম্পর্কে তারা জানান, ইউরিয়া সারের মজুদ, আমদানি ও বিতরণে কোনো ঘাটনি বা অনিয়ম নেই। কালীগঞ্জের এই সার গোডাউন থেকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলায় ১২৬ ডিলারের মাধ্যমে ইউরিয়া সার বিতরণ করা হয়। সেপ্টেম্বর মাসে চাহিদা রয়েছে ১০ হাজার ৩৭৩ মেট্রিক টন। গেল বছরের একই মাসে ইউরিয়া সারের চাহিদা ছিল ৯ হাজার ৫২১ মেট্রিক টন।
অভিযুক্ত ডিলার শহিদুল ইসলাম জানান, "আমি যে সার উত্তোলন করেছিলাম তা বিতরণ করা হয়েছে। বিতরণকৃত সারের রেজিস্টার রয়েছে দেখতে পারেন। চাহিদার থেকে কম সার পাওয়া গেলে আমার কী করার আছে?"
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, "সংবাদ পেয়ে আমরা সেখানে দ্রুত কৃষি কর্মকর্তাদের পাঠিয়ে উপস্থিত কৃষকদের মধ্যে সার বিতরণ করা হয়েছে। আরও সার সেখানে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।"
ঝিনাইদহ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. কামরুজ্জামান বলেন, "সারের কোনো ঘাটতি নেই। কিছু মানুষ কৃত্রিমভাবে সংকট তৈরি করার চেষ্টা করছে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ