০৪:২৬ পি.এম
বগুড়ায় ‘সুইট গ্রুপের’ প্রধান এরিন আহম্মেদ সুইটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ফেসবুকে হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে ভিডিও প্রকাশ করে আতঙ্ক ছড়ানোর অভিযোগে তাদের আটক করা হয়। এ সময় একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। পাশাপাশি, নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া অপরজন হলেন মো. মিরাজুল (১৯)। সুইট ও মিরাজুলের বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলায় অবস্থিত। সুইটের বাড়ি ফুলকোর্ট মধ্যপাড়া গ্রামে এবং মিরাজুলের বাড়ি বিলকেশ পাথার গ্রামে।
সোমবার (১২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান সাংবাদিকদের এসব তথ্য জানান।
আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর
তিনি বলেন, সুইটের হাতে বার্মিজ চাকু ও পিস্তল নিয়ে প্রদর্শনের ভঙ্গিতে তৈরি একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তার এক সহযোগী ভিডিওটি ধারণ করে ফেসবুকে প্রকাশ করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশ ও জ্যেষ্ঠ সাংবাদিকদের নজরে আসে। পরে পুলিশ সুপারের নির্দেশে তাদের গ্রেপ্তার অভিযান চালায় ডিবি পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা বলেন, রোববার বিকেলে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ফুলকোর্ট মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। চাকুটির দৈর্ঘ্য ৬ দশমিক ৭ ইঞ্চি এবং ভাঁজ করা অবস্থায় দৈর্ঘ্য ৪ দশমিক ১ ইঞ্চি। এ ছাড়া তাদের ব্যবহৃত ১৫০ সিসির নিবন্ধনহীন একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তার দু’জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা আইনমন্ত্রীর
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন