বৃহস্পতিবার, ২ই জুলাই, ২০২৬ ইং
০৫:৩২ পি.এম
জুলাই ২, ২০২৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস এবং একটি গোয়েন্দা সংস্থা।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমানটির কার্গোহোল থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের পরিমাণ প্রায় ১৯ কেজি, যার বাজারমূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ নিশ্চিত করেছেন যে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়েছে। ফ্লাইটটি (বিজি ১৪৮) দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা শহরে অবতরণ করেছে।
অভিযানে মোট ১৬০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ চোরাচালানের সঙ্গে কারা জড়িত তা শনাক্তে তদন্ত চলছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সাবেক সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছে ইরান। ধারণা করা হচ্ছে, এটি দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান ৮৬ বছর বয়সী খামেনি। খবর আলজাজিরার।
তাকে শেষ বিদায় জানানোর আনুষ্ঠানিকতা হবে মোট ছয়টি শহরে। এর মধ্যে ইরাকের কারবালাও রয়েছে। ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান কারবালাকে শিয়া মুসলিমরা পবিত্র শহর হিসেবে বিবেচনা করেন।
খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হবে আগামী শনিবার ৪ এপ্রিল। এদিন রাজধানী তেহরানের নির্মাণাধীন ইমাম খোমেনি মসজিদ কমপ্লেক্সে তার মরদেহ রাখা হবে। এরপর সোমবার(২৯ জুন) তেহরানের প্রধান প্রধান সড়ক দিয়ে নিয়ে যাওয়া হবে তার নিথর দেহ।
মঙ্গলবার (৩০ জুন) খামেনির মরদেহ নেওয়া হবে পবিত্র শহর কোমে। এরপর যথাক্রমে নাজাফ এবং ইরাকের কারবালায় নেওয়া হবে। কারবালা থেকে ৯ জুলাই খামেনির জন্মস্থান মাশহাদে নেওয়া হবে তার মরদেহ। সেখানেই তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিদেশি প্রতিনিধিরা তার শেষ বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন। ধারণা করা হচ্ছে, খামেনিকে বিদায় জানাতে দুই কোটির বেশি মানুষ জড়ো হতে পারেন। বাংলাদেশ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে।
অন্যদিকে পাকিস্তান থেকে অংশ নেবেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এই রাষ্ট্রীয় জানাজায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইরান। তবে তার যাওয়ার সম্ভাবনা কম বলে জানা গেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফাইল ছবি
দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু ঘটেছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১১৯ শিশু।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ৫ শিশুর মৃত্যু ঘটেছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়েছে বলে জানা যায়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩১ শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ শিশুর। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭২৪ শিশু মারা গেছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১৫৪ শিশু হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৬৫। এই সময়ে ৯০২ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, অন্যদিকে হাসপাতাল থেকে ৮৭৭ শিশু ছাড়া পেয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২ হাজার ৯৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ২৮৬। এর মধ্যে হাসপাতালে মোট ৮৬ হাজার ৪১১ রোগী ভর্তি হয়েছে, যাদের মধ্যে ৮২ হাজার ৭৫৯ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে, বাংলাদেশে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীন মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া অসদুপায় অবলম্বনের কারণে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রথম দিনে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিদেশের ৮টি কেন্দ্র বাদে দেশের সব পরীক্ষাকেন্দ্রে একযোগে সকাল থেকে পরীক্ষা শুরু হয়।
শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারে তিন ধারা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১ হাজার ১২০ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ২৩৩ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন এবং কারিগরি বোর্ডে ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় বসেননি।
বোর্ডভিত্তিক অনুপস্থিতির চিত্র বিশ্লেষণে দেখা যায়, সাধারণ ৯টি বোর্ডের মধ্যে বরাবরের মতোই ঢাকা বোর্ডে সর্বাধিক ৩ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এরপর রাজশাহীতে ২ হাজার ৪৯৭ জন, কুমিল্লায় ১ হাজার ৭৯৫ জন, যশোরে ২ হাজার ৭৮ জন, চট্টগ্রামে ১ হাজার ৩৪০ জন, সিলেটে ১ হাজার ১২৭ জন, বরিশালে ১ হাজার ৩৪৬ জন, দিনাজপুরে ১ হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শতকরা হারের দিক থেকে বরিশাল বোর্ডে সর্বাধিক ২ দশমিক ৫৬ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে, প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে, প্রথম দিনে কোনো পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ফরিদপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতদের স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল ৩টার সময় ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার করিমপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, দর্শনা থেকে ঢাকাগামী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস করিমপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ফারিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এই দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ যাত্রী আহত হয়। গুরুতর আহতদের দ্রুত উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়রা ভর্তি করেন।
এদিকে, এই সংঘর্ষের ফলে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের চলাচল বন্ধ হয়ে যায়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এবং রেকার ব্যবহার করে মহাসড়ক থেকে বাস দুটি অপসারণ করলে যান চলাচল আবার স্বাভাবিক হয়ে যায়।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জহুরুল ইসলাম জানান, সংঘর্ষের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে জানান যে আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো জানিয়েছেন, রেকার দ্বারা বাস দুটিকে অপসারণের পর যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং বাসগুলো জব্দ করা হয়েছে। মামলার বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ