প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে, বাংলাদেশে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীন মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ ছাড়া অসদুপায় অবলম্বনের কারণে ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে, বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামানের সই করা সংবাদ বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানানো হয়েছে।
প্রথম দিনে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথম পত্র, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে কুরআন মাজিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) ও ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিদেশের ৮টি কেন্দ্র বাদে দেশের সব পরীক্ষাকেন্দ্রে একযোগে সকাল থেকে পরীক্ষা শুরু হয়।
শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারে তিন ধারা মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লাখ ২৪ হাজার ৯০৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১০ লাখ ১ হাজার ১২০ জন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে ১৭ হাজার ২৩৩ জন, মাদ্রাসা বোর্ডে ৪ হাজার ৪৭৮ জন এবং কারিগরি বোর্ডে ৩ হাজার ৭৩ জন পরীক্ষার্থী প্রথম দিনের পরীক্ষায় বসেননি।
বোর্ডভিত্তিক অনুপস্থিতির চিত্র বিশ্লেষণে দেখা যায়, সাধারণ ৯টি বোর্ডের মধ্যে বরাবরের মতোই ঢাকা বোর্ডে সর্বাধিক ৩ হাজার ৯৭১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এরপর রাজশাহীতে ২ হাজার ৪৯৭ জন, কুমিল্লায় ১ হাজার ৭৯৫ জন, যশোরে ২ হাজার ৭৮ জন, চট্টগ্রামে ১ হাজার ৩৪০ জন, সিলেটে ১ হাজার ১২৭ জন, বরিশালে ১ হাজার ৩৪৬ জন, দিনাজপুরে ১ হাজার ৯৩৭ জন এবং ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৪২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। শতকরা হারের দিক থেকে বরিশাল বোর্ডে সর্বাধিক ২ দশমিক ৫৬ শতাংশ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
অন্যদিকে, প্রথম দিনের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে মোট ৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর বোর্ডে ২ জন এবং কুমিল্লা, দিনাজপুর, ময়মনসিংহ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন। তবে, প্রথম দিনে কোনো পরিদর্শক বহিষ্কারের ঘটনা ঘটেনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন