শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ ইং
০৩:৪৫ পি.এম
জামায়াতে ইসলামীর পূর্ববর্তী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সমালোচনা করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান মন্তব্য করেছেন যে, দলটি বিভিন্ন সময় আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং বিএনপির সঙ্গে রাজনৈতিক সম্পর্ক রেখেছে। বর্তমানে জামায়াতের নেতারা এমন বক্তব্য প্রদান করছেন, যেন তারা অতীতে কারো সঙ্গে যুক্ত ছিলেন না।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিয়ামতপুর ইউনিয়নের চাপরাইলে আবু বক্কর বিশ্বাস মকসেদ আলী কলেজে মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক এবং অনলাইন জুয়া প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব মন্তব্য করেন।
রাশেদ খান আরও বলেন, জামায়াত অতীতে জাতীয় পার্টির শাসনামলে এরশাদের সঙ্গে রাজনীতি করেছে, বিএনপির সঙ্গে জোট বেঁধে মন্ত্রিত্বের ভাগ নিয়েছে এবং ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছে। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গেও জামায়াতের রাজনৈতিক সম্পর্ক ছিল।
তিনি মনে করেন, জামায়াতের বর্তমান নেতাদের বক্তব্যে অতীতের রাজনৈতিক অবস্থান আড়াল করার চেষ্টা স্পষ্ট। জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জামায়াতের আমির কখনো মিথ্যা বলেননি, এমন দাবি গ্রহণযোগ্য নয়। রাজনৈতিক নেতাদের অতিমানবীয় বা ভুলের ঊর্ধ্বে হিসেবে উপস্থাপনের চেষ্টা করা উচিত নয়। গণতান্ত্রিক রাজনীতিতে ভুলত্রুটি ঘটতে পারে, তবে সেগুলো স্বীকার করে সংশোধনের মানসিকতা থাকা প্রয়োজন।
একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন রাশেদ খান। তিনি উল্লেখ করেন, মুক্তিযুদ্ধের সময়কার ভূমিকার জন্য জামায়াত আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছে কি না, এই প্রশ্নের উত্তর দলটিকে দিতে হবে। তার অভিযোগ, অতীতের ভূমিকা নিয়ে স্পষ্ট অবস্থান না নিয়ে বর্তমান রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
আশাশুনি উপজেলায় শারদীয় দুর্গাপূজা শেষ হলেও এখনো সকল প্রতিমা বিসর্জন দেওয়া সম্পূর্ণ হয়নি। বর্তমানে ১২টি প্রতিমা এখনও বিসর্জন দেওয়া বাকি রয়েছে।
এ বছর উপজেলায় ১১ ইউনিয়নে ১০৬টি দুর্গা মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিজয়া দশমীর দিনে সকল পূজা মন্দিরের প্রতিমা বিসর্জন দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু দশমীর দিনে ৯১টি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া সম্ভব হয়েছে।
পরবর্তী দিনে, বৃহস্পতিবার, আরও ৩টি মন্ডপের প্রতিমা বিসর্জন করা হয়। জানা গেছে, বাকী ১২টি প্রতিমা দ্রুতই বিসর্জন দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার বিল নাটানা গ্রামে ইটের রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। গ্রামবাসীরা অভিযোগ করেছেন যে ইউপি সদস্য তপন সরকার নয়ছয় কাজ দেখিয়ে টাকা আত্মসাতের সঙ্গে জড়িত। তারা তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন।
২০২৫-২৬ অর্থ বছরে উন্নয়ন সহায়তা তহবিলের ২য় কিস্তির বরাদ্দকৃত অর্থে রাস্তাটির সংস্কার কাজ সম্পন্ন করার কথা ছিল। বিল নাটানা হেরিং বন্ড রাস্তা থেকে নাটানা কৃষ্ণ মন্দিরগামী ইটের রাস্তা সংস্কারের জন্য ১ লক্ষ ৭৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ৮০০ ফুট রাস্তা সংস্কারের কথা থাকলেও অভিযোগ উঠেছে যে কাজের সময় ব্যাপক অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নেওয়া হয়েছে।
ওয়ার্ড কমিটির সভাপতি ইউপি মেম্বার তপন সরকার সংস্কার কাজের দায়িত্বে ছিলেন। এলাকাবাসীর অভিযোগ, কাজের সময় রাস্তার সব ইট উঠানো হয়নি এবং মাত্র ১২০০ ইট দিয়ে কাজ সম্পন্ন করা হয়েছে। মাঝে মাঝে রাস্তার পাশের ২/৪টি ইট উঠানো হয়েছে এবং সামান্য বালি দিয়ে ইট সাজিয়ে রাস্তার কাজ করা হয়েছে। সংস্কার কাজের জন্য ২ ট্রলি বালি ব্যবহার করা হয়েছে। স্লোবে সর্বোচ্চ ১ বিঘত মাটি লেপে দিয়ে রাস্তার পাশের কাজ করা হয়েছে।
স্থানীয় লোকজন বাধা দিলেও তা মানা হয়নি। প্রতিবাদের মুখে পরে আরও ২ ট্রলি বালি এনে রাস্তার উপর ছড়িয়ে দেওয়া হয়েছে। এলাকাবাসী দাবি করেছেন যে যেভাবে কাজ করা হয়েছে, তাতে যানবাহন বা মাল বোঝাই ছোট যানবাহন চলাচল করলে রাস্তা দ্রুতই নষ্ট হয়ে যাবে।
শিল্পী মন্ডল জানিয়েছেন, রাস্তার কাজ ভালভাবে করা হয়নি। ৮০০ ফুটের স্থলে ৬০০ ফুট কাজ সম্পন্ন হয়েছে। রাস্তার উপরে পুরনো ঘাস এখনো দেখা যাচ্ছে এবং সেখানে ইট উঠানো হয়নি। পাশের ২/৪টি ইট তুলে সামান্য বালি ফেলে ইট বসানো হয়েছে। পাশের স্লোবের কাজ যেভাবে করা হয়েছে, তা ইতিমধ্যে ধসে পড়তে শুরু করেছে। বৃষ্টি হলে রাস্তার ইট বসে যাবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেছেন।
শিক্ষক কনক চন্দ্র মন্ডল জানিয়েছেন, মিস্ত্রীদেরকে ভালভাবে কাজ করতে বলা হলেও তারা কাজ করেনি। মিস্ত্রীদের কাছ থেকে জানা গেছে যে ১২০০ ইট ও ৪ ট্রলি বালি দিয়ে রাস্তার সংস্কার কাজ শেষ করা হয়েছে। কাজের সাথে জড়িত শ্রমিক মেঘনাথ মন্ডল বলেছেন, রাস্তার সংস্কার কাজে ৬দিন ৩০টা জোন লেগেছে এবং পরে বালি ফেলতে ২টি জোন কাজ করেছে। স্লোবে মাটির কাজে ৩দিন ৬০০০ টাকা খরচ হয়েছে। অভিযুক্ত মেম্বার তপন সরকার জানিয়েছেন, ওই রাস্তার কাজটি তার নয়, কাজ করেছেন চেয়ারম্যান সাহেব। তবে চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে পুলিশ নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশের আনসার উদ্দিন লেন থেকে তার লাশ উদ্ধার করে। ঘটনাস্থলে নিহত তুষারের লাশের পাশে তার ব্যবহৃত একটি কালো রঙের নম্বর প্লেটবিহীন (আর-১৫) মোটরসাইকেলটি পড়ে ছিল।
নিহত তুষার নগরীর জিন্নাহ পাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট পলাশের সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজি মামলা রয়েছে। খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) লোকমান হোসেন রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে নগরীর পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরবর্তীতে তুষার মোটরসাইকেলে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌছালে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। এতে তিনি গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে খবর পেয়ে খুলনা থানা পুলিশ তার লাশ ও মোটরসাইকেলটি উদ্ধার করে।
খুলনা থানার ওসি লোকমান হোসেন রিপন বলেন, নিহত তুষার নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট পলাশের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজি মামলা রয়েছে। হত্যাকা-ের কারণ এবং জড়িতদের পরিচয় শনাক্তসহ তাদের গ্রেফতারের অভিযান চলছে। নিহত তুষারের লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে ওসি উল্লেখ করেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
হেলিকপ্টারে সুন্দরবন পরিদর্শন শেষে খুলনার দাকোপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। এ সময় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানান।
নলিয়ান থেকে লঞ্চঘাটের মাধ্যমে নৌপথে বাগেরহাটের উদ্দেশে মোংলার দিকে রওনা হন তিনি। প্রধানমন্ত্রীর বানৌজা মোংলার জেটিতে পৌঁছানোর সময় নির্ধারিত রয়েছে দুপুর ১২টা ৪৫ মিনিট। দুপুর ১টায় মধ্যাহ্নবিরতির আয়োজন রয়েছে। এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে ওয়ার্ডরুমের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় অংশগ্রহণ করবেন তিনি।
এর আগে, সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী নিজ বাসভবন থেকে সড়কপথে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সকাল ৯টায় বিমানবন্দরে পৌঁছে হেলিকপ্টারে সুন্দরবনের উদ্দেশে যাত্রা করেন তিনি। সকাল ১০টায় হেলিকপ্টার থেকে হিরণ পয়েন্ট ও সুন্দরবন এলাকা পর্যবেক্ষণ করেন প্রধানমন্ত্রী।
আজ বৃহস্পতিবার দুপুর ৩টায় মোংলা বন্দরের জেটি পরিদর্শন করার পরিকল্পনা রয়েছে। এরপর বেলা সোয়া ৩টায় প্রস্তাবিত বেজা অর্থনৈতিক অঞ্চলের উদ্দেশে যাত্রা করবেন তিনি। বেলা সাড়ে ৩টায় অর্থনৈতিক অঞ্চলটি পরিদর্শনের কর্মসূচি রয়েছে। পরে বিকেলেই তিনি ঢাকায় ফিরবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ