শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৪১ পি.এম
পূর্ব সুন্দরবনের বনদস্যু মজনু বাহিনীর দ্বারা চারজন জেলের অপহরণের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শরণখোলা রেঞ্জের আমবাড়িয়া এবং কটকার কালামিয়ার ভারাণী এলাকা থেকে তাদের অপহরণ করা হয়। এই সময় পাঁচটি মোবাইল সেট ও একটি মাছ ধরা নৌকাও দস্যুরা নিয়ে যায়।
অপহৃত জেলেদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। তারা হলেন রিপন (২৬), ফরিদ (৩০) ও রিপন (২৮)। এই জেলেদের বাড়ি খুলনার কয়রা, বাগেরহাটের শরণখোলা ও রামপাল এলাকায় অবস্থিত বলে জানিয়েছেন অপহৃতদের মহাজনরা।
নাম প্রকাশ না করার শর্তে জেলেদের মহাজনরা জানিয়েছেন, বনদস্যু মজনু বাহিনীর ১০-১২ জন সশস্ত্র দস্যু একটি ট্রলারযোগে এসে জেলেবহরে হামলা চালায়। অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে পৃথক স্থান থেকে চারটি নৌকা থেকে চারজনকে তুলে নিয়ে যায়। এ সময় জেলেদের ব্যবহৃত পাঁচটি মোবাইল সেট ও একটি নৌকাসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় দস্যুরা। তবে অপহৃত জেলেদের মুক্তিপণের বিষয়ে দস্যুরা এখন পর্যন্ত কোনো মহাজনের সঙ্গে যোগাযোগ করেনি।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিল্টন রায় জানিয়েছেন, জেলে অপহরণের খবর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। জেলেদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রবল বর্ষণের ফলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) বৃষ্টিপাতের কারণে রাজধানীর প্রধান সড়কগুলো প্লাবিত হয়ে গেছে। অনেক স্থানে গাড়ির একটি অংশ পানিতে ডুবে গেছে এবং মানুষকে কোমরসমান পানির মধ্য দিয়ে চলাচল করতে দেখা যাচ্ছে।
দেশটির আবহাওয়া সংস্থা সাপ্তাহিক বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। এর প্রেক্ষিতে শনিবার (২৬ সেপ্টেম্বর) ব্যাংকককে দুর্যোগকবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছেন নগরীর গভর্নর।
ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, এই সংকট ‘মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করছে’ এবং সরকারি ও বেসরকারি সম্পত্তির ক্ষতি হতে পারে। তিনি উল্লেখ করেছেন, খালগুলোর আশপাশের এলাকাগুলোতে পরিস্থিতি সবচেয়ে গুরুতর।
দুর্যোগ মোকাবিলার অংশ হিসেবে সেনাবাহিনী বিভিন্ন ত্রাণ কার্যক্রম শুরু করেছে, যার মধ্যে রয়েছে আশ্রয়কেন্দ্র ও ফিল্ড কিচেন স্থাপন। অন্যদিকে, ব্যাংকক মেট্রোপলিটন অ্যাডমিনিস্ট্রেশন (বিএমএ) স্কুলগুলোকে অস্থায়ী আবাসন হিসেবে নির্ধারণ করেছে এবং বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে সুপার মার্কেটগুলোতে ভিড় বেড়ে গেছে। মানুষ প্রয়োজনীয় সরবরাহ মজুত করতে সেখানে ভিড় করছেন।
১৯ বছর বয়সী সানসুক লাওয়াচারাকুল বলেছেন, "আমিও চিন্তিত, কারণ আগে থেকে খাবার মজুত করে রাখিনি। আর এর আগে আমি কখনো একা এমন পরিস্থিতির মুখোমুখি হইনি, কারণ আমার বাবা-মা আমার সঙ্গে নেই।"
শনিবার খালের আশপাশে বসবাসকারী লোকজনকে তাদের মালামাল উঁচু জায়গায় সরিয়ে নেয়ার জন্য জরুরি সতর্কতা জারি করেছে সরকার।
ব্যাংককের বাসিন্দা সপ্পাকার্ন জুলাভিজিতফং বলেছেন, সতর্কতা জারির আগে তিনি স্থানান্তরের কথা বিবেচনা করার মতো যথেষ্ট সচেতন ছিলেন না। বন্যার পানিতে ঘেরা একটি কনডোমিনিয়াম থেকে লাগেজ নিয়ে বের হওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।
শহরের প্রধান বিমানবন্দর সুবর্ণভূমি বিমানবন্দর স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করছে। তবে পর্যটন কর্তৃপক্ষ ভ্রমণকারীদের তাদের পরিকল্পনায় অতিরিক্ত দুই থেকে তিন ঘণ্টা সময় রাখার পরামর্শ দিয়েছে।
এর আগে, নভেম্বর মাসে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যার মুখোমুখি হয়েছিল থাইল্যান্ড। ওই বন্যায় অন্তত ১৪৫ জনের মৃত্যু হয় এবং হাজার হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়।
সূত্র: রয়টার্স
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান মন্তব্য করেছেন যে, ফেসবুক এবং সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী ক্ষমতার অপব্যবহার এবং মিথ্যাচার করছে। তিনি সতর্ক করেছেন যে, সংবাদপত্রের স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সে বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা হলরুমে দুস্থ-অসহায় ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ, সেলাই মেশিন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, বিএনপি জবাবদিহিমূলক সরকারে বিশ্বাস করে এবং তাই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত হয়ে এদেশে সরকার গঠন করেছে। তিনি উল্লেখ করেন যে, এটি কোনো ভুয়া ভোটের মাধ্যমে হয়নি।
তিনি উল্লেখ করেন, দেশে কিছু লোক মিথ্যা ও ধোঁকাবাজির আশ্রয় নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকের সুযোগ নিয়ে মিথ্যাচার করবে, তা হতে দেওয়া যাবে না। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না, বরং আইনের রাজনীতি করে। যারা আইনের অপব্যবহার করবে, তারা আইনের হাত থেকে ছাড় পাবে না।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দস সাত্তার, সাধারণ সম্পাদক সাইফুল হক, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাহসহ বিভিন্ন নেতারা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে বেড়াতে আসা বাংলাদেশিরা কিছু স্টেটে বৈধ বাংলাদেশি ড্রাইভার লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালানোর সুযোগ পেয়ে থাকেন। তবে, সারা দেশে একই নিয়ম প্রযোজ্য নয়। ভিজিটর হিসেবে আগমন করা হয়েছে কি না, কিংবা ওই স্টেটের স্থায়ী বাসিন্দা হয়েছেন কি না, তার ওপর ভিত্তি করে নিয়ম পরিবর্তিত হয়।
নিউইয়র্ক স্টেটের ডিএমভি জানিয়েছে, অন্য দেশের বৈধ লাইসেন্সধারী ভিজিটররা নিউইয়র্কে গাড়ি চালাতে সক্ষম। এই ক্ষেত্রে ভিজিটরদের জন্য নির্দিষ্ট ‘১২ মাসের’ সময়সীমা ডিএমভির নির্দেশনায় উল্লেখ নেই। তবে, যদি কেউ নিউইয়র্কের বাসিন্দা হন, তাহলে ৩০ দিনের মধ্যে সেখানকার ড্রাইভার লাইসেন্স গ্রহণ করতে হবে।
ক্যালিফোর্নিয়ায় ১৮ বছরের বেশি বয়সী ভিজিটররা তাদের নিজ দেশের বৈধ লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারেন। কিন্তু, যদি কেউ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হন, তাহলে ১০ দিনের মধ্যে স্টেটের লাইসেন্স নিতে হবে। টেক্সাসের নির্দেশনায় বিদেশি লাইসেন্স ব্যবহারের সর্বোচ্চ মেয়াদ এক বছর অথবা টেক্সাসের বাসিন্দা হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটে। নতুন বাসিন্দাদের সেখানে ৯০ দিনের মধ্যে টেক্সাসের লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা আইডিপি নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। নিউইয়র্কে বিদেশি লাইসেন্সের সঙ্গে আইডিপি বাধ্যতামূলক নয়, তবে লাইসেন্সের তথ্য বুঝতে এটি সহায়ক বলে ডিএমভি জানিয়েছে। আইডিপি মূল ড্রাইভার লাইসেন্সের বিকল্প হিসেবে কাজ করে না। বাংলাদেশে আইডিপি ইস্যুর জন্য অনুমোদিত প্রতিষ্ঠান হলো অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সুতরাং, ‘বাংলাদেশি লাইসেন্সে যুক্তরাষ্ট্রজুড়ে ১২ মাস গাড়ি চালানো যাবে’ কিংবা ‘আইডিপি ছাড়া কোনো ভাড়ার গাড়ি পাওয়া যাবে না’—এমন একক নিয়ম ধরে নেওয়া উচিত নয়। গাড়ি চালানোর আগে সংশ্লিষ্ট স্টেটের ডিএমভির নিয়ম এবং গাড়ি ভাড়া নিলে ওই প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত শর্তগুলি যাচাই করা নিরাপদ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অবশেষে প্রায় ২৬ ঘণ্টার দীর্ঘ উদ্ধার অভিযানের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পার্শ্ববর্তী মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামানোর সময় আনুমানিক ৩০ বছর বয়সী রবিন নদীতে পড়ে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিন প্রথমে লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে ফের নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হলে তিনি ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এই সময় নদীতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পর মুকবিল-২ লঞ্চটি দ্রুত মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌপুলিশ লঞ্চটি আটক করে। লঞ্চের মাস্টার মতলব উত্তরের তাতুয়া গ্রামের মনির হোসেন (৫০) এবং গ্রিজার দাউদকান্দির বালিয়াধন গ্রামের মো. সুমন মিয়াকেও (২৭) আটক করা হয়।
নিখোঁজের খবর পেয়ে বেলতলী নৌপুলিশ, মোহনপুর নৌ-পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশ স্থানীয়দের নিয়ে প্রথমে নদীতে তল্লাশি শুরু করে। পরে চাঁদপুর বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
রবিনের পরিচয়ও মেলে তার রেখে যাওয়া ব্যাগ থেকে। নদীতে ভাসমান অবস্থায় পাওয়া ব্যাগের ভেতরে থাকা মোবাইল ফোনের সিমকার্ড অন্য ফোনে দিয়ে বেলতলী নৌপুলিশ ফাঁড়ি থেকে যোগাযোগ করা হয়। ফোনটি রিসিভ করেন রবিনের স্ত্রী নাসরিন আক্তার। তিনি নিশ্চিত করেন, নম্বরটি তার স্বামী রবিনের।
স্বামীর নিখোঁজের খবর পেয়ে ষাটনল লঞ্চঘাটে ছুটে আসেন নাসরিন। সেখানে স্বামীর সন্ধানে একদিন ধরে অপেক্ষা করছিলেন তিনি। আহাজারি করে নাসরিন বলেন, "আমার এহন কি অইবো, আমার মাইয়্যা আয়ান কে দেখবো? কেউ কি সাথে সাথে উঠাইতে পারলেন না?"
রবিনের শ্বশুরবাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর গ্রামের মোল্লা বাড়িতে। রবিন ও নাসরিন দম্পতির সাড়ে চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
এ ঘটনায় রবিনের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে মামলা করার জন্য এজাহার দিয়েছেন বলে জানিয়েছেন বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম।
ঘটনার খবর পেয়ে ষাটনল লঞ্চঘাট পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে কথা বলে উদ্ধার কার্যক্রমের বিষয়ে খোঁজ নেন এবং প্রয়োজনীয় সমন্বয়ের উদ্যোগ নেন।
খবর পাওয়ার পর ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করা হয়। নদীর স্রোতের কারণে প্রয়োজনে ভাটির দিকেও তল্লাশি চালানো হয় বলে জানান চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ।
চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ডুবুরি দল গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। আবহাওয়া ও নদীর পরিস্থিতি বিবেচনায় নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ