শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৭:৪৩ পি.এম
যুক্তরাষ্ট্রে বেড়াতে আসা বাংলাদেশিরা কিছু স্টেটে বৈধ বাংলাদেশি ড্রাইভার লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালানোর সুযোগ পেয়ে থাকেন। তবে, সারা দেশে একই নিয়ম প্রযোজ্য নয়। ভিজিটর হিসেবে আগমন করা হয়েছে কি না, কিংবা ওই স্টেটের স্থায়ী বাসিন্দা হয়েছেন কি না, তার ওপর ভিত্তি করে নিয়ম পরিবর্তিত হয়।
নিউইয়র্ক স্টেটের ডিএমভি জানিয়েছে, অন্য দেশের বৈধ লাইসেন্সধারী ভিজিটররা নিউইয়র্কে গাড়ি চালাতে সক্ষম। এই ক্ষেত্রে ভিজিটরদের জন্য নির্দিষ্ট ‘১২ মাসের’ সময়সীমা ডিএমভির নির্দেশনায় উল্লেখ নেই। তবে, যদি কেউ নিউইয়র্কের বাসিন্দা হন, তাহলে ৩০ দিনের মধ্যে সেখানকার ড্রাইভার লাইসেন্স গ্রহণ করতে হবে।
ক্যালিফোর্নিয়ায় ১৮ বছরের বেশি বয়সী ভিজিটররা তাদের নিজ দেশের বৈধ লাইসেন্স দিয়ে গাড়ি চালাতে পারেন। কিন্তু, যদি কেউ ক্যালিফোর্নিয়ার বাসিন্দা হন, তাহলে ১০ দিনের মধ্যে স্টেটের লাইসেন্স নিতে হবে। টেক্সাসের নির্দেশনায় বিদেশি লাইসেন্স ব্যবহারের সর্বোচ্চ মেয়াদ এক বছর অথবা টেক্সাসের বাসিন্দা হওয়া পর্যন্ত, যেটি আগে ঘটে। নতুন বাসিন্দাদের সেখানে ৯০ দিনের মধ্যে টেক্সাসের লাইসেন্সের জন্য আবেদন করতে হবে।
ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট বা আইডিপি নিয়ে কিছু বিভ্রান্তি রয়েছে। নিউইয়র্কে বিদেশি লাইসেন্সের সঙ্গে আইডিপি বাধ্যতামূলক নয়, তবে লাইসেন্সের তথ্য বুঝতে এটি সহায়ক বলে ডিএমভি জানিয়েছে। আইডিপি মূল ড্রাইভার লাইসেন্সের বিকল্প হিসেবে কাজ করে না। বাংলাদেশে আইডিপি ইস্যুর জন্য অনুমোদিত প্রতিষ্ঠান হলো অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।
সুতরাং, ‘বাংলাদেশি লাইসেন্সে যুক্তরাষ্ট্রজুড়ে ১২ মাস গাড়ি চালানো যাবে’ কিংবা ‘আইডিপি ছাড়া কোনো ভাড়ার গাড়ি পাওয়া যাবে না’—এমন একক নিয়ম ধরে নেওয়া উচিত নয়। গাড়ি চালানোর আগে সংশ্লিষ্ট স্টেটের ডিএমভির নিয়ম এবং গাড়ি ভাড়া নিলে ওই প্রতিষ্ঠানের লাইসেন্সসংক্রান্ত শর্তগুলি যাচাই করা নিরাপদ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
অবশেষে প্রায় ২৬ ঘণ্টার দীর্ঘ উদ্ধার অভিযানের পর চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল লঞ্চঘাটের পার্শ্ববর্তী মেঘনা নদী থেকে লঞ্চ থেকে পড়ে নিখোঁজ রবিনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চটি ষাটনল লঞ্চঘাটে যাত্রী নামানোর সময় আনুমানিক ৩০ বছর বয়সী রবিন নদীতে পড়ে নিখোঁজ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিন প্রথমে লঞ্চ থেকে নামার পর নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে আবার লঞ্চে ওঠেন। পরে ফের নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হলে তিনি ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন। এই সময় নদীতে পড়ে নিখোঁজ হন। ঘটনার পর মুকবিল-২ লঞ্চটি দ্রুত মোহনপুর লঞ্চঘাটের দিকে চলে যায়। পরে মোহনপুর নৌপুলিশ লঞ্চটি আটক করে। লঞ্চের মাস্টার মতলব উত্তরের তাতুয়া গ্রামের মনির হোসেন (৫০) এবং গ্রিজার দাউদকান্দির বালিয়াধন গ্রামের মো. সুমন মিয়াকেও (২৭) আটক করা হয়।
নিখোঁজের খবর পেয়ে বেলতলী নৌপুলিশ, মোহনপুর নৌ-পুলিশ ও মতলব উত্তর থানা পুলিশ স্থানীয়দের নিয়ে প্রথমে নদীতে তল্লাশি শুরু করে। পরে চাঁদপুর বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করে।
রবিনের পরিচয়ও মেলে তার রেখে যাওয়া ব্যাগ থেকে। নদীতে ভাসমান অবস্থায় পাওয়া ব্যাগের ভেতরে থাকা মোবাইল ফোনের সিমকার্ড অন্য ফোনে দিয়ে বেলতলী নৌপুলিশ ফাঁড়ি থেকে যোগাযোগ করা হয়। ফোনটি রিসিভ করেন রবিনের স্ত্রী নাসরিন আক্তার। তিনি নিশ্চিত করেন, নম্বরটি তার স্বামী রবিনের।
স্বামীর নিখোঁজের খবর পেয়ে ষাটনল লঞ্চঘাটে ছুটে আসেন নাসরিন। সেখানে স্বামীর সন্ধানে একদিন ধরে অপেক্ষা করছিলেন তিনি। আহাজারি করে নাসরিন বলেন, "আমার এহন কি অইবো, আমার মাইয়্যা আয়ান কে দেখবো? কেউ কি সাথে সাথে উঠাইতে পারলেন না?"
রবিনের শ্বশুরবাড়ি মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়নের নবীপুর গ্রামের মোল্লা বাড়িতে। রবিন ও নাসরিন দম্পতির সাড়ে চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
এ ঘটনায় রবিনের স্ত্রী নাসরিন আক্তার বাদী হয়ে মামলা করার জন্য এজাহার দিয়েছেন বলে জানিয়েছেন বেলতলী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোজাম্মেল হক পিপিএম।
ঘটনার খবর পেয়ে ষাটনল লঞ্চঘাট পরিদর্শন করেন মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইওএনও) মাহমুদা কুলসুম মনি। তিনি নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে কথা বলে উদ্ধার কার্যক্রমের বিষয়ে খোঁজ নেন এবং প্রয়োজনীয় সমন্বয়ের উদ্যোগ নেন।
খবর পাওয়ার পর ডুবুরি দল নিয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করা হয়। নদীর স্রোতের কারণে প্রয়োজনে ভাটির দিকেও তল্লাশি চালানো হয় বলে জানান চাঁদপুর বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক সঞ্জয় দেবনাথ।
চাঁদপুর নদী ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. রাকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার পর ডুবুরি দল গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। আবহাওয়া ও নদীর পরিস্থিতি বিবেচনায় নিয়ে অভিযান পরিচালনা করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় হামের সংক্রমণের হার বৃদ্ধি পাচ্ছে। রাজ্যের স্বাস্থ্য বিভাগের ২৫ সেপ্টেম্বর শুক্রবার প্রকাশিত হালনাগাদ তথ্য অনুযায়ী, বুধবারের পর নতুন করে ৫৫ জনের হাম শনাক্ত হয়েছে। এর ফলে চলতি বছর রাজ্যের ৩৯টি কাউন্টিতে আক্রান্তের সংখ্যা ৮৯০-এ পৌঁছেছে। অন্তত ১৭৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। হামসংশ্লিষ্ট চারটি মৃত্যুর খবরও পাওয়া গেছে।
এবিসি নিউজের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ল্যাঙ্কাস্টার কাউন্টিতে সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে, যেখানে আক্রান্তের সংখ্যা ৩৫৯। এর পরেই রয়েছে মিফলিন কাউন্টি, যেখানে আক্রান্তের সংখ্যা ১০২। রাজ্যের তথ্য অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ২৫ থেকে ৪৯ বছর বয়সীদের সংখ্যা সবচেয়ে বেশি।
সংক্রমণ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম পরিচালনা করছে। এপ্রিলের শেষ দিকে প্রাদুর্ভাব শুরু হওয়ার পর ১৬৫টি অস্থায়ী ক্লিনিকে পাঁচ হাজার তিনশর বেশি মানুষকে হাম, মাম্পস ও রুবেলার এমএমআর টিকা দেওয়া হয়েছে বলে বিভাগটি জানিয়েছে। আগামী সপ্তাহ ও মাসগুলোতেও আরও টিকাদান ক্লিনিক চালুর পরিকল্পনা রয়েছে।
হাম অত্যন্ত সংক্রামক একটি রোগ। সাধারণত জ্বর, কাশি, সর্দি ও চোখ লাল হওয়ার পর শরীরে র্যাশ দেখা দেয়। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কেউ হামের সংস্পর্শে এসে থাকলে এবং উপসর্গ দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। সম্ভাব্য সংক্রমণের তথ্য আগে জানিয়ে যোগাযোগ করলে অন্যদের সংস্পর্শে আসার ঝুঁকি কমানো সম্ভব।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বোমা হামলার ফলে অন্তত ১১ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। আজ ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দার কাছে আমান মেলা এলাকায় একটি পুলিশের তল্লাশি চৌকিতে এই হামলা সংঘটিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) আলজাজিরা র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করেছে একটি বিবৃতির মাধ্যমে।
নিহতদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু অন্তর্ভুক্ত রয়েছে। আহতদের মধ্যে রয়েছেন পুলিশ সদস্য, শুল্ক বিভাগের কর্মী এবং দুজন বেসামরিক নাগরিক। উদ্ধারকারী সংস্থা ‘রেসকিউ ১১২২’ জানিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং বেশ কয়েকজন হতাহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, মোগল কোট ও দারাজিন্দার কাছে ডেরা ইসমাইল খান–কোয়েটা সড়কের আমান মেলা চেকপোস্টে হামলাটি সংঘটিত হয়েছে। এই এলাকা খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান প্রদেশের সীমান্তের নিকটে অবস্থিত। বিস্ফোরণের প্রকৃতি নির্ধারণ করার জন্য ঘটনাস্থলে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যদের পাঠানো হয়েছে।
রেসকিউ ১১২২ জানিয়েছে, আহত ২০ জনকে উদ্ধার করার পর প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। তাদের মধ্যে ১৮ জনকে বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, টিটিপি আফগানিস্তানের ক্ষমতায় ফিরে আসা আফগান তালেবানের একটি মিত্র গোষ্ঠী হলেও এটি আলাদাভাবে কার্যক্রম পরিচালনা করে। আফগানিস্তানে তালেবান সরকারের প্রতিষ্ঠার পর টিটিপির প্রভাব বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান অভিযোগ করেছে যে, টিটিপি সদস্যরা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে নিয়মিত হামলা চালাচ্ছে। তবে আফগান সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নোয়াখালীর হাতিয়ায় কিশোরগঞ্জের কিশোর গ্যাং ‘ওএসটি বাহিনী’র প্রধানসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) ভোরের সময় উপজেলার তমরদ্দি বেজুগালিয়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃত তিনজন হলেন- তমরদ্দি ইউনিয়নের উত্তর বেজুগালিয়া গ্রামের শেখ ওসামা আল জামান (২০), সাকিব উদ্দিন শরিফ (১৯) এবং মো. আমজাদ হোসেন (১৯)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গ্যাংটি ওসামার নেতৃত্বে দীর্ঘদিন ধরে অনলাইনে কিশোর গ্যাং সংঘবদ্ধ করার কাজে নিয়োজিত ছিল। তারা ফেসবুক এবং টিকটকের মাধ্যমে ওএসটি নামে একটি আইডি থেকে বিভিন্ন দেশীয় অস্ত্র প্রদর্শন করে রিল তৈরি করে প্রচার করতেন। প্রশাসন তাদের কার্যকলাপ দীর্ঘদিন ধরে পর্যবেক্ষণ করে আসছিল। এতে দেখা যায়, এই গ্রুপে মোট ১৯ জন সদস্য রয়েছেন, যারা সমাজের বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। হাতিয়া থানা পুলিশের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন এ বিষয়ে বলেন, "এই গ্রুপটি অনেকদিন ধরে সক্রিয় রয়েছে। তাদের কর্মকাণ্ডের উপর নজর রাখা হয়েছে অনেক আগে থেকেই। তাদের বিরুদ্ধে নিয়মিত আইনে মামলা করা হয়েছে। গ্রুপের অন্যান্য সদস্যদের আটক করার জন্য অভিযান অব্যাহত থাকবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ