০৯:২৪ পি.এম
কুমিল্লার লালমাই পাহাড়ে ঘুরতে নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তার প্রেমিক ও চার বন্ধুর বিরুদ্ধে। এ ঘটনায় পুলিশ সাকিব (২২) নামের এক যুবককে আটক করেছে।
রোববার (৩০ আগস্ট) বিকেলে জেলার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড় এলাকা থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়। সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সাকিব আদর্শ সদর উপজেলার কালীর বাজার ইউনিয়নের বাসিন্দা। কিশোরীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত শনিবার (২৯ আগস্ট) বিকেলে প্রেমিক সিয়ামের ফোন পেয়ে কিশোরী তার নিজ বাড়ি থেকে কুমিল্লা নগরীর ধর্মসাগর এলাকায় আসেন। পরে সিয়াম তাকে কোটবাড়ি এলাকায় ঘুরতে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নেয়। সেখান থেকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই পাহাড়ের সাধেরমুড়া এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
সেখানে আগে থেকেই সিয়ামের কয়েকজন বন্ধু উপস্থিত ছিল। সন্ধ্যা ঘনিয়ে এলে কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে সিয়ামসহ তার বন্ধুরা রাতভর ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা কিশোরীর সহায়তায় সাকিবকে আটক করার জন্য পুলিশে জরুরি সহায়তা ৯৯৯ কল করে। পরে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ি ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং সাকিবকে আটক করে।
সন্ধ্যায় দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম জানান, এ ঘটনায় ওই কিশোরীর বাবা প্রধান অভিযুক্ত হিসেবে তার প্রেমিক সিয়ামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সাকিব নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার নিকট থেকে জড়িতদের নাম পাওয়া গেছে। বর্তমানে কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অপর আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন