প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
বাংলাদেশ ব্যাংক বিগত ২০২৫-২৬ অর্থবছরে নিট মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। কেন্দ্রীয় ব্যাংক এই অর্থবছরে প্রায় ২৫ হাজার ৯০০ কোটি টাকা নিট মুনাফা করেছে। আগের অর্থবছর ২০২৪-২৫ এ এই মুনাফার পরিমাণ ছিল ২২ হাজার ৬২০ কোটি টাকা। ফলে, এক বছরের ব্যবধানে নিট মুনাফা বেড়েছে প্রায় ৩ হাজার ২৮০ কোটি টাকা।
রোববার (৩০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে ২০২৫-২৬ অর্থবছরের আর্থিক হিসাব বিবরণী অনুমোদন করা হয়েছে। বৈঠকে উপস্থাপিত তথ্যে এই তথ্য উঠে এসেছে। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্য মূল বেতনের ছয় গুণ হারে প্রণোদনা বোনাস দেওয়ার প্রস্তাবও বৈঠকে অনুমোদিত হয়েছে।
গভর্নর মোস্তাকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, কেন্দ্রীয় ব্যাংকের মুনাফা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে, ব্যাংক খাতে দীর্ঘদিনের তারল্যসংকটের কারণে বিভিন্ন ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে আগের তুলনায় বেশি অর্থ ধার করেছে। এর ফলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ থেকে সুদ আয় বৃদ্ধি পেয়েছে।
এছাড়া, বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি অংশ বিভিন্ন দেশের আর্থিক ও বিনিয়োগ খাতে রাখা রয়েছে। সেখান থেকেও গত অর্থবছরে ভালো আয় হয়েছে। ঋণ ব্যবস্থাপনা থেকে বাড়তি সুদ আয় এবং বৈদেশিক বিনিয়োগের মুনাফা— এই দুইয়ের সমন্বয়ে কেন্দ্রীয় ব্যাংকের নিট মুনাফা বেড়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের প্রকৃত মুনাফা ছিল প্রায় ৪০ হাজার কোটি টাকা। ওই অর্থবছরে নিট মুনাফা ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। পরবর্তী অর্থবছর ২০২৪-২৫ এ নিট মুনাফা বেড়ে দাঁড়ায় ২২ হাজার ৬২০ কোটি টাকা। সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে তা আরও বেড়ে ২৫ হাজার ৯০০ কোটি টাকায় পৌঁছেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন