বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
১২:৩৪ পি.এম
বাংলাদেশ ও পর্তুগালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করার লক্ষ্যে এবং প্রবাসীদের ভোগান্তি কমানোর উদ্দেশ্যে ঢাকায় পর্তুগালের স্থায়ী দূতাবাস স্থাপন ও সরাসরি বিমান চলাচল নিয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) লিসবনে পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ডোমিংগোস ফেজাস ভাইটালের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এস. এম. কামরুল হাসান একটি ফলপ্রসূ বৈঠকে মিলিত হন।
বৈঠকে ঢাকায় পর্তুগিজ দূতাবাস প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। যদি এটি বাস্তবায়িত হয়, তবে ভিসা সংক্রান্ত জটিলতা দূরীকরণসহ উচ্চশিক্ষা, ব্যবসা এবং পারিবারিক পুনর্মিলনের প্রক্রিয়া অনেক সহজ হয়ে যাবে। এছাড়া, ঢাকা থেকে লিসবন পর্যন্ত সরাসরি ফ্লাইট চালু হলে তৃতীয় দেশে ট্রানজিটের সমস্যা এবং সময়ের অপচয় কমবে বলে আলোচনা হয়।
এছাড়া, দ্বিপাক্ষিক গতিশীলতা চুক্তির আওতায় দক্ষ জনশক্তি প্রেরণ, প্রবাসীদের কল্যাণ এবং বাণিজ্য ও নবায়নযোগ্য জ্বালানি খাতে যৌথ সহযোগিতা বৃদ্ধিতে উভয় দেশ আগ্রহ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১৯৭৪ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ২০১২ সালে লিসবনে বাংলাদেশ দূতাবাস চালুর মাধ্যমে দুই দেশের সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে, যা এই বৈঠকের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে গেল।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তারেক রহমান। এই সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
এই সাক্ষাৎটি তুরস্কে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনের (কপ-৩১) সাইডলাইনে অনুষ্ঠিত হয়।
মালদ্বীপের প্রেসিডেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (১১ নভেম্বর) রাতে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। পোস্টটিতে তারেক রহমান এবং তার সহধর্মিণীর সঙ্গে তোলা একটি ছবিও অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া, বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ জানায়, এই সাক্ষাৎ বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন।
এটি দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের যোগাযোগ ও দ্বি-পক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী তারেক রহমান গত মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় তিন দিনের সফরে পৌঁছান জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যোগ দিতে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজায় ইসরায়েলি বিমান হামলার ফলে নিহত হয়েছেন ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
পিএফএ-এর তথ্য অনুযায়ী, গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক এবং গোলরক্ষক আবদেল-মালেক গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় মঙ্গলবারের হামলায় প্রাণ হারান।
২০ বছর বয়সী আবদেল-মালেক গাজায় চলমান যুদ্ধে নিহত হওয়া ক্রীড়াজগতের সঙ্গে সংশ্লিষ্ট ১,০১৭তম ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন, জানিয়েছে পিএফএ।
মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে তিনি ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’-এর গাজা ও উত্তর গাজা বিভাগের ফাইনালে অংশগ্রহণ করেছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।
মাহমুদের মৃত্যুর খবর জানিয়ে গাজা স্পোর্টস ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, "ক্লাবের কিংবদন্তি ও প্রথম দলের গোলরক্ষক মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক কিছুক্ষণ আগে শহীদ হয়েছেন।"
গত সপ্তাহে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনালে গাজা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়। প্রতিযোগিতাটিতে ২০০টির বেশি ক্লাব অংশগ্রহণ করে। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীর থেকে ১৪৬টি, গাজা থেকে ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলো থেকে ৩৬টি ক্লাব ছিল।
একই সময়ে তিনটি এলাকায় টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল।
পিএফএ সভাপতি জিবরিল রাজুব বলেন, এই আয়োজন প্রমাণ করেছে যে ফিলিস্তিনিরা তাদের "জাতীয় সংকল্প" হারায়নি।
তিনি আরও বলেন, "আমরা এই বিশ্বাসও হারাইনি যে খেলাধুলা আশা ও জীবনের প্রতীক হয়ে থাকবে।"
আবদেল-মালেকের মৃত্যুর কয়েক দিন আগে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে থাকা ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাকও ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন।
এই ঘটনার ফলে ইসরায়েলের বিরুদ্ধে ফিফার নিষ্ক্রিয়তার বিষয়টি আবারও সামনে এসেছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন মার্চ মাসে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। ফিফার শৃঙ্খলা কমিটির একটি প্রতিবেদনে বলা হয়েছিল, বেইতার জেরুজালেম ক্লাবের ধারাবাহিক ও নথিভুক্ত বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন।
সেই সময় রাজুব বলেছিলেন, "আমরা আন্তর্জাতিক সব প্রতিষ্ঠান থেকে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে বহিষ্কারের দাবিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।"
ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তাদের দাবি, গাজার ক্রীড়া অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মতে, বিভিন্ন স্টেডিয়াম, ক্লাব, ক্রীড়া হল, একাডেমি ধ্বংস হয়েছে এবং বহু ক্রীড়া স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়ামের মতে, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনকে একটি "অস্তিত্ব সংকটে" ঠেলে দিয়েছে।
তিনি জানান, ফিফার সহায়তায় প্রতিষ্ঠিত গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টির বেশি এবং প্রায় ২০টি ক্ষুদ্রাকৃতির ফুটবল মাঠ ধ্বংস হয়ে গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কুষ্টিয়ার কুমারখালী, যা দেশের অন্যতম ঐতিহ্যবাহী তাঁতশিল্পের কেন্দ্র হিসেবে পরিচিত, সেখানে উন্নতমানের কাপড় উৎপাদনে সহায়তা প্রদানের উদ্দেশ্যে ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটি সেন্টার। ২০২২ সালে আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হলেও, দীর্ঘ সময় পার হওয়ার পরও সেগুলো চালু হয়নি। এর ফলে স্থানীয় তাঁতিরা সরকারি উদ্যোগের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁতিরা বর্তমানে বাড়তি খরচে কাপড় উৎপাদন করতে গিয়ে প্রতিনিয়ত লোকসানের সম্মুখীন হচ্ছেন।
স্থানীয় তাঁতিদের সাথে আলোচনা করে জানা গেছে, কাপড়ের মান উন্নয়ন, সুতা প্রস্তুত এবং প্রক্রিয়াজাতকরণের জন্য তাদের বাইরের প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হচ্ছে। এর ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে এবং সময়ের অপচয়ও হচ্ছে। আধুনিক যন্ত্রপাতির অভাবে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
তাঁতিদের অভিযোগ, সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটি সেন্টার কার্যকরভাবে চালু হলে তারা কম খরচে উন্নতমানের কাপড় উৎপাদন করতে পারতেন। এতে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি কাপড়ের গুণগত মানও বৃদ্ধি পেত। কিন্তু যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে পড়ে থাকলেও সেগুলো চালুর জন্য কার্যকর উদ্যোগের অভাব রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, আধুনিক যন্ত্রপাতি চালু হলে কুমারখালীর তাঁতশিল্পে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কাপড়ের মান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ঐতিহ্যবাহী শিল্পের বিকাশেও কেন্দ্রটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
তাঁতিদের দাবি, দ্রুত প্রয়োজনীয় জনবল ও বরাদ্দ নিশ্চিত করে সার্ভিসেস অ্যান্ড ফ্যাসিলিটি সেন্টারটি চালু করা উচিত। তাদের মতে, শুধু অবকাঠামো ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করলেই হবে না, বরং সেগুলোর কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। অন্যথায়, তাঁতিরা সরকারি উদ্যোগের সুফল থেকে বঞ্চিতই থেকে যাবেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিন অঞ্চলে তিনতলা একটি ভবন ধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালাচ্ছেন।
বুধবার (১১ নভেম্বর) বিকেল ৪টার দিকে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আবাসিক ও বাণিজ্যিক কাজে ব্যবহৃত ভবনটি পাশের একটি নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে। এর ফলে দুই স্থাপনার বেশ কয়েকজন ব্যক্তি আটকা পড়েন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, স্থানীয় সময় বুধবার রাত পর্যন্ত ১৯ জন হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে দুজন নিহত, চারজনের অবস্থা আশঙ্কাজনক এবং ১২ জনের অবস্থা স্থিতিশীল। আহতদের মধ্যে অন্তত সাতজন শিশু রয়েছে। এছাড়া একজন অন্তঃসত্ত্বা নারীকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজে অংশ নেওয়া এক দমকলকর্মীও সামান্য আহত হয়েছেন।
উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে একের পর এক মানুষকে বের করে আনছেন। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের স্ট্রেচারে করে উদ্ধার করছেন। তাদের মই দিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। উদ্ধার অভিযানে পুলিশ, প্রশিক্ষিত কুকুর, ড্রোন ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।
তবে উদ্ধার অভিযান বেশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কর্মকর্তারা ভবনটির অবশিষ্ট অংশ এবং আশপাশের স্থাপনা আরও ধসে পড়ার আশঙ্কা করছেন। নিউইয়র্ক ফায়ার ডিপার্টমেন্টের কমিশনার জানিয়েছেন, ধ্বংসস্তূপের অবস্থা অত্যন্ত বিপজ্জনক। ফলে উদ্ধার অভিযান দীর্ঘ সময় ধরে চালাতে হতে পারে।
নিউইয়র্কের ফায়ার ডিপার্টমেন্টের প্রধান জন এসপোসিতো জানিয়েছেন, ভবনটি ধসে পড়ার সময় পাশের নির্মাণস্থলে শ্রমিকেরা কাজ করছিলেন। তারা সেখানে খননকাজ করছিলেন। ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে নগর কর্তৃপক্ষের ভবন বিভাগ।
নগরীর রেকর্ড অনুযায়ী, ১৯৩০ সালে নির্মিত ভবনটিতে চারটি আবাসিক ও একটি বাণিজ্যিক ইউনিট ছিল। এদিকে পাশের নির্মাণস্থলে অবৈধভাবে ভাঙার কাজ চালিয়ে যাওয়ার অভিযোগে গত এপ্রিলে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে নোটিশ দেওয়া হয়েছিল। অক্টোবরে প্রতিষ্ঠানটি ১০ হাজার ডলার জরিমানা দিয়ে বিষয়টি নিষ্পত্তি করে।
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তায় রেডক্রসের একটি সহায়তা কেন্দ্রও চালু করা হয়েছে।
এদিকে ধ্বংসস্তূপের নিচে ঠিক কতজন আটকে রয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি উদ্ধারকারীরা। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: সিএনএন
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ