প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজায় ইসরায়েলি বিমান হামলার ফলে নিহত হয়েছেন ফিলিস্তিনি ফুটবলার মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক। এই তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)।
পিএফএ-এর তথ্য অনুযায়ী, গাজা স্পোর্টস ক্লাবের অধিনায়ক এবং গোলরক্ষক আবদেল-মালেক গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় সাবরা এলাকায় মঙ্গলবারের হামলায় প্রাণ হারান।
২০ বছর বয়সী আবদেল-মালেক গাজায় চলমান যুদ্ধে নিহত হওয়া ক্রীড়াজগতের সঙ্গে সংশ্লিষ্ট ১,০১৭তম ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছেন, জানিয়েছে পিএফএ।
মৃত্যুর মাত্র পাঁচ দিন আগে তিনি ‘থাউজ্যান্ড মার্টার্স কাপ’-এর গাজা ও উত্তর গাজা বিভাগের ফাইনালে অংশগ্রহণ করেছিলেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় নিহত এক হাজারের বেশি ক্রীড়াবিদ ও ক্রীড়া কর্মকর্তার স্মরণে এই টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে।
মাহমুদের মৃত্যুর খবর জানিয়ে গাজা স্পোর্টস ক্লাব সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, "ক্লাবের কিংবদন্তি ও প্রথম দলের গোলরক্ষক মাহমুদ কামাল ফারেস আবদেল-মালেক কিছুক্ষণ আগে শহীদ হয়েছেন।"
গত সপ্তাহে অনুষ্ঠিত ওই টুর্নামেন্টের ফাইনালে গাজা স্পোর্টস ক্লাব রানার্সআপ হয়। প্রতিযোগিতাটিতে ২০০টির বেশি ক্লাব অংশগ্রহণ করে। এর মধ্যে অধিকৃত পশ্চিম তীর থেকে ১৪৬টি, গাজা থেকে ৪৪টি এবং লেবাননের ফিলিস্তিনি শরণার্থী শিবিরগুলো থেকে ৩৬টি ক্লাব ছিল।
একই সময়ে তিনটি এলাকায় টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল।
পিএফএ সভাপতি জিবরিল রাজুব বলেন, এই আয়োজন প্রমাণ করেছে যে ফিলিস্তিনিরা তাদের "জাতীয় সংকল্প" হারায়নি।
তিনি আরও বলেন, "আমরা এই বিশ্বাসও হারাইনি যে খেলাধুলা আশা ও জীবনের প্রতীক হয়ে থাকবে।"
আবদেল-মালেকের মৃত্যুর কয়েক দিন আগে খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে থাকা ১৫ বছর বয়সী মোহাম্মদ নিদাল বারবাকও ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন।
এই ঘটনার ফলে ইসরায়েলের বিরুদ্ধে ফিফার নিষ্ক্রিয়তার বিষয়টি আবারও সামনে এসেছে। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন মার্চ মাসে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছিল। ফিফার শৃঙ্খলা কমিটির একটি প্রতিবেদনে বলা হয়েছিল, বেইতার জেরুজালেম ক্লাবের ধারাবাহিক ও নথিভুক্ত বর্ণবাদী আচরণের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশন।
সেই সময় রাজুব বলেছিলেন, "আমরা আন্তর্জাতিক সব প্রতিষ্ঠান থেকে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে বহিষ্কারের দাবিতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।"
ফিলিস্তিনি ক্রীড়া কর্মকর্তাদের দাবি, গাজার ক্রীড়া অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মতে, বিভিন্ন স্টেডিয়াম, ক্লাব, ক্রীড়া হল, একাডেমি ধ্বংস হয়েছে এবং বহু ক্রীড়া স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ফিলিস্তিন স্পোর্টস মিডিয়া ফেডারেশনের মহাসচিব মুস্তাফা সিয়ামের মতে, প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনকে একটি "অস্তিত্ব সংকটে" ঠেলে দিয়েছে।
তিনি জানান, ফিফার সহায়তায় প্রতিষ্ঠিত গাজার ৫৬টি ক্রীড়া ক্লাবের মধ্যে ৫০টির বেশি এবং প্রায় ২০টি ক্ষুদ্রাকৃতির ফুটবল মাঠ ধ্বংস হয়ে গেছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৬৪৫ জন ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ৯৭৮ জন আহত হয়েছেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন