ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং
নেসকোর ৯ উপকেন্দ্র আধুনিকায়নে ১৪১ কোটি টাকার ক্রয় অনুমোদন

চার মাসে কাঁচপুরে প্রস্তুত হবে সায়েদাবাদ বাস টার্মিনাল


চার মাসে কাঁচপুরে প্রস্তুত হবে সায়েদাবাদ বাস টার্মিনাল

রাজধানীর অন্যতম ব্যস্ত প্রবেশদ্বার কাঁচপুরে সায়েদাবাদ বাস টার্মিনাল স্থানান্তরের নির্দেশনা নিয়েছে সরকার। ঢাকার যানজট নিয়ন্ত্রণ এবং পূর্বাঞ্চলের ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে নতুন বাস টার্মিনাল নির্মাণে নীতিগত অনুমোদন প্রদান করেছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। একই দিনে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এর ৯টি বিদ্যুৎ উপকেন্দ্র আধুনিকায়নে ১৪১ কোটি টাকার ক্রয় প্রস্তাবও অনুমোদন করেছে।

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র উল্লেখ করে জানায়, রাজধানী ঢাকার যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়নের লক্ষ্যে সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল কাঁচপুরে স্থানান্তরের নির্দেশনা সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়েছে। এর ফলস্বরূপ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে নতুন টার্মিনাল চার মাসের মধ্যে ব্যবহার উপযোগী করে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ

নির্ধারিত সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে প্রকল্পটি সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ নৌবাহিনী প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে, যা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে পরিচালিত হবে।

প্রকল্পটির ব্যয় নির্ধারণ করা হয়েছে ৬ কোটি ৮৮ লাখ ২ হাজার ৫৩২ টাকা। এর আওতায় প্রায় ৪ হাজার ১২ বর্গমিটার প্ল্যাটফর্ম নির্মাণ এবং সেখানে টাইলস বসানোর কাজ করা হবে। ১২০টি টিকিট কাউন্টার, ৩২টি টয়লেট, অফিস কক্ষ, যাত্রী সেবা কেন্দ্র এবং প্রয়োজনীয় আনুষঙ্গিক অবকাঠামো গড়ে তোলা হবে। পাশাপাশি, প্রোফাইল শিট দিয়ে বড় আকারের শেড নির্মাণ করা হবে, যাতে একসঙ্গে বহু বাস ও যাত্রী সেবা প্রদান করতে পারে।

পরিবহন সংশ্লিষ্টরা মনে করছেন, কাঁচপুরে টার্মিনাল স্থানান্তর করা হলে সায়েদাবাদ, যাত্রাবাড়ী এবং শনির আখড়া এলাকায় দীর্ঘদিনের যানজট অনেকটাই কমে যাবে। একই সাথে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক ব্যবহারকারী দূরপাল্লার বাসগুলো রাজধানীর ভেতরে প্রবেশ না করেই যাত্রী পরিবহন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হবে।

এদিকে, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে বিদ্যুৎ বিভাগের অধীন নেসকো এলাকায় নেটওয়ার্ক অবকাঠামোর উন্নয়ন ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্পের আওতায় গুরুত্বপূর্ণ একটি ক্রয় প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা

প্রকল্পের আওতায় রংপুর অঞ্চলের ৯টি ৩৩/১১ কেভি এআইএস উপকেন্দ্রের নকশা প্রণয়নসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, স্থাপন, পরীক্ষণ এবং চালুকরণের কাজ সম্পন্ন করা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে ১৪১ কোটি ৩৩ লাখ ১৩ হাজার ৭৬ টাকা।

কাজটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে অ্যাডেক্স করপোরেশন লিমিটেড (এসিএল) এবং অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লিমিটেডের (এইইএল) যৌথ উদ্যোগ। বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার নির্ভরযোগ্যতা বৃদ্ধি পাবে এবং গ্রাহক পর্যায়ে ভোল্টেজ সমস্যা ও লোড ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

একই বৈঠকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি ভেরিয়েশন প্রস্তাবও অনুমোদন পেয়েছে। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (দ্বিতीय পর্যায়) প্রকল্পের আওতায় পঞ্চগড় জেলার বোদা উপজেলায় একটি সেতু নির্মাণের অতিরিক্ত ব্যয় অনুমোদন করা হয়েছে। প্রকল্পটির মূল চুক্তিমূল্য ছিল ১১০ কোটি টাকা। নতুন অনুমোদনের মাধ্যমে ৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৯ টাকা যুক্ত হয়েছে, যা মূল চুক্তিমূল্যের ৫ দশমিক ৫৪ শতাংশ। ফলে সংশোধিত চুক্তিমূল্য দাঁড়িয়েছে ১১৬ কোটি ৯ লাখ ৩০ হাজার ৬১৯ টাকা। কাজটি বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন, বিদ্যুৎ বিতরণ নেটওয়ার্ক শক্তিশালীকরণ এবং গ্রামীণ যোগাযোগ অবকাঠামোর উন্নয়নে এসব প্রকল্প গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। বিশেষ করে কাঁচপুরে নতুন বাস টার্মিনাল চালু হলে, রাজধানীর পূর্বাঞ্চলে যানবাহনের চাপ কমানোর পাশাপাশি যাত্রীসেবার মানও উন্নত হবে বলেও আশা করা হচ্ছে।

আরও পড়ুন: সদরঘাটে নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসানের আকস্মিক পরিদর্শন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া তথ্য ঠেকাতে কাজ করছে ‘বাংলাফ্যাক্ট’: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪০ পি.এম


ভুয়া তথ্য ঠেকাতে কাজ করছে ‘বাংলাফ্যাক্ট’: তথ্যমন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য এবং বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা মোকাবিলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেছেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) তত্ত্বাবধানে পরিচালিত ‘বাংলাফ্যাক্ট’ অপতথ্য ও গুজব প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে।

বুধবার জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ২১তম দিন প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত মহিলা আসন-২৯-এর সংসদ সদস্য ফাহিমা নাসরিনের এক লিখিত প্রশ্নের জবাবে এই তথ্য তুলে ধরলেন মন্ত্রী।

তথ্যমন্ত্রী জানান, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ এবং গ্রুপ, সংবাদমাধ্যমের আদলে পরিচালিত ১৬টি অপতথ্যভিত্তিক ওয়েবসাইট, ৩০০টির বেশি বিভ্রান্তিকর ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টি এক্স (এক্স) অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।

তিনি জানান, পিআইবির তত্ত্বাবধানে পরিচালিত ‘বাংলাফ্যাক্ট’ অপতথ্য ও গুজব প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করছে। এ পর্যন্ত ‘বাংলাফ্যাক্ট’ ৮৬০টি ফ্যাক্টচেক, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন, ভিডিও এবং রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর প্রকাশিত ৩০৬টি। বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

মন্ত্রী আরও বলেন, সাংবাদিকদের দক্ষতা বাড়াতে ২০২৪ সালের ১ অক্টোবর থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত দেশের ৬৪ জেলায় ১৪১টি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ৬ হাজার ৭৭৪ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হবে।

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর ২০টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন ৭৩৯ জন সাংবাদিক। এসব প্রশিক্ষণের মধ্যে ডিজিটাল সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ফ্যাক্টচেক বিষয়ক ১৪টি প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে।

জহির উদ্দিন স্বপন বলেছেন, প্রতিটি প্রশিক্ষণে গুজব মোকাবিলা, ফ্যাক্টচেকিং এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জন্য শিগগিরই একটি ‘ফ্যাক্টচেক ম্যানুয়াল’ প্রকাশ করা হবে। ভবিষ্যতেও এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফেলোশিপ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৩ পি.এম


ফেলোশিপ অর্জনকারী শিক্ষার্থীদের সম্মাননা দিল গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মাস্টার্স (থিসিস) ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সংবর্ধনা ও চেক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টেনিস কোর্ট প্রাঙ্গণে রিসার্চ সেন্টারের আয়োজনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসান ৬৩ জন মাস্টার্স (থিসিস) ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীর হাতে জনপ্রতি ২০ হাজার টাকা করে মোট ১২ লাখ ৬০ হাজার টাকার চেক হস্তান্তর করেন।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, "টাকার পরিমাণ সামান্য হলেও এর ইমপ্যাক্ট অনেক গভীর। এটা তাদের গবেষণা কর্মে উৎসাহিত করবে।" তিনি আশা প্রকাশ করেন যে, ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা তাদের কর্মের মাধ্যমে দেশে এবং দেশের বাইরেও এই বিশ্ববিদ্যালয়ের মান উজ্জ্বল করবে।

সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, "এই ফেলোশিপ শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহী হতে সহায়তা করবে।"

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন। সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. মইনুল ইসলাম। অনুষ্ঠানটি দেখা করেছেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা, এবং কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে নদীতে ডুবল জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৪৮ পি.এম


৫ হাজার বস্তা ধান-চাল নিয়ে নদীতে ডুবল জাহাজ

চাঁদপুরে মেঘনার ঘূর্ণিস্রোতে ৫ হাজার বস্তা ধান ও চালবাহী একটি কার্গো জাহাজ ডুবে গেছে।

এ ঘটনায় মাঝিমাল্লাসহ ৫ জন শ্রমিক অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনায় এ ঘটনা ঘটে। এ সময় কার্গোতে থাকা ৫ জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

কার্গোর চালক এরশাদ মাঝি জানান, মঙ্গলবার (৭ জুলাই) পাবনা থেকে ৩ হাজার ৫০০ বস্তা চাল ও ১ হাজার ৫০০ বস্তা ধান নিয়ে কার্গো জাহাজটি রওনা দেয়। বুধবার সকাল ৭টায় চাঁদপুরের পুরানবাজার ঘাটের কাছে পৌঁছালে ত্রিমোহনার প্রচণ্ড ঘূর্ণিস্রোতের মুখে পড়ে কার্গোটি। এক পর্যায়ে ঘূর্ণিতে এটি উল্টে যায়। পরে উল্টে যাওয়া কার্গোটি ডাকাতিয়া নদীর পাড়ে ভেড়ানো হয়।

চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন পাটোয়ারী জানান, ডুবে যাওয়া চাল-ধান পুরানবাজারের ৭ জন ব্যবসায়ীর। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে নৌপুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন ধরে পদ্মা-মেঘনা নদী উত্তাল রয়েছে। সকাল থেকে চাঁদপুরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে সৃষ্ট ঘূর্ণিস্রোতের মধ্যে দিয়েই চাঁদপুরের পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনা পাড়ি দিচ্ছে শত শত ছোট-বড় নৌযান।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানের প্রতি সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৮ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানের প্রতি সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

 প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’

আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ সদস্য মো. সেলিম রেজার এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।

মো. সেলিম রেজার প্রশ্নটি ছিল, রোহিঙ্গা সমস্যা সমাধান করতে কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা? থাকলে সেটা কী, এবং কবে নাগাদ এই সমস্যার স্থায়ী সমাধান হতে পারে?

এমন প্রশ্নের জন্য মো. সেলিম রেজাকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে গঠিত আমাদের এই সরকার রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুত সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ।’

বিগত দিনে রোহিঙ্গা সংকট সমাধানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার অবদান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘ইতোপূর্বে ১৯৭৮ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ১৯৯২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকার সফল কূটনৈতিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে সেসময়ে উদ্ভূত রোহিঙ্গা সংকটের সমাধান করেছিলেন। তাঁদের সুযোগ্য দিকনির্দেশনায় সেই সময় বাংলাদেশে আশ্রয় নেয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গারা দ্রুততম সময়ে নিজ দেশে প্রত্যাবর্তন করতে পেরেছিলো।’

তিনি আরো বলেন, ‘বর্তমান সময়েও পূর্বের সেই নীতির আলোকেই আমরা টেকসই, শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানের পথ অনুসন্ধান করছি। বিএনপি সরকার রোহিঙ্গা সমস্যার আশু সমাধানের লক্ষ্যে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও বহুপাক্ষিক সকল ফ্রন্টেই অত্যন্ত জোরালো কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে।’

রোহিঙ্গা সংকটকে বৈশ্বিক মানবিক আলোচনার কেন্দ্রবিন্দুতে স্থাপন করার লক্ষ্যে সরকার সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘এ প্রক্রিয়ায় জাতিসংঘসহ বিভিন্ন দেশ ও দাতা সংস্থার শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পরপরই ইউএন এইচসিআর (UNHCR) ইউ এন ওমেন (UN Women) এবং ওয়ার্ড ফুড (World Food), Programme (WFP)-এর উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসমূহ পরিদর্শন করেন এবং মানবিক সহায়তা আরও কীভাবে বৃদ্ধি করা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।’

তিনি বলেন, ‘চলতি মাসের শুরুতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সরকারি সফরে বাংলাদেশে এসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এই সফরের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের জন্য তুরস্কের পক্ষ থেকে মানবিক সহায়তা আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি।’

প্রধানমন্ত্রী বলেন, ‘এর পাশাপাশি, গত সেপ্টেম্বরে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করার লক্ষ্যে জাতিসংঘে একটি উচ্চপর্যায়ের সম্মেলন আয়োজন করা হয়। ভবিষ্যতেও জাতিসংঘসহ বিভিন্ন বৈশ্বিক প্ল্যাটফর্মে এ ধরনের উচ্চপর্যায়ের আয়োজনের মাধ্যমে বিশ্বজনমতকে আরও কার্যকরভাবে সম্পৃক্ত করার প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সরকার রোহিঙ্গা সংকটের মূল কারণসমূহ বিবেচনায় নিয়ে ন্যায়বিচার ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এ লক্ষ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গাম্বিয়ার দায়ের করা মামলার প্রতি বাংলাদেশ নৈতিক সমর্থন অব্যাহত রেখেছে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, রোহিঙ্গা সংকটের টেকসই ও কার্যকর সমাধান মিয়ানমারের রাখাইন রাজ্যেই নিহিত। আর তাই রোহিঙ্গাদের নিরাপদ, টেকসই ও স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারে অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বৃদ্ধি অব্যাহত রাখার লক্ষে আমাদের কূটনৈতিক তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে দ্বিপাক্ষিক ফ্রন্টে মিয়ানমারের জান্তা সরকারের পাশাপাশি সকল পক্ষের সাথে সম্ভাব্য যোগাযোগ স্থাপন ও আলোচনার বিষয়টি আমাদের সক্রিয় বিবেচনায় রয়েছে। তাছাড়া মূলধারার কূটনীতির পাশাপাশি confidence building-এর ক্ষেত্রে অন্যান্য প্রক্রিয়া প্রয়োগের বিষয়টি আমাদের বিবেচনাধীন। একই সাথে প্রত্যাবাসনের মূল ভিত্তি হিসেবে রোহিঙ্গাদের তথ্য যাচাইকরণ বা ভ্যারিফিকেশনের কাজ নিয়মিতভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের তৃতীয় কোনো দেশে পুনর্বাসন বা প্রত্যাবাসনের কার্যক্রমও চলমান আছে।’

রোহিঙ্গা প্রত্যাবাসন একটি অত্যন্ত জটিল, সংবেদনশীল এবং বহুমাত্রিক আন্তর্জাতিক বিষয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এর সমাধানের গতিপ্রকৃতি অনেকাংশেই নির্ভর করে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং সর্বোপরি মিয়ানমার কর্তৃপক্ষের ওপর।’

তিনি বলেন, ‘রাখাইন রাজ্যে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির মধ্যে একটি কার্যকর সংলাপের ক্ষেত্র তৈরি হওয়া গুরত্বপূর্ণ। এই লক্ষ্যে আমরা সংশ্লিষ্ট দেশসমূহের সাথে সংলাপ জোরদার করেছি। রোহিঙ্গাদের স্থায়ী, নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করাই বর্তমান সরকারের লক্ষ্য।’

বর্তমান সরকার রোহিঙ্গা ক্যাম্পসমূহের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার স্বার্থে ও মানবিক সংকট মোকাবেলায় অত্যন্ত সুচিন্তিত, বাস্তবধর্মী ও বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “ক্যাম্পসমূহের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষা, স্বাগতিক কমিউনিটির সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অক্ষুণ্ন রাখা এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে গঠিত উচ্চ পর্যায়ের ‘বলপ্রয়োগে বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকগণের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটি’ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে।”

তিনি বলেন, “এর পাশাপাশি, ক্যাম্পসমূহে অবস্থানরত রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদান ও তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া তরান্বিত করতে প্রয়োজনীয় কৌশলগত নীতিনির্ধারণ ও অধিকতর সমন্বয়ের লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘ এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সমন্বয়ে গঠিত ‘ন্যাশনাল টাস্ক ফোর্স’ সার্বক্ষণিকভাবে মাঠপর্যায়ের কার্যক্রম তদারকি করছে।”

রোহিঙ্গা ইস্যু নিয়ে বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের মাধ্যমে এই বিপুল সংখ্যক বলপ্রয়োগে বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে সসম্মানে স্বদেশে ফেরত পাঠাতে বর্তমান সরকার নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%