ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাবনায় যুবলীগ নেতা আটকের পর বিক্ষোভ, পরে ছেড়ে দেয় পুলিশ


পাবনায় যুবলীগ নেতা আটকের পর বিক্ষোভ, পরে ছেড়ে দেয় পুলিশ

পাবনার ভাঙ্গুড়ায় যুবলীগের এক নেতাকে আটক করে থানায় নিয়ে যাওয়ার পর তাঁকে ছাড়িয়ে নিতে থানায় বিক্ষোভ ও অবস্থান নেন প্রায় ৩০০ গ্রামবাসী। পরে পুলিশের সঙ্গে গ্রামবাসীর প্রতিনিধিদের আলোচনা হয়েছে এবং এর ফলস্বরূপ আটক রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দেয় পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এটি ঘটে। আটক রিপন সরকার (৪০) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা ও হাবিবুর সরকারের ছেলে। তিনি পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) পরিদর্শক আরিফুল ইসলাম পাটুলিপাড়া গ্রাম থেকে নাশকতা সম্পৃক্ততার সন্দেহভাজন হিসেবে রিপন সরকারকে আটক করে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার

তবে স্থানীয়দের ভাষ্যে উল্লেখ করা হয়েছে, টেবুনিয়া বাঘাবাড়ী আঞ্চলিক মহাসড়কসংলগ্ন পাটুলিপাড়া গ্রামের একটি খাসজমি ও ছোট বাজারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে গ্রামবাসীর সঙ্গে ইউনুস সরকার নামে এক ব্যক্তির বিরোধ চলছিল। গ্রামবাসীর অভিজ্ঞতা থেকে দেখা যায়, সরকারি জায়গা দখল করে ইউনুস সরকার সেখানে একটি ঘর নির্মাণ করেছিলেন। পরে গ্রামবাসী ঐ ঘরটি ভেঙে সেখানে পুনরায় মাছের বাজার বসান এবং স্থানটিকে ছোট বাজার ও অটোরিকশা স্ট্যান্ড হিসেবে ঘোষণার পর ব্যানার টাঙান। অন্যদিকে, ইউনুস সরকার জায়গাটি নিজের দাবি করে রিপন সরকারসহ কয়েকজন গ্রামবাসীকে অভিযুক্ত করে থানায় অভিযোগ দায়ের করেন।

গ্রামবাসীর দাবী, ওই বিরোধে তাদের পক্ষে সক্রিয়ভাবে অবস্থান নিয়েছিলেন রিপন সরকার। ধারণা করা হচ্ছে তাঁকে হয়রানি ও আন্দোলন থামাতেই পুলিশ আটক করেছে। তারা আরও দাবি করেন, ইউনুস সরকারের দায়ের করা অভিযোগের কারণে তাঁকে আটক করা হয়ে থাকতে পারে। রিপন সরকারকে থানায় নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে প্রায় ৩০০ গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় গিয়ে বিক্ষোভ করেন এবং তাঁকে মুক্তির দাবি জানান। পুলিশ এই সময় বিক্ষোভকারীদের থানার চত্বর থেকে বাইরে সরিয়ে দেয়।

প্রত্যক্ষদর্শীদের মতে, এ সময় ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম উপস্থিত লোকজনকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি যুবলীগের সভাপতিকে নিয়ে এসেছি। আপনারা কেন এসেছেন? আপনারা কি মব করতে চান? এই মুহূর্তে থানা এলাকা ছেড়ে চলে যান।’

পরে বিক্ষোভকারীদের শীর্ষ পাঁচজনকে নিয়ে ওসির কক্ষে আলোচনা হয়। আলোচনা শেষে রিপন সরকারকে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। প্রতিনিধিদল তাকে সঙ্গে নিয়ে থানার অঙ্গন থেকে বের হয়ে গ্রামে ফিরে যান।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

তবে রিপন সরকারকে কেন আটক করা হয়েছিল এবং পরে কী বিবেচনায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম বলেন, নাশকতার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছিল। জিজ্ঞাসাবাদের সময় তাঁর সম্পৃক্ততা না পাওয়া ও গ্রামবাসীর বিক্ষোভ ও দাবীর কারণে তাঁকে তাদের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এদেশে স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে জোর দেয়া হচ্ছে: ব্রেন্ট ক্রিস্টেনসেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


এদেশে স্থিতিশীল ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে জোর দেয়া হচ্ছে: ব্রেন্ট ক্রিস্টেনসেন

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। স্থিতিশীল এবং স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিতে জোর দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

শনিবার (০৪ জুলাই) রাজধানীর বনানীতে আয়োজিত আমেরিকার ২৫০ বছর পূর্তি অনুষ্ঠানে এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

প্রযুক্তি, ফামেসি, ডিজিটাল অর্থনীতি, ডিফেন্সসহ বিভিন্ন খাতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন বলেন, অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক উন্নয়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় বাংলাদেশ।

এসময় তিনি আরও বলেন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে ব্যবসাবান্ধব নীতিকৌশল প্রণয়ন করছে সরকার।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের সমাপ্তি টানা হয়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে আক্রান্ত ২ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩২ পি.এম


হাম উপসর্গে আক্রান্ত ২ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৩৩ জন শিশু।

শনিবার (৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর হাম বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ পর্যন্ত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মোট ৬৩৮ জন শিশুর মৃত্যু হয়েছে। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৩ জন শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৩১ জন শিশু মারা গেছে।

এছাড়া ২৪ ঘণ্টায় ১০১ জন শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৩২। এই সময়ে ৭০৪ জন শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৬৭৫ জন শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ চার হাজার ৬৯৩, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ৫২৬। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৭ হাজার ৯৬৬ জন রোগী, যাদের মধ্যে ৮৪ হাজার ২১৮ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তীব্র গরম উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


তীব্র গরম উপেক্ষা করে যুক্তরাষ্ট্রে স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন

আমেরিকা স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করছে। তীব্র রাজনৈতিক বিভেদ এবং অসহনীয় গরমের মধ্যে, আজ শনিবার (৪ জুলাই) থেকে সারা দেশে স্বাধীনতার উৎসব শুরু হয়েছে।

স্বাধীনতার ঘোষণাপত্র স্বাক্ষর — যা ইতিহাসের অন্যতম বিখ্যাত গণতান্ত্রিক আদর্শের প্রকাশ ভাবে পালিত হচ্ছে। উৎসবের কেন্দ্রবিন্দুতে থাকবেন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি ওয়াশিংটনের ন্যাশনাল মলে বক্তৃতা দেবেন, এর আগে রাজধানীর আকাশে ইতিহাসের অন্যতম বড় আতশবাজির প্রদর্শনী হবে।

শুক্রবার (৩ জুলাই) ট্রাম্প সাউথ ডাকোটায় মাউন্ট রাশমোরে ছিলেন। সেখানে তিনি আমেরিকায় কমিউনিজমের হুমকি নিয়ে জোরালো ভাষায় বক্তৃতা দেন। পেছনে চার সাবেক প্রেসিডেন্টের খোদাই করা মূর্তি ছিল।

দেশজুড়ে আতশবাজির অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিকাগোর নেভি পিয়ার, নিউইয়র্ক সিটির আকাশসীমা এবং নিউ ইয়ার্স ইভের মতো মধ্যরাত্রির বল ড্রপসহ বিভিন্ন উৎসব চলছে। রোড আইল্যান্ডের ব্রিস্টল শহরও স্বাধীনতার এই মাইলফলক পালন করছে। এখানে ১৭৮৫ সাল থেকে স্বাধীনতা দিবস উদযাপন হয়ে আসছে।

এনডিষের ২৫০তম বার্ষিকী নিয়ে সারা বছর ধরে উৎসাহ বেড়েছে। এটি আমেরিকানদের দেশের জটিল ইতিহাস — সাম্রাজ্যের উপনিবেশ থেকে বিশ্বশক্তিতে পরিণত হওয়ার — বিষয়ে ভাবনার সুযোগ দিচ্ছে। তবে পূর্ব উপকূলে তীব্র দাবদাহের কারণে অনেক অনুষ্ঠান ব্যাহত হয়েছে। কোথাও কোথাও তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইটের ওপরে উঠেছে।

ওয়াশিংটনে শুক্রবার দুপুরের তীব্র গরমে গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার কয়েক ঘণ্টার জন্য বন্ধ ছিল। শনিবার স্বাধীনতা দিবসের কুচকাওয়াজও বাতিল করা হয়েছে।

অন্যদিকে পশ্চিম উপকূলে আবহাওয়া তুলনামূলকভাবে আরামদায়ক। শুক্রবার সিয়াটলের উপকণ্ঠ ইসাকোয়াতে মেগান কুরোস্কি (৩১) তার দুটি কুকুর নিয়ে পার্কে গিয়েছিলেন। তিনি জানান, এই মাইলফলক উদযাপনের জন্য তিনি খুব উন্মুখ। সম্ভবত প্যাডেলবোর্ড থেকে আতশবাজি দেখবেন। ‘সবাই খুব উৎসাহী মনে হচ্ছে ২৫০ বছর উদযাপন করতে,’ বলেন তিনি।

এই ছুটির উইকেন্ড খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে ভরপুর। শনিবার মেজর লিগ বেসবলের একাধিক ম্যাচ রয়েছে। বিশ্বকাপ ফুটবল (৩২ বছর পর প্রথমবার যুক্তরাষ্ট্রে) হিউস্টন ও ফিলাডেলফিয়ায় হবে। শুক্রবার আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে কেপ ভার্ডেকে পরাজিত করেছে।

পপ সংস্কৃতিতেও উত্তেজনা রয়েছে। টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসির বিয়ে নিয়ে অনলাইনে আলোচনা চলছে। ম্যাডোনা তার ১৫তম স্টুডিও অ্যালবাম (নাচের গানভিত্তিক) প্রকাশ করেছেন।

উদযাপনের সময়েও দেশে রাজনৈতিক ও সাংস্কৃতিক বিভেদ গভীরতর হচ্ছে — জাতি, শ্রেণি, অভিবাসন ও শাসনব্যবস্থা নিয়ে বিতর্ক চলছে। মাউন্ট রাশমোরে ট্রাম্প কমিউনিজমকে ‘আমেরিকান স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, ‘এটি আমাদের দেশের জন্য সবচেয়ে বড় হুমকি, বিশ্বযুদ্ধ, পার্ল হারবার বা ৯/১১-এর চেয়েও।’

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি (ডেমোক্র্যাট ও ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট) ট্রাম্পের নাম না নিয়ে বলেন, ‘যে আদর্শের ওপর আমাদের দেশ গড়ে উঠেছে — সেগুলো যেকোনো স্বৈর শাসন সহ্য করতে যথেষ্ট শক্তিশালী, কিন্তু শুধু যদি আমরা সেগুলোকে আঁকড়ে ধরি।’

ছুটির আগে কানসাসের টোপেকায় অটো টেকনিশিয়ান জো ফুকোয়া-বেজারানো বলেন, রাজনীতির চেয়ে স্থিতিস্থাপকতাই আমেরিকানদের বেশি চিহ্নিত করে।

‘আমাদের সকলকে কোথাও না কোথাও ঐক্য খুঁজে নিতে হবে — হাসি বা ধৈর্যের মাধ্যমে — এবং সবাইকে ঠান্ডা রাখতে হবে,’ বলেন তিনি আতশবাজির দোকান থেকে।

ওয়াশিংটনের নিউক্যাসলে জেরি চিন বলেন, তিনি ২৫০তম বার্ষিকী সম্পর্কে জানতেন না। তিনি স্ত্রী ও কুকুরদের নিয়ে ঘরে শান্তভাবে ছুটি কাটাবেন (কুকুরগুলো আতশবাজির শব্দে ভয় পায়)। ‘আমেরিকা একটি দারুণ দেশ,’ বলেন তিনি, ‘কিন্তু কিছু উদ্বেগও রয়েছে।’

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

শনিবার, ৪ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪২ পি.এম


মাদক সেবনের পর ‘মতিভ্রম’, নিজের পুরুষাঙ্গ কেটে ফেললেন যুবক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার ৮ নম্বর বাঁশবাড়িয়া ইউনিয়নের রুলি গ্রামে মাদক সেবনের পর মো. সালাউদ্দিন (২২) নামে এক যুবক নিজের পুরুষাঙ্গ নিজেই কেটে ফেলেছেন।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে ওই যুবকের নিজ বসতবাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিনের বাড়ি চাপাতলা গ্রামে হলেও পারিবারিক কারণে সালাউদ্দিন ও তার মা দীর্ঘদিন ধরে রুলি গ্রামে ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

এলাকাবাসীর দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ঘটনার দিনও তিনি মাদক সেবনের পর মানসিক ভারসাম্য হারিয়ে নিজের লিঙ্গ নিজেই কেটে ফেলেন।

তবে এ বিষয়ে এখনও প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত বক্তব্য পাওয়া যায়নি।

রুলি গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলাম জানান, খবর পেয়ে এলাকাবাসি ছুটে গিয়ে গুরুতর আহত অবস্থায় সালাউদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, কী কারণে এমন ঘটনা ঘটেছে তা নিশ্চিতভাবে বলা না গেলেও ঘটনাটি সত্য।

বাঁশবাড়িয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সদস্য নাসির হোসেন বলেন, স্থানীয়ভাবে বিষয়টি জেনেছি এবং খোঁজ নিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছি। তবে এর পেছনের প্রকৃত কারণ তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে এখনও থানায় আনুষ্ঠানিকভাবে কেউ জানায়নি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে অনুসন্ধান চলছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%