বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৩৪ পি.এম
বিশ্বকাপ জয়ের অনুভূতি সম্পর্কে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক ভালোভাবেই অবগত। ১৯৯২ সালে ইমরান খানের নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। তবে ক্রিকেট ইতিহাসে অনেক কিংবদন্তি রয়েছেন, যারা নিজেদের ব্যক্তিগত পারফরম্যান্সে শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেও ক্যারিয়ারে কখনো বিশ্বকাপের ট্রফি হাতে তুলতে পারেননি। ইনজামাম সেই আক্ষেপের গল্প তুলে ধরেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়েবসাইটে প্রকাশিত নিজের কলামে ইনজামাম বিশ্বকাপ না-জেতা ১২ জন ক্রিকেটারকে বেছে নিয়েছেন। তার মতে, এই ক্রিকেটারদের প্রত্যেকেরই অন্তত একবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা ছিল।
কলামে ইনজামাম ১৯৯২ সালের বিশ্বকাপ ফাইনালের স্মৃতিচারণা করে জানান, মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শিরোপা জয়ের রাতটি তার ক্রিকেটজীবনের অন্যতম সেরা মুহূর্ত। বিশ্বকাপ জয়ের আগে আন্তর্জাতিক ক্রিকেটে তার পরিচিতি খুব বেশি ছিল না। কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার পর বদলে যায় সেই পরিস্থিতি। তবে বিশ্বকাপের ট্রফি ছুয়ে দেখার সৌভাগ্য যাদের হয়নি, তাদের কথা ভাবলে এখনো তার খারাপ লাগে।
এ প্রসঙ্গে স্যার রিচার্ড হ্যাডলি, জহির আব্বাস, আবদুল কাদির ও ডেনিস লিলির নাম উল্লেখ করেছেন তিনি। এরপর নিজের পছন্দের ১২ ক্রিকেটারের কথা তুলে ধরেছেন।
সাঈদ আনোয়ার, পাকিস্তান
পাকিস্তানের সাবেক ওপেনার সাঈদ আনোয়ারকে ইনজামাম নিজের পছন্দের অন্যতম সেরা ওয়ানডে ব্যাটার মনে করেন। তার মতে, ব্যাটিংয়ে সৌন্দর্য ও শক্তির অসাধারণ সমন্বয় ছিল সাঈদের খেলায়। ৮০-এর বেশি স্ট্রাইক রেটে ব্যাট করলেও তার শটের মধ্যে থাকত দারুণ মাধুর্য।
১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে সাঈদের দুর্দান্ত সেঞ্চুরির কথাও স্মরণ করেছেন ইনজামাম। ফাইনালেও তার কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা ছিল। তবে লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় পাকিস্তানের।
এ ছাড়া ১৯৯৭ সালে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে সাঈদের ১৯৪ রানের ইনিংস এবং ২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে ভারতের বিপক্ষে করা শতকের কথাও উল্লেখ করেছেন তিনি। ইনজামামের মতে, এমন একজন ব্যাটারের হাতে বিশ্বকাপের ট্রফি উঠলে সেটি দারুণ হতো।
সৌরভ গাঙ্গুলী, ভারত
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বিশ্বকাপ না জেতাকে দুর্ভাগ্যজনক মনে করেন ইনজামাম। তার মতে, সৌরভের নেতৃত্বেই ওয়ানডে ক্রিকেটে ভারত অনেক দূর এগিয়ে গিয়েছিল।
সৌরভের ব্যাটিংয়ের বিশেষত্ব ছিল অফ সাইডে তার অসাধারণ দক্ষতা। ওই অঞ্চলে তার শট খেলার ধরন ছিল দৃষ্টিনন্দন। ইনজামামের পর্যবেক্ষণ, সৌরভ ভালো রান পেলেই বেশির ভাগ সময় ভারত জয়ের পথে এগিয়ে যেত।
২০০৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের প্রসঙ্গ টেনে ইনজামাম বলেন, প্রতিভাবান এই অধিনায়কের হাতে বিশ্বকাপের ট্রফি না ওঠাটা সত্যিই হতাশার।
ব্রায়ান লারা, ওয়েস্ট ইন্ডিজ
ব্রায়ান লারাকে ইনজামাম নিজের দেখা সেরা বাঁহাতি ব্যাটারদের একজন হিসেবে বিবেচনা করেন। টেস্ট কিংবা সীমিত ওভারের ক্রিকেট—যেকোনো সংস্করণের বিশ্ব একাদশ গড়লেও লারা থাকতেন তার পছন্দের তালিকার প্রথম দিকে।
ইনজামামের মতে, লারা ছিলেন অসাধারণ ম্যাচজয়ী ক্রিকেটার। বিশেষ করে রান তাড়ার সময় তার সামর্থ্য ছিল অসাধারণ। প্রতিপক্ষের বোলিং আক্রমণ যত শক্তিশালীই হোক, ওভারপ্রতি সাত-আট রান তোলার সক্ষমতা ছিল তার। মাঠের চারপাশে শট খেলার দক্ষতাও তাকে অন্যদের চেয়ে আলাদা করেছিল।
১৯৯৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের শিরোপা জয়ের ভালো সুযোগ ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালের একপর্যায়ে ক্যারিবীয়দের জয় অনেকটাই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি হেরে যায় তারা। ফলে লারার বিশ্বকাপ জয়ের স্বপ্নও অপূর্ণ থেকে যায়।
জ্যাক ক্যালিস, দক্ষিণ আফ্রিকা
ইনজামামের চোখে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই সমান কার্যকর হওয়ায় যেকোনো দলে জায়গা পাওয়ার যোগ্যতা ছিল তার।
ওয়ানডে ক্রিকেটে শচীন টেন্ডুলকারের পরই ক্যালিসকে নিজের পছন্দের তালিকায় রাখেন ইনজামাম। তার মতে, স্যার গ্যারি সোবার্সের সঙ্গে তুলনা করার মতো সামর্থ্য ছিল দক্ষিণ আফ্রিকার এই অলরাউন্ডারের।
ক্যালিসের বোলিং দক্ষতার কথাও বিশেষভাবে তুলে ধরেছেন তিনি। পুরোনো বলে রিভার্স সুইং করানোর পাশাপাশি নতুন বলে ঘণ্টায় ১৪৫ কিলোমিটারের বেশি গতিতে বোলিং করার সামর্থ্য ছিল তার। ১৯৯৯ ও ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ের ভালো সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত ট্রফি অধরাই থেকে যায় ক্যালিসের।
মার্টিন ক্রো, নিউজিল্যান্ড
নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক মার্টিন ক্রোকে ইনজামাম নিজের সর্বকালের প্রিয় ক্রিকেটারদের একজন হিসেবে উল্লেখ করেছেন। স্পিন ও পেস—দুই ধরনের বোলিংয়ের বিপক্ষেই তার ব্যাটিং দক্ষতা ছিল অসাধারণ।
ইনজামামের মতে, অনেক বড় ব্যাটার দেখলেও কৌশলগত দিক থেকে ক্রোর ব্যাটিং তাকে বিশেষভাবে মুগ্ধ করেছিল।
১৯৯২ বিশ্বকাপে ক্রোর দুর্দান্ত পারফরম্যান্সে সেমিফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। দল হিসেবেও বেশ শক্তিশালী ছিল তারা। তবে সেমিফাইনালে পাকিস্তানের কাছে হেরে বিদায় নিতে হয় কিউইদের। ইনজামামের মতে, বিশ্বকাপ জয়ের যোগ্যতা ক্রোর ছিল, কিন্তু শেষ পর্যন্ত পাকিস্তান নিজেদের সেরা ক্রিকেট খেলেই নিউজিল্যান্ডের যাত্রা থামিয়ে দেয়।
রাহুল দ্রাবিড়, ভারত
ভারতের ব্যাটিংয়ের অন্যতম নির্ভরযোগ্য স্তম্ভ ছিলেন রাহুল দ্রাবিড়। তার অসাধারণ ব্যাটিংয়ের কারণে পরিচিতি পেয়েছিলেন ‘দ্য ওয়াল’ নামে। বিভিন্ন ধরনের শট খেলার দক্ষতায় বহু ম্যাচে দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছেন তিনি। ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন প্রায় ১১ হাজার রান নিয়ে।
সৌরভ গাঙ্গুলী, শচীন টেন্ডুলকার ও বীরেন্দর শেবাগের সঙ্গে মিলে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইনআপ গড়ে তুলেছিলেন দ্রাবিড়। তবে এত তারকা ক্রিকেটার একসঙ্গে খেলেও ভারতকে বিশ্বকাপ জেতাতে পারেননি।
ইনজামামের মতে, সৌরভের মতো দ্রাবিড়েরও বিশ্বকাপ জয়ের সবচেয়ে ভালো সুযোগ ছিল ২০০৩ সালে। কিন্তু ফাইনালে রিকি পন্টিংয়ের অসাধারণ ইনিংসে ভারতের স্বপ্ন ভেঙে যায়।
ইয়ান বোথাম, ইংল্যান্ড
ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার ইয়ান বোথামকে ইনজামাম নিজের দেখা অন্যতম আক্রমণাত্মক ক্রিকেটার মনে করেন। এমন এক সময়ে তিনি খেলেছেন, যখন ওয়ানডে ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের প্রচলন আজকের মতো ছিল না। তবু ব্যাট ও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বোথাম।
ইনজামামের মতে, জ্যাক ক্যালিসের আগে ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই সমান দক্ষ একজন অলরাউন্ডার ছিলেন বোথাম। স্লিপে তার ক্যাচ ধরার দক্ষতাও ছিল অসাধারণ।
১৯৯২ বিশ্বকাপ ফাইনালে দ্রুত বোথামকে আউট করতে পেরে পাকিস্তান ভাগ্যবান ছিল বলে মনে করেন ইনজামাম। কারণ, উইকেটে টিকে থাকলে নিজের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের চিত্র বদলে দিতে পারতেন তিনি। তবে বোথামের বিশ্বকাপ জয়ের সবচেয়ে ভালো সুযোগ ছিল ১৯৮৩ সালে বলে মনে করেন ইনজামাম।
অনিল কুম্বলে, ভারত
ভারতের সাবেক লেগ স্পিনার অনিল কুম্বলের বোলিংয়ের সবচেয়ে বড় শক্তি ছিল নিয়ন্ত্রণ। বল খুব বেশি ঘোরাতে না পারলেও নিখুঁত লাইন ও লেংথ দিয়ে ব্যাটারদের চাপে রাখতেন তিনি।
ইনজামামের মতে, সহায়ক উইকেট পেলে কুম্বলে একাই প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে পারতেন। তার আগ্রাসী মানসিকতাও মুগ্ধ করত পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারকে। পেসারদের মতোই আক্রমণাত্মক মনোভাব নিয়ে বোলিং করতেন কুম্বলে।
২০০৩ বিশ্বকাপে সেঞ্চুরিয়নে ভারতের স্বপ্নভঙ্গের মধ্য দিয়েই কুম্বলের বিশ্বকাপ জয়ের আশাও শেষ হয়ে যায় বলে মনে করেন ইনজামাম।
ওয়াকার ইউনিস, পাকিস্তান
পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনিসের বিশ্বকাপ না জেতার গল্পটি ইনজামামের কাছে বিশেষভাবে কষ্টের। ১৯৯২ বিশ্বকাপে পিঠের চোটের কারণে টুর্নামেন্টের মাঝপথেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে হয়েছিল ওয়াকারকে।
ইনজামাম স্মরণ করেছেন, বিশ্বকাপ জয়ের পর পাকিস্তান দল ইসলামাবাদ বিমানবন্দরে পৌঁছালে একটি ট্রাকের ওপর দাঁড়িয়ে কাঁদছিলেন ওয়াকার। বিশ্বকাপজয়ী দলের অংশ হতে না পারার কষ্ট তার চোখেমুখে স্পষ্ট ছিল।
ওয়াসিম আকরামের সঙ্গে ওয়াকারের বোলিং জুটিকে ক্রিকেট ইতিহাসের অন্যতম ভয়ংকর জুটি হিসেবে উল্লেখ করেছেন ইনজামাম। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতির ইয়র্কারে প্রতিপক্ষের ব্যাটারদের নাজেহাল করতেন তারা।
১৯৯৯ বিশ্বকাপে ফাইনালে পাকিস্তানের হার এবং ২০১১ সালে মোহালিতে ভারতের কাছে পরাজয়ের সময়ও বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়নি ওয়াকারের। দ্বিতীয় ঘটনাটির সময় তিনি ছিলেন পাকিস্তান দলের কোচ।
অ্যালান ডোনাল্ড, দক্ষিণ আফ্রিকা
দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার অ্যালান ডোনাল্ডের গতি প্রথমবার দেখেই মুগ্ধ হয়েছিলেন ইনজামাম। ১৯৯২ সালে তার বিপক্ষে ব্যাট করার অভিজ্ঞতা তুলে ধরে ইনজামাম জানান, তখন ডোনাল্ড রিভার্স সুইংয়ে খুব একটা দক্ষ ছিলেন না। তবে অল্প সময়ের মধ্যেই এই কৌশল আয়ত্ত করে নেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের শুরুর দিকের সাফল্যে ডোনাল্ডের অবদান ছিল গুরুত্বপূর্ণ। নিয়মিত প্রতিপক্ষের টপ অর্ডারে ধস নামাতেন এই পেসার। কিন্তু ক্যারিয়ারে একবারও বিশ্বকাপ জেতা হয়নি তাঁর।
১৯৯২ বিশ্বকাপে বৃষ্টির কারণে বদলে যাওয়া সমীকরণ, ১৯৯৯ সালে স্টিভ ওয়াহর ক্যাচ হাতছাড়া করা এবং সেমিফাইনালের সেই নাটকীয় টাই—একের পর এক ঘটনা ডোনাল্ডকে বিশ্বকাপের ট্রফি থেকে দূরে সরিয়ে রেখেছিল।
কার্টলি অ্যামব্রোস, ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কার্টলি অ্যামব্রোসের উচ্চতা ও বোলিং দক্ষতা তাকে অন্যদের চেয়ে আলাদা করেছিল। ইনজামামের মতে, এত দীর্ঘদেহী একজন বোলারের দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলে যাওয়া নিজেই বড় অর্জন।
অ্যামব্রোসের বোলিংয়ের সবচেয়ে বড় শক্তি ছিল নিখুঁত লাইন ও লেংথ। দুই দিকেই বল সুইং করাতে পারতেন তিনি। ফলে বিশ্বের যেকোনো প্রান্তে ব্যাটারদের জন্য তাকে সামলানো কঠিন ছিল।
মাইকেল হোল্ডিং, ম্যালকম মার্শাল ও অ্যান্ডি রবার্টসের মতো কিংবদন্তি পেসাররা বিদায় নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে যে শূন্যতা তৈরি হয়েছিল, কোর্টনি ওয়ালশের সঙ্গে জুটি বেঁধে তা অনেকটাই পূরণ করেছিলেন অ্যামব্রোস।
ব্রায়ান লারা ও কোর্টনি ওয়ালশের মতো অ্যামব্রোসেরও ১৯৯৬ বিশ্বকাপে শিরোপা জয়ের সুযোগ ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই স্বপ্ন পূরণ হয়নি।
জন্টি রোডস, দক্ষিণ আফ্রিকা
ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিল্ডার জন্টি রোডসকে তালিকার শেষ ক্রিকেটার হিসেবে রেখেছেন ইনজামাম। তার মতে, শুধু ফিল্ডিং দক্ষতার কারণেই যেকোনো দলের একাদশে জায়গা পাওয়ার যোগ্যতা ছিল জন্টির।
জন্টির বিপক্ষে খেলতে নামলে ব্যাটারদের রান হিসাব করার সময় তার ফিল্ডিংয়ের কারণে ৩০-৪০ রান কম ধরে রাখতে হতো বলে জানিয়েছেন ইনজামাম। ১৯৯২ বিশ্বকাপে তাকে রানআউট করার সেই স্মৃতিও এখনো মনে আছে পাকিস্তানের সাবেক এই ব্যাটারের।
ইনজামামের মতে, জন্টির অসাধারণ অ্যাথলেটিক দক্ষতা শুধু তার নিজের পারফরম্যান্সেই প্রভাব ফেলেনি, পুরো দলের ফিল্ডিংয়ের মানসিকতা বদলে দিয়েছিল। সতীর্থদেরও ভালো ফিল্ডিং করতে অনুপ্রাণিত করতেন তিনি।
ক্রিকেটে ফিল্ডিংয়ের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার পেছনে জন্টি রোডসের বড় অবদান রয়েছে বলেও মনে করেন ইনজামাম।
সবশেষে ইনজামাম মনে করিয়ে দিয়েছেন, এই ১২ ক্রিকেটার নিজেদের সময়ে ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিং দিয়ে ক্রিকেটকে সমৃদ্ধ করেছেন। তাদের প্রত্যেকেরই বিশ্বকাপ জয়ের সামর্থ্য ছিল। কিন্তু সব সময় যোগ্যতার ভিত্তিতে ক্রিকেটে সাফল্য আসে না।
১৯৯২ সালে বিশ্বকাপ জয়ের সৌভাগ্য হওয়ায় নিজেকে ভাগ্যবান মনে করেন ইনজামাম। মেলবোর্নের সেই ট্রফি জয়ের স্মৃতি আজও তার কাছে অমূল্য। তবে ইসলামাবাদ বিমানবন্দরে বিশ্বকাপজয়ী দলের বাইরে থাকা ওয়াকার ইউনিসের কান্নার দৃশ্য তাকে মনে করিয়ে দেয়, শিরোপা জয়ের আনন্দ যেমন অসাধারণ, তেমনি সেই আনন্দ থেকে বঞ্চিত হওয়ার কষ্টও অনেক গভীর।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় দুর্যোগের আগাম সতর্কবার্তা প্রচার ও পূর্বপ্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভাটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টায় ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ-এর থ্রাইভ প্রকল্পের আয়োজনে নীলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সিপিপি নীলগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ইউনিটের সদস্য জাকির হোসেন। উপস্থিত ছিলেন নাওভাঙ্গা ছালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক ও সিপিপি ইউনিট টিম লিডার আবু তালেব ইভান মাতব্বর, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠন পাশে দাঁড়াইয়ের সভাপতি নয়নাভিরাম গাইন (নয়ন), ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ, কলাপাড়ার ফিল্ড ফ্যাসিলিটেটর তুষার বাড়েই, চাকামইয়া এলাকার ফিল্ড ফ্যাসিলিটেটর আল-আমীন, ফিল্ড মোবিলাইজার আসমা বেগমসহ নীলগঞ্জ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ওয়ার্ল্ড কনসার্ন মনোনীত ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা।
সভায় অংশগ্রহণকারীদের দুর্যোগের পূর্ববর্তী প্রস্তুতি, দুর্যোগ চলাকালীন করণীয় এবং দুর্যোগ-পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদান করা হয়। পাশাপাশি, দুর্যোগের আগাম সতর্কবার্তা দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার গুরুত্ব এবং দুর্যোগ মোকাবিলায় সকলকে সচেতন ও প্রস্তুত থাকার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি প্রতিষ্ঠানের সার্বিক শিক্ষার পরিবেশ, পাঠদানের মান এবং শিক্ষা কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের পড়াশোনা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরিদর্শনকালে শিক্ষা সচিব শ্রেণিকক্ষে গিয়ে পাঠদান কার্যক্রম প্রত্যক্ষ করেন। শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলে তিনি তাদের পড়াশোনা, শ্রেণিকক্ষের পরিবেশ, শিক্ষার মান এবং প্রতিষ্ঠানের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে চান। এ সময় পাঠদান পদ্ধতি ও শিক্ষা কার্যক্রম নিয়ে শিক্ষার্থীদের মতামতও শোনেন তিনি।
পরে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষা সচিব। তিনি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের পরিবেশ নিশ্চিত করা, শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের দায়িত্ব এবং শিক্ষা কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা করেন। একই সঙ্গে প্রতিষ্ঠানের সার্বিক পরিবেশ ও পাঠদানের মান যাচাই করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রকৃত শিক্ষার পরিবেশ ও পাঠদানের মান সরাসরি পর্যবেক্ষণের অংশ হিসেবে এ ধরনের আকস্মিক পরিদর্শন করা হচ্ছে। কাগজে-কলমে শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি শ্রেণিকক্ষে বাস্তবে কীভাবে পাঠদান হচ্ছে এবং শিক্ষার্থীরা কতটা মানসম্মত শিক্ষা পাচ্ছে, তা গুরুত্বের সঙ্গে যাচাই করা হচ্ছে।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ছাড়াও শিক্ষা সচিব রাজধানীর সিদ্ধেশ্বরী স্কুলসহ আশপাশের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। এসব প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, পাঠদানের পরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।
এদিকে শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে দেশের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে স্কুল বাস চালুর উদ্যোগ নিয়েও কাজ করছেন শিক্ষা সচিব আবদুল খালেক। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের যাতায়াতে নিরাপত্তা বাড়ার পাশাপাশি সড়কে ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরশীলতা ও ভোগান্তি কমবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদানের মান ও পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের যাতায়াত নিরাপদ করার উদ্যোগের মাধ্যমে শিক্ষা ব্যবস্থাপনায় মাঠপর্যায়ের তদারকি বাড়ানোর চেষ্টা চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে নেত্রকোনা থেকে পুলিশ গ্রেপ্তার করেছে।
বুধবার (১১ নভেম্বর) রাতে নেত্রকোনায় তার বোনের বাড়ি থেকে ঢাকার কোতোয়ালি থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই তথ্যটি নিশ্চিত করেছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল।
পলাতক আসামি কাউসার মিয়া নেত্রকোনার স্থায়ী বাসিন্দা। তার পিতার নাম রুকু মিয়া।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে রাজধানীর দক্ষিণখান থানার গার্মেন্টস কর্মী আলো হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এজন্য গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আসামি কাউসারকে আদালতে হাজির করা হয়। কিন্তু নির্ধারিত দিনে সাক্ষী উপস্থিত না থাকায় শুনানি হয়নি। পরে তাকে কাঠগড়ায় রাখা হয়। আদালতের কার্যক্রম শেষে আসামিকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতি চলছিল। সেই সময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যের নজর এড়িয়ে হাতকড়া খুলে কাউসার আদালত থেকে পালিয়ে যান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
বলিউডের অন্যতম আলোচিত জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। সম্প্রতি তারা জনপ্রিয় টকশো ‘কফি উইথ করণ’ সিজন ৯-এ অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজেদের সম্পর্কের অজানা অনেক অধ্যায় শেয়ার করেছেন। প্রেমের গল্প থেকে শুরু করে বিয়ের নানা দিক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তারা।
তাদের সম্পর্কের একটি কঠিন সময়ের গল্প বিশেষভাবে নজর কাড়ে—যখন বিয়ের পিঁড়িতে বসার ঠিক আগে তাদের সম্পর্ক প্রায় ভেঙে যাওয়ার উপক্রম হয়েছিল।
‘লাস্ট স্টোরিজ’ ও ‘শেরশাহ’ ছবির সেট থেকে শুরু হওয়া এই জুটির প্রেম ধীরে ধীরে গভীর হয়ে ওঠে। কার্গিল শিফটে ৩০ দিন ফোনে কথা বলা থেকে শুরু করে অফিশিয়ালি ডেটিং—সবকিছুই দারুণভাবে চলছিল। কিন্তু যখন সম্পর্কটি বিয়ের দিকে এগোচ্ছিল, তখনই জটিলতা তৈরি হয়।
করণ জোহর এই জুটির সেই কঠিন সময়ের স্মৃতি তুলে ধরে জানান, তিনি সিদ্ধার্থকে এর আগে কখনো এতটা বিপর্যস্ত অবস্থায় দেখেননি।
কিয়ারা সম্পর্কের মধ্যে সেই টানাপোড়েন ও দূরত্ব প্রসঙ্গে বলেন, প্রেম থেকে বিয়ের মতো বড় সিদ্ধান্তে রূপান্তর ঘটার সময়ই মূলত এই সমস্যার সৃষ্টি হয়েছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যখন সম্পর্ক ভাঙনের মুখে, তখন সিদ্ধার্থ ভালোবাসার চাকা ঘোরাতে একটি বড় পদক্ষেপ নেন। কিয়ারা তখন ‘যুগ যুগ জিও’ ছবির শুটিং করছিলেন। ঠিক সেই সময় হঠাৎ করেই সিদ্ধার্থ ফুল হাতে অভিনেত্রীর সেটে হাজির হন।
করণের বর্ণনা অনুযায়ী, এরপর করণের ৫০তম জন্মদিনের ঠিক আগের দিন অতিরিক্ত কাজের চাপে সিদ্ধার্থ ভীষণ জ্বরে পড়েন। অসুস্থ সিদ্ধার্থকে দেখে কিয়ারা আর দূরে থাকতে পারেননি। তিনি নিজে গিয়ে তার খেয়াল রাখতে শুরু করেন এবং এভাবেই তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করে।
এই ঘটনার মাত্র এক মাসের মধ্যে, ওই বছরের জুনে সিদ্ধার্থ কিয়ারাকে বিয়ের প্রস্তাব দেন এবং পরের বছর ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ