ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

ডিআইইউতে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প


ডিআইইউতে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ক্যাম্পাসে দিনব্যাপী ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘নলেজ ইজ পাওয়ার’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। সহযোগিতায় ছিল মেডিপ্লাস ওরাল হেলথ।

রোববার (২৬ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত এ ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য অভিজ্ঞ ডেন্টাল সার্জনদের মাধ্যমে বিনামূল্যে দাঁতের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসা-পরামর্শ প্রদান করা হয়েছে।

ক্যাম্পটির বাস্তবায়নে উপস্থিত ছিলেন ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের জেনারেল ম্যানেজার আপেল মাহমুদ, ফরাজী হাসপাতালের হেড অব করপোরেট মোজাম্মেল হক, ম্যানেজার মোর্শেদুল ইসলাম এবং মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান সম্রাট। ফরাজী ডেন্টালের বনশ্রী ও গুলশান শাখার সৌজন্যে ক্যাম্পের সার্বিক কার্যক্রম পরিচালিত হয়।

আরও পড়ুন: চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের উদ্যোগ

আয়োজন সম্পর্কে ফরাজী ডেন্টাল অ্যান্ড রিসার্চ সেন্টার লিমিটেডের মার্কেটিং ম্যানেজার মো. মিজানুর রহমান সম্রাট বলেন, সাধারণ মানুষের মধ্যে মুখ ও দাঁতের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতেই আমরা নিয়মিত এ ধরনের সামাজিক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছি। শিক্ষকদের ও শিক্ষার্থীদের মধ্যে ডেন্টাল কেয়ার বিষয়ে সচেতনতা তৈরি করা এবং তাদের বিনামূল্যে প্রাথমিক সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। সেবা গ্রহণের পাশাপাশি সচেতনতা বাড়াতে আজ আগত সবাইকে মেডিপ্লাস টুথপেস্ট উপহার হিসেবে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

ক্যাম্পটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। সেবা নিতে আসা এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসেই বিনামূল্যে ডেন্টাল চেকআপের সুযোগ পাওয়া আমাদের জন্য অত্যন্ত উপকারী। চিকিৎসকেরা আন্তরিকতার সঙ্গে দাঁত পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন। সাথে ওরাল হেলথ কিট ও টুথপেস্ট উপহার পেয়েছি। এমন সুন্দর উদ্যোগের জন্য ফরাজী ডেন্টাল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।

বিনামূল্যে উন্নতমানের মেডিকেল ও ডেন্টাল সেবা এবং ওরাল হেলথ কিট পেয়ে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আরও পড়ুন: ইবি প্রশাসনের চার পদে নতুন পরিচালক নিয়োগ

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩২ পি.এম


খালেদা জিয়া শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে: বিমানমন্ত্রী

জিয়াউর রহমান আমাদের শিখিয়েছেন কীভাবে দেশকে ভালোবাসতে হয়। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছেন বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খান রিতা।

তিনি রোববার (২৬ জুলাই) দুপুরে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, অন্যায়ের সঙ্গে আপস করা চলবে না। সততার সঙ্গে চলতে হবে। এসব শিক্ষা আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছি।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের কী শিখাচ্ছেন? তিনি আমাদের সামাজিক ও মানবিক দেশ গড়তে, কাজ করতে এবং জনবান্ধব সরকার গঠন করার শিক্ষা দিচ্ছেন।

এই তিনটি শিক্ষা যদি আমরা আমাদের জীবনে অনুসরণ করি, তবে আমরা আমাদের লক্ষ্য অর্জনে সক্ষম হব।

মন্ত্রী আরও বলেন, দেশ যদি ভালোভাবে না চলে, তবে আমি আমার জীবন গড়তে পারব না। সে ক্ষেত্রে দেশপ্রেম নিয়ে আমাদের দেশকে সামনে রেখে চলতে হবে।

আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন।

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশপ্রেম, সততা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন থাকার গুরুত্ব তুলে ধরেন।

এই সময় তিনি মানিকগুলি সরকারি দেবেন্দ্র কলেজে শহীদ জিয়া, মুক্তিযুদ্ধ এবং জুলাই স্মৃতি কর্নারের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ ড. মুহম্মদ মাহফিল খান, জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ, সাধারণ সম্পাদক সিরাজুর রহমান সজীব, সাংগঠনিক সম্পাদক শাকিব খান অয়নসহ আরও অনেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেলাপোকা পার্টি’র প্রধান অভিজিতের নতুন বার্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৩৪ পি.এম


তেলাপোকা পার্টি’র প্রধান অভিজিতের নতুন বার্তা

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ফলে গড়ে ওঠা আন্দোলন মোদি সরকারের ঘুম হারাম করে দিয়েছিল দেশের তরুণদের নতুন প্লাটফর্ম ককরোচ (তেলাপোকা) জনতা পার্টির মাধ্যমে। এই আন্দোলনের মাধ্যমে ভারতীয় তরুণদের নতুন নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন প্লাটফর্মটির প্রধান অভিজিৎ দিপকে। তার নেতৃত্বে চলা টানা ৩৭ দিনের আন্দোলনের চাপের মুখে বিজেপি সরকার এক প্রকার নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন এবং আন্দোলনের সাথে সংশ্লিষ্ট সব দাবি-দাওয়া মেনে নেওয়া হয়েছে।

এই সফল আন্দোলনের পর এখন ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রধান অভিজিৎ দিপকে নতুন এক বার্তা দিয়েছেন। শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এটি কেবল শুরু, পথ এখনও অনেক বাকি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং সরকার সিজেপির অন্যান্য দাবি মেনে নেওয়ার ফলে ককরোচ পার্টির প্রধানের জন্য এখন কিছুটা বিশ্রামের সময় এসেছে। দেশব্যাপী গড়ে ওঠা এই আন্দোলনের ৩০ বছর বয়সী মুখ সেজন্য বিশেষভাবে বিশ্রামের মুহূর্তগুলো উপভোগ করছেন।

তেলাপোকা পার্টির প্রধানও জানিয়েছেন, ‘কী করতে হবে কিংবা সন্ধ্যা পর্যন্ত কী ঘটবে—এসব চিন্তা না করেই আমি ঘুমাতে যেতে পারছি এবং নিজের শোবার ঘরে ঘুম থেকে উঠতে পারছি।’

রোববার সকালে পোস্ট করা ভিডিও বার্তায় অভিজিৎ বলেন, এখন আর কোনো উৎকণ্ঠা নেই। আন্দোলনের ৩৭ দিনকে তিনি ‘সত্যিই অত্যন্ত কঠিন’ বলে অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারীদের স্মরণ করিয়ে দিয়ে অভিজিৎ বলেন, এটি কেবল শুরু। ককরোচ জনতা পার্টির এখনও অনেক দীর্ঘ পথ পাড়ি দেওয়ার বাকি।

ভারতের প্রধান বিচারপতি তরুণদের ‘তেলাপোকা’ নাম দিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করার পর গত মে মাসে সিজেপি প্রতিষ্ঠা করেছিলেন অভিজিৎ। পরবর্তী প্রায় ৭০ দিনের মধ্যে তা দেশের নতুন প্রজন্মের শক্তিকে এক সুতোয় গাঁথা বিশাল আন্দোলনে রূপ নেয়।

খুব অল্প সময়ের মধ্যে হাজার হাজার ‘তেলাপোকা’ নিজেদের সিজেপির সমর্থক হিসেবে পরিচয় দান করে রাজধানীর প্রাণকেন্দ্র দখল করে নেন। ভারতের ক্ষমতার প্রাণকেন্দ্রের নিকট অবস্থিত ঐতিহাসিক আন্দোলনস্থল যন্তর মন্তরে ককরোচদের ‘ইনকিলাব’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।

নিট প্রশ্নপত্র ফাঁস এবং চাকরিপ্রার্থীদের আত্মহত্যার জন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করেন শিক্ষার্থী ও তরুণ আন্দোলনকারীরা। তারা বিক্ষোভের মাধ্যমে তার পদত্যাগের জন্য চাপ সৃষ্টি করেন। সরকারের গড়িমসিতে প্রতি মুহূর্তে হাজার হাজার সমর্থক যোগ দেন ‘তেলাপোকাদের’ আন্দোলনে।

আন্দোলনের ৩৭ দিনের মাথায় শনিবার (২৫ জুলাই) ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগের ঘোষণা দেন। পাশাপাশি সরকার আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেবে না বলে প্রতিশ্রুতি দেয় এবং সিজেপি তাদের আন্দোলন প্রত্যাহার করে নেয়।

তবে, এই পথটি সহজ ছিল না বলে ভিডিও বার্তায় স্মরণ করে দিয়েছেন অভিজিৎ। অনেকেই নানা সন্দেহ প্রকাশ করলেও যারা সিজেপিকে সমর্থন করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানান তিনি। টাইফয়েডে আক্রান্ত ও জ্বরে ভুগছিলেন এই তরুণ আন্দোলনকর্মী, তাই গতকাল যন্তর মন্তরে উপস্থিত সকলকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে পারেননি।

ভিডিওতে তিনি বক্তব্য রাখেন, যারা দীর্ঘ ৩৭ দিন ধরে যন্তর মন্তরে অপেক্ষা করেছেন, আমি আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। আর আমি আপনাদের বলতে চাই, আপনারা এই দেশের জন্য যা করেছেন, তা আমি সত্যিই মন থেকে অনেক অনেক সম্মান করি।

যারা সমালোচনা করেছেন, তাদেরও ধন্যবাদ জানান তিনি। অভিজিৎ দিপকে জানান, তাদের গঠনমূলক সমালোচনা ও প্রশ্নের মাধ্যমেই তিনি নিজের ভুলত্রুটি শুধরে নিতে পেরেছেন এবং কাঙ্ক্ষিত ফল পেয়েছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এনবিআরের, ঘাটতি ৯২ হাজার ৬১০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৪৯ পি.এম


লক্ষ্যমাত্রা পূরণ হয়নি এনবিআরের, ঘাটতি ৯২ হাজার ৬১০ কোটি টাকা

সদ্য শেষ হওয়া ২০২৫-২৬ অর্থ বছরে মোট রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৪ লাখ ১০ হাজার ৩৯০ কোটি টাকা। এটি লক্ষ্যমাত্রার তুলনায় ৯২ হাজার ৬১০ কোটি টাকা কম রয়েছে।

এ তথ্য জানাইছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এটি রোববার (২৬ জুলাই) দুপুরে প্রকাশ করা হয়েছে।

এছাড়া, জানা গেছে, আমদানি ও রফতানি পর্যায়ে রাজস্ব আদায় হয়েছে ১ লাখ ১১ হাজার ৬২৩ কোটি টাকা। আয়কর ও ভ্রমণখাতে আদায় হয়েছে ১ লাখ ৪২ হাজার ৬৯৮ কোটি টাকা এবং ভ্যাট থেকে সবচেয়ে বেশি আয় হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৬৯ কোটি টাকা। অর্থবছরের শেষ মাস জুনে রাজস্ব আদায় হয়েছে ৪৯ হাজার ৭৫৭ কোটি টাকা।

যদিও ২০২৫-২৬ অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, এনবিআর জানিয়েছে আগের অর্থবছরের তুলনায় ১০ দশমিক ৬৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৯৯৯ নম্বরে ফোন পেয়ে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


৯৯৯ নম্বরে ফোন পেয়ে দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দুই ব্যক্তি গ্রেপ্তার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ সুনামগঞ্জ ও ঢাকার আশুলিয়ায় দুই শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

শনিবার (২৫ জুলাই) রাতে পৃথকভাবে দুইটি ঘটনার মাধ্যমে এসব অভিযোগ ওঠে।

এদিন রাত ৯টার দিকে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার সৈয়দপুর এলাকা থেকে এক ব্যক্তি ৯৯৯ নম্বরে ফোন করেন। তিনি জানান, তার ৫ বছরের ভাতিজিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটি বাবা-মা বাড়িতে না থাকার সময় খেলাধুলা করছিল। তখন তার দূরসম্পর্কের এক চাচা তাকে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে নিপীড়নের চেষ্টা করেন। শিশুর চিৎকারে প্রতিবেশী এবং বাবা-মা ছুটে এসে তাকে উদ্ধার করেন।

৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর থানাকে বিষয়টি জানানো হলে, কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস এবং পুলিশ ডিসপাচার এএসআই সিরাজুল ইসলাম সার্বক্ষণিক যোগাযোগে থাকেন।

পরে জগন্নাথপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সাব্বির মিয়াকে (৪০) গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা একটি মামলা করেন।

অন্যদিকে, একইদিন রাতে ঢাকার আশুলিয়া থানার নিরিবিলি ফালগুনী হাউজিং এলাকায় ৯৯৯ নম্বরে উদ্ধারের জন্য ফোন আসে। সেখানে একজন ব্যক্তি জানান, তার ৫ বছরের নাতনিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। শিশুটি খেলাধুলা করার সময় বিদ্যুৎ চলে গেলে বাইরে আসে। সেই সময়ে অভিযুক্ত ব্যক্তি তার কাছে এসে তাকে স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করেন।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল মালিহা আক্তার কলটি রিসিভ করেন এবং ডিসপাচার এএসআই সিরাজুল ইসলামের মাধ্যমে আশুলিয়া থানাকে তাৎক্ষণিকভাবে অবহিত করেন। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত মো. সেলিমকে (৩১) গ্রেপ্তার করে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে একটি মামলা করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%