০৪:৩৬ পি.এম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক শিক্ষার্থীদের জরুরি প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিজয়-২৪ হলে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ প্রতিষ্ঠা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা। শিক্ষার্থীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসাসামগ্রী সহজলভ্য করার উদ্দেশ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) বিকেল সাড়ে ৫টায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি ফয়জুল করিম বক্সটি শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করেন। এই অনুষ্ঠানটিতে সংগঠনের নেতাকর্মী এবং বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেডিকেল বক্সে প্রাথমিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষিত আছে। এর মধ্যে প্যারাসিটামল, ফ্লাজিল, অমিডন, গ্যাস্ট্রিকের ওষুধসহ বিভিন্ন প্রয়োজনীয় ওষুধ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া থার্মোমিটার, ব্যান্ডেজ, তুলা, হেক্সিসলসহ প্রাথমিক চিকিৎসায় ব্যবহৃত নানাবিধ উপকরণও রাখা হয়েছে।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. সাকিব হোসেন মন্তব্য করেন, ইসলামী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ এমন একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। ফার্স্ট এইড বক্স (প্রাথমিক চিকিৎসার মেডিকেল বক্স) একটি হলে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল ও বিভাগে থাকা প্রয়োজন। যে কোনো দুর্ঘটনা বা অসুস্থতার সময় প্রাথমিক চিকিৎসা গ্রহণে এটি অত্যন্ত কার্যকরী হবে। দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের এমন ধরনের প্রয়াসের প্রয়োজন ছিল। সংগঠনের নাম উল্লেখ না করে তারা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিমুক্ত ক্যাম্পাসের নীতির প্রতি সম্মান জানিয়ে এ বক্সটির নামকরণ করেছেন জুলাই আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুমের নাম অনুসারে। শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ সবার জন্য অনুসরণীয় হতে পারে।
এ বিষয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক আফসার উদ্দিন ইফতি জানান, জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ হিসেবে আব্দুল কাইয়ুমকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যেই বিজয়-২৪ হলের শিক্ষার্থীদের জন্য ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ প্রতিষ্ঠা করা হয়েছে।
তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করেছি, হলে অবস্থানরত শিক্ষার্থীরা জরুরি মুহূর্তে বা হঠাৎ অসুস্থ হলে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহের জন্য অনেক দূরে যেতে হয়। অনেক সময় রাতে ফার্মেসি বা চিকিৎসাকেন্দ্র বন্ধ থাকায় শিক্ষার্থীরা অসুবিধার সম্মুখীন হন। এই বাস্তবতা মাথায় রেখে মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ হিসেবে এই মেডিকেল বক্স স্থাপন করা হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সামগ্রী ও জরুরি ওষুধ নিয়মিত সংরক্ষণ করা হবে, যাতে শিক্ষার্থীরা দ্রুত প্রাথমিক সেবা গ্রহণ করতে পারেন। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।
এই উদ্যোগ সম্পর্কে ইতোমধ্যে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। সংশ্লিষ্টদের মতে, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এ ধরনের মেডিকেল বক্স স্থাপন করা শিক্ষার্থীদের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশনস সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আব্দুল কাইয়ুম। তার স্মৃতিতে বিজয়-২৪ হলে এই মেডিকেল বক্সের নামকরণ করা হয়েছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন