ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

টিকটক কৃত্রিম বুদ্ধিমত্তা কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে


টিকটক কৃত্রিম বুদ্ধিমত্তা কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা তৈরি কনটেন্ট চিহ্নিত করা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ‘টিকটক’। এআই সম্পর্কে সচেতনতা, দক্ষতা, তথ্য প্রদান এবং এআই স্প্যাম শনাক্ত করার উদ্দেশ্যে ‘কোয়ালিশন ফর কনটেন্ট প্রোভেন্যান্স অ্যান্ড অথেন্টিসিটি’ (C2PA) জোটের সঙ্গে সহযোগিতা করছে টিকটক।

এআই সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নতুন ফিচারসহ একটি লার্নিং হাব চালু করেছে টিকটক। এই উদ্যোগের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটরদের তথ্য সুরক্ষিত থাকবে। একইসাথে, এআই দ্বারা তৈরি কনটেন্ট সম্পর্কে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা আরও স্পষ্ট ধারণা লাভ করতে সক্ষম হবে।

যেসব অ্যাকাউন্ট এআই ব্যবহার করে স্প্যাম তৈরি করছে, সেসব কনটেন্ট শনাক্ত করার জন্য পরীক্ষামূলকভাবে উন্নত প্রযুক্তি চালু করবে টিকটক। বিশেষ করে, যেসব বিষয় মানুষের আস্থা বা সুস্থতার ওপর প্রভাব ফেলতে পারে, সেসব বিষয়ে স্প্যাম নির্মূল করতে এ ব্যবস্থায় গুরুত্ব দেওয়া হবে।

আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা

এআই-নির্ভর কনটেন্টের স্বচ্ছতা বাড়ানোর জন্য টিকটক C2PA এর স্টিয়ারিং কমিটিতে যুক্ত হচ্ছে। এছাড়া, প্রতিষ্ঠান ন্যামলি এবং এআই বিশেষজ্ঞ হেনরি আজদারের সঙ্গে যৌথভাবে একটি নতুন গাইডলাইন তৈরি করেছে টিকটক। এখানে এআইয়ের টুলগুলো দায়িত্বশীলভাবে ব্যবহারের বিষয়গুলো উল্লেখ থাকবে।

টিকটকের নতুন ইন-অ্যাপ এআই হাবটি বাংলাদেশসহ বিশ্বজুড়ে ইতোমধ্যে চালু হয়েছে। এতে প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা সরাসরি এআই সম্পর্কে জানতে পারবেন এবং বিভিন্ন রিসোর্সে সহজে অ্যাক্সেস পাবেন।

টিকটক অ্যাপে এআই-সম্পর্কিত কোনো শব্দ সার্চ করলে ব্যবহারকারীরা সার্চ রেজাল্টে AI Hub খুঁজে পাবেন। এখানে এআই দ্বারা তৈরি কনটেন্ট কীভাবে শনাক্ত করা যায় এবং এআই কিভাবে দায়িত্বশীলভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে তথ্য থাকবে।

এআই নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য প্রদান করতে ২০২৫ সাল থেকে ‘নোফিল্টার’ ও ‘রাসবেরি পাই ফাউন্ডেশন’ এর মতো বিশেষজ্ঞ প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে টিকটক। এ পর্যন্ত এই উদ্যোগে প্রায় ৪ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি বিনিয়োগ করেছে টিকটক।

আরও পড়ুন: ফেসবুকের ফ্রি ভেরিফায়েড ব্যাজ পাবেন না নির্দিষ্ট শর্ত পূরণ না করা ব্যবহারকারীরা

প্ল্যাটফর্মে স্প্যাম নিষিদ্ধ করার পাশাপাশি, টিকটক ভুয়া অ্যাকাউন্টগুলোও সরিয়ে ফেলছে। চলতি বছরের প্রথম তিন মাসেই ৮ কোটি ৬০ লাখের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক।

এআই-নির্ভর কনটেন্ট শনাক্ত করতে উৎস-তথ্য, ক্রিয়েটরদের লেবেল এবং অদৃশ্য ওয়াটারমার্ক ব্যবহারের ফিচার রয়েছে টিকটকে। ‘স্মার্ট স্প্লিট’, ‘এআই আউটলাইন’ এবং ‘ম্যানেজ টপিক্স’-এর মতো সুবিধার মাধ্যমে নিরাপদে এআই ব্যবহার এবং কনটেন্টের ওপর আরও নিয়ন্ত্রণ নিশ্চিত হচ্ছে টিকটকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, সরকারের তীব্র নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:৫৯ পি.এম


নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হয়রানি, সরকারের তীব্র নিন্দা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রতি হয়রানির ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তীব্র নিন্দা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এই নিন্দা জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নিষিদ্ধঘোষিত সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট বলে সন্দেহ করা হচ্ছে—এমন একটি গোষ্ঠীর সদস্যরা এই হয়রানির ঘটনায় জড়িত থাকতে পারে।

এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে এবং তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিবৃতিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করা এবং ঘটনার প্রেক্ষিতে যথাযথ পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুসফুসের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ লিও চতুর্দশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


ফুসফুসের অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি পোপ লিও চতুর্দশ

ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ ফুসফুসের নডিউল অপসারণের উদ্দেশ্যে ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) তার ভর্তি হওয়া ঘটনা ঘটে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে।

আনাদোলু এজেন্সির রিপোর্ট অনুযায়ী, পোপের অস্ত্রোপচারটি মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হবে। এই অস্ত্রোপচারটি পরিচালনার জন্য অধ্যাপক স্তেফানো মার্গারিতোরার নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল নিয়োজিত রয়েছে।

ভ্যাটিকানের হলি সি প্রেস অফিস টেলিগ্রামে একটি বার্তায় পোপের হাসপাতলে ভর্তি হওয়ার বিষয়টি এবং অস্ত্রোপচারের তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, অস্ত্রোপচার এবং পোপের শারীরিক অবস্থার সম্পর্কে বিস্তারিত তথ্য সন্ধ্যায় প্রদান করা হবে।

প্রতিবেদন থেকে জানা যায়, পোপের ফুসফুসে একটি নডিউল অপসারণের জন্য এই অস্ত্রোপচারটি করা হবে। ফুসফুসের নডিউল হলো ফুসফুসের টিস্যুতে গঠিত ছোট অস্বাভাবিক গুটি বা দাগ। তবে, পোপের ফুসফুসে থাকা নডিউলটির প্রকৃতি এবং এটি ক্যানসারজনিত কি না, সে সম্পর্কে ভ্যাটিকানের পক্ষ থেকে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

অস্ত্রোপচার শেষে পোপের শারীরিক অবস্থার বিষয়ে আনুষ্ঠানিক হালনাগাদ তথ্যের জন্য তার অনুসারীরা অপেক্ষা করছেন।

সূত্র: আনাদোলু এজেন্সি

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:০০ পি.এম


পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন শ্রমিক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আরাজীগঙ্গারামপুর ৯নং ওয়ার্ডে পৌরসভার নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শ্রমিকদের মধ্যে একজন হলেন আছাদুল হক, যার গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানায় অবস্থিত, এবং অপরজন শিহাব, যিনি রংপুরের বাসিন্দা।

আহত শ্রমিকদের মধ্যে রয়েছেন বাবলা মিয়া, লিটন মন্ডল এবং সেলিম মিয়া, যাদেরকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার নির্মাণাধীন ব্লিডিংয়ে সকাল থেকে ১৩ জন শ্রমিক ছাদের নির্মাণ কাজ করছিলেন। হঠাৎ করে সাটারিং ভেঙে পড়লে পাঁচ শ্রমিক নিচে চাপা পড়েন। এরপর পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধারকাজ শুরু করে এবং আশঙ্কাজনক অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আছাদুল ও শিহাবকে মৃত বলে ঘোষণা করেন।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাজমুল সরকার জানান, ঘটনাস্থল থেকে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। স্থানীয়রা আরও তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকি উল বারি এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফায়ার সার্ভিসের মহড়ায় গ্যাসের অভাব ও বিকল মেশিনের কারণে বিপর্যয়

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৮:২১ পি.এম


ফায়ার সার্ভিসের মহড়ায় গ্যাসের অভাব ও বিকল মেশিনের কারণে বিপর্যয়

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালীন দলের চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা এবং সরঞ্জামের বেহাল দশা প্রকাশ পেয়েছে। সাধারণ মানুষের মধ্যে অগ্নিনির্বাপণ ও জরুরি দুর্যোগ মোকাবিলায় সচেতনতা তৈরি করতে এসে তারা নিজেদের প্রস্তুতিহীনতার পরিচয় দিয়েছে। মহড়াস্থলে সিলিন্ডারে গ্যাসের অভাব এবং উদ্ধারকাজের কাটিং মেশিনের বিকল অবস্থার কারণে তারা শুরুতে কোনো প্রদর্শনীই করতে সক্ষম হয়নি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফায়ার সার্ভিস দলের অগ্নিনির্বাপণ ও সচেতনতামূলক ডেমো প্রদর্শনের পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যে সকালে উপজেলা পরিষদ চত্বরে কর্মীরা জড়ো হন। তবে মহড়া শুরু হওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীদের প্রস্তুতির অভাব স্পষ্ট হয়ে ওঠে। আগুন জ্বালানোর প্রস্তুতি নেওয়া হলেও দেখা যায়, সিলিন্ডারে পর্যাপ্ত গ্যাস নেই। ফলে তারা নির্ধারিত আগুন জ্বালানো বা তা নেভানোর মহড়া প্রদর্শন করতে ব্যর্থ হন।

পরবর্তীতে, অগ্নিকাণ্ড বা ধসে পড়া ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র দেয়াল ও লোহা কাটার ‘রোটারি স’ মেশিনটি চালু করার চেষ্টা করা হয়। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে মেশিনটি বিকল অবস্থায় পাওয়া যায়। অনেক চেষ্টা করেও সেটি চালু করতে তারা ব্যর্থ হন।

উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ফায়ার সার্ভিস দলের এমন দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা মন্তব্য করেছেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক দায়িত্ব হলো নিজেদের প্রতিটি সরঞ্জাম প্রস্তুত রাখা। নিজেদের মহড়াতেই এমন পরিস্থিতি দেখা যাওয়ায় জরুরি অগ্নিকাণ্ড বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে এই ইউনিটের ওপর সাধারণ মানুষ কতটা ভরসা রাখতে পারবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম এ বিষয়ে জানান, অনেক দিন পর মহড়া দিতে গিয়ে লোহা কাটার ‘রোটারি স’ মেশিনটিতে সমস্যা দেখা দিয়েছিল। সিলিন্ডারে গ্যাসের চাপ কম থাকায় প্রথমে আগুন জ্বালিয়ে দেখানো সম্ভব হয়নি। তবে পরে আরেকটি গ্যাস সিলিন্ডার নিয়ে এসে সচেতনতামূলক ডেমো প্রদর্শন করা হয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সচেতনতামূলক ডেমো প্রদর্শনের র‍্যালি শেষে তিনি অফিসের কাজে চলে আসেন। ডেমো প্রদর্শনে এ ধরনের ঘটনা ঘটলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%