প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালীন দলের চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা এবং সরঞ্জামের বেহাল দশা প্রকাশ পেয়েছে। সাধারণ মানুষের মধ্যে অগ্নিনির্বাপণ ও জরুরি দুর্যোগ মোকাবিলায় সচেতনতা তৈরি করতে এসে তারা নিজেদের প্রস্তুতিহীনতার পরিচয় দিয়েছে। মহড়াস্থলে সিলিন্ডারে গ্যাসের অভাব এবং উদ্ধারকাজের কাটিং মেশিনের বিকল অবস্থার কারণে তারা শুরুতে কোনো প্রদর্শনীই করতে সক্ষম হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ফায়ার সার্ভিস দলের অগ্নিনির্বাপণ ও সচেতনতামূলক ডেমো প্রদর্শনের পরিকল্পনা ছিল। সেই উদ্দেশ্যে সকালে উপজেলা পরিষদ চত্বরে কর্মীরা জড়ো হন। তবে মহড়া শুরু হওয়ার পর ফায়ার সার্ভিস কর্মীদের প্রস্তুতির অভাব স্পষ্ট হয়ে ওঠে। আগুন জ্বালানোর প্রস্তুতি নেওয়া হলেও দেখা যায়, সিলিন্ডারে পর্যাপ্ত গ্যাস নেই। ফলে তারা নির্ধারিত আগুন জ্বালানো বা তা নেভানোর মহড়া প্রদর্শন করতে ব্যর্থ হন।
পরবর্তীতে, অগ্নিকাণ্ড বা ধসে পড়া ভবনে আটকে পড়া মানুষকে উদ্ধারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যন্ত্র দেয়াল ও লোহা কাটার ‘রোটারি স’ মেশিনটি চালু করার চেষ্টা করা হয়। কিন্তু নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে মেশিনটি বিকল অবস্থায় পাওয়া যায়। অনেক চেষ্টা করেও সেটি চালু করতে তারা ব্যর্থ হন।
উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত সাধারণ মানুষ ফায়ার সার্ভিস দলের এমন দায়িত্বহীনতায় ক্ষোভ প্রকাশ করেছেন। স্থানীয়রা মন্তব্য করেছেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক দায়িত্ব হলো নিজেদের প্রতিটি সরঞ্জাম প্রস্তুত রাখা। নিজেদের মহড়াতেই এমন পরিস্থিতি দেখা যাওয়ায় জরুরি অগ্নিকাণ্ড বা বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগে এই ইউনিটের ওপর সাধারণ মানুষ কতটা ভরসা রাখতে পারবেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম এ বিষয়ে জানান, অনেক দিন পর মহড়া দিতে গিয়ে লোহা কাটার ‘রোটারি স’ মেশিনটিতে সমস্যা দেখা দিয়েছিল। সিলিন্ডারে গ্যাসের চাপ কম থাকায় প্রথমে আগুন জ্বালিয়ে দেখানো সম্ভব হয়নি। তবে পরে আরেকটি গ্যাস সিলিন্ডার নিয়ে এসে সচেতনতামূলক ডেমো প্রদর্শন করা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, সচেতনতামূলক ডেমো প্রদর্শনের র্যালি শেষে তিনি অফিসের কাজে চলে আসেন। ডেমো প্রদর্শনে এ ধরনের ঘটনা ঘটলে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন