সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:০৩ পি.এম
রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক ও বেসিক ব্যাংক পিএলসিতে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে সরকার। জনতা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মো. নূরুল হুদাকে বেসিক ব্যাংকে এবং বেসরকারি যমুনা ব্যাংকের ডিএমডি নূর মোহাম্মদকে অগ্রণী ব্যাংকের এমডি ও সিইও পদে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবা।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য চুক্তিভিত্তিক দায়িত্ব পালন করবেন নতুন নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা।
বেসিক ব্যাংকের দায়িত্বে নূরুল হুদা
বেসিক ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পাচ্ছেন মো. নূরুল হুদা। এর আগে তিনি রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক পিএলসির ডিএমডি হিসেবে কর্মরত ছিলেন। এখন তাকে বেসিক ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে নিয়োগের অনুমোদন দিয়েছে সরকার।
অগ্রণী ব্যাংকের এমডি নূর মোহাম্মদ
অগ্রণী ব্যাংকের নতুন এমডি ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন নূর মোহাম্মদ। এর আগে তিনি বেসরকারি খাতের যমুনা ব্যাংক পিএলসির ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বেসরকারি ব্যাংক থেকে এবার রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহী পদে আসছেন তিনি।
পরবর্তী পদক্ষেপ
অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর প্রাসঙ্গিক বিধান অনুযায়ী নিয়োগ-সংক্রান্ত পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দুই ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।
ব্যাংক দুটির নতুন এমডিদের সামনে এখন পরিচালন দক্ষতা বৃদ্ধি, ঋণ আদায় জোরদার, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা এবং গ্রাহকের আস্থা ধরে রাখার মতো গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ রয়েছে। তাদের নেতৃত্বে ব্যাংক দুটির আর্থিক ব্যবস্থাপনা ও সেবার মানে পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করছে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মাদারীপুরের কালকিনি উপজেলায় এক গৃহবধূর গোসলের দৃশ্য এবং স্বামী-স্ত্রীর একান্ত মুহূর্তের দৃশ্য মোবাইলে গোপনে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী রাসেল চৌকিদার অভিযুক্ত মানিক সরদারের বিরুদ্ধে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত মানিক সরদার (৩৮) কালকিনি পৌর এলাকার দক্ষিণ মজিদবাড়ী গ্রামের সোবাহান সরদারের ছেলে। ঘটনার পর থেকে অভিযুক্ত মানিক সরদার পলাতক রয়েছে বলে জানা গেছে। মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত মানিক সরদার এবং বাদী রাসেল চৌকিদার একই এলাকায় পাশাপাশি বসবাস করেন।
গত ২৪ অক্টোবর সকাল আনুমানিক ৭টার দিকে বাদীর স্ত্রী নিজ বাসার পুরাতন টিনের ওয়াশরুমে গোসল করার সময় অভিযুক্ত মানিক কৌশলে তার মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন। শুধু তাই নয়, ওইদিন গভীর রাতে অভিযোগের বাদী রাসেল চৌকিদার এবং তার স্ত্রীর একসাথে ঘুমানোর দৃশ্যও একইভাবে মোবাইলে ধারণ করা হয়।
পরবর্তীতে ওই গোপন ভিডিও ভুক্তভোগী গৃহবধূকে দেখিয়ে বিভিন্ন কুপ্রস্তাব দেওয়া শুরু করেন অভিযুক্ত মানিক সরদার। পাশাপাশি ভিডিওগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল করতে থাকেন। এরই ধারাবাহিকতায় ২৫ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১টার দিকে বাদীর অনুপস্থিতির সুযোগ নিয়ে অভিযুক্ত মানিক সরদার জানালার গ্রিল ভেঙে ঘরে প্রবেশের চেষ্টা চালায়।
এ সময় গৃহবধূর ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত মানিক পালিয়ে যায়। অভিযুক্ত তার মনের ইচ্ছা পূরণ করতে না পেরে যাওয়ার সময় তিনি বিভিন্ন ধরনের ভয়ভীতি ও সুযোগ পেলে খুন করার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, অভিযুক্ত মানিক সরদার গাঁজা, ইয়াবাসহ এলাকায় চুরি, ছিনতাই এবং নারীদের গোসলের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে নারীদের বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করে আসছে। অভিযুক্ত মানিক সরদারের নামে চুরি, ছিনতাই এবং গাঁজা ইয়াবাসহ একাধিক মামলা রয়েছে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ এ বিষয়ে বলেন, "এঘটনাটি আমাকে একজন গণমাধ্যমকর্মী ফোনে জানানোর সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীর স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন; এ ঘটনায় তদন্ত সাপেক্ষে দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
গাজীপুরের কোনাবাড়ীতে একটি ঝুটের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নগরীর কোনাবাড়ী থানাধীন দেউলিয়াবাড়ী এলাকায় আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের হেড কোয়ার্টার কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় দেউলিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গুদামে আগুনের ঘটনা ঘটে। খবর পাওয়ার পর কোনাবাড়ী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে তৎপরতা শুরু করে। আগুনের তীব্রতা বেশি থাকায় পার্শ্ববর্তী সারাবো কাশিমপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট ঘটনাস্থলে এসে কাজ শুরু করে।
এ প্রতিবেদনের লেখা পর্যন্ত (সন্ধ্যা ৭টা ৮ মিনিট) আগুন নিয়ন্ত্রণে আসেনি। গাজীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ পরিচালক মোহাম্মদ সাইদুল আলম চৌধুরী এই তথ্য নিশ্চিত করে জানান, ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে ফায়ার ফাইটাররা কাজ করছেন। তবে এখনও আগুনের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল, শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় এবং চালকদের বৈধ লাইসেন্স না থাকার অভিযোগ উঠেছে।
এসব অনিয়ম বন্ধ করার পাশাপাশি নিরাপদ যাতায়াত নিশ্চিত করার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি প্রদান করেছেন সাটুরিয়া উপজেলা ছাত্রদল নেতা, শিক্ষার্থী ও সচেতন নাগরিকেরা।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে সাটুরিয়া ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলামের কাছে স্মারকলিপিটি তুলে ধরেন সাটুরিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সাকিবুল হাসান এবং জ্যেষ্ঠ সহসভাপতি আল আমিনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ সময় সাধারণ মানুষেরাও উপস্থিত ছিলেন।
এতে উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী বাস, মিনিবাস ও লেগুনার অনিয়মের বিষয়টি তুলে ধরে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, উপজেলার বিভিন্ন সড়কে ফিটনেসবিহীন যানবাহন চলাচল করায় যাত্রীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে। শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায়ের অভিযোগও রয়েছে। অতিরিক্ত ভাড়া দিতে আপত্তি জানালে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়, এমনকি বাস থেকে নামিয়ে দেওয়ার ঘটনাও ঘটে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিভিন্ন যানবাহনে বৈধ ড্রাইভিং লাইসেন্সবিহীন চালক এবং অপ্রাপ্তবয়স্ক সহকারীদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কোথাও অপ্রাপ্তবয়স্কদের দিয়ে গাড়ি চালানোর অভিযোগও রয়েছে। এসব কারণে সড়কে দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে বলে তাঁদের ধারণা।
সাটুরিয়া সৈয়দ কালুশাহ কলেজ, সাটুরিয়া সরকারি পাইলট উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াতে ভোগান্তির শিকার হচ্ছেন, এমন তথ্যও স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।
স্মারকলিপিতে চারটি প্রধান দাবি উত্থাপন করা হয়েছে। দাবিগুলো হলো- উপজেলার সড়কে ফিটনেসবিহীন বাস, মিনিবাস ও লেগুনা চলাচল বন্ধ করা; শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা; বৈধ লাইসেন্সধারী চালক দিয়ে যানবাহন পরিচালনা নিশ্চিত করা এবং অপ্রাপ্তবয়স্ক চালক ও সহকারীদের অপসারণ করা। এছাড়া সাটুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় অবৈধ পার্কিং বন্ধ এবং যানজট নিরসনে কার্যকর ট্রাফিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি গ্রহণ করে ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম বলেন, "শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসন আন্তরিক। ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত ভাড়া আদায় ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধে শিগগিরই ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের উত্তর কৈলাগ গ্রামের ৫৫ বছর বয়সী করিমা বেগমকে গলাটিপে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও পাওয়া গেছে। রবিবার, ২২ নভেম্বর, সকাল আনুমানিক ৬টা ২০ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। নিহত করিমা বেগম ওই গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী।
নিহতের স্বামীর ছোট ভাই বাছির উদ্দিন জানিয়েছেন, সকালে নামাজের জন্য অজু করতে ঘরের বাইরে যান করিমা বেগম। এই সুযোগে অজ্ঞাতপরিচয় ব্যক্তি বা ব্যক্তিরা ঘরে প্রবেশ করে। অজু শেষে ঘরে ফিরে তিনি জায়নামাজ বিছিয়ে নামাজের প্রস্তুতি নিচ্ছিলেন, তখন এলাকার একদল চোর তাঁর গলা টিপে হত্যা করে। পরে ঘর থেকে নগদ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, ঘটনার আগে নিহতের স্বামী নিজাম উদ্দিন ভোরে হাওরে চলে যান। সম্প্রতি তিনি প্রতিবেশীদের কাছে ধানের খড় বিক্রি করেছিলেন। ঘটনার সময় কয়েকজন প্রতিবেশী খড় নিতে আসছিলেন।
এদিকে প্রতিবেশী কামাল মিয়া একজনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন। তবে পেছন দিক থেকে দেখায় তিনি ওই ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। নিহত করিমা বেগমের দুই ছেলে কাউছার মিয়া ও শরিফ মিয়া সৌদি আরবপ্রবাসী। তাঁর এক মেয়ে শোহেনা আক্তার। খবর পেয়ে ১১ নম্বর কৈলাগ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম পুলিশকে বিষয়টি জানান। পরে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহসহ পুলিশের একটি দল এবং বাজিতপুর সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে।
এ ঘটনায় প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করা কামাল মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মহিউদ্দিন লিটন
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি,
মোবাইল নম্বর- ০১৭২৫-১৬৫০২০
বাজিতপুর, কিশোরগঞ্জ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ