০৫:৫৫ পি.এম
সুনামগঞ্জ শহরের বনানীপাড়া এলাকার একটি আবাসিক ভবনের তৃতীয় তলার রুমের ভেতরে আটকা পড়া ৫ জন ছাত্রীকে ১৪ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
শনিবার (৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে তাদের উদ্ধার করা হয়। স্টিলের দরজার তালা অকেজো হয়ে যাওয়ার কারণে ৫ ছাত্রী রুমের ভেতরে আটকা পড়েছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সাবেক ইউপি সদস্য ও কয়লা ব্যবসায়ী মো. সামছুল হকের ভবনের একটি রুম ভাড়া নিয়ে থাকেন ৪ জন ছাত্রী। তাদের মধ্যে ২ জন কলেজছাত্রী এবং ২ জন নার্সিংয়ে ভর্তিচ্ছু। শুক্রবার রাত ৯টার দিকে ওই রুমের দরজাটি ভেতর থেকে বন্ধ হয়ে যায়। রুমের ভেতরে ওই ৪ জন ছাত্রীসহ বাসার মালিকের কলেজপড়ুয়া মেয়েও আটকা পড়েন। ছাত্রীরা কোনোভাবেই দরজাটি খুলতে সক্ষম হননি। শুক্রবার রাতভর ও শনিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত তারা দরজা খুলতে পারেননি। পরে বাসার মালিক সামছুল হক ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা সদর মডেল থানার ওসির উপস্থিতিতে দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন।
আরও পড়ুন: ‘আল্লাহর বাড়ি মানুষ যায় পবিত্র নিয়তে, ওখানে এ ধরনের কর্মকাণ্ড ঠিক না’ হুমায়ুন কবিরের মন্তব্য
সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়ারহাউস পরিদর্শক সুবল চন্দ্র দেবনাথ জানান, শহরের বনানীপাড়া আবাসিক এলাকার একটি বাসার তিনতলায় ৫ জন ছাত্রী আটকা পড়ার জরুরি ফোন পেয়ে তারা সেখানে যান। এরপর সদর থানার ওসির উপস্থিতিতে ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করা হয়েছে। ছাত্রীরা সুস্থ আছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন শেখ বলেন, সকাল ১১টার পর ফায়ার সার্ভিস থেকে ফোনে খবর পাই, শহরের বনানীপাড়ায় একটি রুমের ভেতরে ৫ জন ছাত্রী আটকা পড়েছেন। তাদের উদ্ধার করতে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান পরিচালনা করতে চান। পরে তারা ওই রুমের দরজা ভেঙে ছাত্রীদের উদ্ধার করেন।
ওসি আরও জানান, আটকা পড়া ছাত্রীরা ও বাসার মালিক জানিয়েছেন, শুক্রবার রাত ৯টা থেকে ওই রুমের দরজা খোলা যাচ্ছিল না। ছাত্রীরা টানা অনেক সময় ভেতরে আটকা ছিলেন। তবে রাতেই বিষয়টি ফায়ার সার্ভিস বা পুলিশকে জানালে তাদের উদ্ধার করা সম্ভব হতো।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন