০৫:৫৭ পি.এম
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুতের মেইন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত এক মুখপোড়া হনুমান মারা গেছে।
ঘটনাটি ঘটে শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার আমরইল চা বাগানে।
স্থানীয়দের মতে, চা বাগানের ভেতর দিয়ে যাওয়া বিদ্যুতের মেইন লাইনের সঙ্গে সংস্পর্শে এসে মুখপোড়া হনুমানটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে বাগানের কর্মীরা বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ। এরপর আহত হনুমানটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার সময়ই হনুমানটির মৃত্যু ঘটে। মৃত মুখপোড়া হনুমানটি পরে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: রংপুরে ২৬ মামলার পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী ‘মেরিল সুমন’ গ্রেপ্তার
বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, মুখপোড়া হনুমান (Trachypithecus obscurus) বাংলাদেশে একটি কমে আসা বন্যপ্রাণী। দেশের কিছু পাহাড়ি বনাঞ্চলে এদের দেখা পাওয়া যায় এবং সংরক্ষণগত দিক থেকে প্রজাতিটি ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল মন্তব্য করেন, "আমরা খবর পেয়ে দ্রুত গিয়ে মুখপোড়া হনুমানটিকে আহতাবস্থায় উদ্ধার করি। পরে উন্নত চিকিৎসার জন্য শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।" তিনি আরও বলেন, "মুখপোড়া হনুমান আমাদের দেশের একটি বিপন্ন বন্যপ্রাণী। বিদ্যুতের খোলা ও ঝুঁকিপূর্ণ লাইনের কারণে প্রায়ই বন্যপ্রাণী দুর্ঘটনার শিকার হচ্ছে।" তিনি উল্লেখ করেন যে, বন্যপ্রাণীর চলাচলের এলাকায় বিদ্যুৎ লাইনগুলো নিরাপদ করা এবং এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
বন্যপ্রাণীর আবাসস্থলের ভেতর দিয়ে বিদ্যুতের খোলা বা ঝুঁকিপূর্ণ লাইন থাকলে এ ধরনের দুর্ঘটনায় বন্যপ্রাণীর প্রাণহানির আশঙ্কা থাকে। তাই বন্যপ্রাণী চলাচলের এলাকায় বিদ্যুৎ লাইন নিরাপদ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: একুশে বইমেলার তারিখ ৭ জানুয়ারি ২০২৭ ঘোষণা
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন