শনিবার, ১৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৬:২৬ পি.এম
সম্প্রতি মক্কাকে লক্ষ্য করে হুথি বিদ্রোহীদের পরিচালিত আক্রমণকে একটি ‘মহাপাপ’ এবং ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত হিসেবে উল্লেখ করেছেন সৌদি আরবের দুই পবিত্র মসজিদের ইমাম।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সৌদি গেজেটে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়।
মক্কার মসজিদ আল-হারামের ইমাম ও খতিব শেখ বান্দার বালিলা শুক্রবারের খুতবায় বলেন, "পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্দোষ মানুষের জীবন রক্ষা করা যেকোনো সভ্য সমাজের জন্য একটি অনস্বীকার্য এবং চূড়ান্ত সীমা।" তিনি আরও যোগ করেন, "আল্লাহর ঘর ও নবীর মসজিদকে লক্ষ্য বস্তু বানানোর স্পর্ধা যাদের রয়েছে, ইসলামের শিক্ষার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।" তিনি অভিযোগ করেন যে, ধ্বংসাত্মক কাজ ঢাকতে হুথিরা ধর্মীয় স্লোগানকে ব্যবহার করছে।
অন্যদিকে, মদিনার মসজিদে নববীর ইমাম শেখ আবদুল মহসিন আল-কাসিম বলেন, "মক্কা ও মদিনার নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হুথিদের এই আক্রমণগুলো তাদের সন্ত্রাসবাদের ধারাবাহিকতারই অংশ।" তিনি উল্লেখ করেন, "এই হামলাগুলো নিরপরাধ মুসলিমদের রক্তপাত ঘটানো এবং শান্তিতে থাকা মানুষকে আতঙ্কিত করার অপচেষ্টা মাত্র।"
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সন্ধ্যায় মক্কার নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই সৌদি বিমান প্রতিরক্ষা বাহিনী মক্কার দক্ষিণে একটি হুথি ড্রোন চিহ্নিত করে ধ্বংস করে। ইয়েমেনে বৈধ সরকারকে সহায়তাকারী সামরিক জোট জানায়, গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে ড্রোনটি ধ্বংস করা হয়। এটি ২০১৭ সালের জুলাই মাসে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর মক্কাকে লক্ষ্য করে হুথিদের দ্বিতীয় আক্রমণ ছিল।
শেখ বালিলা আরও বলেন, "এসব হামলা সৌদি আরবের নেতৃত্ব ও জনগণের ঐক্যকে কেবল শক্তিশালীই করবে এবং দেশটি চিরকাল মুসলিমদের কিবলা হিসেবে অটুট থাকবে।"
সূত্র: সৌদি গেজেট
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
নওগাঁর বদলগাছীতে এক নারীর কপাল ও চোখে হাত দিয়ে অচেতন করে প্রায় দুই ভরি সোনার অলংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র লুট করে নিয়ে গেছে এক অজ্ঞাত ব্যক্তি। এই ঘটনার পর ভুক্তভোগী নারী বদলগাছী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিনা বেগম (৩৯) উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের কটকবাড়ী গ্রামের আব্দুল মান্নানের স্ত্রী।
অভিযোগের সূত্রে জানা যায়, গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে পরিনা বেগম নিজ বাড়িতে একা ছিলেন।
ঘর খোলা পেয়ে অজ্ঞাত এক ব্যক্তি হঠাৎ ভেতরে প্রবেশ করেন। ভুক্তভোগীর দাবি, ওই ব্যক্তি তাঁর কপাল ও চোখে হাত দেওয়ার সাথে সাথে তিনি ঝিমিয়ে পড়েন এবং নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর ওই ব্যক্তির নির্দেশ অনুযায়ী তিনি চলতে থাকেন।
এই সুযোগে ওই ব্যক্তি ঘর থেকে প্রায় দুই ভরি সোনার অলংকার এবং নগদ ৪৮ হাজার টাকা হাতিয়ে নেন। শুধু টাকা ও গহনাই নয়, সঙ্গে রূপালী ব্যাংক ও কৃষি ব্যাংকের দুটি স্বাক্ষর করা ফাঁকা চেক, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), স্কুল সার্টিফিকেট ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে সটকে পড়েন ওই ব্যক্তি।
ঘটনার দিন বিকেল ৫টার দিকে পরিনা বেগমের মেয়ে ফাহিমা বেগম বাড়িতে ফিরে মাকে অসুস্থ ও অচেতন অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা এগিয়ে আসেন এবং আশপাশে খোঁজাখুঁজি করেন। তবে ওই ব্যক্তির কোনো হদিস পাওয়া যায়নি। পরবর্তীতে ১৮ সেপ্টেম্বর (শুক্রবার) রাতে ভুক্তভোগী পরিনা বেগম বদলগাছী থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।
বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে এবং অপরাধীকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শহরকে আরও সবুজ করতে হবে পরিবেশের ভারসাম্য রক্ষায়। রাজশাহী শহরকে সবুজায়িত করার লক্ষ্যে দীর্ঘ প্রায় দুই-তিন যুগ ধরে ধারাবাহিক প্রচেষ্টা চালানো হয়েছে এবং এই সাফল্যের মূল কৃতিত্ব সমগ্র রাজশাহী জেলা ও মহানগরের সর্বস্তরের জনগণের। এই গৌরবকে ধরে রাখতে হবে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরও জানান, আমার মেয়র পদে দায়িত্ব পালনকালে বিগত ১৭ বছর সারা বাংলাদেশে ১৪ বার প্রথম স্থান অর্জন করেছে এই মহানগরী। এর ফলশ্রুতিতে রাজশাহী বর্তমানে সারা দেশে ও বিশ্বদরবারে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি ও হেলদি সিটি’ নামে পরিচিতি লাভ করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় অত্যন্ত সুদৃঢ় অবস্থানে রয়েছে।
এ সময় তিনি নগরীর সার্বিক সবুজায়নে আবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের ভূমিকার কথা উল্লেখ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রেডার সভাপতি তৌফিকুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল হক মিলন, আরএমপি কমিশনার ফয়েজুল কবীর, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন এবং গণমাধ্যমকর্মীরা।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদনকারীরা আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।
পদের নাম: প্রোডাক্ট ম্যানেজার (সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি)।
পদসংখ্যা: অনির্ধারিত।
শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীদের ইইই/মেকানিক্যাল/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এমবিএ ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: প্রার্থীদের ৩–৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়ই) আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিস।
বয়স: উল্লেখ নেই।
কর্মস্থল: ঢাকা (বসুন্ধরা আবাসিক)।
বেতন: আকর্ষণীয়।
অন্যান্য সুবিধা: কর্মক্ষমতাভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, বিমা, চাকরিকালীন সুবিধা, শ্রমিক মুনাফা অংশগ্রহণ তহবিল, উৎসব বোনাস, মধ্যাহ্নভোজের সুবিধা।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এখানে ক্লিক করুন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ঢাকার সাতটি গুরুত্বপূর্ণ স্থানে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেওয়ার ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারা ঢাকাজুড়ে নড়েচড়ে বসেছে। বর্তমানে বিশেষ নজরদারির আওতায় মোটরসাইকেলগুলোতে তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।
রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও ঢাকার প্রবেশ ও বহির্গমন পথে ২০০'র বেশি অতিরিক্ত চেকপোস্ট স্থাপন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, "আমরা পর্যাপ্ত নিরাপত্তা প্রস্তুতি নিয়েছি। শুক্রবার রাত থেকে যেসব ঘটনা ঘটেছে, ককটেল বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনেক জায়গায় মামলা হয়েছে এবং কিছু মামলা প্রক্রিয়াধীন। কাফরুল থানায় একটা মামলা হয়েছে।"
নিয়াজ মেহেদী আরও জানান, "এর বাইরে আমরা ঢাকায় ২০০ এরও বেশি জায়গায় চেকপোস্টগুলো বসিয়ে তল্লাশি চালাচ্ছি এবং সার্বিক নিরাপত্তা জোরদার করছি। ঢাকার অভ্যন্তরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, ফ্লাইওভার, প্রবেশপথগুলোতে চেকপোস্ট কার্যক্রম চলছে। পাশাপাশি মোটরসাইকেলের প্রতি আমাদের বিশেষ নজরদারি থাকবে। অবৈধ মোটরসাইকেল যেন না চালিত হয় এবং এই নিয়ে কোনো নাশকতা বা এই ধরণের কর্মকাণ্ড যেন না করতে পারে সেক্ষেত্রে আমরা বিশেষ চেষ্টা করছি এবং লক্ষ্য রাখছি।"
তিনি আরও বলেন, "এর বাইরেও আমাদের নিয়মিত চেকপোস্ট ও টহল কার্যক্রম চলমান। অপরাধীদের অপতৎপরতা রুখতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।"
উল্লেখ্য, শুক্রবার দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত রাজধানীর সাতটি গুরুত্বপূর্ণ স্থানে ১৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের খবর পাওয়া যায় মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বিটিভি ভবনের সামনে ও মগবাজার মোড়ে। এছাড়াও, কাফরুল থানার সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
একই দিন রাজধানীর ফার্মগেটে তেজগাঁও মসজিদ থেকে নিষিদ্ধ সংগঠন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে ২৩ জনকে আটক করে পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হয়, তারা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন জেএমবির সদস্য।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ