১০:২০ এম
টানা দ্বিতীয় দিনের মতো রোববার (২৬ জুলাই) ইরানের বিরুদ্ধে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। একই সময় তেহরানও জানায়, তারা পাল্টা সামরিক অভিযান থেকে বিরত রয়েছে। সংঘাত কার্যত অন্তর্বর্তী যুদ্ধবিরতিকে ভেঙে দিয়েছিল, কিন্তু এখন দুই দেশকে আবার আলোচনার টেবিলে নিয়ে আসতে কূটনৈতিক কার্যক্রম জোরদার হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র যতক্ষণ হামলা বন্ধ রাখবে, ততক্ষণ ইরানও পাল্টা হামলা চালাবে না। এর আগে, প্রতিদিনের হামলার জবাবে প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছিল তেহরান। তবে গত দুই দিন ধরে উভয়পক্ষের এই সামরিক বিরতি নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি করেছে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ বলেছেন, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কূটনীতির জন্য একটি সুযোগ তৈরি করতে চান। তিনি দাবি করেন, ওমানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পর্যায়ে যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুত দ্রুত ফুরিয়ে আসছে, এমন ধারণাও অস্বীকার করেন।
আরও পড়ুন: জলবায়ু ও উন্নয়ন কাজে তুরস্কের সঙ্গে সহযোগিতা জোরদার চায় বাংলাদেশ
ফক্স নিউজকে মাইক ওয়াল্টজ বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য আলোচনার জন্য ‘কিছুটা সুযোগ’ দিচ্ছেন। প্রেসিডেন্ট আগেই জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুরোপুরি প্রস্তুত। তবে গত কয়েক সপ্তাহ, বিশেষ করে গত কয়েক দিনে বিভিন্ন পর্যায়ে আলোচকরা সক্রিয়ভাবে যোগাযোগ চালিয়ে যাচ্ছেন।
মার্কিন সংবাদমাধ্যম সিবিএস দুটি আঞ্চলিক সূত্রের বরাতে জানিয়েছে, ওমানের একটি প্রতিনিধি দল তেহরানে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বোমাবর্ষণ স্থগিতের সিদ্ধান্ত নেয়।
তবে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তির সম্ভাবনা এখনও পারস্পরিক অবিশ্বাসে আটকা। বিভিন্ন সময়ে ইরান অভিযোগ করে আসছে, অতীতেও আলোচনা চলাকালে তাদের ওপর হামলা চালানো হয়েছিল।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অস্ট্রিয়ার রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ওআরএফ-কে বলেন, কাতার ও পাকিস্তানসহ কয়েকটি মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বার্তা আদান-প্রদান করছে। তবে তিনি দাবি করেন, অতীতে কূটনৈতিক প্রচেষ্টা বারবার ‘বিশ্বাসঘাতকতার’ শিকার হয়েছে।
আরও পড়ুন: অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে গ্রাহক ফখরুল ইসলাম সোহেলের মামলা
দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মধ্যপ্রাচ্যে পেন্টাগনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও অন্যান্য বিমান প্রতিরক্ষা অস্ত্রের মজুত দ্রুত কমে আসার আশঙ্কায় প্রেসিডেন্ট ট্রাম্প হামলা আরও বাড়ানোর পরিকল্পনা স্থগিত করেছেন।
তবে রোববার মার্কিন প্রেসিডেন্ট সামরিক বাহিনীর গোলাবারুদের মজুত কমে যাওয়ার খবর নাকচ করে দেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ মজুত রয়েছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি।
এদিকে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তারা উপসাগরীয় অঞ্চলে প্রতিশোধমূলক হামলা বন্ধ রেখেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আক্রমিনিয়া বলেন, ‘আমাদের কৌশল মূলত প্রতিশোধমূলক ছিল। আমরাও আপাতত সেই অভিযান বন্ধ রেখেছি।’ তবে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আবার হামলা শুরু করলে সংঘাত আরও বিস্তৃত হবে।
এদিকে, ইরানের বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরाघচি বলেছেন, ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলা একটি গুরুতর ঘটনা এবং এটি কোনভাবেই সহ্য করা হবে না।
আরও পড়ুন: ফ্লোরিডার মহাসড়কে পাঁচ গাড়ির সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী ও তার সন্তান নিহত
আরাঘচি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক ফোনালাপে তিনি হামলার বিষয়টি তুলে ধরেছেন। তবে হামলার ধরন, ক্ষয়ক্ষতি বা ইরান কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তেহরান।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন