ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গোপালগঞ্জে গণহত্যার পরিকল্পনার গুজব ভিত্তিহীন, বিজিবির দাবি


গোপালগঞ্জে গণহত্যার পরিকল্পনার গুজব ভিত্তিহীন, বিজিবির দাবি

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : গোপালগঞ্জে কথিত ‘অভিযান বা গণহত্যার’ পরিকল্পনা সম্পর্কে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো তথ্যকে সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন এবং জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে প্রত্যাখ্যান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ সকালে বিজিবির পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন ফেসবুক পেজ ও সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট ব্যবহার করে সমন্বিতভাবে অপতথ্য ছড়ানোর মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার চেষ্টা চলছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গোপালগঞ্জে কথিত অভিযান বা গণহত্যা নিয়ে বানোয়াট ও উসকানিমূলক তথ্য প্রচার করা হচ্ছে। এর মধ্যে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের জড়িয়ে মিথ্যা তথ্য ছড়ানোর পাশাপাশি বাহিনীর ওপর হামলা চালাতে জনগণকে উসকানি দেওয়ার অপচেষ্টাও রয়েছে।

আরও পড়ুন: ফতুল্লায় পুলিশের কনস্টেবল আনোয়ারকে কুপিয়ে হত্যা, পালিয়ে বাঁচলেন এএসআই

রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করা, আতঙ্ক সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর এসব অপচেষ্টার তীব্র নিন্দা জানিয়েছে বিজিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গোপালগঞ্জের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেওয়া এবং আরও নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়াই এসব অপতথ্য প্রচারের মূল উদ্দেশ্য বলে প্রতীয়মান হচ্ছে।

বিজিবি জানায়, স্থানীয় জেলা প্রশাসনের অনুরোধে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বর্তমানে গোপালগঞ্জে তাদের দুটি ব্যাটালিয়ন মোতায়েন রয়েছে।

নাশকতা প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে বিজিবি সদস্যরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে টহল দিচ্ছেন।

আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় স্বাভাবিক জনজীবন, তবে রাজনৈতিক উদ্বেগ বিরাজমান

এছাড়া জেলা প্রশাসন, এসআরবি, আনসার ও পুলিশের সঙ্গে সমন্বয় করে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরার মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।

শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং সব ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এ পরিস্থিতিতে গুজবে বিভ্রান্ত না হতে শান্তিপ্রিয় জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিজিবি। একই সঙ্গে বাহিনীটি আশ্বস্ত করেছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

আরও পড়ুন: মুক্তাগাছার মণ্ডা: ২০০ বছরে ঐতিহ্যের নতুন উদযাপন

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ শীর্ষ নেতা উপস্থিত

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির ৪ শীর্ষ নেতা উপস্থিত

ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধি দলের সদস্যরা। এই প্রতিনিধি দলে এনসিপির চারজন শীর্ষ নেতা অন্তর্ভুক্ত রয়েছেন।

বৈঠকটি সোমবার (২৩ নভেম্বর) বেলা ১টায় বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে শুরু হয়।

এনসিপির প্রতিনিধি দলে উপস্থিত আছেন—দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক আকরাম হোসেন সিএফ এবং জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

প্রধানমন্ত্রীর আমন্ত্রণকে ইতিবাচকভাবে গ্রহণ করেছে এনসিপি। তারা মনে করে, গণভোটের রায় বাস্তবায়ন, আওয়ামীলীগের বিচার ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে এবং জুলাই মাসের গণহত্যার বিচারকে জাতীয় ঐক্যের ভিত্তি হিসেবে গ্রহণ করা উচিত।

এদিকে, ইতোমধ্যে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানিয়েছেন। বিরোধী দলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এই সংলাপে জুলাই মাসের জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়টি বিশেষ গুরুত্ব পাচ্ছে।

বিরোধী দলগুলো সরকারের ঐক্যের আহ্বানে সাড়া দেওয়ার পাশাপাশি, এই সনদ বাস্তবায়নে সরকারের প্রতি চাপ প্রয়োগ করার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে।

এনসিপির মাধ্যমে আজকের সংলাপ শুরু হলেও, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাইক্রোওয়েভের বিকিরণ ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে, সতর্কতা স্বাস্থ্য বিশেষজ্ঞদের

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


মাইক্রোওয়েভের বিকিরণ ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে, সতর্কতা স্বাস্থ্য বিশেষজ্ঞদের

ব্যস্ত জীবনের কারণে খাবার দ্রুত গরম করার জন্য মাইক্রোওয়েভ ওভেনের ব্যবহার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বাসা কিংবা অফিস—সব জায়গাতেই এই যন্ত্রের জনপ্রিয়তা বেড়েছে। তবে অনেকের মনে প্রশ্ন রয়েছে, নিয়মিত মাইক্রোওয়েভে খাবার গরম করার ফলে কি ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়? খাবারের পুষ্টিগুণ কি নষ্ট হয়ে যায়? মাইক্রোওয়েভের বিকিরণ কি শরীরের কোষের ক্ষতি করতে পারে?

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করে খাবার গরম করার ফলে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পাওয়ার কোনো নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং মাইক্রোওয়েভ সংক্রান্ত অনেক প্রচলিত ধারণা বৈজ্ঞানিকভাবে সঠিক নয় বলে প্রতিপন্ন হয়েছে।

মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করার জন্য একটি বিশেষ ধরনের ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করা হয়। এটি নন-আয়োনাইজিং রেডিয়েশন বা নিম্নশক্তির বিকিরণ। এক্স-রে বা গামা রশ্মির মতো এর শক্তি সরাসরি ডিএনএ ক্ষতিগ্রস্ত করার জন্য যথেষ্ট নয়।

মাইক্রোওয়েভের তরঙ্গ খাবারের ভেতরের পানির অণুগুলোকে দ্রুত নড়াচড়া করায়, যার ফলে তাপ উৎপন্ন হয়ে খাবার গরম হয়। ওভেন বন্ধ করার পর এই তরঙ্গ আর অবশিষ্ট থাকে না। ফলে খাবারও তেজস্ক্রিয় হয়ে যায় না।

যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (FDA) জানিয়েছে, নির্ধারিত নিরাপত্তামান পূরণ করে তৈরি এবং প্রস্তুতকারকের নির্দেশনা অনুযায়ী ব্যবহার করা মাইক্রোওয়েভ ওভেন নিরাপদ।

তাহলে প্লাস্টিকের পাত্রে খাবার গরম করা কি নিরাপদ?

এখানেই একটি গুরুত্বপূর্ণ সতর্কতা রয়েছে। মাইক্রোওয়েভের বিকিরণ নিজে ক্যানসারের কারণ না হলেও, অনুপযুক্ত প্লাস্টিকের পাত্রে খাবার গরম করলে কিছু রাসায়নিক খাবারে মিশে যাওয়ার আশঙ্কা থাকতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : রাজধানী ঢাকার অপরাধ জগতের অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে পুলিশ গ্রেফতার করেছে।

রোববার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বাসসকে।

তিনি জানান, সুইডেন আসলাম রোববার রাতে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে উপস্থিত হন। ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করার সময় তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে সুইডেন আসলাম ডিবি হেফাজতে রয়েছে।

গোয়েন্দা সূত্রে প্রকাশ পায় যে, শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। নব্বইয়ের দশকে ঢাকার অপরাধ জগতের আতঙ্ক হিসেবে পরিচিত সুইডেন আসলাম তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।

তিনি ২৭ বছর কারাভোগের পর ২০২৪ সালের সেপ্টেম্বরে জামিনে মুক্তি পান। সুইডেন আসলামের প্রকৃত নাম শেখ মোহাম্মদ আসলাম, এবং তার বাবার নাম শেখ জিন্নাত আলী। সুইডেন আসলামের পৈতৃক নিবাস ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়ার এলাকায় হলেও তিনি রাজধানীর ইন্দিরা রোডে বেড়ে উঠেছেন।

‘সুইডেন’ নামটি আসলামের প্রথম স্ত্রী ইতির জন্য এসেছে, যিনি সুইডেনে বসবাস করতেন। কিশোর শাকিল হত্যাকাণ্ডের পর আসলাম সুইডেনে স্ত্রীর কাছে চলে যান এবং সেখানে কিছু বছর কাটান।

দেশে ফেরার পর তার নামের সঙ্গে ‘সুইডেন’ শব্দটি যুক্ত হয়ে যায়।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারে সাগর ফাউন্ডেশনের মেধা বৃত্তি পেল ৩০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


কক্সবাজারে সাগর ফাউন্ডেশনের মেধা বৃত্তি পেল ৩০ শিক্ষার্থী

কক্সবাজারের নবগঠিত মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের ছয়টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ‘সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বক্তারা অনুষ্ঠানে উল্লেখ করেন, সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তি এলাকার জন্য একটি আদর্শ মডেল হতে পারে।

গত শনিবার, উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৩০ জন শিক্ষার্থী বৃত্তি লাভের সুযোগ পায়। বৃত্তি পরীক্ষা সকালে অনুষ্ঠিত হয়ে দুপুরে ফলাফল প্রকাশিত হয় এবং বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া ও মাতামুহুরী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্তকর্তা আলমগীর মোহাম্মদ মহিউদ্দিন। সভাপতিত্ব করেন বৃত্তি পরিচালনা কমিটির সভাপতি ও উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আমান উল্লাহ।

অনুষ্ঠান উপস্থাপনা করেন বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির। সাগর ফাউন্ডেশন, সাগর গ্রুপের কর্ণধার এবং সাগর ফাউন্ডেশন মেধা বৃত্তির প্রধান পৃষ্ঠপোষক সাংবাদিক শাহাব উদ্দিন সাগর ভার্চুয়ালি বৃত্তির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন। অনুষ্ঠানে তার উপর নির্মিত একটি ডকুমেন্টরি প্রদর্শন করা হয়।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বার, ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আহমদ, ঢেমুশিয়া মোহছেনিয়া দাখিল মাদরাসার সুপার আবদুল মোমেন হেলালী, বেতুয়ারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুল মন্নান এবং সিনিয়র সাংবাদিক এম আর মাহমুদ।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য উছমান গণি, উত্তর পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ কায়কোবাদ এবং ঢেমুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. বেলাল উদ্দিন।

বৃত্তি পরিচালনা কমিটির সম্পাদক ও রামুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরফানুল কবির জানান, ঢেমুশিয়া ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের জন্য এ মেধা বৃত্তির খরচ বহন করেছে সাগর গ্রুপ এবং সাগর ফাউন্ডেশন।

বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী তৃর্তীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর ৯০ জন শিক্ষার্থী সকলেই সনদ এবং সাগর ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কুল ব্যাগ গ্রহণ করে। বৃত্তিপ্রাপ্ত ৩০ জন শিক্ষার্থী উপহার হিসেবে পায় আর্থিক অনুদান, মেডেল, সনদ এবং স্কুল ব্যাগ।

সাগর ফাউন্ডেশন একটি যুক্তরাষ্ট্রভিত্তিক জনহিতৈষীমূলক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সাগর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহাব উদ্দিন সাগর সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক।

মোহাম্মদ আমান উল্লাহ আরো জানান, এবারের বৃত্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছিল মাতামুহুরী উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের উত্তর-পূর্ব ঢেমুশিয়া জামাল উদ্দিন আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে। আগামী বছর পুরো উপজেলা নিয়ে বৃত্তি আয়োজনের পরিকল্পনা রয়েছে বলেও জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতিকেও ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।

বক্তারা মন্তব্য করেন, সাগর ফাউন্ডেশন মেধাবৃত্তিকে এলাকার মডেল বৃত্তি হিসেবে বিবেচনা করা যেতে পারে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%