বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:৪৯ পি.এম
সরকার চামড়া ও পাদুকা শিল্পের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে দেশীয় বাজারের সম্ভাবনা কাজে লাগানোর পাশাপাশি রপ্তানি বৃদ্ধির জন্য একটি বাস্তবায়নযোগ্য রোডম্যাপ তৈরি করছে। এই রোডম্যাপের খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত ‘দশম বাংলাদেশ লেদার অ্যান্ড ফুটওয়্যার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান এই তথ্য জানান।
তিনি উল্লেখ করেন, চামড়া শিল্পের সামগ্রিক উন্নয়নের জন্য বাণিজ্যমন্ত্রীর সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী, বাণিজ্য মন্ত্রণালয় শিল্পটির জন্য কর্মমুখী রোডম্যাপ তৈরির কাজ শুরু করেছে। এই রোডম্যাপে ট্যানারি মালিক, প্রস্তুতকারক, ব্যবসায়ী, প্রযুক্তিবিদসহ সংশ্লিষ্টদের বাস্তব অভিজ্ঞতা ও চাহিদা অন্তর্ভুক্ত করা হবে।
বাণিজ্য সচিব আরও বলেন, দেশে চামড়া শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল বিদ্যমান এবং এ খাতে দেশীয় প্রযুক্তিবিদদের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দেশের জনগণকে দেশীয় চামড়াজাত পণ্য ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রপ্তানি বৃদ্ধির সুযোগও রয়েছে।
রপ্তানি বৃদ্ধির জন্য বিদেশি ক্রেতাদের চাহিদা এবং আন্তর্জাতিক মানদণ্ড পূরণে সরকারের সহযোগিতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, উদ্যোক্তাদের পরিবেশ ও সামাজিক দায়বদ্ধতা, প্রযুক্তিগত সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদান করতে হবে।
এই লক্ষ্যে, বাণিজ্য মন্ত্রণালয় দায়িত্বশীল ব্যবসায়িক আচরণের কাঠামো এবং জাতীয় ট্রেসেবিলিটি কাঠামো তৈরির কাজ করছে। অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোর জন্য পৃথক ট্রেসেবিলিটি ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
চামড়া শিল্পে গবেষণা জোরদারের জন্য শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন মো. আতাউর রহমান খান। তিনি বলেন, চামড়া প্রযুক্তির শিক্ষার্থী ও গবেষকদের সঙ্গে ট্যানারি মালিক ও উদ্যোক্তাদের সংযোগ আরও কার্যকর করার প্রয়োজন রয়েছে। বিষয়টি রোডম্যাপে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হবে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে তৈরি পোশাক শিল্পের পর চামড়া শিল্পের অবস্থান রয়েছে। নতুন বাজারে প্রবেশ এবং বিদ্যমান বাজারে অবস্থান শক্তিশালী করার সম্ভাবনা রয়েছে এ শিল্পে।
বাংলাদেশ থেকে প্রক্রিয়াজাত চামড়ার পাশাপাশি জুতা, ভ্রমণব্যাগ, বেল্ট ও মানিব্যাগ রপ্তানি হচ্ছে। চামড়াজাত শৌখিন পণ্যেরও আন্তর্জাতিক বাজারে চাহিদা রয়েছে।
আয়োজকরা জানান, দেশে বড় প্রতিষ্ঠানের পাশাপাশি প্রায় ৫ হাজার ৫০০টি ক্ষুদ্র পাদুকা কারখানা রয়েছে। পাদুকা উৎপাদনে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ এবং ভোক্তাবাজার হিসেবে নবম।
প্রতিবছর দেশে আনুমানিক ২৭ কোটি বর্গফুট চামড়া উৎপাদিত হয়। এর বড় অংশ রপ্তানি করা হয় এবং অবশিষ্ট অংশ দেশীয় চামড়াজাত পণ্য শিল্পে ব্যবহৃত হয়। বাংলাদেশের চামড়া প্রধানত ইতালি, দক্ষিণ কোরিয়া, জাপান, চীন, হংকং ও তাইওয়ানে রপ্তানি করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান বেনজীর আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহসভাপতি মো. সাখাওয়াত উল্লাহ।
বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন (বিটিএ), লেদার ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস সোসাইটি, বাংলাদেশ (লেটস’বি) এবং লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এক্সপোটি ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসিবিতে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। দেশি-বিদেশি ২৫০টির বেশি প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল শিক্ষার্থীদের নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তিনি উল্লেখ করেন, শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হওয়া যথেষ্ট নয়; দেশের প্রতি দায়িত্বশীলতা প্রদর্শন করা আবশ্যক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ‘নবীন বরণ-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আপনারা মেধাবীদের মধ্যে সেরা মেধাবী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মই হয়েছিল প্রতিভাবানদের জন্য। বিশ্বের যে প্রান্তেই যান, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখবেন।’
এ সময়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হিসেবে নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ‘আমিও আপনাদের মতো ১৯৮৯-৯০ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন ছাত্র ছিলাম। ছাত্রজীবনের স্মৃতি কখনও মুছে যায় না। আজ এই মিলনায়তনে এসে মনে হচ্ছে, যেন আবার সেই দিনগুলোতে ফিরে গেছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, বিশ্ববিদ্যালয়টি শুধু উচ্চশিক্ষার প্রতিষ্ঠান নয়; এটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, অসাম্প্রদায়িক চেতনা ও জাতীয় মুক্তির ইতিহাসের অন্যতম প্রধান কেন্দ্র।
তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান, ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনসহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন আন্দোলনে এ বিশ্ববিদ্যালয় পথ প্রদর্শকের ভূমিকা পালন করেছে।
দেশ যখনই কোনো সংকট, দুর্যোগ বা জাতীয় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তখনই ঢাকা বিশ্ববিদ্যালয় জাতিকে দিকনির্দেশনা দিয়েছে বলেও মন্তব্য করেন ডেপুটি স্পিকার। তিনি বলেন, কঠিন সময়ে এই বিশ্ববিদ্যালয় জাতির জন্য আশা, প্রেরণা ও সম্ভাবনার প্রতীক।
শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস, অধ্যবসায় ও শৃঙ্খলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘মেধা গুরুত্বপূর্ণ, কিন্তু মেধার সঠিক বিকাশ ঘটে অধ্যবসায়, সততা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে।’
তিনি বিশ্ববিদ্যালয় জীবনে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধের চর্চার আহ্বান জানান।
দেশের প্রতি দায়িত্ববান হওয়ার আহ্বান জানিয়ে কায়সার কামাল বলেন, ‘শুধু বিসিএস দিয়ে একটি সুন্দর চেয়ারে বসলে হবে না, দেশের প্রতি দায়িত্ববান হতে হবে। নিজেকে স্বনামধন্য হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা আর কখনও রাজপথে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করতে চাই না। আমরা মেধাভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিতে হবে। নতুন বাংলাদেশ গড়ার চেষ্টা করতে হবে, যাতে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’
অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক, নবীন ও প্রবীণ শিক্ষার্থী, আমন্ত্রিত অতিথি, জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
সরকারি ব্যয় কমানোর উদ্দেশ্যে এবং মাঠপর্যায়ে উদ্যোক্তা তৈরি ও নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডাক বিভাগ ‘ফ্র্যাঞ্চাইজি ও লেটার রাইটার মডিউল’ চালু করার সিদ্ধান্ত নিয়েছে।
দেশের ১২টি এলাকায় প্রাথমিকভাবে এই সেবা চালু করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে ঢাকা, রাজশাহী এবং খুলনায় কার্যক্রম শুরু হয়েছে। পর্যায়ক্রমে উপজেলা থেকে গ্রামীণ পর্যায় পর্যন্ত এই সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
তিনি বলেন, দেশে ১২টি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালুর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে ঢাকা, রাজশাহী ও খুলনায় এ সেবা চালু হয়েছে। শিগগিরই বান্দরবান এবং সুনামগঞ্জের সাল্লা এলাকায় পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম শুরু হবে।
২৯ জুলাই ডাক ভবনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এই সেবার উদ্বোধন করেন। প্রথম পর্যায়ে ঢাকার ভেতরে চারটি এবং ঢাকার বাইরে চারটিসহ মোট আটটি ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা হয়েছে।
ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের কারিগরি প্রস্তুতি সম্পর্কে ‘মেইল প্রসেসিং এবং লজিস্টিক সার্ভিস টেকসই ও আধুনিকীকরণ’ প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. শাহ আলম ভূঁইয়া জানান, প্রকল্পের আওতায় ফ্র্যাঞ্চাইজি ও লেটার রাইটার মডিউল পাইলট ভিত্তিতে চালু করা হয়েছে। এটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হলে মাঠপর্যায়ে তরুণদের উদ্যোক্তা হিসেবে কাজ করার সুযোগ সৃষ্টি হবে এবং অনেকের কর্মসংস্থান হবে।
তিনি আরও জানান, প্রকল্পের আওতায় ইতোমধ্যে সারা দেশে ৬ হাজার মোবাইল সেট ও ৫০০ কম্পিউটার সরবরাহ করা হয়েছে। পাশাপাশি তিনটি সফটওয়্যার তৈরির কাজও চলছে।
সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা সম্পর্কে মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম বলেন, নির্বাচনী ইশতেহার অনুসরণ করে ডাক বিভাগ আটটি সুনির্দিষ্ট কাজ হাতে নিয়েছে, যার মধ্যে ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিস চালু করা অন্যতম।
তিনি উল্লেখ করেন, এসব উদ্যোগের ফলে মৌসুমি ফলসহ অন্যান্য পণ্য পরিবহনে ডাক বিভাগের সক্ষমতা আগের তুলনায় কয়েকগুণ বেড়েছে। বর্তমানে ২০ থেকে ৩০ কেজি ওজনের ফলের ক্রেটসহ বিভিন্ন পণ্য নিরাপদে ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে দেশের যেকোনো জেলায় পৌঁছে দেওয়া হচ্ছে। প্রত্যন্ত উপজেলার ক্ষেত্রে সর্বোচ্চ ৭২ ঘণ্টা সময় লাগছে। কোনো অভিযোগ ছাড়াই এসব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হচ্ছে বলেও তিনি জানান।
পার্সেল ট্র্যাকিং ব্যবস্থার অগ্রগতি সম্পর্কে অতিরিক্ত জেনারেল ম্যানেজার মো. শাহ আলম বলেন, আগে পরিবহনের সময় কোন পণ্য কোথায় রয়েছে, তা জানার সুযোগ ছিল না। বর্তমানে প্রতিটি পার্সেলের গায়ে বারকোড ব্যবহার করে ডমেস্টিক মেইল সিস্টেমের (ডিএমএস) মাধ্যমে তা ইস্যু ও বিলি করা হচ্ছে। ফলে গ্রাহকরা ঘরে বসেই তাদের পণ্যের হালনাগাদ তথ্য জানতে পারছেন।
ডাক বিভাগের তথ্য অনুযায়ী, সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আরও কয়েকটি উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ভূমির দলিল, পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স বাসায় পৌঁছে দেওয়ার সেবা। ই-কমার্স পণ্যের ক্যাশ অন ডেলিভারি সেবা চালুর কাজও প্রক্রিয়াধীন রয়েছে। বিদেশে পার্সেল পাঠাতে স্বল্প মাশুলে এক্সপ্রেস মেইল সার্ভিস (ইএমএস) সুবিধাও রয়েছে।
ডাক বিভাগের সেবার ধরনে পরিবর্তনের কারণ ব্যাখ্যা করে মহাপরিচালক বলেন, চিঠি, দ্রুতগামী পত্র, পার্সেল ও প্যাকেটজাতীয় ডাকদ্রব্য গ্রহণ, পরিবহন ও বিলি করা ডাক বিভাগের মূল কাজ বা কোর সার্ভিস। এর বাইরে সঞ্চয় ব্যাংক ও সঞ্চয়পত্র পরিচালনা, পাঠ্যবই ও টিকা বিতরণ, লটারির টিকিট বা প্রাইজবন্ড বিক্রির মতো কাজগুলো মূলত এজেন্সি ফাংশন, যা সরকার বিভিন্ন সময়ে ডাক বিভাগকে দিয়ে থাকে।
ব্যক্তিগত ও দাপ্তরিক চিঠি কমে যাওয়ার কারণ হিসেবে তিনি বলেন, প্রযুক্তির প্রসারে এখন মানুষ লাইভ ভিডিও কল ও এসএমএসের মাধ্যমে তাৎক্ষণিক যোগাযোগ করতে পারছেন। ফলে চিঠির উত্তরের জন্য আগের মতো মাসের পর মাস অপেক্ষার প্রয়োজন হচ্ছে না। একইভাবে সরকারের সার্বিক নীতির কারণে সবকিছু অনলাইনে করার প্রবণতা বেড়েছে। সরকারি দপ্তরগুলোও এখন কাগজের নথির পরিবর্তে ই-নথি ও ডি-নথি ব্যবহার করছে। ফলে দাপ্তরিক চিঠিপত্রের ব্যবহারও ক্রমে কমছে।
চিঠির প্রচলন কমলেও ই-কমার্সের হাত ধরে ডাক বিভাগের সামনে নতুন সম্ভাবনার দুয়ার খুলছে বলে মহাপরিচালক মনে করেন। তিনি বলেন, দেশের নাগরিকরা অনলাইনে যেসব পণ্য কেনাবেচা করেন, তার সবই ডাকদ্রব্য। বর্তমানে চিঠির জায়গা দখল করছে পার্সেল ও পণ্য পরিবহন। তাই এই কোর সার্ভিসকে ঘিরেই নতুনভাবে ডাক বিভাগের কার্যক্রম সাজানো হচ্ছে।
তিনি বলেন, ফ্র্যাঞ্চাইজি পোস্ট অফিসের মতো উদ্যোগে যেমন কর্মসংস্থান তৈরি হচ্ছে, তেমনি ই-কমার্সের সম্ভাবনাকেও কাজে লাগানো হচ্ছে। যুগের চাহিদা অনুযায়ী নতুন সেবা ও সুযোগ তৈরির মধ্য দিয়েই ডাক বিভাগ নতুন রূপে ফিরে আসবে।
উল্লেখ্য, ডাক বিভাগের সেবা সম্প্রসারণ ও জনবান্ধব করার লক্ষ্যে ফ্র্যাঞ্চাইজি ও লেটার রাইটার মূলত একই কাজের দুটি ভিন্ন রূপ হিসেবে কাজ করবে। ডাক বিভাগের নাম ও ব্র্যান্ড ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান চুক্তিবদ্ধ হয়ে নির্দিষ্ট এলাকায় পণ্য সংগ্রহ ও বিতরণের দায়িত্ব পালন করলে তা ‘ফ্র্যাঞ্চাইজি’ হিসেবে পরিচালিত হবে। অন্যদিকে, কোনো ব্যক্তি এককভাবে বা নিজস্ব উদ্যোগে একই দায়িত্ব পালন করলে তাকে ‘লেটার রাইটার’ হিসেবে গণ্য করা হবে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে প্রাতিষ্ঠানিক উদ্যোক্তার পাশাপাশি ব্যক্তি পর্যায়েও নতুন কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি হবে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আফ্রিকার জন্য স্থায়ী ও ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান। তিনি উল্লেখ করেছেন যে, নিরাপত্তা পরিষদে আফ্রিকার দীর্ঘকালীন প্রতিনিধিত্বের অভাব দূর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধুমাত্র একটি শর্তাধীন বিষয় নয়, বরং এটি সরাসরি ন্যায়বিচার এবং জাতিসংঘের বিশ্বাসযোগ্যতার সাথে সম্পর্কিত।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ড. খলিলুর রহমান এসব কথা বলেন।
পোস্টে তিনি উল্লেখ করেন, ‘আফ্রিকাকে আলোচনার টেবিলে থাকতে হবে, মেনুতে নয়।’
ড. খলিলুর রহমান জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কের উদ্বোধনী বক্তব্যে তিনি সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আফ্রিকাকে নিরাপত্তা পরিষদে তার যথাযথ স্থান দেওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদে আফ্রিকার দীর্ঘস্থায়ী প্রতিনিধিত্বের অভাব দূর করা প্রয়োজন। তার মতে, আফ্রিকাকে যথাযথ প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়টি শুধুমাত্র ন্যায্যতার প্রশ্ন নয়; এটি ন্যায়বিচার এবং জাতিসংঘের বিশ্বাসযোগ্যতার সঙ্গেও সম্পর্কিত।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আফ্রিকার স্থায়ী প্রতিনিধিত্ব নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সাধারণ পরিষদের সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের বক্তব্যে বিষয়টি আবারও সামনে এসেছে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তার জন্য কেন্দ্র থেকে একটি নোটিশ পাঠানো হয়, যা এই তথ্য জানায়।
এনসিপির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়েছে, "আপনার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট ও সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।"
এছাড়া, নোটিশে আরও বলা হয়েছে, "অভিযোগের তীব্রতা ও গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং সংগঠনের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী আপনাকে প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।"
এদিকে, অবৈধভাবে ওষুধ তৈরি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে এনসিপির ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে ফরিদপুর জেলা কারাগারে পাঠানো হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুর শহরের গোয়ালচামট মোল্লা বাড়ি সড়ক এলাকায় অবস্থিত এনসিপি নেতার মালিকানাধীন মেসার্স জনতা ল্যাবরেটরিজ নামের কারখানায় জেলা প্রশাসন অভিযান পরিচালনা করে।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ