বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৫:০৫ পি.এম
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু ঘটেছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ২৮৩ শিশু।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম উপসর্গে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ১৮৩ জন। ফলে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট হাম উপসর্গে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ১০০ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে, যার ফলে মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে ২০ হাজার ৯৫১ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ১৫ মার্চ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।
গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯৮০ জন শিশুর মৃত্যু ঘটেছে, আর নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তি হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু ঘটে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের পুত্র।
স্বজনদের কাছ থেকে জানা গেছে, সিয়াম প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন। তবে তিনি কোনো চিকিৎসকের কাছে যাননি এবং বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার সন্ধ্যা সাতটার দিকে তার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটলে, বাবা আবদুস সোবাহান তাকে জরুরি বিভাগে নিয়ে আসেন।
হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর সিয়ামের শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত করা হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত ৯টার দিকে হাসপাতালে তার মৃত্যু ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই রোগীর মৃত্যু হয়।
ছেলের মৃত্যুতে ভেঙে পড়েন বাবা আবদুস সোবাহান। তিনি বলেন, "আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।"
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
চলতি বছরের ডিসেম্বর মাসে গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এরপর চুক্তি নবায়নের পরিবর্তে নতুনভাবে চুক্তি বাস্তবায়নের দাবি জানাচ্ছে বাংলাদেশ, যা তাদের স্বার্থ রক্ষার জন্য অত্যাবশ্যক।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানী ঢাকায় নদী বিষয়ক একটি সংলাপে এই তথ্য জানান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মন্ত্রী বলেন, "গঙ্গার পানিবণ্টন নিয়ে ভারতের সঙ্গে চুক্তি নবায়ন নয়, নতুন করে চুক্তি বাস্তবায়ন চায় বাংলাদেশ।" নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজ অন্তর্ভুক্ত করা হবে, যা দেশের স্বার্থ রক্ষায় সহায়ক হবে।
তিনি উল্লেখ করেন, নদী দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। তবে শিল্পায়ন এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব নদীর ওপর পড়ছে। দূষণের মূল কারণ চিহ্নিত করা প্রয়োজন।
তিনি আরও বলেন, "ঢাকার চারপাশের নদী রক্ষা, দূষণ নিয়ন্ত্রণ, নাব্যতা ফিরিয়ে আনা এবং নদীর স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার জন্য সমন্বিত ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণ করতে হবে।" ঢাকার পরিবেশ, জনস্বাস্থ্য, জীববৈচিত্র্য এবং অর্থনীতির জন্য নদী ব্যবস্থাপনা অপরিহার্য।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি আরও জানান, বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা এবং ধলেশ্বরীসহ ঢাকার চারপাশের নদীগুলোকে দূষণ ও দখলমুক্ত রাখা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ইউরোপিয়ান মেডিটেরেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এই তথ্য প্রকাশ করেছে। রিপোর্টটি রয়টার্সের মাধ্যমে এসেছে।
ইএমএসসির দেওয়া তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬.২ মাইল) গভীরে ছিল। তবে, এই ভূমিকম্পের কারণে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ
জাকার্তায় আজ ফিফা আসিয়ান কাপের উদ্বোধন হতে যাচ্ছে। বাংলাদেশ দল আগামীকাল মালয়েশিয়ার বিরুদ্ধে ম্যাচের মাধ্যমে তাদের অভিযান শুরু করবে। এর আগে, বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া তাদের লক্ষ্য সম্পর্কে কথা বলেছেন।
জামাল ফিফাকে দেওয়া একটি সাক্ষাৎকারে উল্লেখ করেন, "অবশ্যই এই টুর্নামেন্টে ভালো করতে এবং ভালো পারফর্ম করতে আমাদের প্রত্যাশা আছে। জাকার্তায় বড় দর্শকের সামনে খেলার জন্য আমরা সত্যিই মুখিয়ে আছি।"
বর্তমানে বাংলাদেশ ফিফা র্যাঙ্কিংয়ে ১৮১তম স্থানে অবস্থান করছে। শক্তির বিচারে গ্রুপের অন্য তিনটি দল বাংলাদেশ থেকে এগিয়ে রয়েছে। ইন্দোনেশিয়া ১১৮তম, মালয়েশিয়া ১৩৬তম এবং সিঙ্গাপুর ১৪৮তম স্থানে রয়েছে।
জামাল গ্রুপে বাংলাদেশের অবস্থানের বাস্তবতা সম্পর্কে সচেতন। তবে, তিনি র্যাঙ্কিংয়ের ব্যবধানকে একটি বাধা হিসেবে দেখছেন না।
তিনি বলেন, "আমরা জানি, গ্রুপে আমরাই সবচেয়ে নিচের র্যাঙ্কিংয়ের দল। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুরের পর আমাদের অবস্থান। কিন্তু আমাদের নিজেদের প্রত্যাশা আছে, দেশেরও প্রত্যাশা আছে। আমরা তিন বা চার পয়েন্ট পাওয়ার লক্ষ্য ঠিক করেছি। আর ফুটবলে এরপর কী হয়, তা তো কখনোই বলা যায় না।"
আসিয়ান কাপে ভালো করার পাশাপাশি জামালের স্বপ্ন হলো, বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে। সদ্য যুক্তরাষ্ট্র থেকে বিশ্বকাপের ম্যাচ দেখে ফেরা জামাল দেশের ফুটবল উন্মাদনা নিয়ে ফিফাকে বলেন, "বিশ্বকাপের সময় বাংলাদেশে যে কী উন্মাদনা হয়, তা আপনি কল্পনাও করতে পারবেন না। ঢাকার প্রতিটি ভবনে বিভিন্ন দলের পতাকা ওড়ে, বড় পর্দায় ২০-৩০ হাজার মানুষ একসঙ্গে খেলা দেখে। একবার ভাবুন তো, আমরা যদি সত্যিই বিশ্বকাপে খেলতে পারি... সেই উন্মাদনার মাত্রাটা কোথায় গিয়ে ঠেকবে!"
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘বি’ গ্রুপে খেলবে ভিয়েতনাম, পাকিস্তান, থাইল্যান্ড ও ফিলিপাইন।
মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ