ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় মা ছেলের ঘরে ফিরলেন


পাবনায় ম্যাজিস্ট্রেটের মধ্যস্থতায় মা ছেলের ঘরে ফিরলেন

পাবনার সাঁথিয়ার গ্রাম পুলিশের সদস্য সাগর হোসেন, যিনি মাকে নিজের সঙ্গে রাখতে অস্বীকৃতি জানিয়েছিলেন, অবশেষে মায়ের ভরণপোষণ ও সব দায়িত্ব গ্রহণে রাজি হয়েছেন। আদালতের মধ্যস্থতায় ভুল বুঝতে পেরে তিনি মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। পরে বৃদ্ধা মুন্নি খাতুন ছেলের সঙ্গে নিজ বাড়িতে ফিরে গেছেন।

রোববার (১১ অক্টোবর) পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাঁথিয়া থানার আমলি আদালতে মা ও ছেলের বক্তব্য শোনার পর এ সমাধানটি হয়েছে।

সাগর হোসেন সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের (ইউপি) গ্রাম পুলিশের সদস্য। তার বাড়ি ওই ইউনিয়নে অবস্থিত।

আরও পড়ুন: বিশ্বজিৎ হত্যা মামলার আপিলের চূড়ান্ত শুনানি ৮ ডিসেম্বর

এর আগে ৮ অক্টোবর, মায়ের ভরণপোষণ ও দায়িত্ব পালনের বিষয়ে একটি পারিবারিক মামলার শুনানি অনুষ্ঠিত হয় সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে। ওই সময় ইউএনও তাকে মায়ের প্রতি দায়িত্ব ও কর্তব্যের কথা বুঝিয়ে দেন। কিন্তু সাগর, মায়ের খরচ বহন করতে রাজি হলেও তাকে নিজের কাছে রাখতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় সেখানে হৃদয়বিদারক পরিস্থিতি সৃষ্টি হয়।

পরে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

বিষয়টি আদালতের নজরে এলে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে উদ্যোগ গ্রহণ করে। রোববার বিকেলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানকে নির্দেশ দেওয়া হয় সাগর ও তার মাকে আদালতে হাজির করার। পরে ওসি তাদের আদালতে নিয়ে যান।

শুনানিতে মা ও ছেলের বক্তব্য শোনার পর আদালত তাদের মধ্যকার বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেয়। এ সময় নিজের ভুল বুঝতে পেরে সাগর মায়ের ভরণপোষণসহ সব দায়িত্ব নিতে রাজি হন। তিনি মায়ের সঙ্গে এমন আচরণের জন্য অনুতপ্ত হওয়ার কথা জানিয়ে ভবিষ্যতে আর এমন আচরণ করবেন না বলেও আদালতকে আশ্বস্ত করেন। পাশাপাশি তিনি নিজের মা ও দেশবাসীর কাছে ক্ষমা চান।

আরও পড়ুন: সার ডিলার নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের ঘোষণা আইনমন্ত্রীর

ছেলের কাছে থাকতে পারার আনন্দ প্রকাশ করে মুন্নি খাতুন বলেন, ‘আমার ছেলে নিজের ভুল বুঝতে পেরেছে। আমি আমার ছেলেকে চেয়েছিলাম, অবশেষে তাকে ফিরে পেয়েছি। আমার আর কিছু চাওয়ার নেই।’

তিনি আরও বলেন, ‘ছেলের সব ভুল আমি মাফ করে দিয়েছি। এখন আমি ছেলের বাড়িতে ফিরে এসেছি। জীবনের শেষ দিন পর্যন্ত ছেলের কাছেই থাকতে চাই। মা হিসেবে এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।’

সাগর হোসেন বলেন, ‘ওসি স্যার আমাকে গাড়িতে করে আদালতে নিয়ে গিয়েছিলেন। সেখানে গিয়ে আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আগে আমি যা বলেছি, তা আবেগের বশে বলেছি, অনেক কথাই মিথ্যা ছিল। এখন বুঝতে পারছি, আমার ভুল হয়েছে। আমি নিজের ভুল বুঝতে পেরেছি এবং অনুতপ্ত।’

তিনি আরও বলেন, ‘এখন থেকে মাকে সঙ্গে নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। মাকে নিজের কাছে রেখে তাঁর দেখাশোনা ও ভরণপোষণের দায়িত্ব পালন করতে চাই।’

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে মামলা, আসামি তানভীর ও সুমন

এ বিষয়ে সাঁথিয়া থানার ওসি আনিসুর রহমান জানান, বৃদ্ধা মা ও ছেলেকে একসঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরও তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এনআইডির জন্য আবেদন ও কার্ড সংগ্রহের নিয়ম জানুন

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এনআইডির জন্য আবেদন ও কার্ড সংগ্রহের নিয়ম জানুন

যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত নাগরিকরা বাংলাদেশে না গিয়েও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করতে সক্ষম। আবেদন প্রক্রিয়া শুরু করার পর, যুক্তরাষ্ট্রে অবস্থিত বাংলাদেশ দূতাবাস বা সংশ্লিষ্ট কনস্যুলেট জেনারেলে সশরীরে উপস্থিত হয়ে বায়োমেট্রিক তথ্য প্রদান করতে হবে। আবেদন থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, তথ্য যাচাই এবং স্মার্ট কার্ড সংগ্রহের পুরো প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানুন ধাপে ধাপে।

ধাপ ১: আবেদনের যোগ্যতা যাচাই

দূতাবাসের নির্দেশনা অনুযায়ী, যাঁদের পূর্বে বাংলাদেশের এনআইডি নেই এবং যাঁরা এর আগে এনআইডির জন্য আবেদন করেননি, তারা নতুন নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারীকে বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার প্রমাণ উপস্থাপন করতে হবে।

এ জন্য বৈধ বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্ট অথবা দূতাবাসের নির্ধারিত ঘোষণাপত্র এবং ১৭ সংখ্যার বাংলাদেশি জন্মনিবন্ধন সনদ প্রয়োজন হতে পারে। পাসপোর্ট ও জন্মনিবন্ধনের তথ্যের মধ্যে সামঞ্জস্য থাকা অত্যন্ত জরুরি।

তবে, বয়সের যোগ্যতা নিয়ে দূতাবাসের ওয়েবপেজ ও নির্দেশিকার পিডিএফে ভিন্ন তথ্য থাকায় আবেদন করার আগে সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেট থেকে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া উচিত।

ধাপ ২: অনলাইনে আবেদনপত্র পূরণ

প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সেবা পোর্টালে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা: https://services.nidw.gov.bd/nid-pub/

এরপর নতুন নিবন্ধনের আবেদনপত্র ফরম-২(ক) পূরণ করতে হবে। আবেদনপত্রে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সঠিক তথ্য প্রদান করতে হবে। নাম, জন্মতারিখ, বাবা-মায়ের পরিচয় এবং বাংলাদেশের স্থায়ী ঠিকানা লেখার সময় জন্মনিবন্ধন ও পাসপোর্টের তথ্য অনুসরণ করা আবশ্যক।

আবেদনের সময় সচল বাংলাদেশি মোবাইল নম্বর প্রদান করা হতে পারে। পরিচয় ও ঠিকানা যাচাইয়ের প্রয়োজনে বাংলাদেশের সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে যোগাযোগ করা হতে পারে।

আবেদন জমা দেওয়ার পর ফরমটির মুদ্রিত কপি সংরক্ষণ করতে হবে। পাশাপাশি পোর্টাল বা সংশ্লিষ্ট দপ্তরের নির্দেশনা অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

ধাপ ৩: প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত

আবেদনের আগে প্রয়োজনীয় নথি গুছিয়ে রাখা অপরিহার্য। সাধারণত যেসব কাগজপত্র লাগতে পারে-

অনলাইনে পূরণ করা ফরম-২(ক)-এর মুদ্রিত কপি।

১৭ সংখ্যার বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের মূল কপি ও ফটোকপি। বৈধ বা মেয়াদোত্তীর্ণ বাংলাদেশি পাসপোর্টের কপি।

সাম্প্রতিক পাসপোর্ট আকারের এক কপি ছবি। বাবা-মায়ের এনআইডি, জন্মনিবন্ধন ও পাসপোর্টের কপি। প্রযোজ্য ক্ষেত্রে মৃত্যু সনদ, উত্তরাধিকার সনদ, নাগরিকত্ব বা দ্বৈত নাগরিকত্বের সনদ।

বাংলাদেশি পাসপোর্ট না থাকলে দূতাবাসের নির্ধারিত ঘোষণাপত্র জমা দেওয়ার সুযোগ থাকতে পারে। সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে বসবাসরত তিনজন বাংলাদেশি এনআইডিধারীর সত্যায়ন প্রয়োজন হতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার আবেদনকারীদের অতিরিক্ত বিশেষ তথ্য ফরম পূরণ করতে হতে পারে।

কাগজপত্রের তালিকা আবেদনকারীর পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে। তাই অ্যাপয়েন্টমেন্টের আগে সংশ্লিষ্ট দূতাবাস বা কনস্যুলেটের সর্বশেষ নির্দেশনা দেখে নেওয়া উচিত।

ধাপ ৪: দূতাবাস বা কনস্যুলেটে সশরীরে উপস্থিতি

অনলাইনে আবেদন করলেই এনআইডি নিবন্ধন সম্পন্ন হয় না। নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের দিন আবেদনকারীকে নিজে বাংলাদেশ দূতাবাস বা তাঁর এলাকার জন্য প্রযোজ্য বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে উপস্থিত হতে হবে।

সেখানে আবেদনকারীর আঙুলের ছাপ, চোখের আইরিসের তথ্য, ছবি ও স্বাক্ষর নেওয়া হবে। বায়োমেট্রিক নিবন্ধন শেষে একটি স্লিপ দেওয়া হতে পারে। পরবর্তী সময়ে আবেদন অনুসরণ ও স্মার্ট কার্ড সংগ্রহের জন্য স্লিপটি গুরুত্বপূর্ণ।

তাহলে স্লিপটি যত্ন করে সংরক্ষণ করা আবশ্যক। দূতাবাসে যাওয়ার আগে অ্যাপয়েন্টমেন্টের সময়, সেবার নিয়ম এবং অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজনীয়তা নিশ্চিত করে নেওয়া ভালো।

ধাপ ৫: বাংলাদেশের নির্বাচন অফিসে তথ্য যাচাই

বায়োমেট্রিক নিবন্ধনের পর আবেদনকারীর তথ্য বাংলাদেশের সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যাচাইয়ের জন্য পাঠানো হবে। এ পর্যায়ে আবেদনকারীর পরিচয়, পারিবারিক তথ্য ও বাংলাদেশের স্থায়ী ঠিকানা যাচাই করা হতে পারে।

প্রয়োজনে অতিরিক্ত নথি চাওয়া হতে পারে। যেমন-

এসএসসি বা সমমানের শিক্ষাগত সনদ। জেএসসি বা পিএসসি সনদ। দ্বৈত নাগরিকত্বের সনদ। বাংলাদেশি ড্রাইভিং লাইসেন্স বা কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) নথি। বিবাহ বা তালাকের সনদ এবং স্বামী বা স্ত্রীর এনআইডি। জাতীয়তা সনদ। বাংলাদেশের ঠিকানার প্রমাণ হিসেবে ইউটিলিটি বিল বা হোল্ডিং ট্যাক্সের রসিদ।

সব আবেদনকারীর ক্ষেত্রে সব নথি প্রয়োজন হবে না। যাচাইকারী অফিসের চাহিদা অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র জমা দিতে হবে।

ধাপ ৬: এনআইডি ডাউনলোড ও স্মার্ট কার্ড সংগ্রহ

তথ্য যাচাই ও অনুমোদনের পর এনআইডি প্রস্তুত হলে আবেদনকারী এনআইডি সেবা পোর্টালে নিজের অ্যাকাউন্টে প্রবেশ করে পরিচয়পত্র ডাউনলোড করতে পারবেন। এ জন্য আবেদন করার সময় ব্যবহৃত ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সংরক্ষণ করা জরুরি।

অন্যদিকে, স্মার্ট এনআইডি কার্ড বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রস্তুত হওয়ার পর দূতাবাস বা সংশ্লিষ্ট কনস্যুলেটে পাঠানো হতে পারে। কার্ড সেখানে পৌঁছালে নির্ধারিত নিয়মে সংগ্রহ করা যাবে।

তবে আবেদন থেকে স্মার্ট কার্ড হাতে পাওয়া পর্যন্ত নির্দিষ্ট কোনো সময়সীমা নিশ্চিত নয়। বাংলাদেশের তথ্য যাচাই, অনুমোদন, কার্ড মুদ্রণ ও যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রক্রিয়ার ওপর সময় নির্ভর করবে।

আবেদনের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

এই প্রক্রিয়া মূলত নতুন এনআইডি নিবন্ধনের জন্য। আগে থেকেই বাংলাদেশের এনআইডি থাকলে একই প্রক্রিয়ায় নতুন নিবন্ধন করা যাবে না। সংশোধন বা অন্যান্য সেবার জন্য আলাদা নির্দেশনা অনুসরণ করতে হবে।

আবেদনপত্রে ভুল বা মিথ্যা তথ্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে নাম, জন্মতারিখ, বাবা-মায়ের পরিচয় এবং বাংলাদেশের স্থায়ী ঠিকানার তথ্য প্রামাণ্য নথির সঙ্গে মিলিয়ে দিতে হবে।

এ ছাড়া বয়সের যোগ্যতা, ফি, প্রয়োজনীয় কাগজপত্র ও অ্যাপয়েন্টমেন্টের নিয়ম সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। তাই আবেদন করার আগে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সেবা পোর্টাল এবং সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস বা কনস্যুলেটের সর্বশেষ নির্দেশনা যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ উপায়।

সরকারি তথ্যসূত্র

বাংলাদেশ দূতাবাস, ওয়াশিংটন ডিসি: https://washington.mofa.gov.bd/pages/static-pages/6952668935ce18e1c05a9de3

বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সেবা: https://services.nidw.gov.bd/nid-pub/

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৬ পি.এম


মুন্সীগঞ্জে ৩৫৭ পূজামণ্ডপে ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ

মুন্সীগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষে সরকার ৩৫৭টি পূজামণ্ডপের জন্য মোট ২৪২.২০ মেট্রিক টন চাল বরাদ্দ করেছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসের তথ্য অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে শারদীয় দুর্গাপূজা উদযাপনের জন্য ৩৫৭টি পূজামণ্ডপে ভক্তদের আহার্য বাবদ ৩৫৭ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

এতে সদর উপজেলার ৪৪টি মণ্ডপে বরাদ্দ করা হয়েছে ২৬.৪০ মেট্রিক টন, গজারিয়ার ১০টি মণ্ডপে ৬ মেট্রিক টন, টঙ্গিবাড়ীর ৫২টি মণ্ডপে ৩১.২০ মেট্রিক টন, লৌহজংয়ে ৩৭টি মণ্ডপে ২২.২০ মেট্রিক টন, সিরাজদিখানে ১২৯টি মণ্ডপে ৭৭.৪০ মেট্রিক টন এবং শ্রীনগরে ৮৫টি মণ্ডপে ৫১ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে।

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ মুবিনুর রহমান জানিয়েছেন, প্রতি মণ্ডপের জন্য ৬শ’ কেজি হারে চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রত্যেক উপজেলায় পূজা উদযাপন কমিটিগুলো যাতে বরাদ্দকৃত চাল নির্দিষ্ট সময়ে পায়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবারের বরাদ্দে মণ্ডপ প্রতি চালের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে। গত বছরের তুলনায় এবারে ৬৯.৭০ মেট্রিক টন চাল বেশি বরাদ্দ করা হয়েছে। সূত্র: বাসস

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিতে আবহাওয়া অধিদপ্তরের রেড অ্যালার্ট, ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


দিল্লিতে আবহাওয়া অধিদপ্তরের রেড অ্যালার্ট, ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

ভারতের রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির সঙ্গে তীব্র ঝড়ের সম্ভাবনা দেখা দেওয়ায় দেশটির আবহাওয়া অধিদপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, সোমবার (১২ অক্টোবর) স্থানীয় সময় ভোর ৬টায় এই সতর্কতা জারি করা হয়েছে।

দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও বৃষ্টির প্রভাব লক্ষ্য করা গেছে। রাজধানীর করোলবাগ এলাকার ঝান্ডেওয়ালা মন্দিরের কাছে ভারী বৃষ্টির কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে সকালের ব্যস্ত সময়ে সড়কে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তবে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টির এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আগামী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং এ সময়ে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।

এদিকে, আগামী দিনগুলোতে দিল্লির দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভোলায় ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত, আপত্তিকর ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

ক্রাইম বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:০৭ পি.এম


ভোলায় ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত, আপত্তিকর ভিডিও ভাইরাল

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সকল সাংগঠনিক পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এই ঘটনার পর দলটি একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার (১১ অক্টোবর) ভোলা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের ঘোষণা করা হয়।

স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তথ্য অনুযায়ী, ভাইরাল ভিডিওতে আব্বাস উদ্দিনকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

আব্বাস উদ্দিন চরফ্যাশন এলাকার একটি কওমি মহিলা মাদ্রাসার পরিচালনার সঙ্গে যুক্ত থাকায়, স্থানীয়রা প্রতিষ্ঠানটির পরিবেশ এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, ভিডিওটি নিয়ে অনুশোচনা প্রকাশ করে আব্বাস উদ্দিন দাবি করেছেন যে, এটি কয়েক মাস আগে ঘটে এবং ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী। তিনি জানান, ভিডিওটি তার মোবাইল ফোনে সংরক্ষিত ছিল। সম্প্রতি ফোনটি হারিয়ে যাওয়ার পর একটি চক্র অসৎ উদ্দেশ্যে সেটি উদ্ধার করে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

তবে, মোবাইল ফোনে এ ধরনের সংবেদনশীল ভিডিও সংরক্ষণের ক্ষেত্রে অসতর্কতা ছিল বলে তিনি স্বীকার করেছেন। তার এসব দাবির সত্যতা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে তারা কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে আব্বাস উদ্দিনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয়, তবে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আব্বাস উদ্দিনের সকল সাংগঠনিক পদ স্থগিত থাকবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

ডেইলি দি ক্রাইম/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%