প্রধান কার্যালয়ঃ ৩-ডি, কাব্যকস ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি- ২০৪৪৭৪/২০২৫
ফোন:- 02224458547-01339-314085
ই-মেইল- crimebd2025@gmail.com
গাজীপুরের টঙ্গীতে শিল্পাঞ্চলে নিরাপত্তা জোরদার, যানজট নিরসন ও শ্রমিকবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। তিনি উল্লেখ করেছেন, অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি শ্রমিকদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ৪৬ নম্বর ওয়ার্ডের হকের মোড় এলাকায় মা টাওয়ারের সম্মেলন কক্ষে পোশাকশিল্পের মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় শিল্পাঞ্চলের নিরাপত্তা, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ, অবৈধ পার্কিং, যানজট, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রশাসক বলেন, শিল্পাঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সিটি করপোরেশন, শিল্প মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি শিল্পাঞ্চলে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নির্ধারিত নীতি মালা অনুসরণ করে প্রবেশ ও বের হওয়ার গেট স্থাপনের পরামর্শ দেন। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও নিরাপত্তা ঝুঁকি কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা হবে। শ্রমিকদের নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় বক্তারা বলেন, সড়ক ও ফুটপাত দখল, যত্রতত্র যানবাহন পার্কিং এবং অপরিকল্পিত যান চলাচলের কারণে শিল্পাঞ্চলে প্রতিনিয়ত যানজট ও জনদুর্ভোগ বৃদ্ধি পাচ্ছে। নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে পর্যাপ্ত সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরা না থাকার কারণে। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।
সভায় মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন, সদস্যসচিব আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ), পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সম্পাদক গাজী সালাউদ্দিন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন মন্ডল, মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা এবং টঙ্গী পূর্ব থানার ওসি মোহাম্মদ মাকছুদুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পোশাকশিল্পের মালিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা শিল্পাঞ্চলের নিরাপত্তা ও অবকাঠামোগত উন্নয়নে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয় জোরদার এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন